আলোর লড়াই চালিয়ে গেলেন বুলবুল মহলানবীশ
এই মহলানবীশ বংশেরই আরেক পূর্ব পুরুষ প্রশান্ত চন্দ্র মহলানবীশ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ।
’এসো এই পতাকা তলে
আমরা সবাই মিলে
শপথ লইব দেশকে জাগাব
ভেদাভেদ যাব ভুলে
শান্তির গান আমরা গাইব
অভিযাত্রী দল --
দেশের স্বার্থ মোদের স্বার্থ
দেশের বলই বল ’
এই গানটি লিখছিলেন এক বাবা ১৯৫০ এর দশকে। যে সময়টায় বাঙালি ভাষা আন্দোলনের ভেতর দিয়ে জেগে উঠেছে, বাঙালির আত্মপরিচয়ের নিশানা উড্ডীন করেছে। এখানে উল্লেখ করে নিতে চাই, ১৯৫৭ সালে পুরান ঢাকার নারিন্দায় অভিযাত্রিক নামে একটি সংগঠন যাত্রা করেছিল। সেই সংগঠনটির তাৎপর্য তুলে ধরতে এই গানটি লিখেছিলেন তিনি। অভিযাত্রিকের প্রতিষ্ঠাতাকালীন সদস্যদের মধ্যে ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক মোঃ নাসিরুদ্দিন, রোকনুজ্জামান খান দাদা ভাই, ভূপেন্দ্র ভৌমিক, আবেদ খান, অমলেন্দু চক্রবর্তী। রাজিউদ্দিন আহমেদ, বরুণ কুমার মহলানবীশ, অরুন কুমার মহলানবীশসহ আরো অনেকে। গানটির সুর করেছিলেন অমলেন্দু চক্রবর্তী।
উপরোক্ত গানটি ছোট বড় নারী শিশু সকলে মিলে গাইতেন অভিযাত্রী ক্লাবে। এই গানে সর্বকনিষ্ঠ একজন কণ্ঠ মেলাতেন। যার বয়স ছিল চার।
গানটি যিনি লিখেছিলেন তিনি বিকেল বেলায় অফিস শেষে বাড়ি ফিরে তরুণদের সঙ্গে নিয়ে ভলিবল খেলতেন। চার বছরের মেয়েটির মনে হয়েছিল গানের শেষ কথাটি 'বলই বল' মানে 'ভলিবল', যা বিকেল বেলায় মাঠে তার বাবা অন্যদের সঙ্গে প্রতিদিন খেলেন। শিশুটি ক্লাবে যেমন বাবার সঙ্গী তেমনি বিকেল বেলায় তার বাবার ভলিবল খেলার দর্শক। পরে তার বাবা তাকে 'ভলিবল' আর 'বলই বল' এর পার্থক্য বুঝিয়ে বলেছিলেন।
১৯৫৭ সালের সেই চার বছরের শিশুটিই আজকের বুলবুল মহলানবীশ। যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী হিসেবেই সমধিক পরিচিত। এর বাইরে তার কাজ ও ভূমিকা বিস্তর। আর গানটির রচয়িতা তাঁর বাবা যার নাম অরুন কুমার মহলানবীশ।
এই মহলানবীশ বংশেরই আরেক পূর্ব পুরুষ প্রশান্ত চন্দ্র মহলানবীশ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ। যিনি ভারতবর্ষের প্রথমদিকের একজন সংখ্যাতত্ত্ববিদ ছিলেন। প্রশান্ত চন্দ্র দূরত্ব নামক ধারণাটির জন্য বিখ্যাত। তিনি মুক্ত ভারতের দ্বিতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। তিনি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এবং বড় আকারের নমুনা জরিপের নকশায় অবদান রেখেছিলেন। তাঁকে ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক মনে করা হয়।
১৯৫০ এর দশকে প্রতিষ্ঠিত অভিযাত্রী ক্লাব থেকে নানাবিধ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মযজ্ঞের আয়োজন করা হত। এর মধ্যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী, বসন্ত উৎসব, যাত্রাপালা, নাটক মঞ্চায়ন, দোলাইখালে নৌকা বাইচ আর পাঠাগার প্রতিষ্ঠা ছিল অন্যতম। এসব কর্মযজ্ঞের ভেতর দিয়েই বুলবুল মহলানবীশের, তার বাবা, কাকা, ভাই আর বোনদের সঙ্গে বেড়ে উঠা। বাড়িতে ছিল সাংস্কৃতিক পরিমণ্ডল যার মধ্যে কাব্য আর সংগীত ছিল অবধারিত। তার মা কাজের অবসরে বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের বাংলা ইংরেজি বর্ণমালা শেখাতেন, সঙ্গে তালিম দিতেন অংকেরও। এর সবকিছুই বুলবুল মহলানবীশের ব্যক্তিত্ব গঠনে বড় রকম ছাপ ফেলেছিল।
