২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ শামসুল হকের কবিতায় চিত্র ও চিত্রকর

আমরা জানি প্রতিশব্দ এবং পরিভাষা নিয়ে সৃজনশীল সাহিত্যিকদের মধ্যে যাঁরা খুব ভাবেন, তাঁদের মধ্যে সৈয়দ শামসুল হকের নাম সর্বাগ্রে উচ্চারণ করতে চাই। শিল্পকলার মানুষদের তিনি বলতে চেয়েছেন ‘দৃশ্যান্তরী’, তারও কার্যকরণ উল্লেখ করেছেন। বলেছেন, ‘চিত্রকরদের জেনেছি দৃশ্যান্তরী মানুষ বলে; দৃশ্যান্তরী--কেননা চোখের সমূহ দেখা পেরিয়েই ওঁরা দেখেন এবং আঁকেন’। চিত্র এক দৃশ্যান্তর বস্তু, অক্ষরেও আছে এই দৃশ্যান্তরতা, ধরবার চেষ্টা করছি এখনো’।

তপন বাগচী তপন বাগচী

Published : 27 Dec 2025, 12:04 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

সৈয়দ শামসুল হককে (১৯৩৫-২০১৬) মুখ্যত কবি বলেই জানে সবাই। কিন্তু আমরা লক্ষ করি সাহিত্যের সকল শাখায় তাঁর অবাধ বিচরণ। কবিতার পাশাপাশি ছড়া, গান, শিশুসাহিত্য, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা, নাটক, কাব্যনাট্য, চিত্রনাট্য, স্মৃতিকথা-- সকল প্রকরণেই তিনি অনায়াস দক্ষতার প্রমাণ রেখেছেন। কথক তথা বক্তা হিসেবেও তিনি যথেষ্ট সম্মানিত। টেলিভিশনের উপস্থাপনা কিংবা আবৃত্তিতেও তিনি সিদ্ধহস্ত। চলচ্চিত্র পরিচালনার সঙ্গেও তিনি যুক্ত থেকেছেন। বছর পাঁচেক আগে চলচ্চিত্র নিয়ে গবেষণা করতে গিয়ে দেখি বাংলা চলচ্চিত্রের বিকাশে তাঁর ভূমিকা কোনোমতেই অস্বীকার করাপর উপায় নেই। তবে একথা ঠিক যে, সব কিছু ছাপিয়ে তাঁর কবি পরিচয়টাই সামনে এসে দাঁড়ায়! প্রায় বিশ বছর আগে ‘অন্যদিন’ পত্রিকায় তাঁর উপন্যাস নিয়ে সমালোচনা-নিবন্ধ লিখতে গিয়ে টের পেয়েছি যে কতখানি কাব্যিক তাঁর ভাষা! শিল্পকলাভাবনার কথা জানতে গিয়ে তা আবার টের পেলাম তীব্রভাবে। একথা আমাদের অনেকেরই জানা যে, সৈয়দ হক ছবি আঁকার কাজটিও করেন। অর্থাৎ একজন চিত্রশিল্পীর মর্যাদাও তাঁর প্রাপ্য। কিন্তু আমার নজর তাঁর কবিতায় দেশের সেরা চিত্রকরদের কীভাবে ধরে রাখেন, সেই ভাষ্যের দিকে।

আমরা জানি প্রতিশব্দ এবং পরিভাষা নিয়ে সৃজনশীল সাহিত্যিকদের মধ্যে যাঁরা খুব ভাবেন, তাঁদের মধ্যে সৈয়দ শামসুল হকের নাম সর্বাগ্রে উচ্চারণ করতে চাই। শিল্পকলার মানুষদের তিনি বলতে চেয়েছেন ‘দৃশ্যান্তরী’, তারও কার্যকরণ উল্লেখ করেছেন। বলেছেন, ‘চিত্রকরদের জেনেছি দৃশ্যান্তরী মানুষ বলে; দৃশ্যান্তরী--কেননা চোখের সমূহ দেখা পেরিয়েই ওঁরা দেখেন এবং আঁকেন’ চিত্র এক দৃশ্যান্তর বস্তু, অক্ষরেও আছে এই দৃশ্যান্তরতা, ধরবার চেষ্টা করছি এখনো’। আর আমরা দেখতে পাই কেবল চিত্রকর নয়, ভাস্কর এবং স্থপতিও হয়ে ওঠেন সৈয়দ হকের দৃশ্যান্তরী মানুষ। 

