ভূঁইয়া ইকবাল : দায়বদ্ধ এক গবেষক
গবেষক, সংগ্রাহক, শিক্ষক ভূঁইয়া ইকবালের জীবন, কর্ম এবং সাধনাকে কেন্দ্র করে সৈয়দ মোহাম্মদ শাহেদের সম্পাদনায় সম্প্রতি আগামী প্রকাশনী প্রকাশ করেছে একটি স্মারকগ্রন্থ- ভূঁইয়া ইকবাল স্মারকগ্রন্থ।
উনিশ শতকের প্রথম দিক থেকে পাশ্চাত্য শিক্ষা, সাহিত্য ও সংস্কুতির প্রভাবে আলোড়িত হয় বাঙালি সমাজের একটি অংশ। সে অংশ পূর্বের জড়তাকে ঝেড়ে নতুন আঙ্গিকে ইতিহাস ও সাহিত্য চর্চায় উদ্যোগী হয়। এ আলোকপ্রাপ্তরা প্রথম দিকে ইংরেজদের দেখানো পথে পা বাড়ালেও পরববর্তীকালে ফিরে আসে নিজের উৎসের কাছে, শিকড়ের কাছে- ভারতীয় ইতিহাস ও ঐতিহ্যের কাছে। এবং স্বাধীনভাবে সাহিত্য ও ইতিহাস চর্চায় ব্রতী হয়। কারণ নিজেকে আবিষ্কারের একটি তাগিদ তারা অনুভব করতে থাকেন। এভাবে উনিশ শতক থেকে সাহিত্য চর্চায় একটি ধারা গড়ে ওঠে এবং এ ধারা একসময় জাতীয়তাবাদ এবং স্বাধীনতার স্পৃহাকে জাগিয়ে তোলে। কিন্তু উনিশ শতকের এ জাগরণ মুসলমান সম্প্রদায়কে স্পর্শ করেনি। এ চেতনা তাদের মধ্যে সম্প্রসারিত হতে আরো সময় নেয়। মোটামুটিভাবে বলা যায় বিশ শতকের প্রথম দিক থেকে এর ঢেউ মুসলমান সম্প্রদায়ের গায়ে লাগতে শুরু করে এবং তারাও এরপর আত্মআবিষ্কারের প্রশ্নে আত্মনিয়োগ করে। দীর্ঘদিনের জাড্যতা ঝেড়ে মুসলমান সম্প্রদায়ের এ জেগে ওঠাটা বিশ শতকে বিরাট ঘটনা। এ শতকের দ্বিতীয় দশকে ‘মুসলিম সাহিত্য সমাজ’ এবং তার পত্রিকা-‘শিখা’র আত্মপ্রকাশ এ জাগরণেরই বহিঃপ্রকাশ। এরপর মুসলমানরা শিক্ষা ও সাহিত্যচর্চায়ও এগিয়ে আসে এবং এর ফলে সমৃদ্ধ হয় বাংলা ভাষা এবং সাহিত্য।
সাতচল্লিশের ভারত বিভক্তির পর বাঙালি মুসলমানরা বুঝতে পারল তারা যে-পাকিস্তান চেয়েছিল এ পাকিস্তান সেই কাঙ্ক্ষিত পাকিস্তান নয়। ফলে এ রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনে নামতেও তাদের সময় লাগেনি। পাকিস্তান রাষ্ট্র এবং যে তত্ত্বের ভিত্তিতে এ রাষ্ট্রটি সৃষ্টি হয় সে তত্ত্বকে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে বাঙালি মুসলমানরাও আপন শিকড়ের কাছে ফিরে আসে। শুরু হয় পাকিস্তান রাষ্ট্রের বিপরীতে বাঙালির নিজের রাষ্ট্র গঠনের চিন্তা; শুরু হয় পাকিস্তানি ভাবাদর্শের বিপরীতে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা এবং এ চর্চার জন্য প্রয়োজন ছিল গবেষণারও। এ প্রয়োজন থেকে যারা গবেষণায় আত্মনিয়োগ করেন তাঁদেরই একজন ভূঁইয়া ইকবাল।
