২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাঁচা থেকে বেরিয়ে গেল পাখি

পুলক হাসান পুলক হাসান

Published : 30 Aug 2021, 03:42 PM

Updated : 03 Oct 2022, 11:23 AM


মরণব্যাধি ক্যান্সারের কাছে হেরে জীবন থেকে বুলবুল চৌধুরীর বিদায় নেয়াকে বলবো হৃদয়খাঁচা থেকে বেরিয়ে গেলো পাখি। কারণ, বাংলা কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক জয়ী বটে কিন্তু এই রাষ্ট্রীয় সম্মাননার চেয়ে বড় তিনি মানুষের হৃদয়রাজ্যের অধিকারী। কথার মায়াবী যাদুতে মানুষকে কাছে টানার অদ্ভুত ক্ষমতা ছিলো তাঁর। তিনি যে সেখানে ভুবন ভোলানো মানুষ বলাই বাহুল্য। তাঁর কথার মধ্যে ছিলো সেই আকর্ষণের আলো। অনেকের মতে, গল্প তো তিনি লিখবেনই। কারণ, তিনি যে নিজেই গল্পের আধার। স্মৃতিময় সেই গল্প কখনো ফুরোবার নয়। যারা তাঁর সংস্পর্শে এসেছে স্মৃতিচারণের অবকাশ তার আছেই। আর স্মৃতিচারণ খুব সহজ বিষয়। স্মৃতির পথে হেঁটে অনেকেই নিজের ছায়া দীর্ঘ করতে চাইবেন এটাই স্বাভাবিক। যেহেতু সেই স্মৃতিচারণ মানেই বুলবুলনামা। তাঁর কথাসাহিত্যের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তিনি গল্প উপন্যাস সহ কথাসাহিত্যের যেসব শাখায় নিজেকে ছড়িয়েছেন সবটুকুই বুলবুলীয়। একটা বিশেষ ভাবজগতে তিনি আবর্তিত। সে প্রসঙ্গে যাওয়ার আগে বলে নিতে চাই তাঁর সঙ্গে যারা যুক্ত হয়েছেন কখনো বিচ্ছিন্ন হননি, বরং তিনিই এলোমেলো ও বোহেমিয়ান স্বভাব ও অস্থিরতার কারণে সরে গেছেন অন্যপথে। এভাবেই তিনি নিজেকে করেছেন বৈচিত্র্যপূর্ণ। তাঁর সঙ্গে আমারও স্মৃতিময় অনেক টুকরো অধ্যায় আছে। এমনকি তাঁর আলোচিত 'এই ঘরে লক্ষ্মী থাকে' উপন্যাসের পটভূমিও আমি জানি। দৌলতদিয়ার সেই নটীর বাড়িতে রাত্রি যাপনও করেছি দু'জনে। তবে আমি সেদিকে যাবো না। বলবো তাঁর কথাসাহিত্য নিয়েই। তিনি বাংলা কথাসাহিত্যের এক ব্যতিক্রমী অধ্যায়। সেই ব্যতিক্রম তাঁর জীবনে, কর্মে ও সৃজনে সমানভাবে প্রতিফলিত। জাত লেখক তিনি। জীবনে যত স্বপ্নই হাতছানি দিক না কোথাও স্থিত হতে পারেন নি। ১৯৭৮ সালে প্রথম গল্পগ্রন্থ 'টুকা কাহিনী' তাঁকে এনে দেয় ঈর্ষণীয় খ্যাতি। যার সঙ্গে একাকার হয়ে যায় তাঁর নাম। অনেকে তাই আজও ভাবেন বুলবুল চৌধুরী মানেই 'টুকা কাহিনী'। এর কারণ বোধহয় কাঁচের ঘর থেকে বস্তি দর্শনের মতো বানানো কিংবা আরোপিত নয় গল্পগুলোর কাহিনী বিন্যাস। এর যথার্থ জবাবটি পাই আমরা প্রয়াত সুধীজন আলী যাকেরের নির্ণয় থেকে। তিনি বলেছেন, বুলবুল চৌধুরীর গল্পের পটভূমি গ্রামীণ কিন্তু সেখানে গ্রাম্যতা নেই। কিন্তু তাঁর কাছে যে খ্যাতির চেয়ে বড় খামখেয়ালিপনা। ফলে তাঁকে যদি মনে হয় দস্তয়েভস্কির মতো পার জুয়াড়ি আর ডি এইচ লরেন্সের মতো যৌন অভিসারী, অবাক হবার কথা না। কেননা, যৌনতাই তাঁর কথাসাহিত্যের মূল উৎসার। তাঁর মধ্যেই তিনি খুঁজেছেন জীবনের মৌলিক উদ্ভাসন। যেহেতু যৌনতার মধ্যেই মানব জীবনের স্থিতি-অস্থিতি। তবে তাঁর অনন্যতা তিনি গ্রামীণ জীবনের ভেতর আঞ্চলিক ভাষার সহজ গাঁথুনিতে গল্প-উপন্যাসকে এমন ভাবে উপস্থাপন করেন চরিত্রগুলোকে মনে হবে খুবই কাছের এবং দিলখোলা। তাঁর সব ধরনের লেখার মধ্যেই দেখি এই ব্যতিক্রম। এটাই তাঁর অনন্যতা। আর তা তাঁর নিজস্ব ভাষাভঙ্গি ও উপস্থাপন। ফলে তাঁর বৈচিত্র্যপূর্ণ জীবনে অনেক ইতরবিশেষ দিক থাকলেও সেটা সাহিত্য মানদণ্ডে বিচারের জন্য জরুরি নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর লেখক স্টিফেন স্পেন্ডার বলেছেন, 'বড় মাপের মানুষের মধ্যে ইতরবিশেষ কিছু দিক থাকে'। বুলবুল চৌধুরীর মধ্যেও এমন অনেক কিছু আছে। বুলবুল চৌধুরী বড় মাপের লেখক কিনা তার চেয়ে বড় তিনি মূলধারার লেখক। হতে পারে সেখানে রাজনৈতিক ডামাঢোল নেই, সামাজিক অঙ্গীকার নেই, নেই যুক্তির বন্ধনে অযুক্তির আকর্ষণ। আছে চিরকালীন এক মৌলিক অন্বেষণ, যে রহস্যের মধ্যেই আদপে জীবনের আকর্ষণ, বন্ধন ও বিচ্ছিন্নতা। বুলবুল চৌধুরী তাঁর বাইরে যাননি, চেষ্টাও করেননি।

