২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলাউদ্দিন আল আজাদের কবিতা : ব্যাপ্তি ও দীপ্তি

সৃষ্টিশীল বাঙালির যে বিবর্তনাশ্রয়ী ইতিহাস, আলাউদ্দিন আল আজাদ তার এক বিরল যুগসেতুর সাক্ষী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. মুহম্মদ নূরুল হুদা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 06:34 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

কেননা বাংলাদেশের সাহিত্যের স্বাতন্ত্র্যনির্দেশী শুরু যে নতুন কবিতায় (১৯৫০), আলাউদ্দিন আল আজাদ তার একজন মুখ্য লেখক হলেও তাঁর সাহিত্যিক যাত্রা শুরু হয়েছিলো দেশবিভাগের আগে, অন্তত ১৯৪৬ সালে। শ্রাবণ ১৩৫৩ বঙ্গাব্দে (১৯৪৬ সাল) মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয়েছিলো তাঁর প্রবন্ধ ‘আবেগ’ ও গল্প ‘জানোয়ার’। অর্থাৎ কবিতা নয়, মননশীল রচনা ও কাহিনীমূলক গদ্যবয়ান দিয়েই তাঁর যাত্রা শুরু। তারপর গদ্যে-পদ্যে-সংলাপে তিনি অজস্র ধারায় বিচিত্র আঙ্গিকে লিখেছেন ও প্রকাশিত হয়েছেন। চব্বিশটি উপন্যাস, একশ আঠারোটি গল্প, বারোটি নাটক, এগারোটি কাব্যগ্রন্থ, পাঁচটি প্রবন্ধগ্রন্থ ও বেশ-কিছু সম্পাদিত গ্রন্থের জন্যে তিনি আমাদের অতিপ্রজ লেখকদের গোত্রভুক্ত। এই পরিসংখ্যান অবশ্য তাঁর সাতষট্টিতম জন্মবার্ষিকীতে প্রকাশিত সংবর্ধনা গ্রন্থে প্রাপ্ত। সারাজীবন সাহিত্যতত্ত্ব, অলঙ্কারশাস্ত্র ও নন্দনতত্ত্ব সম্পর্কে অধ্যয়নরত ও স্বশক্ষিত এই লেখক গদ্যপদ্যের মিশেল ঘটিয়ে একধরনের স্বকীয় মুক্ত-আঙ্গিকেরও প্রবর্তন করতে আগ্রহী ছিলেন। তাঁর সুবিখ্যাত শিল্পীর সাধনা শীর্ষক প্রবন্ধগ্রন্থ আর আধুনিক সাহ্যিতত্ত্ব ও নজরুলের নন্দনতত্ত্ব সম্পর্কিত প্রবন্ধাবলী পাঠ করলে বিষয়টি আরো খোলাসা হয়ে যায়। ‘আলাউদ্দিন আল আজাদ : সাহিত্য বিষয়ক রচনা ও সমালোচনা তত্ত্ব’ শীর্ষক প্রবন্ধে এ-বিষয়ে অধ্যাপক আহমদ কবিরের মন্তব্য যথার্থ, ‘… তিনি (আ. আ. আ.) প্রকৃতিবাদ, বস্তুবাদ, ক্লাসিকবাদ, অস্তিত্ববাদ, পরাবাস্তববাদ, সমাজতান্ত্রিক বাস্তবতা, এমনকি ফিউচারিজম ইত্যাদি ভাবধারার উল্লেখ করেছেন। তিনি এ-ও বলেছেন, শিল্প সাহিত্য অখণ্ড একটি বস্তু, শিল্পকে বিভিন্নভাবে অবলোকন করা যায; কিন্তু মূল সত্য হলো শিল্প শিল্পই। সাহিত্যবিচারের জন্যে আলাউদ্দিন আল আজাদের নিজের কল্পিত সমালোচনাধারা হলো মুক্তরীতি, যা কোনো বন্ধন মানবে না, কোনো মতবাদে আচ্ছন্ন থাকবে না।’ (আলাউদ্দিন আল আজাদ : জীবন ও সাহিত্য, প্রথম প্রকাশ অক্টোবর ২০০৩, পৃ. ৭৭)। সাহিত্যবিচারের এই মুক্তরীতি তিনি তাঁর নিজের সৃষ্ট সাহিত্যকর্মেও প্রতিফলিত করতে চেয়েছেন। এটি মূলত যে-কোনো স্বশিক্ষিত ও নিরীক্ষাপ্রবণ লেখকের একটি সচেতন প্রয়াস। এই সচেতন শিল্পসাধনা তাঁকে যে স্বাতন্ত্র্যের অধিকারী করেছিলো, সে সম্পর্কে তাঁরই সহযাত্রী কবি-সমালোচক মোহাম্মদ মাহফুজউল্লাহর মন্তব্যও বিশেষভাবে প্রণিধানযোগ্য : ‘… আলাউদ্দিন আল আজাদ কি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বয়ম্ভূ এক কবিসত্তা? তা তিনি অবশ্যই নন। কেননা আলাউদ্দিন আল আজাদের কাব্যপাঠে এ সত্য অবশ্যই হৃদয়কে স্পর্শ করে যে, তিনি আধুনিক বাংলা কবিতার, বিশেষত তিরিশ ও চল্লিশের কবিদের ঐতিহ্যের উত্তরাধিকারকে আত্মসাৎ ও স্বীকরণ করে এক স্বতন্ত্রধর্মী কাব্যরূপ গড়ে তুলেছেন, যা আঙ্গিকে ও রূপরীতিতে বিচিত্র ও বহুবঙ্কিম।” (প্রাগুক্ত, পৃ. ১৮২)। এ-ধরনের উদ্ধৃতি আরো বাড়ানো যেতে পারে, কিন্তু তার প্রয়োজন আছে বলে মনে করি না। কেননা একজন নিরীক্ষাপ্রবণ ও বহুমাত্রিক স্রষ্টাকে মূল্যায়ন করতে হয় তার রচনার নবপাঠ দিয়ে। আমরা এখানে সীমিত আকারে সেই ধরনের একটি নবপাঠের সূত্রপাত করবো।

