২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির আগে ও পরের সতর্কতা

কোরবানি তো দিচ্ছেন, কিন্তু কোরবানির আনুসাঙ্গিক সাবধানতাগুলো ঠিক ঠিক জানা আছে? তা না হলে কোরবানির আসল উদ্দেশ্যটাই ব্যহত হতে পারে। তাই সময় থাকতেই জেনে নিন কোরবানির সাবধানতাগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 01:41 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

যে কোন ধরনের গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য বাছাই করলেই হবে না। লক্ষ্য রাখতে হবে এগুলো আপনার কোরবানির জন্য যোগ্য বা হালাল কিনা। কোরবানির পশু কেনবার আগে খানিকটা সতর্কতা অবলম্বন করলেই এ সমস্যা থেকে দূরে থাকা যায়। পশু কেনার সময় প্রথমেই খেয়াল রাখতে হবে আপনার বাছাইকৃত পশুটির কোরবানির জন্য বয়স হয়েছে কিনা। অর্থাৎ পশুটি পূর্ণ বয়স্ক কিনা। আর এটা বুঝতে হলে আপনাকে গরুর দাঁত দেখতে হবে। কম বয়সী গরুর দাঁতের সংখ্যা চারটি এবং পূর্ণবয়স্ক গরুর আটটি দাঁত থাকে। এরপর আপনাকে লক্ষ্য রাখতে হবে কোরবানির পশুটি গর্ভবতী কিনা। সন্দেহ থাকলে পশু হাসপাতালে পরীক্ষা করানো যেতে পারে। পশুর শিং ভাঙ্গা আছে কিনা অথবা অন্ধ কিংবা শরীরে কোন ধরনের ক্ষত-ঘা আছে নাকি দেখে নিন। সেসব বিষয়ে পূর্ণ খেয়াল রাখতে হবে। সর্বোপরি কোরবানির পশুটি সুস্থ-সবল আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এজন্য একটু সময় নিয়ে লক্ষ্য করুন পশুটি স্বাভাবিক আচরণ করছে কিনা অথবা ঝিমুচ্ছে কিনা। যদি পশুটি ঝিমুতে থাকে অথবা খাবার ঠিক মতো না খায় তাহলে বুঝতে হবে পশুটি রোগাক্রান্ত।

কোরবানি পর্যন্ত পশু যত্ম-আত্মি

কোরবানি পশু কিনে বাড়িতে আনলেন। এতেই যদি মনে করেন সব দায়িত্ব শেষ তাহলে ভুল করবেন। কারণ কোরবানির আগ মুহূর্ত পর্যন্ত পশুটিকে সুস্থ-সবল রাখতে হবে। এজন্য পশুটিকে অবশ্যই বাসার শুকনো কোন জায়গায় রাখতে হবে। কোন মতেই একে ভেজা, কাদাযুক্ত বা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না। পশুর রাখার জায়গায় প্রয়োজনে খড় বা চট দিতে পারেন। ক্ষেত্রবিশেষে শুকনো ভূষিও ছিটাতে পারেন। এখন যেহেতু শীতকাল তাই পশুকে শীতের হাত থেকে রক্ষার জন্য গায়ে মোটা ছালা বা চট দিতে পারেন। পশুটিকে নিয়মিত গোসলও করাতে হবে। কোরবানির পশুর থাকার সুব্যবস্থার পাশাপাশি খাবার দিকটাও দেখতে হবে। খড়ের পাশাপাশি পশুকে দানাদার খাবারও দেয়া যেতে পারে। ঘরের ভাতের মাড়ও দিতে পারেন ভুষির সঙ্গে গুলে। সঙ্গে প্রয়োজনমত লবণ দিয়ে দেবেন। আর সম্ভব হলে সবুজ ঘাসও খাওয়াতে পারেন।

পশুর চামড়ার সংরক্ষণ

কোরবানি হয়ে যাবার পর মাথায় চিন্তা আসে কীভাবে পশুর চামড়াটি সংরক্ষণ করবেন। তবে পশুর গায়ে থেকে চামড়া ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যাতে চামড়ার কোন ক্ষতি না হয়। অসাবধানতাবশতঃ চামড়ার কোন অংশের ক্ষতি হলে বিক্রির সময় সঠিক মূল্যটি নাও পেতে পারেন। এজন্য পশুর চামড়া ছাড়ানোর কাজে ধারালো ছুরি ব্যবহার করা উচিত।

চামড়া ছাড়ানো হয়ে গেলে দেখতে হবে সেখানে কোনরকম মাংস বা চর্বি লেগে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তা সাবধানে ছুরি দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। তারপর তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে হালকা রোদে শুকানো যেতে পারে।

চামড়া ছাড়ানোর সাত থেকে আট ঘন্টার মধ্যে বিক্রির ব্যবস্থা করতে হবে। এর চেয়ে বেশি দেরি হলে চামড়াটিকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

কয়েকভাবে চামড়া সংরক্ষণ করা যায়। এগুলোর মধ্যে আছে লবণ পদ্ধতি, রোদ শুকানোর পদ্ধতি এবং হিমাগার পদ্ধতি। আপনার সুবিধামত এগুলো ব্যবহার করতে পারেন।

অবশেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা

পশু জবাই করার সময় কাছাকাছি জায়গায় গর্ত করে নিতে পারেন। জবাই হয়ে গেলে সেই রক্ত মাটি চাপা দিয়ে দিন। আর গর্ত না করা গেলে জবাইকৃত পশুর রক্ত সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।

জবাই করবার জায়গাটি ব্লিচিং পাউডার অথবা অন্যান্য জীবাণুনাশক নিয়ে পরিষ্কার করুন।

কোরবানির বর্জ্য অর্থাৎ গোবর, নাড়ি-ভূড়িসহ অন্যান্য উচ্ছিষ্ট নির্দিষ্ট ডাস্টবিনে অথবা ময়লার কনটেইনারে ফেলুন যাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী তা দ্রুত সরিয়ে নিতে পারে।

সিটি করপোরেশন কোরবানির দিনের দুপুর ১২টার পর থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামবে।