সাহিত্যে ভাষা নিয়ে ভাসা-ভাসা কিছু কথা
এই ভাষা একটা সমাজের সুবিধাভোগী শ্রেণির চিন্তা করবার ভাষা। এই ভাষায় কি ঢোঁড়াই, কুবের, কাসু, চ্যারকেটু, তমিজ, কুলসুমরা কথা বলে? ভাবে? তার মানে প্রতিদিনের বেঁচে থাকা যাদের কাছে প্রতিদিনের লড়াই, যাদের লড়াই কেবল প্রকৃতি আর খিদের সঙ্গে নয়, তার চেয়েও বেশি অবসর যাপনে অভ্যস্ত চিন্তাশীল পরিশীলিত সুবিধাভোগী শ্রেণির সঙ্গে— তাদের ভাষা কি এমনই নিপুণ শ্রুতিমধুর নরম রোদের মতো!
ভাষা নিয়ে কিছু বলতে গেলেই আমার টমাস ট্রান্সট্রোমারের একটি কবিতার কথা খুব মনে পড়ে।
Tired of all who come with words, words but no language…
(From March ’ 79, Selected Poems, Tomas Transtromer)
ভাবি, আমরা শব্দ দিয়ে যে-ভাষা গড়ে তুলি, সেই ভাষাই কেন তাঁকে অসুস্থ করে তোলে ! শব্দকে কেন এত তুচ্ছ মনে করেন তিনি ! আর ভাবতে থাকি শব্দ ছাড়া কীভাবেই-বা ভাষা গড়ে উঠবে! তা কি সম্ভব! তবে কি শেষপর্যন্ত ভাষাহীন যে শব্দ তাকে সরিয়ে, একটা নতুন ভাষার কাছে পৌঁছতে চান কবি, যা শব্দকে তার অর্থসমেত অতিক্রম করে যায়! আসলে ট্রান্সট্রোমার সামান্য কয়েকটি শব্দেই উপলব্ধির যে-চরমকে কবিতার ভাষায় রূপ দিতে চান, সেই ভাষা অলংকারসর্বস্ব নয়। সে কেবল ঝংকার তুলে নীরব হয়ে যায় না।
হয়তো বাহুল্য বর্জন করতে করতে একেবারে প্রান্তে সরে এসে নীরবতাকেই স্থান করে দিতে চায় সেই ভাষা। যেখান থেকে শেকড়কে হামা দিতে দেখা যায়, পাইন গাছ সময়কে ধন্যবাদ দিয়ে ঘড়ির কাঁটার মতো দাঁড়িয়ে থাকে, কিংবা একটা শূন্যস্থান বা অনুপস্থিতি ভাষা পেয়ে ওঠে কবিতায়।
ওপরে ভাষা নিয়ে এই কয়েকটি বাক্য থেকে ভাষার একটি নির্জন দিকে আলো পড়তে পারে। একটা না-দেখা জগৎ আমাদের সামনে এনে ধরে যে-ভাষা। কিন্তু ভাষার কাজ তো কেবল সেটুকুই নয়। আমরা বেঁচে থাকার লড়াই করতে করতে টের পাই, প্রতি মুহূর্তে বেঁচে টিকে থাকার ভাষা অত নীরব অত শান্ত অতলস্পর্শী নাও হতে পারে! ভাষা তো আর্তচিৎকারকেও ধারণ করবে! অপমানের পরাজয়ের দৈনন্দিনের ভাষা! এইখানে আমরা একটা বড়ো ধন্দে পড়ে যাই। যে-ভাষায় জীবন কাটাই, সাহিত্য কি তার থেকে সরে থাকবে! মানে অনর্গল আমরা যে ভাষা ব্যবহার করে করে জীর্ণ করে তুলছি, সেই ভাষা থেকে কবিতা কিংবা উপন্যাস দূরে সরে থাকবে? আমাদের সারাদিনের ব্যবহৃত পোশাকের মতো যা কাউকে টানে না বরং দূরে ঠেলে দেয়, বিমুখ করে — কবি তেমন ভাষাহীন শব্দে বিতৃষ্ণ! কেন তা হবে!
