মেলা জমছে, কদর বাড়ছে লেখকদের
মুহম্মদ জাফর ইকবাল বসে আছেন বইমেলার তথ্যকেন্দ্রের সামনের সিঁড়িতে। নিচের দিকে তাকিয়ে একমনে অটোগ্রাফ দিচ্ছেন আর মাঝে মাঝে মাথা তুলছেন। ঠিক তার সামনের সিঁড়িতে উবু হয়ে এক তরুণ। এক্সপ্রেস ট্রেনের গতিতে সে দাঁড়ি কমা ছাড়াই কথা বলে যাচ্ছে। থামাথামির লক্ষণ নেই। জাফর ইকবাল অটোগ্রাফ দেওয়া বাদ দিয়ে তরুণের দিকে তাকালেন। তারপর কী ঘটল জানাচ্ছেন সিমু নাসের।
জাফর ইকবাল বোঝার চেষ্টা করলেন তরুণ কি বলতে চায়। কিন্তু তার কথা আর শেষ হয় না।
পাঁচ মিনিটের দীর্ঘ প্রতীক্ষার পর জানা গেলো বৃত্তান্ত। তারা দুই ভাই বোন। ছোটবোনকে সে অসম্ভব ভালবাসে। মেলা থেকে সে বোনের জন্য কিনেছে জাফর ইকবালেরই একটা সায়েন্স ফিকশান ‘জলমানব’। এখন স্যার যদি তার বোন শারমিনকে উদ্দেশ্য করে বইটায় কিছু লিখে দেয় তাহলে সে চির কৃতজ্ঞতায় আবদ্ধ থাকবে ইত্যাদি ইত্যাদি। জাফর ইকবাল বইটি হাতে তুলে নিলেন। তরুণের মুখ দিয়ে আবার ফোয়ারার বেগে কথা বেরুতে লাগলো। এবার তার ভাষ্য, “আমার ছোট বোনটা স্যার আপনার কঠিন ফ্যান কিন্তু আমি স্যার আপনার না; আপনার ভাই মানে হুমায়ূন আহমেদের ফ্যান। আমরা দু’জন আপনাদের দু’জনের ফ্যান। মজার না স্যার?”
হেসে ফেললেন জাফর ইকবাল, “না মজার না; তোমরা আমার ছোট ভাই আহসান হাবীবকে খুব বঞ্চিত করলে। যা অবস্থা দেখছি তাতে তোমাদের আরও একটা ভাই বা বোন থাকলে সে নিশ্চয়ই হাবীবের ফ্যান হতো। সে শুনলে খুব মন খারাপ করবে।” কথা শুনে জাফর ইকবালের স্ত্রী ইয়াসমীন হকও হাসলেন। তারা দু’জন ঢাকার আজিমপুরের একটা স্কুলে গণিত অলিম্পিয়াড শেষ করে সোজা এসেছেন বইমেলায়।
এবারের বইমেলা নিয়ে তারা দু’জনেই খুব উচ্ছ্বসিত। যদিও আজ তারা পুরো মেলা ঘুরে দেখার সময় পাননি তবুও বেশ পরিচ্ছন্ন একটা মেলা হচ্ছে বলে তাদের ধারণা। পরে আরেকদিন এসে পুরো মেলা ঘুরে দেখবেন বলে জানালেন। এর মাঝখানেই এক পাঠক প্রশ্ন করে বসল জাফর ইকবালকে,
“আপনি এত কিছু নিয়ে কলাম লেখেন, ইরাক আর ফিলিস্তিন নিয়ে কিছু লিখতে পারেন না?”
