২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি, তবুও বইমেলা আজ ফাগুনের মেলা

একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি / ভিজে যাবে তুমি।’ না, ভিজে যাওয়ার ভয়ে আজ থেমে থাকেনি কেউ। আজ যে পহেলা ফাগুন। আমাদের ভালোবাসাবাসির দিন। টিপটিপ বৃষ্টিতেই জমে উঠেছে আজকের বইমেলা। রৌদকরোজ্জল দিন হলে আজ হলুদে চোখ ধাঁধিয়ে যেতো নির্ঘাৎ। বইমেলাতেও আজ যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মেয়েরা পড়েছে হলুদ শাড়ি আর মাথায় গুঁজেছে হলুদ গাঁদা। মেলার শুরু থেকেই তাদের আনাগোনায় আজ বইমেলা হয়ে উঠেছে হরিদ্রাভ। বিকেল সাড়ে তিনটা থেকে বৃষ্টি শুরু হলেও থেমে থাকেনি ফাগুনের আবাহন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 07:06 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

ফাগুনের প্রথম বৃষ্টিতে তরুণ তরুণীদের মনে ভালোবাসার বাতাস বইয়ে দিলেও বইগুলোতো কাগজের। ভিজে গেলেই সর্বনাশ। তাই অনেক স্টলের কর্মীকেই দেখা গেল সযতনে তারা সামনের বইগুলো গুছিয়ে রেখে দিচ্ছেন ভেতরে। অনেক স্টলের বইয়ের উপরে স্বচ্ছ পলিথিনের আচ্ছাদন।

ফাগুনের নবীন আনন্দের মৌতাত নিতে আজ মেলায় এসেছিলেন কবি রফিক আজাদ। আজ তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বয়স কত হলো জিজ্ঞেস করতেই মুচকি হেসে রঙ্গ করে বললেন, “চেহারা দেখে আমার বয়স যত মনে হবে আমার বয়স কিন্তু তত না। গতকাল পর্যন্ত ছিলো ২৭ আজকে হলো ২৮।”

আরও কত বছর বেঁচে থাকতে চান জানতে চাইলে এবার একটু সিরিয়াস হলেন, “আমি আমার কবিতার মাধ্যমে চিরজীবন বেচে থাকতে চাই।” সেই সঙ্গে জানালেন, তার মতে এই সময়ের বাংলাদেশের কবিরা লিখছে বিশ্বমানের কবিতা।

বই আর ম্যাচবাতি নাকি চুরি করে ভদ্রলোকেরা। এমনি দু’জন ‘ভদ্রলোক চোর’ এর সাক্ষাৎ মিলেছে আজ বইমেলায়। দেখতে নিপাট ভদ্রলোকই বটে। কিন্তু কাজটা ঠিক ভদ্রসম্মত মানতে পারেননি কেউ। উত্তম মধ্যম হয়নি। ‘বই চুরি করা অনেক খারাপ’ টাইপের কিছু নীতিবাক্য শুনিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাদের।

মেলায় আজ ৬ টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মোঃ রফিকুল হক আকন্দের ‘বাগেরহাটের খানজাহান ও উত্তরাধিকার’। বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর সাবেক পরিচালক সৈয়দ আনোয়ার হোসেন। প্রকাশ করেছে অনির্বাণ প্রকাশনী।

তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মেলায় নতুন বই এসেছে ৫১টি। এর মধ্যে হুমায়ূন আহমেদের ‘তিন বিচিত্র’ প্রকাশ করেছে অণ্বেষা প্রকাশন। ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানমের ‘রাজার মাথায় শিং’ এনেছে জিনিয়াস প্রকাশনী।

শুরু থেকে এই তের দিনে বইমেলায় নতুন বই এসেছে মোট ৭৮০ টি।