ভূঁইয়া ইকবালে জন্ম ১৯৪৬ সালে। পিতৃপুরুষের বাড়ি ভোলায় হলেও বাবার কর্মসূত্রে তাঁর ছোটবেলা এবং ছাত্রজীবন কেটেছে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দেন গবেষণা-সহকারী হিসেবে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের অধীনে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘বাংলাদেশের উপন্যাসে সমাজচিত্র (১৯৪৭-১৯৭১)।’ দেখা যাচ্ছে, তিনি সাহিত্যের মধ্যে সামাজিক ইতিহাসটা খুঁজছেন। পরবর্তীকালে তাঁর গবেষণার বিষয়ও ছিল বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য সম্পর্কিত। অর্থাৎ বাংলার সবটুকুই ছিল তাঁর আগ্রহ এবং গবেষণার কেন্দ্রবিন্দু। তিনি কেবল ইতিহাসের কাছে দায়বদ্ধ ছিলেন না, দায়বদ্ধ ছিলেন সমাজের কাছেও। তাঁর পিএইচডির অভিসন্দর্ভও ছিল - ‘বাংলাদেশের উপন্যাসে সমাজচিত্র’।
ভূঁইয়া ইকবালের আগ্রহের প্রধান ক্ষেত্র ছিল দুর্লভ সাহিত্য, বাঙালি মনীষার পরিচয়, বিভিন্ন প্রকার স্মারক, চিঠিপত্র, বইপত্র, লেখালেখি, বক্তৃতা সংগ্রহ এবং প্রকাশ করা। প্রকাশ করতেন কারণ, তিনি মনে করতেন এ ব্যক্তিগত সম্পত্তি নয়, সামাজিক। দুর্লভ জিনিসকে তিনি লাভ করতে চাইতেন, দুষ্প্রাপ্যকে পেতে চাইতেন কাছে। তিনি যে ব্যক্তিগত কারণে বা শখের বশে এ কাজ করতেন তা কিন্তু নয়, তাঁর এ গবেষণার কারণ, একদিকে সামাজিক অন্যদিকে রাষ্ট্রিক। কেন তিনি কবিতা বিষয়ক পত্রিকা ‘পূর্বলেখ’ এবং প্রবন্ধবিষয়ক পত্রিকা ‘বক্তব্য’ প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তার একটি কৈফিয়ৎ তিনি আমাদের দিয়েছেন। বলেছেন, ১৯৬৬-র সময়ে ঢাকার বা বাংলাদেশের নিয়মিত কোনো কবিতাপত্র না-থাকায় তিনি প্রকাশ করেছিলেন পূর্বলেখ। আর স্বাধীন বাংলাদেশ আমলে বাংলা গদ্য-সাহিত্যের দীনতার গ্লানি থেকে মুক্তির লক্ষ্যে শুধুই গদ্য বা প্রবন্ধ ও সমালোচনার কাগজ ‘বক্তব্য’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন। খেয়াল রাখতে হবে এ পত্রিকাদ্বয়ের প্রকাশের সময়টা।
রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসুর সাহিত্য ও জীবন তাঁকে আকৃষ্ট করেছে বেশি। তবে সবচেয়ে বেশি টানতো মনে হয় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে তিনি ব্যক্তি বলে মনে করতেন না, মনে করতেন একটি প্রতিষ্ঠান। তাঁকে জানা মানে সমাজ এবং সময়কে জানা। এ জন্য রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের সঙ্গে সঙ্গে তাঁর চিঠিপত্র, ভাষণ, বক্তৃতা এমনকি তাঁকে দেওয়া সংবর্ধনাও ভূঁইয়া ইকবালের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রাসঙ্গিকভাবে