আসে সবাই বই কিনে কেউ কেউ
বইমেলায় যত লোক আসে তাদের প্রত্যেকে যদি একটি করে বই কিনত তাহলে বইমেলা আসলে ১৫ দিনেই শেষ হয়ে যেতো!
দিন কয়েক আগে আড্ডায় বলছিলেন এক প্রকাশক। সেই প্রকাশকের কথা টেনে বইমেলা ঘুরে এস জানাচ্ছেন মোস্তফা মামুন।
কথাটায় চমক যতটা রহস্য ততোটাই। অতএব অন্যজনের অবধারিত পাল্টা প্রশ্ন, কেন ১৫ দিনে শেষ হবে কেন?
প্রত্যেকে একটা করে বই কিনলে কী ১৫ দিন পর আর কোনো বই থাকবে।
রোববারের বইমেলা দেখে মনে হলো সত্যিই প্রত্যেকে একটা করে বই কিনলে বইমেলার সব স্টলের বই ১৫ না হোক মেলা শেষ হওয়ার আগেই শেষ হয়ে যেতো। শুক্রবার দিন মানুষ এমন মেলামুখী হয়েছিল যে মনে হচ্ছিল কোনো একটা চুম্বক কেন্দ্রাভিগ আকর্ষণে পুরো ঢাকা শহরকে বাংলা একাডেমীর দিকে টানছে। পরের দিন শনিবারও মেলা জনারন্য, তা সেটার পেছনেও যুক্তি আছে; ছুটির দিন, আর দ্বিতীয সপ্তাহ বলে মানুষের হাতে বই কেনার টাকাও আছে। কিন্তু রোববারের পেছনে যুক্তি কই! সপ্তাহের প্রথম দিন অফিস বা কাজের তাড়াটা একটু বেশি থাকে; তাছাড়া দু-দিন তো যথেষ্ট হয়েছে! কাজেই অনেকে ভেবেছিলেন এইদিনে হয়ত একটু আরাম পাওয়া যাবে এবং ভুল ভেবেছিলেন। কারণ লাইন সেই চারুকলার সামনে থেকেই শুরু। অন্য প্রকাশ আর অনন্যার সামনে চিরন্তন ভীড়ের চেনা ছবি। লোক বেশি, বিক্রি বেশি, প্রকাশক-লেখকরা খুশি। সবই ঠিক আছে। কিন্তু ভীড় আর বিক্রির অনুপাতটা বিশ্লেষন করলেই চলে যেতে হয় সেই প্রকাশকের কথায়। যত লোক আসে তাদের প্রত্যেকে একটা করে বই কিনলেই মেলা ১৫ দিনে শেষ! তার মানে এক কথায় বললে, মেলায় আসে সবাই কিন্তু বই কেনে কেউ কেউ। তা যারা আসে তাদের সিংহভাগই যখন ক্রেতা নন তখন ওদের উদ্দেশ্যটা কী!
আমাদের মধ্যে এক ধরনের ভীড়প্রীতি আছে। সমাবেশ দেখলে সবাই সেদিকে আরও এগোয়। চিরকালীন কৌতুহল জেগে ওঠে জানতে চায়, ওখানে কী হচ্ছে না হচ্ছে দেখে আসি। মেলার ক্ষেত্রেও এই ধরনের মানুষ আছে। তাদেরই একজন শংকরের মধ্যবয়সী আনিসুর রহমান। একটা বেসরকারী অফিসের চাকুরে, পত্র-পত্রিকায় এখানে খুব সমাবেশ হচ্ছে দেখে তিনিও এসেছেন দেখতে। বই কিনবেন কি? প্রশ্নে ‘দেখি’ জাতীয় একটা উত্তর দিয়ে এমনভাবে গেলেন যে বোঝা গেলো আর যাই করুণ বই কেনার মতো ভুল তিনি কিছুতেই করছেন না।
তথ্যকেন্দ্রের সামনে গোল হয়ে আড্ডা দিচ্ছিল জনা পাঁচেক তরুণ। প্রশ্ন তাদের কাছেও ছিল, কারণ এই ধরনের দলবদ্ধ তরুণশ্রেণী তারুণ্যের স্বভাবগত কিছু ‘উদ্দেশ্য’ নিয়ে মেলায় আসে বলে একটা সাধারণ ধারণা। এরাও কি সেই শ্রেণীর? প্রশ্নটা সরাসরি করা গেলো না বটে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে জানা গেলো, ওরা মেলায় রোজই আসে। এবং আসবেও। কারণ তাদের ভালো লাগে। খুব আড্ডা হয়। গান-বাজনারও কিছু ব্যাপার আছে। বই কিনেছেন? নেতা গোছের তরুণটি গুছিয়ে বললো, মেলায় আসলে বই কিনতে হয় শেষদিকে। সবগুলো বই এসে গেলে তখন....।’ মানে মেলার শেষ দিকে দেখে-শুনে, ভেবে-চিন্তে, অংক-জ্যামিতি করে তবেই তারা বই কেনার দিকে যাবে। কিন্তু আড্ডার যে হাওয়া তাতে মনে হলো বই কিনতে ওদের বয়েই গেছে।
