২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে শুরু হয়েছে লোক কারুশিল্প ও লোকজ উৎসব

সোনারগাঁয়ে শুরু হয়েছে পক্ষকালব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 01:13 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শনিবার ৩ ফেব্র“য়ারি থেকে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। মেলায় কারুজাত পণ্য বিক্রির জন্য বসেছে ১৭৭টি স্টল। এর মধ্যে হস্তশিল্পের ৭৬টি, স্টেশনারি ৫১টি, তৈরি পোষাকের ২৪টি এবং মিষ্টি ও খাবারের স্টল ২৬টি। দেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে এ মেলায়।

চট্টগ্রামের হাতপাখা, যশোরের শোলাশিল্প, রাজশাহীর সখেরহাঁড়ি, চাঁপাইনবাবগঞ্জের নকশিকাঁথা, রংপুরের সতরঞ্জি, সোনারগাঁয়ের কাঠের পুতুল এবং কাঠের কাজ, নরসিংদীর পাটের শিকা, মুন্সীগঞ্জের পাটচিত্র, মানিকগঞ্জের বাঁশের কাজ ইত্যাদি পণ্য মেলাকে সমৃদ্ধ করেছে।

মেলার প্রথমদিন উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীন খেলাধূলা, লোকজীবন প্রদর্শনী, গ্রামবাংলার পিঠা প্রদর্শনী, নাগরদোলা, পুতুল নাচ ও স্কুলের ছাত্র ছাত্রীদের গ্রামীন খেলা ইত্যাদি প্রদর্শিত হয়েছে।

এছাড়াও প্রতিদিন পালাগান, বাউল গান, গম্ভীরা, জারি, সারি, হাসনরাজার গান, লালন গীতি, শরিয়তি, মারফতি, হলুদের গান, বিয়ের গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, গারো নৃত্য ও মাইজভান্ডারি গানের আসর বসবে।

বিরিশিরি একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গল্প বলা, পুঁথিপাঠ, কবিগানের লড়াই, ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, লোকজ পিঠা উৎসব, ময়মনসিংহ গীতিক লোজক কবিতা ও ছড়ার অনুষ্ঠান।

উৎসব উপলক্ষে লোক অনুষ্ঠিত হবে সংস্কৃতি ও কারুশিল্প বিষয়ক সেমিনার।

শনিবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী এই লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব  -  ২০০৭ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হক চৌধুরী। তিনি বলেন, “রাজধানী ঢাকাকে নিয়েই বাংলাদেশ নয়। আমাদের দেশের আনাচে কানাচে অনেক মূল্যবান সম্পদ, প্রত্মতত্ত ও অতীত ঐতিহ্য রয়েছে। আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। এর জন্য ঈশা খাঁর রাজধানী সোনারগাঁয়ের দিকে বিশেষ নজর দিতে হবে।”

ফাউন্ডেশনের পরিচালক শেখ আলাউদ্দিন এর সভাপতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামরুল হাসান, জাতীয় যাদুঘরের মহাপরিচালক আখতার হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আহসান হাবিব প্রমুখ।

আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।