২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রকাশনা ও জ্ঞানের জগতের হালচাল

বাংলাদেশের প্রকাশনা ও জ্ঞানের জগৎ নিয়ে আলোচনার শুরুতে প্রকাশনা-শিল্পের বৈশিক অবস্থাটা বুঝে নেওয়ার জন্য প্রথমে একটি তথ্য বিশ্লেষণ করা যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাখাল রাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

এই শিল্পে সারা দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের শীর্ষ পর্যায়ের কয়েকটা প্রকাশনীকে একত্রে Big-Six বলা হয়। এই বিগ-সিক্সের মধ্যে আছে Simon and Schuster, Harper Collins, Random House, Macmillan, Penguin এবং Hachette। এদের মধ্যে আমাদের পাঠকদের কাছে তুলনামূলকভাবে অধিক পরিচিত প্রকাশনী পেঙ্গুইনের ওয়েবসাইটে দেওয়া গত বছরের হিসেবের একটি তথ্য নিম্নরূপ :

London, Monday 27th February 2012: Penguin, the international publishing company, today announced its 2011 results reporting sales of £1,062m and operating profit of £113m, representing underlying growth of 1% and 8% respectively.

এখান থেকে সাদা-চোখে সোজা-সাপ্টা ৪টি তথ্য পাওয়া যায় : ২০১১ সালের মোট বিক্রি, লাভ, বিক্রি কতটা বেড়েছে ও লাভ কতটা বেড়েছে। কিন্তু এই ৪টি তথ্য ঘোষণার জন্য আসলে কী কী প্রয়োজন? এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখব, সারা বছরের মোট বই বিক্রির পরিমাণ নির্ণয় করতে হলে কোন বইয়ের কোন সংস্করণ কবে, কোথায়, কত কপি, কত ছাড়ে বিক্রি করা হয়েছিল ইত্যাদির হিসাব থাকা লাগবে; এই বিক্রি থেকে লাভ হিসাব করতে হলে কোন বইয়ের কোন সংস্করণের কত উৎপাদন খরচ, কত লেখকের সম্মানী, কত প্রচারণার খরচ ইত্যাদির হিসাব থাকা লাগবে; বিক্রি কতটা বাড়ল তা জানতে হলে ২০১০ সালের মোট বিক্রি একইভাবে জানা থাকতে হবে; এবং লাভ কতখানি বাড়ল তার হিসাব করতেও একইভাবে ২০১০ সালের খরচ জানা থাকতে হবে।

উদ্ধৃত অংশ থেকে পরোক্ষভাবে আরো বোঝা সম্ভব যে ২০১১ সালে বিক্রি ও লাভ, এর দুটোই বাড়ানোর জন্য ২০১০ সালেই একটা পরিকল্পনা প্রণীত হয়েছিল এবং সেটা বাস্তবায়নের চেষ্টা পুরো ২০১১ সাল ধরে চলেছিল। আর এরকম একটা পরিকল্পনা শুধু ২০১০ সালের তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা যায় না, ধারাবাহিকভাবে আরো কয়েক বছরের সঠিক তথ্য লাগে এবং সেই তথ্যের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ লাগে। তার মানে হচ্ছে উদ্ধৃত অংশ থেকে প্রাপ্ত সরল-সোজা তথ্যগুলো আসলে সরল-সোজা কোনো ‘বাংলা-ব্যবস্থা’ থেকে পাওয়া সম্ভব নয়; এগুলো জানার জন্য প্রকৃত অর্থে কেজো, পরিকল্পিত একটা সাংগঠিক-প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন, একই সাথে প্রয়োজন এই ব্যবস্থার মধ্যে ধারাবাহিক চর্চার সংস্কৃতি।

আমাদের কোনো প্রকাশকের তা কি আছে? অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ-সূত্রে যা জানা যায়, তা কারো নেই। এরকম একটি ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন ও সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ইচ্ছা কি কারো আছে? অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ-সূত্রে যা বোধ হয়, তা কারো নেই।

কেন নেই? উত্তর : ঐতিহাসিকভাবেই ছিল না। ঔপনিবেশিক আমল থেকে দেশভাগ হয়ে বাংলাদেশে আসার পর একবার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। মুক্তধারার প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সে টিকে থাকতে পারেনি; কিন্তু তার চেয়েও সত্য হচ্ছে সেই দৃষ্টান্তের কোনো অনুসারীও তৈরি হয়নি। কেন তৈরি হয়নি?

