বইমেলায় ভিড়হীন প্রথম দিন
‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে।’ নিউটনের গতি সূত্র তাই বলে। বৃহস্পতিবারের বইমেলা যেন এই সূত্রেরই কথা মনে করিয়ে দিচ্ছে।
একুশে ফেব্র“য়ারির ঠিক উল্টো দৃশ্য বাইশে ফেব্র“য়ারির বইমেলায়। আগের দিন যেখানে মানুষের ভিড়ে পা ফেলাই দায় ছিলো পরদিন সেখানকার সবকিছু ফাঁকা ফাঁকা। মেলায় ঢোকার যে লাইন অন্য দিন শাহবাগ ছাড়িয়ে যেত তার কোনো অস্তিত্বই নেই। বিকেলে হালকা একটু দেখা গেলেও মুহূর্তেই সেটা হারিয়ে যায় টিকটিকির লেজ খসে পড়ার মতোই।
মেলায় এবার প্রতিদিনই ছিলো প্রচুর ভিড়। কাজেই এখন ভিড় না থাকাটাই বরং খবর। ফলে এদিন যারা মেলায় ঘুরতে এবং বই কিনতে এসেছেন তাদের মধ্যে দেখা গেছে স্বস্তি। বইমেলা শুরুর পর বৃহস্পতিবারই প্রথম বৃষ্টি না থাকলেও গায়ে গা না লাগিয়ে ঘুরতে পেরেছে লোকজন।
এদিন যে লোক কম হবে এটা সম্ভবত আগেই অনুমান করেছিলেন অনেক লেখক। তাই নিয়মিত আসেন এমন অনেক লেখককেও দেখা যায়নি মেলায়।
এদিন মোড়ক উন্মোচন হয়েছে ৪টি বইয়ের। উল্লেখযোগ্য হলো তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের ‘মানবাধিকার, রাষ্ট্র ও সমাজ’। নজরুল মঞ্চে বিকাল সাড়ে ৫টায় বইটির মোড়ক উন্মোচন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা আকবর আলী খান। বইটির প্রকাশক শ্রাবণ।
তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মেলায় নতুন বই এসেছে ৪২টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আলাউদ্দিন আল আজাদের ‘প্রেমকথা লুদসিলা’। বইটি প্রকাশ করেছে গতিধারা। রাহাত খানের ‘গল্প সমগ্র’ এনেছে শ্রাবণ। আবু বকর সিদ্দিকীর ‘আমার ভালোবাসা’ প্রকাশ করেছে প্রীতম। নবরাগ প্রকাশ করেছে বদর উদ্দীন উমরের ‘২০০৬ সালের শেষে’। নির্মলেন্দু গুণের ‘হিটলারের পুনর্জন্ম ও অন্যান্য প্রবন্ধ’ এনেছে নবরাগ প্রকাশনী। মেসবাহ কামালের ‘উনসত্তুরের গণ অভ্যুত্থান শহীদ আসাদ ও শ্রেষ্ঠ রাজনীতি প্রসঙ্গ’ প্রকাশ করেছে শ্রাবণ।