সন্দেহ নেই, আলাউদ্দিন আল আজাদ বাংলাদেশের সচেতন সব্যসাচী লেখকদের মধ্যে এক অগ্রণী কারুকৃৎ। তিনি কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, সাহিত্যি-সমালোচক, নন্দনতত্ত্ববিদ, গবেষক, শিশু-সাহিত্যিক, সম্পাদক অনুবাদক ইত্যাদি। তবে কবি ও কথাশিল্পী হিসেবেই তাঁর স্বীকৃতি সমধিক। এই বহুমাত্রিক সাহিত্যশিল্পীর প্রথম গ্রন্থ গল্পবিষয়ক, বেরিয়েছিলো ১৯৫০ সালে (জেগে আছি); আর তারও এগারো বছর পর বেরিয়েছিলো তাঁর কবিতাগ্রন্থ মানচিত্র (১৯৬১)। তাঁর শ্রেষ্ঠ কবিতা (১৯৮৭) গ্রন্থের প্রথম কবিতার মুদ্রিত তারিখ অনুযায়ী কবিতাটি রচিত হয়েছিলো ১লা জানুয়ারী, ১৯৪৮। তখন তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র। আমাদের সৌভাগ্য, কালচেতন ও নন্দনসচেতন আজাদ সেই কৈশোরোত্তীর্ণ বয়স থেকে তাঁর প্রতিটি রচনার নিচে তারিখ ও স্থান নির্দেশ করে রেখে গেছেন। আর তাঁর কাব্যিক সাফল্যের তুঙ্গতা-স্পর্শী কবিতাটির নাম ‘স্মৃতিস্তম্ভ’, যার রচনাকাল ২৬ শে ফেব্রুয়ারি ১৯৫২, স্থান ইকবাল হল। গ্রন্থে প্রথম মুদ্রিত কবিতার সঙ্গে এই কবিতা রচনার দূরত্ব প্রায় চার বছর; আর কবির বয়স তখন অনধিক বিশ। ভাবতে অবাক লাগে, মাত্র বিশ বছর বয়সেই কবি তাঁর স্বাতন্ত্র্যসূচক এমন একটি কবিতা রচনা করলেন, যা তাকে এককভাবে অমরতা দিতে সক্ষম। তবে তাঁর আসল কবিজন্ম তারও আগে। মাত্র ১৬ বছর বয়সেই যিনি লিখলেন ‘মুখবন্ধ’ শীর্ষক ছন্দমাতাল (৬-মাত্রার মাত্রাবৃত্ত), ধ্বনি মধুর, চিত্ররূপময়, কল্পনানির্ভর ও বাণীপ্রধান কবিতা, তাঁর কবিজন্মের উৎস-লগ্নটিও ন্যূনপক্ষে ঐ কবিতাটি সূচিত ও বাণীবদ্ধ হওয়ার মুহূর্তটিকে নির্দেশ করে :

কন্যাকুমারী পৃথিবী তোমার
¯তূতিবন্দনা চারণ-গাথায়
শুনি প্রতিদিন প্রিয় প্রবাদের মতো
তোমার রূপের তরঙ্গ থেকে
কোনো বন্যার অনন্য দোলা
কিছু কি এনেছো আমার জন্য তবু?
….
ঘিয়ের প্রদীপ শিয়রে আর না
আসছি রাতের ঘোড়সওয়ার
বদল করতে সোনার রূপার কাঠি ॥ (মুখবন্ধ)