প্রকৃতপক্ষে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সবকিছুর কার্যত সফল হওয়া বা ব্যর্থ হওয়ার সাথে জাতীয় রাজনীতির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই রাজনীতির মানের যেহেতু ধারাবাহিক পতন ঘটেছে সে-কারণে প্রকাশনা খাতেরও পতন ঘটেছে। কিন্তু সেই পঙ্কিল রাজনীতির মধ্য দিয়েই তো অন্য অনেক খাতের উন্নয়ন ঘটেছে? তাহলে প্রকাশনা খাত পারল না কেন?

প্রকাশনা খাতের না পারার কারণ এই খাতের চরিত্র এবং এখান থেকে উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে নিহিত। পণ্য হিসাবে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর বৈচিত্র্য। একটি প্রকাশনীর ১০০টি বই রয়েছে মানে তার ১০০টি পৃথক পণ্য রয়েছে যেগুলোর প্রত্যেকটির রয়েছে ভিন্ন ভিন্ন আকৃতি, ভিন্ন ভিন্ন স্বাদ, ভিন্ন ভিন্ন গ্রাহক। আর এই পণ্যের উৎপাদক বা প্রকাশককে প্রতিবছর অন্তত এরকম ডজন ডজন পৃথক পণ্য উৎপাদন করতে হয়। বিশাল যে ইউনিলিভার তার পণ্যের সংখ্যা পাওয়া গেল প্রায় চারশোর মতো। আর আমাদের মধ্য-সারির একটি প্রকাশনীরও এখন চারশোর অধিক বই অর্থাৎ চারশোর অধিক পণ্য রয়েছে। তাঁরা জানেনই না তাঁদের কোন পণ্যের কেমন স্বাদ, কোন পণ্যের কত চাহিদা, কোন পণ্যের ভোক্তা কে; এমনকি কেউ কেউ তার মোট কতগুলো পণ্য রয়েছে তাও বলতে পারেন না। এখন এই ধরনের পণ্য যিনি উৎপাদন করছেন তাঁকে এর চরিত্র, মান, ভোক্তা এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজার এখন বুঝতে হয়। পাশাপাশি খাত হিসাবে প্রকাশনা জগৎ অতি ক্ষুদ্র একটি খাত। এই খাতে পৃথিবীব্যাপী যত কেনাবেচা হয় একা ইউনিভারের কেনাবেচার পরিমাণ তার অর্ধেকেরও বেশি– এমনটাই দেখা গেল তাদের বার্ষিক প্রতিবেদন নেড়েচেড়ে। একইসাথে প্রকাশনা খাতের উন্নয়ন ও প্রসারের জন্য জাতীয় রাজনীতির ন্যূনতম সুস্থতার প্রয়োজন হয়, যে সুস্থতার মধ্যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসন মোটামুটি একটা আইনসঙ্গত রীতিনীতি অনুসরণ করে চলতে অভ্যস্ত থাকে। অন্য অনেক পণ্যের ক্ষেত্রে তার প্রয়োজন সবসময় সে-মাত্রায় নেই। যেমন ধরা যাক আইপিএস বা বোতলজাত পানি নামক পণ্যের কথা। রাজনীতি যত অসুস্থ হবে, যত অযোগ্য সরকার ক্ষমতায় থাকবে এর কোম্পানির প্রসার এদেশে তত বাড়বে।

