২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিলম ত্রিবেদীর পাঁচটি কবিতা

রাত্রি গভীরভাবে নারীদের সংজ্ঞা চিনে নেয়/ ব্রেসিয়ার খুলে ছুঁড়ে মারে বেশ্যা খদ্দের শিখায়/ পচাগন্ধ নালা দিয়ে বয়ে গেলে কিশোরীর স্তন/ মাতালরা পতাকা ওড়ায়

ঝিলম ত্রিবেদীর পাঁচটি কবিতা
চিত্রকর্ম: রেমেদিওস বারো

ঝিলম ত্রিবেদী ঝিলম ত্রিবেদী

Published : 17 Nov 2025, 02:13 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

ক্ষুধার্ত

থাকো

এ গভীর বনপথমধ্যে

উৎকীর্ণ দুপুরের দরোজায় কে বলে যায়

থাকো

অতলান্ত সবুরের রেখা ধরে গ্রামে আসে যাত্রার দল

নল, উলুখাগড়ায় বাঁধা হয় বিরাট বিপন্ন সংসার

গিলে নেয় মাৎসর্য

গিলে নিল মাতঙ্গীর খাঁড়া

গ্রামীণ মানুষ দিশাহারা

কোথায় লুকোবে শীত, বিরূপাক্ষ রাতের করাল

কোথায় জামবাটি, কোথায় রেখেছ মেয়েমানুষ?

ঈষৎ কালোর ‘পরে শিশিরের শিশু দুলে ওঠে—

সন্তানের শব খায় ফণীন্দ্র মা!

এখানে কখনও এসো না

শুধু, থাকো

এই মাটি

জলাধার

ঐ ফুল ক্রোড় থেকে ছিঁড়ে

তোমার জন্য আমি এনেছি যে— ফিরে দেখবে না?

শীতকাল

ঠাণ্ডা স্রোত

মুখাগ্নি করবে কে আমার

তাই

থাকো

জগদ্দল

অন্তর্নিহিত তুমি কাঁপো

শহর-অধর থেকে ফিকে লঙ্গরখানা ভাসে

ডেকে ওঠে হিম—

"ঐ শাল্লো মুততে চলল বাঁড়া মন্ত্রীর চুত্ মারাতে!"