পড়তে পড়তেই সচেতন পাঠক উপলব্ধি করেন, মাত্র ষোল বছর বয়সের এই কিশোর-কবি আবহমান বাংলা কবিতার প্রমিত বাণী ও কাব্যকৌশল ঐতিহ্যিকভাবে রপ্ত করার পরই নিজের কবিতা নির্মাণ করার স্পর্ধা দেখাচ্ছেন। কাব্যভাষাটি তিরিশি অনুশীলনের আজ্ঞাবহ নিঃসন্দেহে, কিন্তু কাব্যচৈতন্যে ও আলঙ্কারিক পরিচর্যায় তিনি সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ও পুরাণাশ্রিত চিত্ররূপকের তাৎপর্যে সমর্পিত। উর্বশীর পাশাপাশি ‘চালাক হকার’, ‘শান্তিরক্ষীর’ নাকাল হওয়া, মধ্যবিত্তের নমনীয় আশা-আকাক্সক্ষা, ‘ঘিয়ের প্রদীপ’ আর ‘ সোনার কাঠি রূপোর কাঠির’ লোকগল্পের মোহনচিত্র কিংবা যুগবদলের বার্তাবহ হিসেবে বিষ্ণুদের ঘোড়সওয়ারের নায়কমূর্তির পুনর্ব্যবহার ইত্যাকার প্রসঙ্গের সংহত বুনন পাঠককে বিস্মিত করে। কোনো নির্দিষ্ট পূর্ব-কাঠামো নয়, বরং একাধিক প্রচলিত কাঠামোর অন্তর্বয়িত ভাষ্যই এই কবিতার নির্মাণ-ছাঁচ হিসেবে ব্যবহৃত। হয়তো তা কবির অজ্ঞাতসারেই। মহৎ সৃষ্টির একটি লক্ষণ এই যে, তা স্রষ্টা স্বত:স্ফূর্ত সহজ ভঙ্গিতে রচনা করে ফেলেন। সে যা-ই হোক, এই কবিতাটি যে বিংশ শতাব্দীর চল্লিশ দশকের সমাপ্তি-লগ্নে একজন নতুন বাঙালি কবির আগমন সুনিশ্চিত করলো, তাতে কোন সন্দেহ রইল না। মাত্র বছর খানেকের ব্যবধানে (২৩ নভেম্বর ১৯৪৯) লিখিত আরেকটি কবিতায় তিনি তাঁর এই আগমন-বার্তা ভিন্ন কৌশলে পুনর্নিশ্চিত করলেন :

আমি বিজ্ঞানের প্রফেসর
নৈরাশ্য আমার জন্য নয়।
আমি দেখলাম, আমরাও চলেছি এক অনিবার্য সিঁড়ি বেয়ে
আমাদে উষ্ণ-নিঃশ্বাস বাতাসের বুকে ছড়িয়ে ছড়িয়ে।
নিশ্চিত জানি, আমরাও সময়ের যাদুঘরের শিকার
তবুও তো বুক কাঁপে না
চোখেও পড়ে না বিষাদের ছায়া। (মিউজিয়ামের সিঁড়ি)