এরকম অসুস্থ রাজনৈতিক পরিস্থিতিতে কি একেবারেই অসম্ভব প্রকাশনা-শিল্পের বিকাশ ঘটা? এরকম পরিস্থিতিতেও ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার গুণে, এবং কিছুটা পরিস্থিতির সুযোগ নিয়ে প্রকাশনা ক্ষেত্রেও কেউ বেশ দূর পর্যন্ত যেতে পারেন, কিন্তু দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন না, যেমন ইউপিএল-এর কথা বলা যায়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা ১৯৭৪ সালে । মূলত ইংরেজি ভাষায় একাডেমিক পাণ্ডুলিপি প্রকাশে তার বিশেষজ্ঞতা। কিন্তু আমাদের একাডেমিক গবেষণার মানের ক্রমাবনতির ফলে তার প্রকাশনার সংখ্যা ও মানের বিপরীতমুখী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে এদেশে ইংরেজি মাধ্যমে প্রাথমিক শিক্ষা ’৭৫-এর পর যেভাবে সম্প্রসারিত হয়েছে তার সাথে এর একটা ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে গেছে। একমাত্রিকভাবে এটাকে বিচার করা সম্ভব নয়। যে জাতীয়-দর্শনের ভিত্তিতে স্বাধীনতার পর শিক্ষার মাধ্যম বাংলা করা হয়েছিল তার বাস্তবায়ন-পদ্ধতি সুপরিকল্পিত না হওয়ায়, এবং ’৭৫ সংঘটিত হওয়ার পর জাতীয়-দর্শনই উল্টে যাওয়ায় গত কয়েক দশক ধরে ক্রমাগতভাবে শিক্ষাব্যবস্থা ভয়ানক নৈরাজ্যকর অবস্থায় উপনীত হয়েছে। বিশেষ করে ব্যাঙের ছাতার মতো শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে কিন্ডারগার্টেন-ব্যবসা ছড়িয়ে পড়ার সাথে ইউপিএল-এর ব্যবসায়িক স্বার্থ একীভূত হয়ে গেছে। দীর্ঘদিন যাবত এক্ষেত্রে ইউপিএল-এর মনোপলি প্রতিষ্ঠিত ছিল। কিন্তু এই সুবিধাকে কাজে লাগিয়ে ইউপিএল ইংরেজি মাধ্যমে দেশীয় লেখকদের প্রাইমার প্রণয়নের কোনো সফল দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। সমাজ-সংস্কৃতির সাথে অসঙ্গতিপূর্ণ বিদেশী প্রাইমার আমদানি করে সরাসরি অথবা কপিরাইট ক্রয় করে হুবহু বা একটু দেশীকরণ করে মুদ্রণের মাধ্যমে সেগুলো বাজারজাতকরণ করেছে। এই মনোপলি ভাঙতে অন্যেরা ইউপিএল-এর মানের সাথে না পেরে তাদের অশিক্ষা আর অসততার বহর নিয়ে ঝাঁপিয়ে পড়ে বেসরকারি পর্যায়ের প্রাথমিক শিক্ষাকে নিকৃষ্টমানের ব্যবসাক্ষেত্রে পরিণত করেছে। এগুলোকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করে গেছে অসুস্থ রাজনীতি-সৃষ্ট সরকার, তার প্রশাসন ও প্রতিষ্ঠান, যারা তথাকথিত ‘সর্বজনীন’ প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করে চলেছে।

ইউপিএল-এর বাইরে দেশের প্রকাশনীগুলোর অধিকাংশই অদ্যাবধি আকারে মুদি দোকানের পর্যায়ের, আর প্রকারে অশিক্ষিত-অরুচিকর-অগোছালো-অস্বাস্থ্যকর পরিবারতুল্য। তারা তাদের শিল্প এবং উৎপাদিত পণ্যের চরিত্রই আজ অবধি বুঝলেন না, অথচ দেখা যায় কেউ কেউ রাজপথে শিল্পপতি হওয়ার দাবিতে সমাবেশ করছেন। বর্তমানে তাদের অধিকাংশের দৃষ্টি শিক্ষাভবন, শিক্ষা মন্ত্রণালয়, গণগ্রন্থাগার, গ্রন্থকেন্দ্র, এনজিও ও অন্যান্য কিছু সরকারি-বেসরকারি-সামরিক প্রতিষ্ঠানের কেনাকাটা ও প্রকল্প পর্যন্ত। পাঠকের চাহিদা, সম্পাদনা, বইয়ের মান, বইকে পাঠকের কাছে নিয়ে যাওয়া এসব বিষয়ে ভাবনা খুব কম জনেরই আছে। কারণ এসব হাঙ্গামার চেয়ে বিকল্প পথে কম পরিশ্রম ও কম বিনিয়োগ করে অনেক বেশি লাভের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে যে কিছু প্রকাশক হাঙ্গামা করেও এ বিষয়ে ভাবছেন তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রব্যবস্থার মধ্যে অসৎ বা অবৈধ বা বিকল্প পথে লাভ অর্জনের সুযোগ বেশি থাকবে ততক্ষণ পাঠক, পাঠকের চাহিদা, সম্পাদনা, বইয়ের মান এগুলো অবহেলিতই থাকবে।

