কামরুল হাসানের গুচ্ছ কবিতা
মৌলিক হতে গিয়ে সেওতো নীরব হল অনুপুঙ্খ মাকড়সার মত শুধু নিজ তন্তু নিজ শিল্পঘোরে
মানুষ মকর নয়, অন্যপ্রত্নজীব
মৌলিক হতে গিয়ে সেওতো নীরব হল অনুপুঙ্খ
মাকড়সার মত শুধু নিজ তন্তু নিজ শিল্পঘোরে
মুগ্ধ হয়ে টের পেল মানুষ মকর নয়, অন্যপ্রত্নজীব;
বায়ু হতে প্রতিমুহূর্তে তারও অনিবার্য অম্লজান লাগে।
সর্বদাই অগোচরে তবু ঠিক পাতাদের আশ্চর্য রান্নাঘরে,
পাতাদের অপূর্ব রন্ধনশালায় শর্করার শতব্যঞ্জনা গাঁথে
বিশ্লেষিত করে নিলে মানুষও কার্বন, মানবীর হাঁড় হল হীরে
তখনি সে কেবল মৌলিক, কণাদের দিকে চোখ রেখে।
কথা যে স্বয়ম্ভরসভাকে হাসায়, শব্দদের প্রতিভা সে জানে
মহাপ্রকৃতি যে নিয়মে স্নায়ুকে জাগায়, উদ্দীপ্ত করে রাখে
অন্বিষ্ট ব্যাখ্যান থেকে পরাজিত মানুষের বেদনা তুলে নিয়ে
সেও তো মৌলিক হল, ঐ গান শঙ্খসমুদ্রে যেভাবে বেজেছে
মানবীর তন্তুতারে তার সুর বুঝি পড়োকান্না, কালরাতে
যৌগিক সমুদ্রে খুব ঝড় হল, প্রভাতে তার চিহ্ন মাত্র নেই!
প্রীতধামে অন্য এক আনন্দ
প্রীতধামে অন্য এক আনন্দ মুগ্ধ আর নির্ভার করে রাখে
ভাসি ও ভাসাই কার্পাসের নিবিড় চাদরে চাদোয়ার চাঁদে
নিষ্কম্প শিখা নিয়ে পুড়ে যায় মহালোকের কোটি মোমবাতি
পোড়ে ও পোড়ায় তারা দূরবর্তী গ্রহের জমিন, রমণীয় কটি।
চামেলীর চোখে আমি অপরূপ শতকল্প মোমশিখা দেখি,
পৃথিবীর অনেক চামেলী তাদের কবিদের নম্রআলোয় মাখে
আর কাঁপে খুব সামান্য বাতাসে, থিরথির বুঝি দীপ্যমান
হতে গিয়ে এরাও পোড়ায় স্নিগ্ধফুল্লঘ্রাণে, অমানবীয় প্রাণে!
আলো হয়ে তারা তো মুহূর্তেই পাড়ি দেয় অসীম পরিধি
পারিজাতের মর্ম কিছু বুঝি, পরাজিত সেও তো সমাধি চায়
মর্মরের, বলে, ঊর্ধ্বমুখী ফলকের চূড়াটি দেখাও বল্কলে
যেখানে চড়–ইয়ের মত চঞ্চলতা একগুচ্ছ আলোকের তীরে
ভোর যে কতটা নির্মম, নরোমের কত যে মর্মভেদী মুখোশ
ছিন্নভিন্ন করে চলে যায় অজস্র পরমাণু, বেদনার রঙ বুঝি নীল !
নির্মিত হ’তে হ’তে
নির্মিত হ’তে হ’তে হাওয়া রাশি রাশি জুড়ে দেয় গান
পৃথিবীতে এত যে নির্মাণ চলে পুনর্বার ভেঙে যাবে বলে ?
প্রথম দিনের সূর্য সঙ্গে করে এনেছিল সান্ধ্যঘন ব্যর্থতার
পড়ন্ত কৌণিক আলোয় কোটি বিশ্বে প্রস্তরের প্রস্তাবনা খ’সে!
