চট্টগ্রামে প্রথমবারের মতো প্রাঙ্গনে ভাস্কর্য প্রদর্শনী
চট্টগ্রামের ডিসি হিল পার্কে শুরু হয়েছে শিল্পী অলক রায়ের ভাস্কর্য প্রদর্শনী।
চট্টগ্রামে প্রথমবাবের মতো উন্মুক্ত জায়গায় আয়োজিত ব্যতিক্রমী এ ভাস্কর্য প্রদর্শনীতে শিল্পীর ২১টি শিল্পকর্ম স্থান পেয়েছে। বুধবার থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী ‘স্টেপস টু এন ইকোলজি অব মাইন্ড’ শীর্ষক এ প্রদর্শনী চলবে ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত।
ডিসি হিলের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঠাঁই পাওয়া মানুষের অবয়ব, মানুষের চোখ, হাওয়ায় ভাসতে থাকা মানুষের কান, মাটির ভেতর থেকে উঠে আসা মানুষের আঙ্গুল, কিংবা পাখি, মাছ, অঙ্কুরিত বীজ ও ফলের খোসা সদৃশ্য এসব ভাস্কর্য কৌতুহলী অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
ডিসি হিলের মুক্তমঞ্চের পাশেই সিঁড়ি ও মাটিতে এসব দৃষ্টিনন্দন ভাস্কর্য স্থাপন করা হয়েছে।
মূলত মাটি দিয়ে এসব ভাস্কর্য তৈরি করা হলেও কোন কোনটিতে সিরামিক, টেরাকোটা, পাথর, বৃক্ষের ডাল, কাঠ প্রভৃতিকে মাধ্যম হিসাবে ব্যবহার করে এসব শিল্পকর্ম তৈরি করা হয়েছে বলে শিল্পী অলক রায় জানান।
প্রকৃতির সঙ্গে মানুষের সহজাত ও নিবিড় সম্পর্কের বিষয়ে বার্তা পৌঁছে দিতেই এ প্রদর্শনীর আয়োজন বলে জানান।
প্রকৃতিপ্রেমী এ ভাস্কর মনে করেন ঘরের মধ্যে এ আয়োজন হলে তা কোনোভাবেই সেই আবেগকে সঠিকভাবে প্রকাশ ঘটাতে পারত না। এছাড়া প্রদর্শনীকে সাধারণ মানুষের কাছাকাছি, তাদের নাগালের মধ্যে রাখার ভাবনা থেকেও ডিসি হিলের উন্মুক্ত প্রাঙ্গনে করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, এ প্রদর্শনী স্থান পাওয়া অধিকাংশ শিল্পকর্মের ধারণাও এসেছে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে। বিগত পাঁচ বছরে তার করা শিল্পকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
গত কয়েকদিনের গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা হিমেল হাওয়াও দমিয়ে রাখতে পারেনি এ শিল্পীকে তার কাজ থেকে। বিরূপ প্রকৃতির মাঝেই তিনি খুঁজছেন নতুন নতুন অভিজ্ঞতা।
প্রদর্শনীতে ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন ধরনের আঙ্গুলের মতো আকারের শিল্পকর্ম। খুব সহজ ভাষায় তিনি দর্শকদের বোঝাচ্ছেন আমাদের বর্তমান আধুনিক ব্যবস্থায় আসার পিছনে মানুষের আঙ্গুলের অবদান সবচেয়ে বেশি।
তার ভাষায়, “মানুষের ইতিহাস আঙ্গুলের ইতিহাস। সবচেয়ে পুরনো হাতিয়ার মানুষের হাতের আঙ্গুল।”
প্রদর্শনীর প্রাঙ্গনে তেমনি চোখে পড়বে বিশাল গাছ থেকে ঝুলানো দুটি শিল্পকর্মের দিকে। দূর থেকে যেগুলোকে কানের মতো দেখায়। এ বিষয়ে শিল্পীর বক্তব্য হলো, প্রকৃতি ও মানুষের সম্পর্ককে নতুন করে উপস্থাপনার জন্য তিনি এটি করেছেন। প্রকৃতিই মূলত সঙ্গীতের উৎস যা মানুষ অবচেতনে সবসময় শুনে থাকে।
প্রদর্শনী দেখতে আসা বিভিন্ন বয়সী দর্শক যেমন কৌতুহল দেখিয়েছেন ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে তেমনি দর্শকদের আগ্রহ ও প্রতিক্রিয়া দেখে মুগ্ধ হয়েছেন শিল্পী নিজেও।
হাসান জাহিদ নামে এক মাঝবয়সী দর্শক এ ধরনের আয়োজনে তার ভালো লাগার কথা জানালেন অকপটে। তিনি বলেন,“যেভাবে আমরা দিন দিন ঘর বন্দী হয়ে পড়ছি সেখানে এ ধরনের আয়োজন আমাদের চিন্তার মুক্তি ঘটাতে সাহায্য করবে। প্রকৃতিকে নতুন করে ভাবতে শেখাবে।”