২
নিম্নোক্ত সূত্র থেকে প্রাপ্ত একটি সারণির প্রাসঙ্গিক অংশ উদ্ধৃত করা যেতে পারে :

[সূত্র : মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশে পুস্তক প্রকাশনা , ইউপিএল, ঢাকা, ১৯৯৩]

মোট প্রকাশিত বইয়ের সংখ্যার দিক দিয়ে এরাই ছিল সেই সময়ের প্রধান প্রকাশনী। এই আলোচনায় বাংলা একাডেমী বা এ ধরনের প্রতিষ্ঠানের প্রকাশনার বিষয়টি বাদ দেওয়া যেতে পারে। এদের বাইরে যে ৭টি প্রকাশনী রয়েছে ২০১০ সালে এসে দেখা যাচ্ছে মোট বইয়ের সংখ্যার দিক দিয়ে তারা আর তাদের আগের অবস্থানে নেই। ২০১০ সালের তথ্য থেকে নিচের সারণিটি তৈরি করা যেতে পারে :

[ বাংলাদেশের সৃজনশীল বই ২০১০ , বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, ঢাকা, নভেম্বর ২০০৯]

লক্ষণীয় যে আগের তালিকা থেকে দুই দশক পরের তালিকায় এসে শুধুমাত্র ইউপিএল ও মাওলাকে পাওয়া যাচ্ছে অগ্রবর্তীদের কাতারে। বাকিরা নেই হয়ে গেছে অথবা নেই-মাত্র হয়ে টিকে আছে। কারা এগিয়ে এসেছে? বাংলাদেশের সৃজনশীল বই ২০১০-এ দেখা যাচ্ছে অনন্যার বইয়ের সংখ্যা প্রায় ৬০০, অনুপমের প্রায় ৩০০, অন্যপ্রকাশের প্রায় ৪৫০, অবসরের প্রায় ৩৫০, আগামীর প্রায় ৭০০, ঐতিহ্যের প্রায় ৫০০, সময়ের প্রায় ৫৫০, সাহিত্য প্রকাশের প্রায় ৪৫০। এগুলোর প্রায় সবাই অপেক্ষাকৃত নবীন বা মধ্যবয়সী প্রকাশক। নবীনতর যারা– ইত্যাদি, শুদ্ধস্বর, কথাপ্রকাশ, পাঠক সমাবেশ, অ্যাডর্ন, নালন্দা– এদের পর্যায়ের আরো কিছু প্রকাশক রয়েছে যাদের গ্রন্থসংখ্যা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। এদের অনেকেই সারাবছর প্রায় শতাধিক নতুন বই প্রকাশ করে থাকে। কিন্তু পেঙ্গুইনের যে তথ্য দিয়ে এই আলোচনা শুরু করা হয়েছিল সে-বিষয়ে এই প্রবীণ-নবীন-নবীনতর অগ্রগামী প্রকাশকদের অবস্থান কোথায়? এর উত্তর অত্যন্ত হতাশাব্যঞ্জক। পেঙ্গুইনের দেশেও শুরুটা অমনই ছিল। Datus C. Smith-এর লেখা A Guide to Book-Publishing-গ্রন্থ থেকে জানা যাচ্ছে, “ইউরোপ ও আমেরিকার অনেক বড় বড় প্রকাশনা সংস্থারই শুরুটা ছিল একজন ব্যক্তি, সামান্য পুঁজি ও একটা খুপরি ঘর দিয়ে; এবং সেই প্রকাশনীর একমাত্র স্টাফ যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রকাশকের স্ত্রী।”

এ তো গেল সংখ্যার বিচার। মানের বিচারে? প্রায় কোনো প্রকাশনী সম্পর্কেই বলা যাবে না যে তাদের বইয়ের গড় একটা মান আছে। লেখকের মানের উপর নির্ভর করে তাদের বইয়ের মান। লেখক যে মানের পাণ্ডুলিপি দেন তারা সে-মানেরই ছাপেন। পাণ্ডুলিপি পরিকল্পনা, উন্নয়ন ও সম্পাদনার মতো বিষয়গুলো তাদের প্রায় সবার কাছে গৌণ। এগুলো তারা বোঝেনও না; এই একটু বানান-টানান ঠিক-করা পর্যন্ত। ভালো বই অর্থ তাদের অধিকাংশের কাছে একটু নাম-কাম হয়েছে এমন লেখকের শক্ত বাঁধাই, বিদেশী কাগজে ছাপানো আর ঝকঝকে কভারে মোড়ানো বই!

