দেশীয় পণ্যের বিশেষ প্রদর্শনী চলছে ইন্দিরা রোডে
রাজধানীর ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যপী তাঁতবস্ত্র, পাট ও চামড়াজাত দ্রব্য এবং হ্যান্ডিক্রাফটসসহ দেশীয় পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে। ২ এপ্রিল প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্ধোধন হয়। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীর যৌথ আয়োজক বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
মেলায় মোট স্টলের সংখ্যা ১৪৫টি। বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে মনিপুরী শাড়ি, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, জামালপুরের নক্সী কাঁথা, কুমিল্লার খাদি কাপড়, মিরপুরের বেনারসী, রুপগঞ্জের জামদানি, বিচিত্র ধরনের আদিবাসী পোশাক ইত্যাদি। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা নানা ধরনের পাট ও চামড়ার তৈরি জিনিস ও হস্তশিল্পের নানা আইটেম প্রদর্শিত হবে এখানে।
মেলার উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশের জাতীয় তাঁতি সমিতির সাধারন সম্পাদক আঃ গনি মিয়া বলেন, “ বাংলাদেশ থেকে প্রচুর পরিমানে শাড়ি ও হস্তশিল্প বাইরে রফতানি হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ভারতে এসব পণ্যের ভাল বাজার আছে।” ২০০৬ সালে ভারতের আগরতলার প্রদর্শনীতে অংশ নেয়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করে তিনি বলেন, “ আগরতলার ওই মেলায় সবচেয়ে বেশি সাড়া পেয়েছে আমাদের স্টল। বিশেষ করে টাঙ্গাইলের সুতি শাড়ি কেনার জন্য ভিড় লেগে গিয়েছিল। হস্তশিল্পের চাহিদাও ছিল তুঙ্গে। অথচ আমাদের দেশীয় ক্রেতারাই আমাদের এসব পণ্যের ব্যাপারে ওয়াকিবহাল নন। এ জন্যই আমরা মাসব্যপী এ প্রদর্শনীর আয়োজন করেছি।”
৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