কী রকম ছাপ ফেলেছিল তা তাঁর কাজের দিকে নজর বুলিয়ে নিলে কিছুটা আঁচ করা যেতে পারে। তাদের আদি ভিটে বিক্রমপুরে হলেও, বুলবুল ১৯৫৩ সালের ১০ মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। অই সময় তাঁর বাবার চাকরিসূত্রে তাদের পরিবার কুমিল্লায় ছিল।
বুলবুল মহলানবীশের প্রাথমিকের পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ প্রতিষ্ঠিত নারীশিক্ষা মন্দিরে। এর পরের শিক্ষালয় পোগোজ স্কুল। যে স্কুলের ছাত্র ছিলেন বিপ্লবী তারুণ্য ও কবি সোমেন চন্দ, যাকে দূর্বৃত্তরা ঢাকার রাজপথে হত্যা করে তাঁর অসাম্প্রায়িদিক ভূমিকার জন্যে। এসব কারণে এই দুই বিদ্যাপীঠের শিক্ষার্থী হতে পেরে বুলবুল মহলানবীশের গর্বের অন্ত ছিল না। অসাম্প্রাদায়িক এই চেতনা তিনি তাঁর কর্মযজ্ঞেও দেখিয়েছেন গোটা জীবন ধরে।
বুলবুল মহলানবীশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম ছিলেন বীর মুক্তিযোদ্ধা বুলবুল।
স্বাধীনতার পর বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল প্রতিনিধি ছিলেন তিনি। সর্বোপরি দেশের সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। নজরুল সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ নজরুল সংগীত শিল্পী পরিষদের সহসভাপতি, সাধারণ সম্পাদক, রবীন্দ্র একাডেমি। জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেলা, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ভাইবোন ফোঁটা ও রাখিবন্ধন উৎসব উদযাপন জাতীয় কমিটির সভাপতি ছিলেন।
বুলবুল মহলানবীশের গানের অ্যালবাম রয়েছে কয়েকটি। প্রকাশিত হয়েছে কুড়ির কাছাকাছি গ্রন্থ। মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি ও স্মৃতি ’৭১’ তাঁর বহুল আলোচিত বই। তিনি লিখেছে ছড়া কবিতা কথাসাহিত্য এবং প্রবন্ধ। লিখে গেছেন রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে সমৃদ্ধ এক প্রবন্ধের গ্রন্থ।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য পেয়েছেন চয়ন স্বর্ণপদক, দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন সম্মাননা, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি সম্মাননা পদক। যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অন্যান্য পুরস্কাগুলো তাঁর প্রাপ্য ছিল। তবে ওসব না পাওয়াতে তাঁর মাঝে কোন খেদ ছিল না। পুরস্কার বা স্বীকৃতিকে খুব একটা ধর্তব্যের মধ্যে নিতেন না তিনি।