বর্ণনায়, নির্মাণশৈলীতে ও ধ্বনিবিন্যাসে দুটি দুই মেরুর কবিতা। ‘মুখবন্ধ’-এ যে সাঙ্গীতিক ও প্রতীকী চিত্র সৌন্দর্য, এখানে তা প্রতিস্থাপিত হয়েছে কথকের যুক্তির পরম্পরায় ও বর্ণনার বিস্তারে। সময়ের ধারাবাহিক অনুবর্তন, মানবহৃদয়ের স্বপ্নবন্ধন ও বিজ্ঞানীর যুক্তিগ্রন্থনকে ‘সময়ের যাদুঘর’ শীর্ষক এক কাঠামো-রূপকল্পের আওতায় যুক্তিগ্রাহ্য ও হৃদয়-সংবেদী করে উপস্থাপনের দক্ষতা দেখালেন আবার এই কিশোর কবি। তখনো তিনি আঠারোতে পা রাখেন নি।
অতঃপর মাত্র বছর তিনেকের মধ্যেই ঘটে যায় সেই অঘটনঘটনপটিয়সী মানসবিপ্লব, যা তাকে কালে কালে ভাষিক অভিব্যক্তির সার্বভৌমত্বের পাশাপাশি স্বাধিকার ও স্বাধীনতার দাবিতে অকুতোভয় মুক্তিযোদ্ধার মর্যাদায় অভিষিক্ত করে। রাজপথ কেবল শহীদের পবিত্র রক্তে রঞ্জিত হয় নি, বরং তার ঘটনা-পরম্পরা বাঙালির সচেতন কবিচিত্তে ও তাঁর বৌদ্ধিক চিৎপ্রকর্ষে গুণগত ও প্রকরণগত রূপান্তর সংসাধিত করে। রাজপথে অব্যাহত মিছিল শোভাযাত্রার পাশাপাশি সৃষ্টিশীল কবিচিত্ত তৈরি করে বাণীর ব্রহ্মাস্ত্র, যা উচ্চারণের সততায় ও নান্দনিক পরিচর্যায় আমাদের বোধ ও মননকে অনুপ্রাণিত ও দুর্বিজিত করেছে। একুশে ফেব্রুয়ারির (১৯৫২) নারকীয় পুলিশী হত্যাকাণ্ডের পর শহীদ মিনার নির্মাণকে কেন্দ্র করে ক্ষমতান্ধদের সঙ্গে সংগ্রামী জনতার যে লড়াই চলে, তাকে নিয়ে মাত্র বিশ বছর বয়সী আলাউদ্দিন আল আজাদ লিখলেন ‘স্মৃতিস্মম্ভ’ শীর্ষক রূপক কবিতাটি, যার উৎস-কাঠামো তৎকালীন বাংলা কবিতায় অদৃষ্টপূর্ব। ২৬শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে রচিত এই কবিতার ছন্দবাহনও মাত্রাবৃত্ত, পর্বগুলো অসমমাত্রিক, পঙক্তিগুলো অন্তর্বয়িত এবং বিষয়টা শাসক-শাসিত ও জন্ম-মৃত্যু-পুনর্জন্মের দ্বন্দ্বমহিমায় সম্প্রসারিত।

উপরন্তু, ঘটনার সঙ্গে কালিক দূরত্ব না থাকা সত্ত্বেও এই তরুণ কবি যে নির্মোহ নিরাসক্তির সঙ্গে ধ্রুপদী সংহতি ও নির্মাণশৈলীতে একজন নিপুণ স্থপতির দক্ষতায় এই শাব্দিক স্থাপত্য নির্মাণ করেছেন, তা আমাদের কাব্যেতিহাসে অদ্যাবধি তুলনারহিত। গত অর্ধশতাব্দীরও অধিক কাল ধরে ভাষা-আন্দোলন নিয়ে অসংখ্য উত্তীর্ণ কবিতার বর্ণিল শরীর নির্মাণ করেছেন আমাদের কবিসংঘ, কিন্তু স্থাপত্যকুশলতায় ও নির্মাণদ্যোতনায় এই কবিতাটি এখনো অদ্বিতীয়। উপলব্ধির মুহূর্তে বিষয়ের সঙ্গে পূর্ণ একাত্মতা স্থাপন ও তার বিকৃতিহীন শব্দধারণের এমন ঘটনা খুব কম কবির জীবনেই ঘটে।