সত্যিকার অর্থে মুক্তধারার পতনের পর এদেশের প্রকাশনার সামনে অনুসরণ করার মতো কোনো দৃষ্টান্ত নেই। মুক্তধারা ছাড়া আর একটি প্রকাশনার নামও বলা যাবে না যাদের দীর্ঘস্থায়ী কোনো লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। কিন্তু বিকাশ ঘটছে। খ্যাতনামা প্রকাশনী, ব্যবসাসফল প্রকাশনী, বড় প্রকাশনীর সংখ্যা বাড়ছে; কিন্তু সেই বিকাশ জাতি হিসেবে আমাদের প্রকাশনার গতি-প্রকৃতি যেটা হওয়া সঙ্গত ছিল তার বিপরীত দিকে গেছে।

কনসালট্যান্ট/আমলা দ্বারা প্রণীত, কনসালটেন্ট/আমলা দ্বারা অর্থায়নকৃত, কনসালট্যান্ট/আমলা দ্বারা চাহিদা-সৃষ্ট এবং কনসালট্যান্ট/আমলা দ্বারা বিক্রিত বইয়ের সংখ্যা বেড়েছে। রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর সাথে সংশ্লিষ্ট বা আশীর্বাদপুষ্ট লেখকদের পাণ্ডুলিপি পাওয়ার জন্য সবাই ব্যস্ত। এর সাথে জড়িয়ে গেছে গণগ্রন্থাগার, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বিভিন্ন মন্ত্রণালয় ও এনজিও। এর ‘মধু’ পাওয়ার জন্য সবাই উদগ্রীব হয়ে উঠেছে। যারা অত উঁচুতে উঠতে পারেননি তারা পীর-পয়গম্বর, নবী-রসুল, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জিয়া কিংবা রূপকথা, নীতিকথা, অনুবাদ ইত্যাদির নিম্নমানের সংকলন করে এগিয়ে গেছে। গত এক দশকের বিভিন্ন প্রকাশনীর পুস্তক তালিকা এবং বিভিন্ন লাইব্রেরি-প্রতিষ্ঠানের কেনাকাটার তালিকা বা ক্যাটালগ পর্যবেক্ষণ করলেই এটা বোঝা যাবে।

৩
বাংলাদেশে গ্রন্থ-উন্নয়ন, গ্রন্থ-প্রসার ও পাঠক-সৃষ্টির কাজে রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান কাজ করছে তার মধ্যে পাবলিক লাইব্রেরী বা গণগ্রন্থাগার ও জাতীয় গ্রন্থকেন্দ্র অন্যতম। এই দুটো প্রতিষ্ঠান আসলে কী কাজ করছে, কোন বই কিনছে, কী প্রক্রিয়ায় কিনছে– এটা জানা গেলে বাংলাদেশের বইয়ের বাজার ও মানের নিম্নগতির একটা যোগসূত্র পাওয়া যেতে পারে।