লেখক সৈয়দ শামসুল হক ও তাঁর স্ত্রী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের সাথে এই নিবন্ধের লেখক তপন বাগচী 

চিত্রকরদের জীবন ও কর্ম নিয়ে তাঁর কয়েকটি কবিতার কথা নিয়ে আলোচনা করতে চাই। ‘জয়নুলের চাকা’ নামে তাঁর একটি কবিতা আছে। এ যেন কবিতা নয়, সমিল মাত্রাবৃত্তে ছয় মাত্রার চালে চিত্রসমালোচনা বটে! জয়নুলের বিখ্যাত সেই ছবিটার বিবরণ কবিতায় তুলে আনতে গিয়ে প্রতিবেশ বর্ণনা ও বিশ্লেষণের নৈপুণ্য একে সমালোচনার নিবন্ধের স্বাদ এনে দিয়েছে। লক্ষণীয় যে, কবিতার স্বভাব অক্ষুণ্ন রেখেই তিনি এটি করতে পেরেছেন। শুধু কি বিশ্লেষণ? জয়নুলের ছবির নতুন ব্যাখ্যাও তিনি হাজির করেছেন--

কম্পিত হাত রাখে সে কাঁদায় আটকানো চাকাটায়

বুক ভরে শ্বাস নিয়ে সে আবার কাঁধটাকে আটকায়--

আটকায় কাঁধ নিজেরই শীর্ণ পেশিতে সবলভাবে

চাকাটায় হাত রাখে সে কিষাণ, হাতখানি তাঁর কাঁপে।

হাতখানি কাঁপে, কাঁধটা পেশি যেন ছিঁড়ে যেতে চায়--

আয় ওরে আয়, উঠে আয় চাকা, উঠে আয় উঠে আয়।

ধীরে উঠে আসে চাকা--

যেন এ চাকার প্রাণ আছে তাই বুঝেছে সে কাকে ডাকা।

কিষাণের হাত কাঁপা কি চিত্র দেখে বোঝা যেত, যদি না সৈয়দ হকের চোখ তা আবিষ্কার করত! আর চাকার যে প্রাণ আছে, চাকা যে কিষাণের ডাক শুনে উঠে আসে, এই ব্যাখ্যা তো এই কবিই দিতে পারলেন! একটি চিত্রকে যে কতভাবে দেখা যায়, উপলব্ধি করা যায়, নতুন ব্যাখ্যা দাঁড় করানো যায়, সৈয়দ হকের এই কবিতাটি তার প্রমাণ বহন করছে। 

‘বাঙালির স্বপ্নপটে কামরুল হাসান’ নামের আরেকটি কবিতায় পটুয়া কামরুল হাসানের সামগ্রিক সত্তা আবিষ্কারের চেষ্টা করেছেন। কামরুলের ছবি আঁকার ধরন, কামরুলের ছবির বিষয়-আশয়, কামরুলের ছবির শেকড়, কামরুলে বাঙালিত্ব--সবই তুলে এনেছেন সৈয়দ হক ওই কবিতায়। এই কবিতা পড়েই আমরা চিনে নিতে পারি বাঙালির নাভিমূল ছুঁয়ে থাকে কামরুলের প্রকৃতি চেহারা।

একজন চিত্রকর যেমন দু-এক টানে, রঙ ও রেখায় আঁকতে পারেন কোনো দৃশ্য, সৈয়দ হকও দু-একটি বৈশিষ্ট্য তুলে এনে আঁকতে পারেন একজন শিল্পীর চরিত্রকে। এই যেমন ‘আমিনুল ইসলামের প্রতি’ কবিতা পাঠ করেই একজন চিত্রকর আমিনুল ইসলামকে বুঝে নিতে পারি। আয়নার কথা বললেই যে আমিনুলের ছবির কথা মনে পড়ে যায়, সেই ছবিটি আঁকলেন সৈয়দ হক--

‘আপনি হেঁটে যাচ্ছেন, আমিনুল আয়নার ওপর দিয়ে।

বাংলার প্রতিবিম্বগুলো এখনো চূর্ণিত।

এক মিনিট দাঁড়াবেন, আপনি আমিনুল?