২
আজাদ উক্তি ও উপলব্ধির অদ্বৈত সাধনের ক্ষেত্রে তেমন একটি বিরলমুহূর্তের সাক্ষী ও তার শিল্পদর্শনের রূপকার। এ যেন শব্দে-চিত্রে নির্মিত এক অরূপমিনার। ইট-কংক্রিটের মিনারের বস্তুসত্তা হয়তো ধ্বংস করা যাবে, কিন্তু অবিনাশী শব্দপ্রতীকে নির্মিত এই বাণীমিনার ধ্বংস করবে কে ? শহীদের স্মৃতিতে নির্মিত ইটপাথরের মিনার ভাঙা হয়তো সম্ভব, শপথের ভাস্কর্যে দীপ্ত কবির আলোকনির্মিত এই শব্দমিনার চির অবিনশ্বর। এই কবিতার চরণ ও স্তবকবিন্যাসের যে সাংখ্যিক কাঠামো, তা-ও কৌতূহলোদ্দীপক।
এই কাঠামোর আড়ালে আছে একটি স্থাপত্যকৌশল ও নকশা, আর তার সচেতন বাস্তবায়ন, যা এর আগে আমাদের কবিতায় সহজদৃষ্ট নয়। প্রথম পর্বে রয়েছে বিভিন্ন দৈর্ঘের ১১টি পঙক্তি, তারপর চার পঙক্তির পরপর দুটি স্তবক, আর শেষ স্তবকটিও অসম পর্বের ১১টি পঙক্তিতে বিন্যস্ত। কবিতার এই চারটি স্তবক মিনারেরও চারটি মৌলস্তম্ভের সূচক।
প্রথম স্তবকের ১১-পঙক্তি বাঙালির পূর্বপুরুষ, মধ্যে ৪-পঙক্তির স্তবকদ্বয় চলমান জনক-জননীর জোড়া সূচক আর শেষের ১১-পঙক্তির অন্তিম স্তবক সন্তান-সন্ততি বা উত্তরপ্রজন্মের স্মারক। এটি জাতিবাঙালির বহমান অবিচ্ছিন্নতা। আবার চারটি মিনার লোকবাংলার ঐতিহ্যবাহী চৌচালা কুটিরের চার খুঁটি কিংবা চার চালের কথাও মনে করিয়ে দেয়। অর্থাৎ কবিতার এই স্থাপত্য নকশা এই সঙ্গে বাঙালির অপরাজেয় বহমানতা আর তার অক্ষয় নিবাসকেও নির্দেশ করে।
প্রথম স্তবকেই ভগ্ন মিনারের পরিবর্তে চারকোটি পরিবার খাড়া থাকার অঙ্গীকার ব্যক্ত হয়েছে। এই উক্তিতে এসেছে ইতিহাসের এই সত্যও যে, এই চারকোটি পরিবার মানে বাংলার তৃণমূলীয় সংগ্রামী জনতা, যাদের নিশ্চিহ্ন করতে পারেনি কোনোকালে কোনো আক্রমণকারী, কোনো বহিরাগত, কোনো রাজা বা শাসক। এই সংগ্রামী ইতিহাস আভাসিত হয়েছে ইতিহাসের স্বত:শ্চল ধারাবর্ণনায় নয়, বরং সুনির্বাচিত রূপকচিত্রের গাঁথুনিতে। ইটের পরিবর্তে বসানো হয়েছে স্বয়ংশাসিত শব্দপ্রতীক, যেমন ‘হীরের মুকুট’ (মোগল সম্রাট), ‘নীল পরোয়ানা’ (ইংরেজ শাসক ও নীলকরদের অত্যাচার), ‘খোলা তলোয়ার’, ‘খুরের ঝটিকা’ (‘বহিরাগত লুটেরা হানাদার যারা লুণ্ঠন শেষে পালিয়েছে’) ইত্যাদি। এরা কেউ বাঙালিসমাজের মূল ‘ভিৎ’কে ‘ভাঙতে’ পারেনি। কেননা তাদেরকে প্রতিহত করেছে ‘সরল জনতা’, যারা ‘গুণ’ টানে, ‘হাঁপর’ চালায় আর ‘হাতিয়ার’ তুলে ধরে। মনে পড়ে কৃষকবিদ্রোহ, কৈবর্তবিদ্রোহ, ফকিরবিদ্রোহ, হাজংবিদ্রোহসহ আরো কতো তৃণমূলীয় বিদ্রোহের কথা। উদ্ধার করা যাক কিছু সূচক পঙক্তি ঃ

যে ভিৎ কখনো কোন রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীলপরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধূলোয় চূর্ণ যে পদপ্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য !

গণমানুষের এই যে নতুন অভিধা ‘সরল নায়ক’, এটিও এই ইতিহাসচেতন উদ্ভাবনশীল কবির এক সহজযোগ্য, কিন্তু অভিনব শৈল্পিক শব্দঅভিধা বৈকি।

দ্বিতীয় ও তৃতীয় স্তবকে ‘মৃত্যু’ সম্পর্কে কবির বিবর্তিত উপলব্ধির কথা আভাসিত হয়েছে। এ এমন এক মৃত্যু যা কান্নার জন্ম দেয় না, বরং হিমালয় থেকে সাগর অবধি প্রত্যেক জাগরসত্তাকে সংগ্রথিত করে। তারপরই হুইটম্যানসুলভ এক ভবিষ্যদ্বক্তা ভর করে তরুণ কবির কণ্ঠে :‘সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং’। এই মৃত্যুবাহিত শক্তিই যে বাঙালি জনতাকে এক নতুন সংশপ্তক সত্তায় উন্নীত করবে, এমন আভাস এই পঙক্তিতে উপ্ত। অর্থাৎ পরোক্ষ বিশ্লেষণে ভাষা-আন্দোলনের তুঙ্গমুহূর্তে রচিত এটি আমাদের মুক্তিযুদ্ধেরও অন্যতম সূচক কবিতা। এই ঐক্যচেতনাকে অব্যহিত রাখতে হলে আমাদের সৃষ্টিশীলতাকে, আমাদের ‘কবিতার কাল’কে বহমান রাখতে হবে। তৃতীয় স্তবকে তারই ঘোষণা :

অনেক কথার
পদাতিক ঋতু কলমেরে দেয় ‘কবিতার কাল’।

কবিতার চতুর্থ তথা অন্তিম স্তবকে ‘পরিবার’, ‘জনতা’ ও ‘সরল নায়ক’ রূপান্তরিত হয়েছে ‘কারিগর’ প্রতীকে :

