২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজ আমলে বাংলা মুল্লুকই ছিল বড়দিন পালনের কেন্দ্র

বনিকের মানদন্ড রাজদন্ড হয়ে ওঠার আগেই এদেশে বড়দিন উৎসব জমে উঠেছিল। পরে সরকারি পৃষ্ঠপোষনায় তার দ্যুতি বেড়েছে। তবে নিজ বাসভূম থেকে দুরে এই উৎসবে ততটা কি তন্নিষ্ট হতে পারতো ইংরেজরা। কেমন ছিল এদেশে সেকালের ইংরেজদের বড়দিন পালন তার সংক্ষিপ্ত বয়ান নিচের রচনাটিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 02:58 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

১৬৬৮ সালের ডিসেম্বরে কোলকাতার প্রতিষ্ঠাতা জোব চার্নক হুগলি থেকে হিজলির পথে যাবার সময় সুতানুটি গ্রামে বড়দিন উৎসব পালনের জন্য যাত্রা বিরতি করেন। ছুটির মেজাজে এখানে মাসখানেকের মতো থাকেন তিনি। এই অঞ্চলে ইংরেজদের সেই প্রথম বড়দিন পালন।

ভারতবর্ষে অবশ্য এর অনেক আগে বড়দিনের অনুষ্ঠান হয়ে গেছে। কারণ নানা উপকথা কিংবদন্তী ইত্যাদি মারফত জানা যাচ্ছে, কেরলের মালাবার উপকুলে যীশুর দ্বাদশ শিষ্যদের অন্যতম টমাস এসেছিলেন ধর্ম প্রচারের জন্য, ৫২ খৃস্টাব্দে। তার নেতৃত্বেই সেখানে প্রথম ভারতীয় খৃস্টমন্ডলী গঠিত হয়। এরা নিশ্চিত সেখানে বড়দিন পালন করে থাকবেন। যীশুর আর এক শিষ্য বর্তমান মুম্বাইয়ে এসেও ধর্ম প্রচার করেছিলেন। তবে এদের দুজনের ভারতবর্ষে আসা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও প্রথম শতকে যে এসব অঞ্চলের লোকজন খৃস্টধর্মের সংস্পর্শে আসেন তাতে কোন সন্দেহ নেই।

পরে ইংরেজ রাজত্ব ভারতবর্ষ জুড়ে বিস্তারিত হলেও রাষ্ট্রক্ষমতার কেন্দ্র হিসেবে বাংলা ম্লুুকই ছিল বড়দিন পালনের কেন্দ্র। ২৪ ডিসেম্বর রাত বারটায় তোপধ্বনি দিয়ে শুরু হতো উৎসব, গির্জায় গির্জায় মন্দ্রিত ঘন্টাধ্বনির সঙ্গে মিলতো অর্গানের ধ্বনি, আবেগপূর্ণ গানের সঙ্গে। ইংরেজি নতুন বছর পর্যন্ত চলতো খানাপিনা, শিল্পকলা প্রদর্শনী, ক্রিকেট,রেস, পোলো। কোথাও কোথাও আর্মেনিয়ানদের সুবাদে উৎসব চলতো বছরেরর প্রথম সপ্তাহের শেষ অব্দি। সবমিলিয়ে সে এ ‘কার্নিভাল’ বটে।

এই অবস্থা চলেছে অন্তত ১৯১১ সাল তক। এরপর কোলকাতা থেকে রাজধানী দিল্লী চলে গেলেও বড়দিনের আয়োজনের ঘাটতি হয়নি। স্মৃতিকাতরতা তো বাঙালির মতো বড়লাটেরও ছিল। বড়দিনের সময় তিনি তার বাহিনী নিয়ে ঠিকই কোলকাতা চলে আসতেন।

তবে সর্বদাই যে ইংরেজরা, বিশেষ করে সাধারণ ইংরেজরা, এদেশে বড়দিন পালন খুব আমোদের সঙ্গে করেছেন তা নয়। প্রথমদিকে রাজত্বের রোশনাই তত ছিল না। তাছাড়া পয়লা পয়লা এদেশে ইংরেজ সাম্রাজ্য পাহারা দিতে আসা ইংরেজরা এমনিতেই হোম সিকনেসে ভুগতেন। বড়দিনের সময় সেই কাতরতা আরো বেড়ে যেতো।

ভারতবর্ষে আসা অ্যালিফ চিম নামে এক ইংরেজ কবি তার ‘এ ক্রিসমাস রেভেরি’ কবিতায় (১৮৮৮) এদেশের বিবর্ণ বড়দিনের বিবরণ দিতে গিয়ে লিখেছেন-‘আর হায় আমর কী পোড়া কপাল, এখানে কোথায় সেই দুধের ফেনার মতো সাদা বরফ, কোথায় সেই ক্রিসমাসের বার্তাবহনকারী রবিন পাখি আর সেই চিরসবুজ মিশলটো আর হলির শাখা। আমাকে কাল গোমড়া মুখো কমান্ড্যান্ট সাহেব আর তার বিবির সঙ্গে বড়দিনের খানা খেতে হবে।’