যে কলুষতা যে হিংস্র উল্লাস আমাদের জীবনের চারপাশে, চারপাশেই-বা কেন হয়তো আমরা নিজেরাই তাতে নিমজ্জিত, হয়তো সেই উল্লাসে সেই উত্তেজনা সেই চিৎকারে আমারই অংশগ্রহণ আছে — তার থেকে নিজেকে সরিয়ে কি আমরা সাহিত্যের ভাষাকে বিচ্ছিন্ন করে নেব? তবে কি তা কৃত্রিম হয়ে উঠবে না?
আবার ফিরে বাংলা সাহিত্য পড়তে গেলেই আমরা এই সমস্যার গভীরে প্রবেশ করতে পারব। অনেকদিন পর্যন্ত আমাদের কবিতা গল্প উপন্যাসের ভাষা ছিল ছড়ানো জীবনের চেয়ে অনেক দূরবর্তী। এর এক কারণ হতে পারে, যাঁরা লিখতে এলেন তাঁদের অধিকাংশই ছিলেন উচ্চশিক্ষিত শুধু নয়, উচ্চবর্ণের এবং নগরের। তাঁরা তুলনায় স্থূল এবড়োখেবড়ো চিৎকৃত জীবনের থেকে দূরের একটা পেলব মার্জিত পরিশীলিত জীবনের অনুভবের কথাই লিপিবদ্ধ করতে চেয়েছেন আর তা করতে গিয়ে তৈরি করে নিয়েছিলেন স্বাভাবিক নয়, মুখের ভাষা নয়, দৈনন্দিনতার আঁচড় নেই এমন ভাষা। সে-ভাষা কানে সুন্দর ঠেকল আর নতুন শিক্ষিত মধ্যবিত্ত কানে একটা অপূর্ব আরাম এনে দিল।
কেমন আরাম? একটা রূপময় ভাষা যা কোথাও ধাক্কা দেয় না কিন্তু কানের ভেতরে সুরের ঢেউ তোলে। না, কবিতা নয়, ১৯১০-এ প্রকাশিত উপন্যাসের ভাষাতেই এর নিদর্শন আছে।
“শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়িঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে, যাহারা আপিসে কালেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছ-তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে —কিন্তু তবু এতো বড়ো এই-যে কাজের শহর কঠিনহৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে।
এমন দিনে বিনা-কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কালেজের পড়াও চুকিয়া গেছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই, বিনয়ের অবস্থাটা এইরূপ। সভাসমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে —কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কী করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিতেছিল।” (গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর)
পড়তে পড়তে চোখ বন্ধ করে এই ভাষার ঘ্রাণ নিতে ইচ্ছে করে, যেমন কানে অনুরণন তোলে কোনো গান শোনার শেষে, এই ভাষা তেমনই! কিন্তু খেয়াল করুন, এই ভাষা কাদের? বিনয় কে? কালেজে পড়া চুকে যাওয়ার পর ধনী যুবকের যে কর্মহীন অবসর, সেই অবসরের নরম হৃদয়ের ভাষা এ নয় কি! যন্ত্রণার আঁচড় নেই, অভাবের গ্লানি নেই। হয়তো ট্রান্সট্রোমারের কোনো অনুযোগ থাকত না এই ভাষায়! কিন্তু আমাদের প্রবল অভিযোগ আছে। এই ভাষার সৌন্দর্যের প্রতি মনোযোগ দিয়েও প্রশ্ন তুলতে ইচ্ছে করে, এই ভাষা কি ক্ষুধার্ত নির্যাতিত ধ্বস্ত মানুষের দুঃখ যন্ত্রণাকে ধারণ করতে পারে?
না, পারত না। এই ভাষা একটা সমাজের সুবিধাভোগী শ্রেণির চিন্তা করবার ভাষা। এই ভাষায় কি ঢোঁড়াই, কুবের, কাসু, চ্যারকেটু, তমিজ, কুলসুমরা কথা বলে? ভাবে? তার মানে প্রতিদিনের বেঁচে থাকা যাদের কাছে প্রতিদিনের লড়াই, যাদের লড়াই কেবল প্রকৃতি আর খিদের সঙ্গে নয়, তার চেয়েও বেশি অবসর যাপনে অভ্যস্ত চিন্তাশীল পরিশীলিত সুবিধাভোগী শ্রেণির সঙ্গে— তাদের ভাষা কি এমনই নিপুণ শ্রুতিমধুর নরম রোদের মতো! স্বাভাবিক নয় কি তাদের জীবনের শ্রীহীনতা তাদের ভাষাকেও করে তুলবে ছাঁদহীন তীক্ষ্ণ খোঁচাখোঁচা? যা কানে আরাম তো দেয়ই না, বরং পড়তে গিয়ে চোখে ধাক্কা খেতে হয়!