আমার সঙ্গে তাঁর আটত্রিশ বছরের সাহিত্য বন্ধন কখনো আলগা কিংবা বিচ্ছিন্ন হয়নি। বাস্তবতা কিছুদিন রেখেছিল দূরে। এরই মধ্যে বর্ণায়ন প্রকাশনীর কর্ণধার লিয়াকত ভাইয়ের ফেইসবুক স্ট্যাটাস দেখে আঁতকে উঠলাম। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম তাঁকে নিয়ে সাহিত্য পত্রিকা 'খেয়া'র একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে ভালোবাসার ঋণ শোধ করি না কেন। যেই কথা সেই কাজ। মে মাসে ঘোষণা দিয়ে জুনের মধ্যে কাজটি শেষ করে পহেলা জুলাইয়ে তাঁর হাতে পৌঁছে দেই। সংখ্যাটি পেয়ে এতোটাই খুশি হয়েছেন তিনি নিজে ফোন করে আমার শিল্প ও জীবনবোধের তারিফ করেন। একজন মৃত্যু পথযাত্রী বরেণ্য কথাসাহিত্যিকের জন্য এই সামান্য নিবেদন ছাড়া আমার আর কিইবা করার আছে। সংখ্যাটিতে আমি কোনো গদ্য লিখিনি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাঁকে নিয়ে আমার নিবেদন ছিলো 'বুলবুল চৌধুরী' শিরোনামে এই কবিতাটি:
প্রিয় কথক বুলবুল চৌধুরী
জীবন তোমার সঙ্গে খেলছে লুকোচুরি।
তুমি যে সময়ের অমূল্য নুড়ি
আমলেই নিচ্ছে না
আকাশ বিদীর্ণ হয়ে আছে
ঝরাতে অশ্রুকণা।
স্মৃতির তল্পিতল্পা নিয়ে দিনগুলি
ক্রমশ বন্ধনহীন
যেন তুমি এখন পৃথিবীর সবচেয়ে প্রাচীণ।

তাঁর জীবন নিয়ে সেই লুকোচুরির অবসান ঘটে ২৮ আগস্ট সন্ধ্যায়। তাঁর মৃত্যুর মধ্যদিয়ে আমরা টের পেলাম হৃদয় খাঁচা থেকে বেরিয়ে গেল পাখিটি। আমার আক্ষেপ তাঁর সঙ্গে এতো এতো স্মৃতি কিন্তু একটাও ছবি নেই। ছবি থাকলেই কি, যদি না থাকে তাতে প্রাণ। বুলবুল চৌধুরী এখন আমাদের কাছে শুধুই ছবি।