২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গ হলো তাড়াশের ঐতিহ্যবাহী দই মেলা

আনুমানিক ২০০ বছর আগের কথা। তৎকালীন চলনবিলের জমিদার বনমালি রায় বাহাদুর তার প্রাসাদে এক বন্ধুকে নিমন্ত্রণ করেন। অতিথির জন্য খানাপিনার আয়োজন হবে এটাই স্বাভাবিক। জমিদার বন্ধুর জন্য আয়োজন করা হলো খাবার -- দাবারের। তাকে আপ্যায়িত করা হলো চিড়া, মুড়ি, খই, মিষ্টি ও দই দিয়ে। ওইদিন সেখানে পালিত হচ্ছিল সরস্বতী পূজা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ধারণা করা হয়, ওই ঘটনার পর থেকেই সরস্বতী পূজার দিনে তাড়াশ উপজেলায় দই মেলা আয়োজনের শুরু। তারপর সময় গড়িয়েছে। প্রতিবছরই আয়োজিত হয়েছে দই মেলা। এটা এখন তাড়াশের ঐতিহ্যের অংশ।

কারও কারও মতে, মেলাকে আরও আকর্ষণীয় করার জন্য দইয়ের গুণাগুণ ও উৎকৃষ্টতার মানদণ্ড বিচার করে বনমালি রায় বাহাদুর মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কারের ব্যবস্থা করতেন। আর বিনোদনের ব্যবস্থা হিসেবে ছিল কবিগান, যাত্রা, সার্কাস ইত্যাদি। সেইসঙ্গে ধর্মীয় গান মেলাকে করতো আরও প্রাণবন্ত। প্রতিবেশী দেশ ভারত থেকেও অনেকের আত্মীয়-- স্বজন বেড়াতে আসতো তাড়াশের এই মেলা উপলক্ষে। একে কেন্দ্র করে বৃহত্তম চলনবিলের তাড়াশ, ভাঙ্গুরা, চাটমোহর ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বীদের এক মিলন মেলায় পরিণত হয়।

সিরাজগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে তাড়াশ উপজেলা সদর। উপজেলার দক্ষিণ--পশ্চিম কোণে তাড়াশ প্রেসক্লাব সংলগ্ন ঈদগাহ মাঠে সরস্বতী পূজার দিন থেকে শুরু করে তিনদিনব্যাপী এ দই মেলার আয়োজন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দইমেলায় বগুড়ার শেরপুর, নাটোরের গুরুদাসপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর, তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ এবং পাবনা জেলার বোনাইনগর, ফরিদপুর, ভাঙ্গুরা ও চাটমোহরসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলা থেকে প্রায় ৫--৬ শ ঘোষাল দই বিক্রি করতে এসেছিলেন সেদিন।

সিরাজগঞ্জ-- বনপাড়া-- নাটোর মহাসড়কের মহিষলুটিতে বাসে করে এসে রিকশা বা নসিমনে করে প্রায় ৬ কিমি দূরত্ব অতিক্রম করলেই যাওয়া যায় দইমেলায়। অবশ্য এ যোগাযোগ ব্যবস্থা শুধু মেলার দিনেই বহাল থাকে।

দই মেলা শুনে অনেকেই মনে করতে পারে এখানে হয়তো বা দইই পাওয়া যায় শুধু। কথাটি মোটেও ঠিক না। খাশিয়ানা, সাড়া, খির খাশিয়ানা, খিরশাপাত নামের বিভিন্ন ধরনের দই এর পাশাপাশি চিড়া, ঘুড়ি, মুড়ি, চিনি ও গুড়ের তৈরি গজা, কদমা, সন্দেশ, মিষ্টি, জিলাপিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারেরও দেখা মেলে এখানে।

দইয়ের দামও যে খুব একটা বেশি তা না। এবার ২ কেজির বড় খুটির দই ১০০--১১০ টাকায় এবং ছোট ১ কেজির খুটি ৫০--৫৫ টাকায় বিক্রি হয়েছে।

চলনবিল অঞ্চলের লোকজন বছরের কোন সময় দই না কিনলেও মেলা উপলক্ষে অন্তত ১ কেজি হলেও দই কিনে নিজের জন্য যেমন, তেমনি আত্মীয় স্বজনকে উপহার দিতেও।

তাড়াশ পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষক নিতিশচন্দ্র সরকার (৭৫) জানান, “আমরা তিন পুরুষ ধরে এখানে বাস করছি। এটি একটি আঞ্চলিক মেলা হলেও এর গুরুত্ব কোন অংশে কম নয়। প্রতি বছর প্রায় আটশ ঘোষাল ৭ থেকে ১০ হাজার মণ দই নিয়ে মেলায় আসতো। এখন মানুষের আর্থিক ও সামাজিক আবস্থার ব্যাপক পরিবর্তনের ফলে মানুষ অনেক হিসেবি হয়ে গেছে। তারপরও এ মেলা এখনও ম্লান হয়ে যায়নি।”

তাড়াশ বাজারের বিশিষ্ট দই বিক্রেতা শ্রী গোপাল চন্দ্র ঘোষ (৭৮) অনেকটা আক্ষেপের সুরে বলেন, “এখন আর আগের মতো কেনা বেচা হয় না। আর সেই স্বাদ তো দূরের কথা গুণগত মান ঠিক রাখাই দায়। দুধের দাম বেশি। তবুও মঙ্গলবারের মেলায় প্রায় ২০ মণ দই বিক্রি করেছি। শুধু চালান উঠেছে মাত্র। বৌ, ঝি, জামাই ও বোনরা বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসে, তাই লাভ কম হলেও আনন্দ হয় বেশি।”

কালের বিবর্তনে তাড়াশের শত বছরের ঐতিহ্যের দই মেলার গুরুত্ব আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাই স্থানীয় জনগণের প্রাণের দাবি, এই মেলার ঐতিহ্য দেশবাসীর কাছে আরও ভালোভাবে উপস্থাপন করা হোক, ছড়িয়ে দেওয়া হোক সবখানে।