পাবলিক লাইব্রেরী অতীতে ভালো বই বাছাই করে কেনার নীতিতে ছিল। এতে করে যারা যত বেশি ভালো বই প্রকাশ করত তারা তত লাভবান হতো এবং পাঠক পড়ার সুযোগ পেত। কিন্তু যারা অতটা ভালো বই প্রকাশ করতে পারত না তাদেরও তো ব্যবসা করতে হবে; তাই রাজনীতি ও প্রশাসনের ক্রমাগত অসততা-অদক্ষতার সাথে সাথে তারা অসুস্থ প্রক্রিয়ায় গ্রন্থ-নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে খারাপ বইকেও ভালো বই বলে চালিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করে। এর ফলে ভালো প্রকাশকদের মধ্যে একটা সংকট সৃষ্টি হয়। মুক্তধারার মতো প্রতিষ্ঠান এসময়ে ক্ষতিগ্রস্ত হয়। তখন লাইব্রেরী তার কেনাকাটার মোট বাজেটকে সব প্রকাশকের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেওয়ার মতো করে বই নির্বাচন শুরু করে। সবাই যাতে খুশি হয় এই ভেবে যে না তাদের বইও কেনা হয়েছে। এর ফলে ভালো বইয়ের প্রকাশক অনেক ভালো বই প্রকাশ করেও ক্ষতিগ্রস্ত হতে থাকে। অন্যদিকে খারাপ বইয়ের প্রকাশকেরা কয়েকটা করে প্রকাশনা-প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলে। আর পাবলিক লাইব্রেরী ও সরকারের অন্যান্য প্রতিষ্ঠান কাউকে বঞ্চিত (!) না করে সবার বই কিনতে থাকে। (আমার ধারণা, গবেষণা করলে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের আর্থ-সামাজিক বিকাশের সাথে মুক্তধারার প্রতিষ্ঠা, অগ্রগতি ও পতনের ইতিহাসের একটা সরাসরি সম্পর্ক পাওয়া যাবে। বিপণনে যতটুকু উদ্যম-আয়োজন তার ক্ষেত্রেও মুক্তধারা আমাদের পথিকৃৎ। এর বিপণন-প্রক্রিয়ার ব্যর্থতার সাথেও গ্রন্থক্রয়ে জড়িত বহুবিধ দুর্নীতি এবং বাজার ও কালো টাকার কাছে রাষ্ট্রের আত্মসমর্পণের সম্পর্ক রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে প্রচার করে থাকেন যে নোট বই নিষিদ্ধ করায় মুক্তধারার পতন ঘটেছে।)

তার পর রয়েছে বই নির্বাচনের পর কেনাকাটার প্রক্রিয়ার অসততা। টেন্ডার যারা পাচ্ছে তার ভালো বই থেকে কম লাভ পায়। সুতরাং তাদেরও একটা আগ্রহ থাকে যত খারাপ বই লাইব্রেরী নির্বাচন করবে তত তাদের লাভ। এ প্রসঙ্গে মহিউদ্দিন আহমেদের একটি উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে :
…দেশে যখন কোনো গ্রন্থাগার টেণ্ডার পদ্ধতিতে ৩২%–৩৫% হ্রাসকৃত মূল্যে পুস্তক বিক্রেতার কাছে বই সরবরাহ আশা করেন তখন ঐ গ্রন্থাগার কী বই পেতে পারে, কতোটা পেতে পারে এবং এই অবস্থা প্রকাশনা শিল্পের কতটা সহায়ক, সংশ্লিষ্ট সকলকে বিবেচনা করে দেখতে বলি। এই ব্যবস্থা পরোক্ষভাবে প্রকাশক ও পুস্তক বিক্রেতাকে কতকগুলো অনিয়ম করতে উৎসাহ যোগাচ্ছে।…
[সূত্র : মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশে পুস্তক প্রকাশনা, ইউপিএল, ঢাকা, ১৯৯৩, পৃ. ৭০]

আর বিদেশী বই ক্রয়ের ক্ষেত্রে আরো ভয়াবহ ঘটনা ঘটছে। প্রতিবেশী দেশ ভারতে দুনিয়ার সব বড় বড় কর্পোরেট প্রকাশনার শাখা রয়েছে। সেখানে তাদের সাথে মান ও প্রতিযোগিতায় ভারতের প্রকাশকেরা পেরে ওঠেন না। তারা সুন্দর মোড়কে ইংরেজি ভাষায় অনেক নিম্নমানের বই প্রকাশ করে। এটা কর্পোরেট প্রকাশকেরাও অনেক সময় করে। আমাদের বই নির্বাচন পদ্ধতি সঠিক না হওয়ায় এবং নির্বাচন-প্রক্রিয়ার সাথে যুক্ত মানুষের অদক্ষতা ও অসততায় দেশের সকল গুরুত্বপূর্ণ লাইবেরীগুলো হয়ে উঠছে সেইসব আবর্জনার আধার।