এই অদম্য উদ্যমী আলো ছড়ানো মানুষ বুলবুল মহলানবীশকে কাছে থেকে দেখেছি ঢাকার নানা সাহিত্য আয়োজনে বিশেষ করে কবিতা উৎসব, বাংলা একাডেমি প্রাঙ্গন ও বইমেলায়। খেয়াল করেছি, তিনি ছিলেন সর্বদা মার্জিত রুচির ছিমছাম উপস্থিতির মহিয়সী এক নারী। তার সকল কাজ ও কথায় প্রকাশ পেত নিপাট ভদ্রতা। বাইরের প্রকাশে থাকতো ভেতরের সৎ আকুতি। যা দূরে বা কাছে থেকেও বুঝে নেয়া যেত। আমাদের চারপাশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলের অনেকের অভিনব আভির্ভাব মোড়লগিরি করবার জন্যে আর পদ ও পদবীতে ভাগ বসাবার জন্যে। বুলবুল মহলানবীশ ছিলেন এর থেকে ব্যতিক্রম। তিনি অন্যদের ধান্দা আর ফন্দি টের পেতেন ঠিকই। কিন্তু কিছু বলতেন না, তাঁর লক্ষ্য থেকেও বিচ্যুত হতেন না। আত্মসম্মান ও আত্মমর্যাদা বিকিয়ে দিতেন না। তার দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে তিনি নিজের অস্তিত্ব জানান দিতেন তার সংগ্রামী জীবনে।
তাঁর ব্যক্তিত্বের এই আভা দেখে আমি অবাক হতাম। আমার ভেতরে প্রশ্নের উদয় হত। পরে তাঁর বেড়ে ওঠার কালের গল্পগুলো জেনে বুঝতে পেরেছি তাঁর শৈশবের দিনগুলো কতই না তাৎপর্যপূর্ণ ছিল। তার অনুজ টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক শিল্পী মহলানবীশের সঙ্গে কর্মসূত্রে অনেকটা জানাশোনা আর যোগাযোগ থাকার কারণে এই ধারণা পেতে কিছুটা সহজ হয়েছিল। অবাক করার বিষয় সেই কথাটাও বুলবুল মহলানবীশকে কোনোদিন বলা হয়ে উঠেনি। কে ভাবতে পেরেছিল এমন আলো ছড়ানো সদাউচ্ছল মানুষটি হঠাৎ চলে যাবেন।
জানতে পেরেছিলাম, তাদের বাবা প্রায়ই রবীন্দ্রনাথের কবিতার নিম্নোক্ত চরণগুলি আবৃত্তি করতেন:
'নির্ভয়ে ছুটিতে হবে
সত্যেরে করিয়া ধ্রুবতারা
মৃত্যুরে না করি শঙ্কা।'
বছরের প্রথম দিনে ছোটদের কাছে ডেকে আশীর্বাদ করে তাদের বাবা নিচের কথাগুলো বলতেন: সত্য, ন্যায় মঙ্গল আর যুক্তির পথে থেকো। সেটাই চলার পথে সাহস যোগাবে।
বাবার বদলির চাকরিসূত্রে বুলবুল মহলানবীশের শৈশব কেটেছে ঢাকা কুমিল্লা এবং করাচিতে। করাচিতে থাকাকালীন ১৯৬০ এর দশকের শুরুর দিকে শিল্পী রুনা লায়লার বাবা এমদাদ আলী প্রতিষ্ঠিত 'শিল্পীচক্রে' সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এর সবই একজন বুলবুল মহলানবীশ হয়ে উঠতে কাজে দিয়েছিলো।
কবি মাহবুব উল আলম চৌধুরী প্রতিভার এই দ্যুতি আর আলো ফেরি করে চলা সংস্কৃতিকর্মী বুলবুল মহলানবীশকে আশীর্বাদ করে, 'আলোর লড়াই চালিয়ে যাও' শিরোনামে একটি কবিতা লিখেছিলেন। বুলবুল মহলানবীশ সেই আশীর্বাদের মত করে ’আলোর লড়াই’ চালিয়ে গেলেন শৈশব থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত।
মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার সলিতকুমার লালার সঙ্গে আলোর লড়াইয়ের লড়াকু এই প্রতিভা বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি প্রবেশিকা পরীক্ষার পূর্বেই ছাত্র ইউনিয়নে নাম লিখিয়েছিলেন। আলোর লড়াই চালিয়ে যাওয়া এই কবির একটি কবিতা দিয়ে লেখাটি শেষ করছি।
বৃষ্টির পদাবলী
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর নদেয় এল বান
তোমার ঘরে রবীন্দ্রনাথ কালিদাসের গান।
আমার ঘরের চালার ফুটোয় অঝোর ধারাপাত
ভেজা বালিশ ছেঁড়া কাঁথার নির্ঘুম দিনরাত।
তোমার ঘরে ভেজা হাওয়ায় কেয়া ফুলের ঘ্রাণ
কাঁটার ঘায়ে সব একাকার আমার দিবস যাম।
তোমার ঘরে ডাল-খিচুড়ি ইলিশ মাছের ডিম
আমার ঘরে হরি-মটর বৃষ্টির রিমঝিম।
তোমার ঘরে কবিতা পাঠ তোমার ঘরে আলো
আমার ঘরে ঝড়ের হওয়া আঁধার নিকষ কালো।