কেউ কেউ আসেন দেখতে। ভীড় নয়, তারকা। ‘‘এখানে বড় বড় মানুষদের খুব সহজেই দেখা যায়। সেদিন দেখলাম হুসেইন মোহাম্মদ এরশাদ ঘুরে বেড়াচ্ছেন। এমন একটা জায়গা যেখানে বিখ্যাত লোকদেরও হাঁটতে হয়, আমাদেরও হাঁটতে হয়। তাছাড়া লেখক-নায়ক-গায়ক সবাইকেই খুব সহজেই দেখা যায়। এত কাছে ওদের আমরা সাধারণ মানুষরা অন্য কোথাও দেখতে পারি না।’’ বেশ ভাবুকের মতো বললেন হাতিরপুলের রফিক। রফিকের কথাটা শেষ হওয়ার আগেই দেখা গেলো তেমনি একজন অভিজাত মানুষ সাধারণদের সঙ্গে দিব্যি হেটে বেড়াচ্ছেন! তিনি বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার....। তার হাতে বইও আছে। বিদেশীদের কাছেও মেলাটার এই গুরুত্বের দৃশ্যটা গর্বের।
বইমেলায় মাঝে মাঝেই স্কুল কলেজের ইউনিফর্ম পরা ছেলেমেয়েদের দেখা যায়। কৌতুহলভরা দৃষ্টি নিয়ে তারা ঘুরে বেড়ায় বিভিন্ন স্টলে, বইপত্র নেড়েচেড়ে দেখে, কেনেও অনেকে। রবিবার মেলায় আক্ষরিকভাবে ছিল তাদের রাজত্ব। তার দাপট এমনই যে এইদিন অন্য দর্শনার্থীদের হঠাৎ করে মনে হতেই পারে যে তারা ভুল করে বইমেলার বদলে কোন স্কুল বা কলেজের ক্যাম্পাসে ঢুকে পরেছেন কিনা। নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ, আইডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, হলিক্রস কলেজসহ বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে রোববারের মেলাকে কলকাকলি মুখরিত করে তুলেছিল এইসব উচ্ছল শিক্ষার্থী।
এক নারায়নগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকেই এসেছিল ১৬৭ জন ছাত্র - ছাত্রী, তাদের সঙ্গে ছিলেন ৭ জন শিক্ষক। শৃঙ্খলা মেনে মেলায় ঢুকেছে বটে, কিন্তু ঢোকার পর আর লাইন মেনে চলা যায়নি। হেথা হোথা ছড়িয়ে পরেছে যে যার মতো, মনের আনন্দে ঘুরে বেরিয়েছে। “আজকে মেলা আমাদের। যেদিকে তাকান দেখবেন আমরাই।” তাদের একজন এমন দাবি করে যোগ করলো কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এভাবে মেলা দর্শনের উদ্যোগ এটাই প্রথম। সুতরাং মেলা কর্তৃপক্ষের উচিত তাদের একটা পুরষ্কার দেয়া। তারা অবশ্য মেলা দেখে দেখেই বেলা শেষ না করে বইও কিনেছে। তালিকায় যথারীতি হুমায়ূন আহমেদ এবং জাফর ইকবাল ভ্রাতৃদ্বয়। হ ুমায়ূন আহমেদ এর ‘আজ হিমুর বিয়ে’ এবং মুহম্মদ জাফর ইকবালের ‘জলমানব’ বই দুটোই ঘুরে-ফিরে ছিল ওদের বেশিরভাগের হাতে।
মেলায় নতুন আসা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে সবার আগে আসবে বদরুদ্দীন উমরের দক্ষিন এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ। বের করেছে সাহিত্য প্রকাশ। যতীন সরকারের ‘পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন’ প্রকাশ করেছে জাতীয় সাহিত্য প্রকাশ। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে সিদ্দিকা কবীরের ‘খাবার দাবারের কড়চা’। লুৎফর রহমানের ছড়ার বই ‘হ্যালো এটা বাবার অফিস’ বের করেছে অবসর। রিজিয়া রহমানের ‘কাছেই সাগর’ এর প্রকাশক ঐতিহ্য। বইপত্র প্রকাশ করেছে শাহরিয়ার কবীরের ‘জঙ্গি মৌলবাদ ও বিপন্ন মানবাধিকার’।
মোড়ক উন্মোচন করা হয়েছে ৪টি বইয়ের। এর মধ্যে রয়েছে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ‘শিল্পীর চোখ’, বের করেছে তরফদার প্রকাশনী। মোড়ক উন্মোচন করেছেন শিল্পী হাশেম খান। তার সঙ্গে ছিলেন মুনতাসীর মামুন।