স্রোত যেভাবে নিচের দিকে নেমে আসে, আমাদের বাংলা আখ্যান সাহিত্যও দ্রুত নেমে আসতে চাইছিল নিম্নবিত্ত নিম্নবর্গের মানুষের কাছে। কিছুদিন পর্যন্ত সাহিত্যিকের আরোপিত ভাষাতেই তাদের জীবন চিত্রিত হয়েছে। তাদের ভাষা ভদ্রবিত্তের ভাষায় রূপান্তরিত হয়েছে। সেইসব অভিযোগ অনুযোগ সরিয়ে আমরা বরং দেখে নিই ভাষা কীভাবে খিজির চ্যারকেটুর কাছে আনত হল।
বাংলাদেশের গণ-অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল ঐতিহাসিক ভাবে সত্য। এই সময়কে কেন্দ্রে রেখে আখ্যান কম রচিত হয়নি। তবে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই ছিল এই ধারার উল্লেখযোগ্য একটি সংযোজন। রিকশাওয়ালা হাড্ডি খিজির ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এই আন্দোলনের সঙ্গে। লেখক তার কথা লিখতে গিয়ে ভাষাকেও কেমন বস্তির কাছাকাছি নিয়ে যেতে পেরেছেন দেখে নিই আসুন :
“বস্তিতে ঢোকার মুখে একটুর জন্য গুয়ের ওপর খিজিরের পা পড়েনি। তার রাগ হয়, ‘এইগুলি জানোয়ারের পয়দা না কিয়ের বাচ্চা বুঝি না! এতো বড়ো একখান নর্দমা পইড়া রইছে, পোলাপানের হাত ধরাইয়া বহাইয়া দিলে কি হয়?’
বস্তির প্রথম ঘরের দরজায় চার বছরের ন্যাংটা ছেলের পাছা ধুয়ে দিচ্ছিলো বজলুর বৌ। সিনেমার টিকেট ব্ল্যাক করা হলো বজলুর পেশা, ঈদের দিন স্বামীর মোটা রোজগারের সম্ভাবনায় বজলুর বৌয়ের আজ দাপটই আলাদা, সে সঙ্গে সঙ্গে কিচকিচ করে ওঠে, ‘'আটকুইড়া হিজড়া মরদ, পোলাপানের তকলিফ বুঝবে ক্যামনে? নর্দমার মইদ্যে পোলায় পইড়া গেলে তুলবো ক্যাটায়?’”