অত্যুজ্জ্বল তারকার লেজ খসে যায় আলো হারাতে হারাতে
সেও তো বিলীন হয় অতিকায় মহাবাহু কৃষ্ণগহ্বরে
আর সে ঊর্মিলা এসেছিল অগ্নিপ্রভ যৌবন পোড়াতে পোড়াতে
অতিদ্রুত নিভে যাবে বলে ? সকল নির্মাণ শিরস্ত্রাণ খুলে রেখে
শেষাবধি যেমন কবরে গিয়ে শুয়ে থাকে নিঃসঙ্গ মানুষ
এখন আগুনগোলা মানুষের দিকেই অচঞ্চল ক্রুর চোখ মেলে,
জলাশয় ভরে ফেলে মানুষ গড়েছে দ্বৈরথের ব্যর্থ জলাভূমি
স্থানুর সমস্ত ঘোরে চৈত্রের চিত্রময় দিনে বৈশাখের দুরন্ত পাখাটি
সে বুঝি কেশর ফোলানো সিংহ, উড়ন্ত কুক্কুট, স্থির ধেয়ে আসে
এত যে বিস্তারে ঢেকে ফেলে, বিস্ফোরিত হয়ে যাবে বলে ?
বেদনার ব্যর্থ প্রস্তাবনা
সহাস্য কিছু নয়, বেদনার ব্যর্থ প্রস্তাবনা ভূমিকে হাসায়
ভূমি তো সর্বংসহা, অন্যমন্ত্র চায়, ঔদার্যে মেলে ধরে ভাঁজ
মুহূর্তে সুষুপ্ত বীজ বেড়ে ওঠে, দেখি কান্ড, বাহারী ফুলপাতা
প্রীতসম্ভাষণে বাতাসের ঝাপটি কাঁপায় ঐ কুমারী অধরে
নীলাকাশ মুখটি নামিয়ে রাখে ডগোমগো রৌদ্রতীর গাঁথে
ঐ মুখ মল্লিকার, ঐ ঠোঁট প্রাণপণ প্রতিবেশী হাস্নুহেনার
এখন ঐকান্তিক দুরন্ত সাহসী হতে গিয়ে সেও তো হারায়
মাটির প্রশ্রয়, ছুটে এসে যে বাতাস একান্ত প্রেমিকের মত
আলিঙ্গন করে সেও তো ব্যর্থ ঐ গুরুভার তুলে নিতে
প্রমিত প্রেমের মাঝে যে মনোঐশ্বরিক ফটোগ্রাফ তোলা থাকে
বনভূমে সে কোন ফটোকপিয়ারে অগুণিত ছাপা হতে থাকে
ভয়ের ভয়ার্ত মুখ, বুঝি তাই সোনারঙ রৌদ্র কিছু নয়
যদিও তা অপরিমেয় শর্করার মুগ্ধভোজ আনে, তবুও পতন
আজো প্রপিতামহের পা আমিষের সর্পিল সিঁড়ি বেয়ে নামে।
দূরত্বের কাছ থেকে ঘুরে
যখন দূরত্বের কাছ থেকে ঘুরে এসে দেখছি নিজের ঘর
পরম জ্যোতির মাত উজ্জ্বল হীরা যেন ফসফরাসজ্বলা মাছ
সবুজ সমুদ্রে, সৌরবলয়ের ভেতর গ্রহের মত উদ্ধারহীন
নির্মিত বাঁকানো রেখা ধরে প্রশ্নহীন চলেছি দুপুরে।
তারপর দ্রুত যে বিকেল হল সন্ধ্যা দূরত্বে থেকে
রাত্রির প্ররোচনাসহ বহুকাল স্নিগ্ধ নিরবধি অনিকেত
মুখ করে যে লাটিম উঠে গেল শেষাবধি ঘুরছে ঠিকই;
ভাবি সামান্য কাত হলে এই প্লানেটোরিয়াম থেকে নেমে যাব
কৃত্রিম আকাশে আর কত ভাল লাগে, এখন রুদ্ধশ্বাস
ছুটতে ছুটতে গিয়ে ঐ প্রেমজ্যোতিকেন্দ্র হতে দূরে
নিজের প্রজ্ঞা থেকে নয়, আলোর কেশরে ঝুলে এত গর্ব হল
এত আলো দৃষ্টি ঝাপসা করে দেয় চেতনার, তাই ভাবি
নিজঘরে ফিরে গিয়ে নিজস্ব আঁধার মুড়ে শ্রান্ত ঘুমাব
আর ঐ বেদনার্ত গ্রহের বদনখানি ব্যথিত ঝুলাব!