ইটের মিনার ভেঙেছে ভাঙুক। একটি মিনার গড়েছি আমরা
চারকোটি কারিগর
বেহালার সুরে, রাঙা হৃদয়ের বর্ণলেখায়।

রূপান্তরপ্রবণ এই শব্দানুষঙ্গ, এই পুরাণ-প্রতীক কবিতাকে এমন এক অনমনীয় স্থাপত্যের স্থায়িত্ব দিয়েছে, যা অনাগত কালের বাঙালিকে অজেয় থাকার শক্তি যোগাবে। শ্লোগান নয়, প্রচারসর্বস্বতা নয়,বরং কাঠামো-নির্ভর ও রূপান্তরশীল আলঙ্কারিক সৌহার্দ্যে নির্মিত কবিতাও কতোটা বাণীপ্রধান ও হিতকরী হতে পারে, বিশ শতকীয় বাংলা কবিতায় আজকের ‘স্মৃতিস্তম্ভ’ তারই অত্যুজ্জ্বল নিদর্শন। আমরা মনে করি এটি বিংশ শতাব্দীর মানবিক বাংলা কবিতার একটি শ্রেষ্ঠ নমুনা; সেই সঙ্গে বাঙালির ভাষিক জাতিসত্তারও উৎস-উচ্চারণ। ভাবতে অবাক লাগে, এমন একজন অমিত সম্ভাবনাময় কবির কাব্যজীবন নানা তাৎপর্য-সন্ধানী বৈশিষ্ট্যে ঋদ্ধ হলেও কবি-জীবনের দ্বিতীয় পর্বে তিনি তাঁর আরাধ্য উচ্চতায় উড্ডীন থাকতে পারলেন না।

এর কারণ কি? একটি দৃশ্যমান কারণ বোধকরি এই যে, বহুমাত্রিক প্রতিভার অধিকারী জনাব আজাদ তাঁর চূড়ান্ত শক্তিমত্তার প্রতিফলন ঘটাতে গিয়ে কেবল কবিতায় স্থিতধী থাকেননি, বরং কাথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা-নাটক সহ সাহিত্যের সর্বশাখায় বিচরণ করেছেন । হয়তো এতে তার শক্তি ও অভিনিবেশ বিশ্লিষ্ট হয়েছে। তাই কথাসাহিত্যিক, কবি, সমালোচক বা শিল্পবোদ্ধা আজাদের মধ্যে কে বড়, তা এখনো এক অমীমাংসিত প্রশ্ন।

৩
সে যাই হোক, ‘স্মৃতিস্তম্ভ’ নামক তুঙ্গীয় কবিতার পর তাঁর কাব্যিক অভিব্যক্তি অন্য যে সব পথ ধরে এগিয়েছে, আমরা এখানে সে সম্পর্কে আলোচনার সূত্রপাত করতে চাই। ‘মানচিত্র’ (১৯৬০)-এর পরপরই ১৯৬১ সালে প্রকাশিত হয় আজাদের দ্বিতীয় কাব্যগ্রন্থ ভোরের নদীর মোহনায় জাগরণ। মানচিত্রে আমরা এমন আরো বিছু রোমান্টিক ও প্রকৃতিমুখী কবিতার সন্ধান পাই, যা যুগপৎ সুখপাঠ্য ও নির্মাণকুশলী। ‘ভালবাসি, রূপসী মেয়েকে ভালবাসি’ তেমনি একটি স্মরণযোগ্য পঙক্তি; পাশাপাশি উদ্ধারযোগ্য মৃত্যু চিন্তানির্ভর ত্রিপঙক্তি, যা কর্মী মানুষের বিনাশহীন মাঙ্গলিকতার প্রতীক :

আমার মৃত্যুর পরে হতবাক হবে নাক কেউ :
আমার মৃত্যুর পরে জানি নদীর সোনালী ঢেউ
বয়ে যাবে দেশে দেশে, ফসল বিলাবে ঘরে ঘরে
আমার মৃত্যুর পরে একটি শস্য হবে বাড়া।
(আমার মৃত্যুর পর)

আবার প্রথম গ্রন্থেই সংকলিত এমন কিছু নিরীক্ষাপ্রধান কবিতা, যা আঙ্গিকে ও ভাষিক অভিব্যক্তিতে সমকালীন বাংলা কবিতাকে নতুনত্ব দিতে প্রয়াসী। ‘ফাউস্টের সংলাপ’, ‘দুই আফসোস’ ‘কাব্যতত্ত্ব’ কিংবা দীর্ঘ কাব্যনাট্য ‘জুলায়খা’-র ভাষিক বিন্যাসে সেই বহুস্বর প্রবণতা ও অস্থিরচিত্ততার সন্ধান পাওয়া যায়। এসব কবিতায় কথাকার ও নাট্যকার আলাউদ্দিন আল আজাদের অনুপ্রবেশ লক্ষ্য করা যায়। জুলেখার অন্তিম উক্তি সেই সাক্ষ্য বহন করে :

তুমি বল, বল তুমি বধির দেবতা সাড়া দাও
বল প্রেম পৃথিবীর নয়, কিংবা এই নাম মায়া
মরীচিকা প্রেম বলে কিছু নেই, নেই নেই নেই।
সকল কাব্য দর্শন ইতিহাস সব ফাঁকি, ফাঁকি
তোমার পৃথিবী শুধু অরণ্যই পশুর জঙ্গল।
(সিঁড়িতে মৃত্যু)
পুরোহিত
শান্তি! শান্তি! শান্তি!