ভাষা যে কীভাবে একটা চরিত্রের জীবনযাপন তার শ্রেণির পরিচয়কে চিহ্নিত করতে পারে তার চূড়ান্ত উদাহরণ এই উপন্যাসের ভাষা। সৌন্দর্য নয়, এই ভাষাশৈলীর অভিমুখ মাটির দিকে। কানে হয়তো ভদ্রবিত্ত পাঠকের বিশ্রী ঠেকে, দুর্গন্ধযুক্ত কখনো বা বমন-উদ্রেককারী মনে হয় কিন্তু আশ্চর্য রূপময়— যে ভাষারূপে একটা সমাজের অন্ধিসন্ধি নাড়িভুঁড়ি পর্যন্ত উঠে আসে।
ভাষাকে শান্ত সুন্দর নিরাপদ করে তোলা হয়েছিল হয়তো খুব সুচারুভাবে। হতে পারে পাঠকও সেই শহুরে সাহিত্যিকদের বানিয়ে তোলা ভাষাতেই অভ্যস্ত হয়ে উঠতে চেয়েছে ধীরে ধীরে। সাহিত্যের বিভিন্ন ধারাগুলোও যেভাবে একটা বাধ্যতার ভেতরে থেকেই বৈচিত্র্য আনতে চেয়েছে কিন্তু স্বাভাবিকভাবেই বিপজ্জনক হতে চায়নি বা প্যাটার্নের বাইরে চলে যেতে চায়নি। একটা আরামপ্রদ আবহাওয়ায় সে কেবল পল্লবিত হয়েছে। ফলে যে-অভ্যস্ত পাঠকরুচি গড়ে উঠল তাতে ভাষাও হয়ে পড়ল বন্দি। সেই গণ্ডির ভিতর থেকে চিলেকোঠার সেপাই-এর ভাষাকে বিচ্ছিন্ন মনে হতেই পারে। কিন্তু সে-তো অভ্যাসের দোষে।
এই অভ্যাসের গণ্ডির বাইরে বেরোতে দেরি হল বলেই না বাংলা ভাষার পাঠকের বৈশাখু আর বেঙ্গু দুই ভাইয়ের ভুখা পেটের কান্না শুনতে অনেকটা দেরি হয়ে গেল! তাদের কান্না এখানে লেখকের শিক্ষিত মধ্যবিত্তের সুখী ভাষায় রূপান্তরিত নয়, এই ভাষা সরাসরি মাঠের কাদাজল থেকে উঠে এসেছে :
“‘আয় কেনে, মা ত চাউল আনিবার গিসে’ — বৈশাখুর গলার স্বর কখনো নরম, কখনো সিক্ত।
বেঙ্গু চিলের মতন চিৎকার করে ওঠে, ‘মা কুনঠে চাউল পাবে?’’
‘হয়, হয়, চাউল না পাবে, কচু ত পাবে।’’
‘কচু পাবে ত কুখন পাবে?’’
‘হে ধর কেনে, সনঝাবেলাত।’
সনঝাবেলার ত অ্যালায় অনেক দেরি।’’
ধুত্, আর দেরি কুনঠে, অ্যালায় বেলা দুপপর হসে, এর বাদে বেলা নামিবার ধরিবে। তার বাদে সনঝা। চল্ না, অ্যালায় এইঠে হাঁটি হাঁটি যাই, তারপর হাঁটি হাঁটি ফিরিবার ধরিম। যাইলা বাড়িত পৌঁছায়, স্যালায় সনঝা হবে, স্যালায় মা কচু আনিবে।’” (মফস্বলি বৃত্তান্ত, দেবেশ রায়)
ভুখা পেটের কান্না এখানে ভুখা পেটেরই ভাষায় রূপ নিতে দেখলাম না কি আমরা! এই ভাষা অবসরের বিশ্রম্ভালাপের ভাষা নয়, এ জীবনের ভাষা। হয়তো পাঠক তৈরি ছিল না বলেই এই ভাষায় পৌঁছোতে ১৯৭৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলা সাহিত্যকে! কেননা স্রোতের বিপরীতে হাঁটার সাহস দেখানোর চেয়ে লোকপ্রিয় হওয়ার বাসনাই আজও সাহিত্যকে দখল করে রেখেছে।
আসলে মানুষের জীবন যেখানে ক্ষুধায় কামনায় কাতর হয়ে আছে, সেই মফস্বল দূর প্রান্তিক জীবনের ছবি তো মধ্যবিত্ত রুচিতে কুশ্রী অমসৃণ লাগবেই। লেখক সেই অভ্যস্ত রুচির দাসত্ব করে ভাষাকে পেলব মার্জিত করে তুলবেন নাকি ভাষাকে করে তুলবেন বিস্ফোরক প্রকৃত অর্থে স্বাধীন? খিজির, চ্যারকেটুরা যে কতদিন ধরে অপেক্ষা করছে, সে-তো ভাষার অনুমোদনেরই অপেক্ষা। তাদের তথাকথিত নোংরা কুৎসিত জীবনের কাছে ভাষা তার শুদ্ধতার অহংকার ছেড়ে নেমে যাবে, আরো আরো নেমে যাবে। রুচির প্রশ্ন নয়, ছড়ানো বিচিত্র জীবনের সামগ্রিকতার দাবিই মুখ্য হবে একদিন। ভাষাও এভাবে লড়াই চালিয়ে যাবে নাগরিক প্রমিত ভাষার বিরুদ্ধে।