কে বলে আঁধার তার ছাপ্পান্ন ইঞ্চি মূর্ধায়

একটি অসীম নীচু মোলায়ম শ্রমিকের দেশে

মধুর আলোর রশ্মি কালো কারখানার মুখে ধ'রে

দেখে নেয় জল কত তীব্র গড়ালো

সমুদ্র তারা নয়, তারা নয় ইনশাআল্লাহ্

আজান হইলে শুরু যমজ পাখিরা ডানা পায়

লুঙ্গি গুটিয়ে যারা চোলাইয়ে পিঁপড়ের মতো

জিভ ঝাপটায়

শুধু একটি শিশু, একদল শিশুর মাদুর

ঘষে ঘষে ঘষে তুলছে রাস্তার জলের কাজল

তার দেহ ক্ষুধাতুর, খিদে তুলছে ঘষে ঘষে ঘষে

কাল রাতে লাথি খেয়ে পেচ্ছাপের দ্বার ফেটে গেছে

রাত্রি গভীরভাবে নারীদের সংজ্ঞা চিনে নেয়

ব্রেসিয়ার খুলে ছুঁড়ে মারে বেশ্যা খদ্দের শিখায়

পচাগন্ধ নালা দিয়ে বয়ে গেলে কিশোরীর স্তন

মাতালরা পতাকা ওড়ায়

পুড়ছে

অধর পুড়ছে

পুড়ে যাচ্ছে এই চরাচর

অর্জুন 'সিংহ' নয়

নলি কেটে ইঁদুরের দাঁতে

বন্ধ কারখানার পিছনের নোংরা কাদায়

ফেলে রাখে লাশগুলো, মৃত্যুর রাজনীতি কাঁপে

এ শহরে শ্রমিকরা গণহত্যাকারী

ভাদ্র - ৯

এখানে শান্ত গ্রাম

নদীতটে বাঁশির সুরের ঢেউ ভাঙে

ছোট ছোট ঢেউ নদীতটে স্বপ্ন হয়ে স্নান করতে নামে

এ গ্রামের বারতা রটেনি কোনোদিন

ঘুঘুপাখি, রৌদ্রকাল জাল ফেলে সুদূরের জলে

এখানে দোকানপাট, ঝুমঝুমি লাট্টুর বহতা গান বলে

কে দিল নারীর মন তাকে

পীতবস্ত্রে কৃষ্ণ আজ এসে বসে

অশ্রু তুলে নেয় ঠোঁটে, হাহাকারে রাতের যাত্রাপালা ভাসে

দিও তুমি একমুঠি চাল দিও আঁচলে তাহার

ছিঁড়ে যাওয়া জন্মান্তর বিক্রি করতে যারা আসে

দূর দূর পল্লী থেকে গাছের পাতার মতো কেহ

বুলিয়ে বুলিয়ে দেয় শরীরে রাধার মতো স্নেহ

এখানে শান্ত গ্রাম

নাম নেই, চরাচর আছে

এ গ্রামের নদীতটে ভাদ্রমাসে মথুরা ফলেছে

ত্রৈলোক্যের আমবন - দুই

চুপ করে শুয়ে আছে সব নিজস্ব

কে এসেছিল তবে

কিছু নয় কিছু নয় বাজে মনে

মনে কি?

কে বসে আছে বারান্দার ব্যর্থ ধুলোয়

রিফু করতে ভুলে গেলে তুমি

সুতোর পরের সুতো বোনো বোনো তুলে দেখো ঘর

ঘর পড়ে গেল

সেলাই শেখেনি ঈশ্বর

দূরে

শাঁখ বাজল কেন

সাদা বিধবার মতো শূন্যতায় কে বাজল শাঁখে

তাকে

চিঠি লিখেছিলে কতদিন বহুদিন অনেকদিন আগে

মেয়েটি খেতে ভুলে গেল

ভাতের গরাস মেখে মুখে তুলতে হয়, ভুলে গেল

ডালের জলের মধ্যে আঙুল ডুবিয়ে সে খোঁজে বিয়ের আংটি

ফুলশয্যার রেখা এসে বেঁধে ডুবন্ত নখে

দুঃখ লাগে

কার সঙ্গে মেতে ওঠে এই সব রাতের মিতালি

ঘর যতদূর যায় ততদূর ঐ বনস্থলী

সিঁদুরে কন্যা কোলে আমবনে গাঢ় হয় মেঘ

জলের পুতুল তুলে গালে রাখে সমূহ বিচ্ছেদ

আর নেই

কেউ নেই

কিছু নেই

আমাদের গ্রামে

'নেই' দিয়ে লেখা হয় শুভবিবাহের কাঁপা কার্ড

ঠোঁটের কষের কাছে শুয়ে থাকে বিয়ের শরীরভরা চিতার গন্ধ

অমর

যেখানে যে ধুলো নেই তাই পরিষ্কার করছেন তিনি

ঘষে ঘষে মুছছেন অদৃশ্য ধূসর বাহুডোর

কাজে আসার পথে

আটকে ছিল বালক বালিকা

শুকনো খড়ের মতো চোখ

নিংড়ানো আধখাওয়া আঙুল

মাথা বড়ো, শরীরের অপুষ্টি হাত বাড়িয়েছে

বলেছে, ফিরে আসবে, দ্রুত ফিরে এসো কিন্তু ঘরে

দুটি পয়সা পয়সা নয় শালুক পদ্মের মতো শিশু

ঘরে বসে চেয়ে আছে বাবার অস্পষ্ট অভিলাষে

ধুলো মুছছে আলমারির যেন রেখা ছেলের ঠোঁটের

ধুলো ঘষছে আলনার যেন চিহ্ন চোখের কালিমা

আসলে তো ধুলো নয় খিদে ঘষে মুছছে এক পিতা

বাড়িতে দুদণ্ড ভীরু অনাঘ্রাত পেট অপেক্ষায়...