আজাদের পরবর্তী দশটি কবিতাগ্রন্থের প্রায় তিন শতাধিক বিভিন্ন দৈর্ঘ্য, আঙ্গিক ও বিষয়ের কবিতা পাঠ করতে করতে মনে হয়, দীর্ঘ সাতাত্তর বছর জীবনের মধ্যে প্রায় ষাট বছরই তিনি বিভিন্ন সময়ে নিরীক্ষামূলক কবিতা রচনায় ব্যস্ত ছিলেন। তাঁর রচিত ও প্রকাশিত কাব্যগ্রন্থ নিম্নরূপ : মানচিত্র (১৯৬১), ভোরের নদীর মোহনায় জাগরণ (১৯৬২), সূর্যজ্বালার সোপান (১৯৬৫), লেলিহান পাণ্ডুলিপি (১৯৭৫), নিখোঁজ সনেটগুচ্ছ (১৯৮৩), আমি যখন আসবো (১৯৮৪), অ্যাসেস অ্যাণ্ড স্পার্কস (১৯৮৪), সাজঘর (১৯৯০), চোখ (১৯৯৬), শ্রেষ্ঠ কবিতা (১৯৯৯), এই নাও আমার প্রেম লাল গোলাপ (২০০০) ইত্যাদি। [সূত্র : বাংলা একাডেমী লেখক অভিধান : ২০০৮] এছাড়া আছে কবির অগ্রন্থিত কবিতাবলী।

বিষয় ও নির্মাণকুশলতার দিক থেকে এগুলোকে অন্তত চার ভাগে ভাগ করা যায় : (১) প্রচলিত ধারার বাণীসফল কবিতা (২) নাটকীয় গুণসম্পন্ন সংলাপপ্রধান কবিতা (৩) সংহত সনেটপ্রতিম গীতিকবিতা এবং (৪) প্রান্তমুক্ত, বহুস্বরময় ও প্রলাপাশ্রয়ী উচ্চারণের অপেক্ষাকৃত দীর্ঘ কবিতা। এর অধিকাংশ নমুনাই তার শ্রেষ্ঠ কবিতা সংকলনে গৃহীত হয়েছে। শৈল্পিকভাবে সচেতন ও নিত্য রূপান্তরপ্রয়াসী এই কবির কাব্যিক মননচিত্র যেমন অস্থিরমতি, তেমনি বৈচিত্র্যগামী। ফলে ‘স্মৃতিস্তম্ভে’র মতো সর্বগ্রাহ্য কোন একক কবিতার সন্ধান সহজে পাওয়া যায় না। কথনভঙ্গির পুনপৌনিক নিরীক্ষার কারণে তাঁর অভিন্ন কাব্যভাষা বা কবিতা-কাঠামোও সহজে উদ্ধারযোগ্য নয়। তবে তাঁর দ্বিতীয় পর্বের কবিতায় আছে দর্শনমনস্কতা ও চিত্রশোভিত ভাষিক মুগ্ধতা, যা তার কবিতার প্রতি সতর্ক কাব্যপাঠকের আগ্রহকে উস্কে দেয়। স্বদেশ, স্ববিশ্ব, স্বভাষা, আন্তর্জাতিকতা, মানবঐক্য, সমাজতন্ত্র, গণতন্ত্র, শ্রেণীবৈরিতা, যুদ্ধবিরোধিতা, প্রেম, মহাকাব্যিক বিষাদ, ট্র্যাজিক বিপন্নতা, মানবজাতির ভবিষ্যৎ ইত্যাদি নানকৌণিক মহৎ ভাবনা তাকে তাড়িত করেছে প্রতিনিয়ত। তার সঙ্গে যুক্ত ছিল মৃত্যুচিন্তা যা প্রথম গ্রন্থ থেকে শেষ গ্রন্থ পর্যন্ত প্রবাহিত। হস্তারক সভ্যতার প্রতি চিরদিন সংশয়াকুল ছিলেন তিনি, যার বাস্তব প্রতিফলন পড়েছে তার জীবনের দ্বিতীয়ার্ধের কবিতায়। ‘সংলাপ যে কোনো মৃত্যুর আগে’ তেমন একটি প্রান্তমুক্ত কবিতা যেখানে উত্তরাধুনিক ভাষাপ্রলাপ ও মানবিক বিপর্যয় উপস্থাপিত :

