রাজধানীতে জেন্ডারবিষয়ক ভিন্নধর্মী মেলা শুরু
এতোদিন পর্যন্ত রিকশার পিছনে আঁকা চিত্রে সিনেমার নায়ক--নায়িকারাই একচ্ছত্র স্থান দখল করে ছিলেন। কিন্তু এসব চিত্রের মাধ্যমেও যে সামাজিক পরিবর্তনের বিভিন্ন ইস্যু ফুটিয়ে তোলা সম্ভব তা প্রথমবারের মতো উপস্থাপন করা হলো ভিন্নধর্মী এক মেলায়।
জেন্ডার সমতা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন যোগাযোগ উপকরণ ও মাধ্যম প্রদর্শন ও এগুলোর প্রসার ঘটানোর উদ্দেশ্যে রাজধানীতে তিনদিনব্যাপী ‘জেন্ডার এবং উন্নয়ন যোগাযোগ’ শীর্ষক মেলার আয়োজন করেছে উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট (এসটিডি)।
সমাজ পরিবর্তনে সামাজিক যোগাযোগ-- এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত তিনদিনব্যাপী এই মেলায় স্থান পেয়েছে বিভিন্ন পটচিত্র, রিকশা পেইন্টিং, কার্টুন, পোস্টার, আলোকচিত্র, পালা গান, জারি গান, বাউল গানসহ লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ। তবে এসব উপকরণের মাধ্যমে নারী অধিকার পুনরুদ্ধারের বিষয়টিই ফুটিয়ে তোলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে রাজধানীর ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশের সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এ. হ্যাগস্ট্রম। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক আবেদ খান, দৈনিক সংবাদ এর সম্পাদক বজলুর রহমান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিকুল হক, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। এই মেলা চলবে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশিষ্ট নৃত্যশিল্পী তামান্না রহমানের পরিচালনায় পরিবেশিত হয় সোনাই মাধব।
মেলার প্রদর্শনী চলবে বুধ ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ।
বুধবার মেলায় প্রদর্শনীর পাশাপাশি দুপুর তিনটা থেকে জেন্ডার সংবেদনশীল ও কার্যকর যোগাযোগ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে সেচ্ছাসেবক সমাবেশ।