“আন্তর্জাতিক সমস্যা দেখার জন্য আন্তর্জাতিক মাথারা আছেন। আমাদের দেশের সমস্যাটা আমরা আগে দেখে শেষ করি!” জাফর ইকবালের এ উত্তর সন্তুষ্ট করতে পারল না আন্তর্জাতিক সমস্যা নিয়ে ভাবিত সেই তরুণকে। একটার পর একটা প্রশ্ন করতেই থাকল সে।
তথ্যকেন্দ্রের সামনে এসে বসার আগে মুহম্মদ জাফর ইকবাল সময় প্রকাশনের সামনে ‘উবুন্টু’ নামের একটা বাংলা কম্পিউটার অপারেটিং সিস্টেমের উদ্ধোধন করেন। যদিও সেটি বিক্রির জন্য স্টলে রাখা গেল না। প্রকাশক ও বিক্রেতা অবশ্য একাডেমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন যেন এটি বিক্রির অনুমতি দেওয়া হয়।
‘উবুন্ট’ু একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটি ডেভেলপ করেছে অংকুর নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। এর উদ্ধোধনের সময় জাফর ইকবালের সঙ্গে তার স্ত্রী ইয়াসমীন হকও উপস্থিত ছিলেন।
এই সিডি উদ্ধোধনকে কেন্দ্র করে সময় প্রকাশনের সামনে সন্ধের দিকে একটা ছোটখাট ভিড় তৈরি হয় এবং জাফর ইকবাল যতক্ষণ বইমেলায় ছিলেন ততক্ষণ তাকে ঘিরে থেকে যায় ভিড়টি।
মাত্র তিনদিন হলেও মেলা ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। শুক্রবারের মতো না হলেও আজও মেলায় ভিড় ছিল। এবং ধুলা ছিল কম। ধূলা নিরসনে বাংলা একাডেমীর পানি ছিটানোর উদ্যোগ বেশ ফলপ্রসু হয়েছে বোঝা যাচ্ছে। অন্যদিকে প্রচ- ভিড় না থাকায় দর্শনার্থীরা আরামে বই দেখা--কেনা দুটোই করতে পারছেন।
বইমেলার ভেতরে এনজিও কর্মী নুসরাত নিগার শাম্মী ও তার স্বামী ব্যংকার রুম্মান ফেরদৌসের হাতে দেখা গেলো বিশাল দুইটি ব্রাউন প্যাকেট। কি বই কিনলেন জিজ্ঞেস করতেই তারা আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে জানালেন, “আমরা দু’জনেই মাসুদ রানা সিরিজের মারাত্মক ভক্ত। সেবা থেকে সর্বশেষ প্রকাশিত মাসুদ রানার যেগুলো আমাদের সংগ্রহে নেই সেগুলো কিনে ফেললাম। সারাদিন এতো কাজের চাপ তারপরও বই পড়ার অভ্যাস বাদ পড়ে যায়নি। মেলায় আরো কয়েকদিন আসা হবে। অনেক মজার মজার বই আছে সেগুলোও কিনতে হবে।”
রাজশাহীর প্যারামাউন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্র তওফিক হোসেন কালই আবার চলে যাবে রাজশাহী। ইচ্ছা থাকলেও এবছর আর বইমেলায় আর আসতে পারবে না সে। তাই দু’হাতে বই কিনছে। সবই অবশ্য সায়েন্স ফিকশান। “জাফর ইকবাল সব কেনা শেষ। আইজাক আসিমভ আর আর্থার সি ক্লার্ক কিনতে চেয়েছিলাম কিন্তু বাবা বলল ওগুলো নাকি আমি এখন বুঝব না, তাই পরে কিনব। আমার অবশ্য ধারণা ওদের বই বোঝার মতো যথেষ্ট বড় হয়েছি।”
গতকালের মতো আজকেও বইমেলার স্টলে স্টলে চলেছে শুদ্ধি অভিযান। বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মইনুল হাসান বললেন, “বাংলা একাডেমীর সুস্পষ্ট নির্দেশ আছে নিজেদের প্রকাশিত বই ছাড়া অন্য কারো বই স্টলে রাখা যাবে না। কিন্তু দেখা গেছে কয়েকটি স্টল এ নির্দেশ পালন করছে না। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।”
তিনি ১৬টি স্টলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন।
মেলার মঞ্চে আজ সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ‘বাংলাদেশের প্রবন্ধের প্রকরণশৈলী : রূপ ও রূপান্তর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ পাঠ করেন স্বরোচিষ সরকার।
বইমেলার বেচা কেনা বিষয়ে সময় প্রকাশনের ফরিদ আহমেদ বললেন, “আজ তৃতীয় দিন হলেও বিক্রি মোটামুটি ভাল। আমরা সন্তুষ্ট।” অনন্যা’র মনিরুল হকেরও বক্তব্য একইরকম। রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশে একটা স্বস্তির সুবাতাস বইছে। মানুষ আগের চেয়ে অনেকটা নিশ্চিন্ত। ফলে আশা করা যায় এবারের বইমেলা আগের যে কোন বারের তুলনায় অনেক সফল হবে।”
তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ি আজ মেলায় ৮৬ টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে আগামী প্রকাশনী এনেছে শাহ এ এম এস কিবরিয়ার প্রবন্ধ সংগ্রহ এবং ড. সুলতান মনিরার প্রসঙ্গ আত্মহত্যা। পার্ল পাবলিকেশন্স প্রকাশ করেছে মোস্তফা কামালের পাগল ছাগল ও গাধা সমগ্র।
অন্যপ্রকাশ এনেছে গোলাম মুরশিদের নারী ধর্ম ইত্যাদি; ইমদাদুল হক মিলনের দ্বিতীয় প্রেম ও পর; হুমায়ূন আহমেদের কিছু শৈশব। অনন্যা এনেছে মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীকের জীবন সংগ্রামে জয়ী যারা।
সময় প্রকাশন প্রকাশ করেছে মুহম্মদ জাফর ইকবালের জলমানব এবং আনিসুল হকের আলো-- অন্ধকারে যাই।
আনন্দ প্রকাশ এনেছে শামসুর রাহমানের অগ্রন্থিত কবিতা ও রাবেয়া খাতুনের ছোটদের উপহার।