… আরো কিছু কথা আছে, আরো কিছু কথা বলে যেতে চাই
যখন আমার আততায়ী প্রতীক্ষায় আছে সহজে গলির মোড়ে
ছায়ায় ও সীমিত আকারে কখনো বেজায় ব্যস্ত দেখা যায় প্রকাশ্য রাস্তায়
দরজার কাছে চলে আসে। উঁকি মারে ছিদ্রপথে আমাকে দেখতে …

বিষয়ে ও ভাষায় আজাদের কবিতার এই আধুনিকোত্তর প্রবণতাগুলো আরো সতর্কভাবে, আরো অভিনিবেশ সহকারে পাঠ ও বিশ্লেষণ করার দাবী রাখে। আমরা তাঁর সৃজনকৌশল সম্পর্কে অবহিত হতে চাই তাঁরই একটি সাক্ষাৎকার থেকে। ‘সৃজনকৌশল মূলত এক প্রকার অর্জিত বিধিমালা; সৌন্দর্যবিজ্ঞান, যা লেখকসত্তার সংবেদনশীলতার মধ্যে নিজস্ব আকৃতি-সন্ধানী। নিজের ক্ষেত্রে আমি দেখেছি, আঙ্গিক বৈচিত্র্য আমার ইচ্ছাকৃত নির্বাচন নয়; আমার একেক প্রকার মানসিক অভিজ্ঞতা নিজ নিজ প্রকরণ যেন নির্ণয় করে নেয়। এটি অভিজ্ঞতার সক্রিয়তারই একেকটি রূপের রূপায়ন। যখন কবিতা লিখি, কবিতার স্তবকটা, কিংবা, এমনকি একটি চরণ মনে না জাগলে আমি কবিতা লিখতে পারি না। চরণটা মনে জাগলে সে যেন নিজের নিয়মেই চলতে থাকে, স্বয়ংক্রিয়ভাবে বর্ণমালার অবয়ব লাভ করে।’ ( প্রাগুক্ত, পৃ. ১১১)। কবিতাসৃষ্টির শুরু ও তার অগ্রগমনের এই তথ্য আমাদেরকে এই সত্যে স্বস্থ করে যে, একজন সচেতন কবির সৃষ্টিসত্তাও মূলত ব্যাখ্যাতীত ও স্বতঃশ্চল, তবে তার লালন ও বিস্তারপর্ব এক সচেতন প্রক্রিয়া। উপলব্ধি, উক্তি ও সৃষ্টিতে এটিই তার অকপট কাব্যসাক্ষ্য।

একজন অনুসন্ধানী গবেষক তার প্রতিটি কাব্যগ্রন্থের পরিচয়সূচক আলোচনার পাশাপাশি দুএকটি বৈশিষ্ট্যসূচক কবিতার নির্মাণকাঠামো ও পাঠ নিয়ে পর্যবেক্ষণমূলক আলোচনা করতে পারেন। চেতনাপ্রবাহ রীতিতে রচিত কিছু কবিতার ভাষা সমালোচনার বিভিন্ন পরিপ্রেক্ষিত থেকে আলোচনার দাবি রাখে। আজ আমরা শুধু এটুকু উচ্চারণ করতে চাই যে, আলাউদ্দিন আল আজাদ পঞ্চাশের দশকে আবির্ভূত সমকালীন বাংলা ভাষার একজন কৃতবিদ্য বহুমাত্রিক সাহিত্যশিল্পী যাঁর রচনায় বাংলাদেশের ভাষাযুদ্ধ, স্বাধিকার চেতনা, মুক্তিযুদ্ধ ও গণমুক্তির অভিশাপ শৈল্পিক দক্ষতায় রূপায়িত। তিনি সমকালীন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কবি। বাংলাদেশের স্বাতস্ত্র্যসুচক কাব্যজগৎ নির্মাণের যাঁরা পথিকৃৎ, তিনি তাঁদের অন্যতম। তাঁর কবিতার সচেতন পঠনপাঠন ও ব্যবহার আমাদের কাব্যজগৎকে সমৃদ্ধ করবে। সমাজসত্য ও শিল্পসত্যের মেলবন্ধন তাঁর কবিতা আমাদের সাহিত্যের এমন এক অক্ষয় নন্দন-সম্পদ, যার নবায়নপ্রবণ পরিচর্যা উত্তরকালকে ঋদ্ধ করবে। তাঁর কাব্যকীর্তি ব্যাপ্তি ও দীপ্তিতে হিরন্ময়।