ধীরে ধীরে অবস্থা পাল্টেছে। ইংলন্ডের মতো না হলেও এখানেও বাংলাদেশের বড় বড় শহরেও বড়দিন পালন শুরু হয়। ইংরেজরাও তাদের রঙে রাঙিয়ে দিতে শুরু করে সেসব উৎসব আয়োজন। বছরের অন্যান্য সময় প্যাচপ্যাচে বর্ষা আর গরমে ত্রাহি মধূসুদন অবস্থা হলেও শীতকালের মিঠে কড়া রোদ তাদের মনে হোম ওয়েদারের আমেজ নিয়ে আসে, কিছুটা হলেও উপভোগ্য করে তোলে পরবাসের বড়দিন পালন।

১৭৮১ সালে প্রকাশিত এলিজা ফে’র লেখায় দেখা যায়, সেসময়ে অত্র অঞ্চলে বসবাসকারী ইংরেজরা বড়দিন এলে বাড়ির ফটকের দুপাশ কলাগাছ দিয়ে সাজাতো। ঘরগুলোকে সাজানো হতো দেবদারু, অন্যান্য লতাপাতা, ফুলের তোড়া ও মালা দিয়ে।

ইশ্বরগুপ্তের কবিতায় এর কিছু বিবরণ রয়েছে–

হায়রে সুখের দিন, শোভা কব কায়।/ইংরেজ গোলায় গেলে নয়ন জুড়ায়।।/প্রতি গেটে গাঁদা-গার, করিগুরী তাতে। বিরচিত ছটা চারু, দেবদারু পাতে।

বড়দিনের আগের দিন মধ্যরাতে মিশলটো আর হলি এর বিকল্প হিসেবে এদেশি ইংরেজরা সবুজ লতাপাতা আর রঙিন কাঁচের গোলক বা মোমবাতি দিয়ে সাজানো ছইয়ের নিচে আলিঙ্গন আর চুমুর ব্যাপারটা সারতেন।

২.

১৮৪০ সালে প্রকাশিত ঢাকার তৎকালীন সিভিল সার্জন জেমস টেলরের টপোগ্রাফি অফ ঢাকা’ বইয়ে দেয়া হিসেব অনুযায়ী শহরে ৪০টি আর্মেনীয় পরিবার ও ১২টি গ্রিক পরিবার ছিল। টেলরের মতে ১৮৩৮ সালে ইংরেজ অ্যাংলো ইন্ডিয়ান, পর্তুগিজ, আর্মেনিয়, গ্রিক, ফরাসী ও ডাচ মিলিয়ে খৃস্ট ধর্মালম্বীদের সংখ্যা ছিল ৩০৪ জন। পরে ইংরেজদের সংখ্যা আরো বাড়ে। গীর্জা ও বিভিন্ন বাড়ির অনুষ্ঠানে এরাই একত্র হয়ে বড়দিনের আনন্দ উদযাপন করতেন। শহরের ইংরেজ অধুষ্যিত এলাকায় বনেদি দোকানগুলো আলোর মালা, রঙিন কাগজের চেন দিয়ে সাজিয়ে আকর্ষনীয় করে তোলা হতো।

১৮ শতকের গোড়ার দিকে বড়দিনে বাড়ির চাকুরে, নফররা মালিকদের ভেট দিতো বড় বকশিশ পাওয়ার আশায়। এই ভেটকে বলা হতো ডলি। সামাজিক সৌজন্য হিসেবেও অনেকে ডলি দিতো। উপকারপ্রত্যাশী চাকুরে বা প্রতিবেশিজন ভেট দিতো স্বার্থসিদ্ধির জন্য। পরে এই পরোক্ষ ঘুষের আয়োজন প্রকট আকার ধারণ করায় কোথাও কোথাও সরকারি নিষেধাজ্ঞা জারি করে ডলি বন্ধ করে দেওয়া হয়।

তবে সাধারণভাবে ডলির চল ছিল বহুদিন। বিশিষ্ট কথাসাহিত্যিক বিমল কর এক স্মৃতিমেদুর রচনায় জানিয়েছেন, তার ছেলেবেলাতেও, অর্থাৎ ১৯ শতকের গোড়ার দিকে, ডালি সাজানো ছিল একটা আর্টের মতো। অনেকটা বিয়ের তত্ত্ব সাজানোর মতো করে ডালি সাজানো হতো। দোকানে অর্ডার দিয়েও ফুল-পাতা, রঙিন কাগজ সহযোগে বাহারি ডালি সাজাতো অনেকে। ছোটখাট অফিসারদের বাড়িতেও ডালি যেতো। তাতে সাধারণত ফরমূল, শীতের সাকসব্জি এসব থাকতো।

বড়দিনের অন্যতম আয়োজন ছিল বিত্তবানদের বাসায় ভোজের আয়োজন। ইংরেজ আমলে বাংলার সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান এবং ভোজটা হতো কোলকাতার বড়লাটের প্রাসাদে। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের বড় বড় রাজকর্মচারীরা নেমন্তন্ন পেতেন এই অনুষ্ঠানে। ব্রেকফাস্ট দিয়ে শুরু হতো খানাপিনা। রাতে ডিনারের পর থাকতো বিশেষ বলডান্সের আয়োজন।

লর্ড কর্নওয়ালিস অবশ্য বড়দিনের এই জমকালো আয়োজনের রাশ টেনে ধরেছিলেন। ‘পবিত্র দিনটিতে খানাপিনা আর আমোদ ফুর্তি অন্যায়’ বলে তিনি তা বন্ধ করে দেন ১৭৮৫ সালে তার শাসসামলের শুরুতেই। তবে কর্ণওয়ালিস লন্ডনে চলে যাওয়ার পর আবার উৎসব আগের মতো শুরু হয়ে যায়।