অন্যদিকে জাতীয় গ্রন্থকেন্দ্রের সাথে সংশ্লিষ্ট দেশের যে কয়েক হাজার ছোট ছোট লাইব্রেরী রয়েছে তার অস্তিত্ব যাচাই করে দেখার বিষয়। শোনা যায় সেখানে অনেকেই কয়েক ডজন করে লাইব্রেরীর মালিক। এর ফলে তারা সারাবছর কিছু না করে কয়েক লক্ষ নগদ টাকা ও কয়েক লক্ষ টাকার বই পেয়ে থাকেন। জাতীয় গ্রন্থকেন্দ্রে বই নির্বাচন ও বিতরণে রয়েছে ভয়াবহ রকমের অসততা। তারা সবাইকে খুশি রাখতে সব প্রকাশকদের নতুন প্রকাশিত বই থেকে ৮/১০ বা ১৫– এরকম বই চেয়ে পাঠান। ফলে যারা কয়েক গণ্ডা প্রকাশনীর মালিক তারা অনেক বই দিতে পারেন। এরপর যেটা ঘটে তা হচ্ছে পকেট লাইব্রেরীর মালিকেরা আগেই ভালো বইগুলো তুলে নেওয়ার সুযোগ পান এবং এগুলো তারা কম দামে নীলক্ষেতসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দেন। আর প্রকৃত লাইব্রেরীর কর্তৃপক্ষকে গ্রন্থকেন্দ্র এমন সময়ে ডাকেন যখন আবর্জনা ছাড়া আর কিছুই সেখানে থাকে না। এরপর অপেক্ষাকৃত ভালো প্রকাশনীর ভালো বইগুলোর চাহিদা থাকলেও গ্রন্থকেন্দ্র এগুলোকে আর সংগ্রহ করে না। বাধ্য হয়ে সারা দেশের প্রকৃত লাইব্রেরীগুলো বরাদ্দকৃত টাকার আবর্জনা কিনে নিয়ে যায়।

৪
প্রকাশনা-ক্ষেত্রের কর্মীদের মান বিষয়ে প্রশ্ন করা যেতে পারে। প্রকৃতপক্ষে বাঁধাইক্ষেত্র বাদ দিলে প্রকাশনার অন্যান্য ক্ষেত্রের কর্মীদের তুলনামূলকভাবে অধিক বিদ্যাবুদ্ধি ও দক্ষতা থাকতে হয়। সেই শ্রমিক এদেশে তৈরি হয়নি, তৈরি করার কিছু উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে কাগজে-কলমে নেওয়া হলেও কাজের কাজ কিছু হয়নি। আর প্রকাশনা-ক্ষেত্রের উৎপাদিত পণ্য বই-এর মান নিয়ন্ত্রণের জন্য সম্পাদনা বলে অপরিহার্য একটা বিষয় রয়েছে। কিন্তু দেশে একাডেমিক পর্যায়ে সম্পাদনা ও প্রকাশনা বিষয়ে কোনো বিভাগ বা কোর্স বা ডিপ্লোমাও চালু নেই। ইউরোপ-আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বহু বছর আগে থেকেই প্রকাশনা ও সম্পাদনা বিষয়ে নানা ধরনের কোর্স চালু আছে। এখান থেকে অনার্স-মাস্টার্স-পিএইচডি-ও হচ্ছে। এর বাইরেও কোথায় কী হচ্ছে তা দেখতে গিয়ে পাওয়া গেল অস্ট্রেলিয়ার মনাস বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাস্টার্স কোর্স। মনাস হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে সামনের সারির একটি বিশ্ববিদ্যালয়। এই কোর্স সম্পর্কে তাদের ওয়েবসাইটের বর্ণনা :