ক্যানভাসে ফিরিয়ে দেখবেন আমার মুখ-- সম্পূর্ণ।

আমার ঠোঁট থেকে শব্দের রক্তাক্ত ক্ষরণ

আমার পাণ্ডুলিপি যে এখনো পতিত।’

চিত্রকর মোহাম্মদ কিবরিয়া ভয়ের ছবি এঁকেছেন, মৃত্যুর কল্পনাকে রূপ দিয়েছেন তুলিতে, তাই জ্যোৎস্নারাতের ঘোড়ার প্রতীকে কিবরিয়ার ছবির কথা বলেছেন সৈয়দ হক আরেক কবিতায়। জীবনানন্দ দাশের মহীনের ঘোড়ার কথা মনে করিয়ে দিলেও আমরা এই কবিতায় কিবরিয়ার ছবিকেই জীবন্ত হতে দেখি--

‘জ্যোৎস্নারাতে ঘাস খায় কিবরিয়ার ঘোড়া।

বাদামি গ্রীবার রোমে চাঁদ মাখামাখি;

ঘাস খায়-- ঘাস নিয়ে খেলা করে ঘোড়া--

সারা রাত চাঁদের সহিস

আলোর আঙুলে তার কেশর বুলায়’

বছর খানেক আগে চলে যাওয়া আমাদের প্রিয় শিল্পী কাইয়ুম চৌধুরীকে নিয়ে তাঁর দুটি কবিতা আছে অসাধারণ। কাইয়ুম চৌধুরীর পঞ্চাশ বছরের সময় সৈয়দ হক লিখেছেন ‘নৌকার চিত্রকর কাইয়ুম চৌধুরী’ নামের কবিতা। নৌকা তথা জলযানে ভেতর দিয়ে শিল্পী বাংলার মজ্জমান গ্রামকেই তুলে ধরেছেন, সেই কৃতিত্বকেই মেলে ধরেছেন কবি এই কবিতায়। শিল্পী কাইয়ুমের চিত্রকলার মূল্যায়ন হিসেবেও এই কবিতাটিকে বিবেচনা করা যেতে পারে। কাইয়ুম চৌধুরীর চলে যাওয়ার পরে লেখা কবিতায়ও আছে সেই অনড় মূল্যায়ন--

‘নৌকার গলুই চোখে জল

ফিরে তুমি দেখবে না আর?

আজ মাটি খুঁড়ছে শাবল--

পরে নিচ্ছ কাফন তোমার।’

কিন্তু কবিতা শেষতক কবির কল্পনারই প্রতিধ্বনি। একজন কবির কিংবা সমালোচকের শিল্পকলাভাবনা বুঝতে হলে গদ্যের কাছে যেতে হয়। আমরা দেখি সৈয়দ হক, তাঁর কালের এবং আগের বরেণ্য শিল্পীদের স্মৃতিচারণার ভেতর দিয়ে শিল্পের মূল্যায়ন, শিল্পীর স্বীকৃতি এবং নিজস্ব ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। ‘তাঁর রঙ, তাঁর ক্যানভাস’ প্রবন্ধে প্রবল উচ্ছ্বাসে কাইয়ুম চৌধুরীর কাজের মূল্যায়ন করেছেন। কাইয়ুমের কাজ নিয়ে তাঁর আত্মোপলব্ধি, ‘আমরা বিমোহিত থাকবো, কাইয়ুমের রঙে ক্যানভাসে, কাইয়ুমের শিল্পে’। আমরাও বিমোহিত হয়ে উঠি সৈয়দ হকের শিল্পকলাভাবনা স্তর খুলতে খুলতে, পড়তে পড়তে।

একথা ঠিক যে, সৈয়দ হক, তাঁর ঘনিষ্ঠ চিত্রকরদের নিয়েই কবিতা লিখেছেন। যে অর্থে চিত্রকলা সমালোচনার কথা ভাবি, সেই ভেবে এগুলো হয়তো রচিত হয়নি, কিন্তু এর ভেতর দিয়েই আমরা সৈয়দ হকের শিল্পরুচি জেনে অভিভূত হই। প্রকৃত অনুভবকে তুলে ধরতে তিনি আবেগকে সম্বরণ করতে না পারলেও বোধের কাছে সৎ থাকতে পেরেছেন। এখানেই সৈয়দ হকের শিল্পকলাভাবনা প্রকাশের সার্থকতা।

শিল্পকলা নিয়ে রচিত এইসব কবিতার নিবিড় পাঠের পরে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে, বাংলাভাষায় শিল্পসমালোচকদের কাতারে সৈয়দ হকের নাম উচ্চারিত হতে বাধ্য। সৈয়দ হকের সাফল্যের হীরক মুকুটে আরো একটি রঙিন পালক যুক্ত হলো। তাঁর কবিতায় চিত্র ও চিত্রকরদের এই সমাবেশ দেখে এই কথা আমরা সহজেই রাষ্ট্র করতে পারি।