Published : 24 Dec 2023, 08:32 PM
নাম বলা বারণ এখানে, তবু তার নামে আজ
শুরু করি গান। গান আমি গাই না কারো কাছেই।
ভুলে যাক দেবযানী, কার হাত ধরে পেয়েছিল
কবে কুয়ো থেকে ত্রাণ। সমাধি-ফলক ছুঁয়ে ফুল
তুলে এনে সাজাই দোলনা, পড়ে-থাকা ফুলদানি।
জানি, বিকেলের এই কল্কে-ফোটা আলো, যাকে ঠিক
রৌদ্র বলা দায়, তার কাছে অত্রি পুষ্যা অরুন্ধতী
যতটুকু পুনর্ভবা, ততটুকু হৃদয় এখানে।
এখানে আমার মর্মডোবা সব চিন্তার ভাসান—
জলে ডুব দিয়ে শুনতে পাবো না কোরাস, যেই সব
কোরালের—তারই জন্যে হাওয়ার গম্ভীরা। যে পুরুষ
নারীর বিহ্বল অঙ্গে স্বেদহিম স্বস্তি পাবে বলে
আকাশ আলুল-করা মেঘ হাত তুলে ডাক দেয়
এবং ওড়ায় তার বুকের ভেতর থেকে—কোনো
কবুতর বক নয়, কাকাতুয়া-সাদা ছেঁড়াপাতা—
সে জানে না, শূন্য বার্তা ভেসে যায় ডিঙি নৌকা হয়ে;
অনেক পালক, পলকের জ্যোৎস্নাবাহী ওইসব
কম্পমান ডিঙি, ফেরে ঢেউয়ে ঢেউয়ে, ভেড়ে না কোথাও...