Published : 15 Jan 2026, 09:00 PM
ঢাকায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৬ দিনের আলোকচিত্র উৎসব— ‘ছবি মেলা’।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৪টায় হবে উৎসবের উদ্বোধন অনুষ্ঠান।
এর আগে বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হবে শোভাযাত্রা, যেটি শেষ হবে শিল্পকলা একাডেমিতে গিয়ে।
বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সংবাদ সম্মেলনে উৎসবের প্রধান উপদেষ্টা শহিদুল আলম বলেন, "দেশে ও আন্তর্জাতিকভাবে যে পাশ্চাত্য সাম্রাজ্যবাদ, আগ্রাসন, দখল ও ক্ষমতার আধিপত্য, এসব কিছুকে এই উৎসবে প্রশ্ন করা হয়েছে। এ লড়াই চলমান।
"জুলাই গণঅভ্যুত্থান থেকে আমাদের একটি ভিন্ন বাংলাদেশের প্রত্যাশা ছিল। সেটা শুধু রাজনৈতিক অর্থে নয়, একই সঙ্গে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাব্যবস্থার ক্ষেত্রেও।"
উৎসব পরিচালক এএসএম রেজাউর রহমান বলেন, "এবার ছবি মেলার ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশ থেকে শিল্পী, শিক্ষক ও প্রশিক্ষকদের মাধ্যমে দেশের আলোকচিত্রী ও আলোকচিত্রীপ্রেমীদের কিছু শেখার সুযোগ রয়েছে।"
কিউরেটর মুনেম ওয়াসিফ বলেন, “এবারের আয়োজনে ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম, ইতিহাসের ঔপনিবেশিক শাসন, আফ্রিকার বর্ণবাদ থেকে শুরু বিভিন্ন রাজনৈতিক-সামাজিক লড়াই-সংগ্রামের গভীরতা ও বর্তমান বাস্তবতা বিশ্বব্যাপী শিল্পীদের কাজের মধ্য দিয়ে উঠে এসেছে।”
উৎসবে যা থাকছে
১১তম এ উৎসব চলবে ঢাকার পাঁচটি স্থানে— বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, দৃকপাঠ ভবন এবং বাংলাদেশ জাতীয় সংসদ (সাউথ প্লাজা)। সব মিলিয়ে প্রদর্শনী হবে নয়টি।
এবারের সংস্করণে ‘পুনঃ’ ভাবধারার আলোকে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে ৫৮ জন অংশগ্রহণকারী একত্রিত হচ্ছেন।
আয়োজকেরা জানান, উপসর্গ ‘পুনঃ’ অর্থ আবার, নতুন করে কিংবা অন্যভাবে শুরু করা। অথবা পুনরাবৃত্তি, উল্টো দিক থেকে পুনরায় উম্মোচন।
একক ও দলীয় প্রদর্শনীগুলোর পাশাপাশি এ আয়োজনে থাকছে আর্টিস্ট টক, প্যানেল আলোচনা ও ‘লেকচার’।
উৎসবের শিক্ষামূলক মাত্রাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ছয়টি কর্মশালা থাকবে। ২৫ থেকে ২৯ জানুয়ারি স্থানীয় স্কুলগুলোকে নিয়ে একটি শিক্ষামূলক প্রচার অনুষ্ঠানও থাকবে। এতে অংশগ্রহণ করবে এক হাজারের বেশি শিক্ষার্থী।
দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ২০০০ সাল থেকে এ উৎসব হয়ে আসছে।
এবারের উৎসব ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে, যা সবার জন্য উন্মুক্ত।
সংবাদ সম্মেলনে ভারতের আলোকচিত্রী ও আমন্ত্রিত কিউরেটর তানভি মিশ্রা এবং সুদানের আলোকচিত্রী মুহাম্মদ সালাহ আব্দুলআজিজ উপস্থিত ছিলেন।