২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলয় গোস্বামীর দুটি কবিতা

আজ ক্যানো যে জ্যোৎস্নার এতো আলো / সকাল হতেই সন্ধ্যে লাগে ভালো। / আজ ক্যানো যে রোদ নেমেছে চোখে/ বুকের মাঠে বসন্ত যায় নেচে।

নিলয় গোস্বামী নিলয় গোস্বামী

Published : 09 Aug 2026, 04:28 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

গল্প

আজ ক্যানো যে জ্যোৎস্নার এতো আলো 

সকাল হতেই সন্ধ্যে লাগে ভালো। 

আজ ক্যানো যে রোদ নেমেছে চোখে

বুকের মাঠে বসন্ত যায় নেচে।

আজ ক্যানো যে পথের এতো মায়া

চিহ্ন এঁকে বাড়ি ফিরে  ছায়া।

উঠোন জুড়ে চাওয়া পাওয়ার খেলা

মধ্যেখানে মেকি অবহেলা।

আবছা হয়ে মুখোমুখি বসা

উচ্চারণে জেগে ওঠে আশা।

গল্প শেষে অল্প কথা বলা

মেঘ নামাতে ভিন্ন ছলাকলা।

আঙুল ছোঁয়ার তাড়া আসে কিসে

পালকি চড়ে রাত্রি নামে হেসে।

ভিজ ওঠে স্মৃতির শামিয়ানা 

 স্বপ্ন মাখে নিস্তব্ধ মোহনা।

মোহর হাতে প্রহর আসে ভেসে

অল্প কিছু থাক না অবশেষে।

বৈধ

সাপের খোলস থেকে মাথা নিচু করে বেরিয়ে আসছে যন্ত্র।

দেহ এক ঘোরতর বিষ। 

গিলেই খাও অথবা চেটে ফেলো সবটুকু সংশয়,

যুগল স্নানের পরে পা ভিজাবে লালার আক্ষেপ।

হাতে ভেসে উঠবে ঋণ।

মেঘ অথবা আকাশ, কেউ কারো নয়।

খেলা শেষ হলে রঙ চেনে কৈফিয়ত। 

ডুবে থাকা চোখ আড়ি দিয়ে যায় ভোরে,

অচেনা ডাকের বাঁকে, কত কিছু রুখে দেয় পথ।

বৈধ নিশ্বাসে তুমুল নিমন্ত্রণ আসে ভেসে। 

আকুতির অংশটুকু বিভাজন করে গ্যাছে রোদ।

দেহ এক ঘোরতর বিষ। নম্র আমন্ত্রণে ছেয়ে যায় 

উভয়ের মুর্হুত। তাকে কুর্নিশ।