This course is designed to provide editorial and publication management skills to those with aspirations to become involved in scholarly, commercial, educational, academic and corporate publishing, to further their careers and attainments in publishing, or to establish their own small publishing business. The course provides a survey overview of Australian publishing and its international connections, both historical and contemporary, and a variety of vocationally oriented, special-knowledge and skill-based units. There is provision in the program for students to undertake an industry internship, to take electives at fourth and fifth year level, and to undertake at fifth year, a supervised thesis that would qualify the candidate for admission to a PhD.
বাদ দেওয়া যেতে পারে উন্নত বিশ্বের কথা। কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে অনার্স ডিগ্রি দিচ্ছে। তার বিস্তারিত যে বিবরণ তাদের ওয়েবসাইটে রয়েছে তার থেকে দেখা যাচ্ছে ৭৫ ক্রেডিটের কোর-মডিউল-এ কোর্স রয়েছে ৫টি; যথা :Publishing management: Management and finances, Publishing management: Organization and processes, The publishing environment: Developments and trends in the South African book industry, The publishing environment: Global developments and trends in book publishing, Editorial Practice: Advanced copy-editing and editorial project management (মোট ১৬০ ক্রেডিট)।
আর বাংলাদেশে পাণ্ডুলিপি সম্পাদনার কথা শুনলে লেখক-প্রকাশকেরা এখনো অধিকাংশই চোখ বড় করে তাকান। ১০ ফর্মার (১/১৬ ডিডি) একটি বইয়ের হাজার কপি বাঁধাইয়ের জন্য তারা বর্তমানে ২০ থেকে ৩০ হাজার টাকা অর্থাৎ বই-প্রতি ২০-৩০ টাকা পর্যন্ত খরচ করেন, কিন্তু সম্পাদনার জন্য বইপ্রতি ২-৩ টাকাও খরচ করেন না।

৫
বর্তমান যে আগ্রাসী-সভ্যতা জগৎকে নিয়ন্ত্রণ করে রেখেছে সেই আমেরিকা ঊনবিংশ শতাব্দী থেকে সম্পাদনায় গুরুত্ব দিয়ে আসছে– কি একাডেমিক পাণ্ডুলিপি, কি সৃজনশীল পাণ্ডুলিপি– উভয়ক্ষেত্রেই। সৃজনশীল পাণ্ডুলিপি সম্পাদনা করে আমেরিকার ম্যাক্সওয়েল ই. পারকিন্স (১৮৮৪-১৯৪৭) দুনিয়া জুড়ে কিংবদন্তীতে পরিণত হয়েছেন। তিনি প্রায় শতবর্ষ আগে সম্পাদনা করেছেন হেমিংওয়ে, ফিৎজেরাল্ড, টমাস উলফ-এর মতো লেখকসহ শত লেখকের পাণ্ডুলিপি। স্যাক্সি কমিনস (১৮৯২-১৯৫৮) সম্পাদনা করেছেন ইউজিন ও’নিল, উইলিয়াম ফকনারসহ অসংখ্য লেখককে। একাডেমিক পাণ্ডুলিপি উন্নয়নের জন্য প্রায় সোয়াশো বছর ধরে শিকাগো বিশ্ববিদ্যালয় Chicago Manual of Style উন্নয়নের কাজ করে চলেছে। এই ম্যানুয়ালটির ব্যাপ্তি ও গভীরতা এমন পর্যায়ে পৌঁছেছে, এবং এর গ্রহণযোগ্যতা এত ব্যাপক যে সারা দুনিয়ায় এটিকে আজ প্রকাশনা জগতের বাইবেল বলে স্বীকৃতি দেওয়া হয়।

আমেরিকা-কেন্দ্রিক সভ্যতার এত সংকট নিয়েও তারা যে টিকতে পারছে তার কারণ শিক্ষা ও জ্ঞান এই দুটি বিষয় আহরণ, দখল, প্রচার, উন্নয়ন ও মানের ক্ষেত্রে তারা অনেকটা অনমনীয়।

আমরা যারা আমাদের হাজার বছরের জ্ঞান-চর্চার ঐতিহ্যের কথা বলি তা সত্য জেনেও এটা মনে রাখা দরকার, বর্তমানে আমাদের জ্ঞানের মান ও জ্ঞানের প্রতি কদর এতটাই পতিত, যতটা পতিত হলে জগতের কাছে এতটা তাচ্ছিল্যের পাত্র হতে হয়। সৃজনশীল অথবা একাডেমিক যে কোনো পাণ্ডুলিপির উন্নয়নেই আমাদের লেখক-প্রকাশকদের কী সীমাহীন উদাসীনতা! অপাঠ্য আবেগ আর অসত্য তথ্যে আমরা আমাদের ক্ষুদ্র গৃহকোণেরও যে ক্ষুদ্রাংশ রাখি বইয়ের জন্য তা ভরে তুলছি; আর তার ভার চাপিয়ে দিয়ে যাচ্ছি অনাগত সকল প্রজন্মের ঘাড়ে।