মুসলমান সমাজ নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা এবং রবীন্দ্রনাথকে নিয়ে মুসলমানদের ভাবনাও তাঁর কাছে ছিল সমান গুরুত্বপূর্ণ। ‘রবীন্দ্রনাথ এবং মুসলমান সমাজ (২০১০)’ এ ভাবনারই ফসল। এ বইয়ে তিনি কেবল ব্যক্তি রবীন্দ্রনাথকে উপস্থাপন করেননি, তাঁকে কেন্দ্র করে তিনি একটি সমাজ-মানসকে তুলে এনেছেন। এ বইয়ের লেখকরা রবীন্দ্রনাথকে মূল্যায়ন করেছেন আর পাঠকরা সেই লেখকদেরও মূল্যায়ন করার প্রয়াস পেয়েছেন। একই সঙ্গে পাশ্চাত্য-সমাজ যে রবীন্দ্রনাথকে প্রাচ্যের ‘ঋষি-পুরুষ’ মনে করত শাহেদ সোহরাওয়ার্দী তাঁর ‘অক্সর্ফোডে রবীন্দ্রনাথ’ প্রবন্ধে তা উলেখ করেছেন। ডব্লিও.বি. ইয়েটসও ‘গীতাঞ্জলি’ কাব্যের ভুমিকাতেও রবীন্দ্রনাথ এবং তাঁর পরিবারের অধ্যাত্মবাদের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন অধিক। এ বইটি ভূঁইয়া ইকবাল এমনভাবে সাজিয়েছেন যাতে মুসলমান সমাজ সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার একটি সম্যক ধারণা পায় পাঠকরা। একই সঙ্গে রবীন্দ্রনাথ প্রশ্নে একটি ‘মজার তথ্য দিয়েছেন’ তিনি, “কবিদের মধ্যে চারজন- বেনজির আহমদ, তালিম হোসেন, মঈনুদ্দীন ও ফররুখ আহমদ- পরে পাকিস্তান সরকারের সমর্থনে বেতারে রবীন্দ্রসঙ্গীত প্রচারবিরোধী বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন।”(স্মারকগ্রন্থ, পৃ. ২৮৬) - চারজনের এ স্ববিরোধিতাও লক্ষ্য করার মতো। এ ক্ষেত্রে সৈয়দ আলী আহসানের নামও উলেখ করা যেতে পারে। তিনি পাকিস্তান আমলে ‘রাষ্ট্রের সংহতি ’ রক্ষার জন্য প্রয়োজনে রবীন্দ্রনাথকে বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই রবীন্দ্রনাথের কবিতা উপর আস্ত একটি বই লিখে ফেলেন, ১৯৭২ সালে। এ শুধু স্ববিরোধিতা নয়, সুবিধাবাদিতাও।
রবীন্দ্রনাথকে আবার যখন বিতর্কিত করার চেষ্টা হচ্ছিল, সেই সামরিক শাসনামলে, তখনই ভূঁইয়া ইকবাল প্রকাশ করলেন ‘রবীন্দ্রনাথের একগুচ্ছপত্র’ (১৯৮৫)। এখানে মুহিত হাসানের মূল্যায়ন প্রণিধানযোগ্য। তিনি তাঁর প্রবন্ধ ‘ভূঁইয়া ইকবালে পত্র-চর্চা, পাণ্ডুলিপি-চর্চা’ প্রবন্ধে লিখেছেন, রবীন্দ্রনাথের এ পত্রগুলোর ‘প্রাপক ছিলেন সেকালের বাঙালি মুসলমান সমাজের প্রখ্যাত লেখক ও বিশিষ্ট মানুষেরা। মুহম্মদ শহীদুলাহ থেকে জসীমউদ্দীন, কাজী নজরুল ইসলাম থেকে সুফিয়া কামাল কিংবা আবুল ফজল থেকে বন্দে আলী মিয়া- এমন ঊনচলিশজনের বহুদিনের পুরোনো চিঠি উদ্ধার করার পর ঠিকঠাকভাবে প্রকাশের কাজটা সহজ ছিল না। এ চিঠিগুলো ছাপা হওয়ার পর যেমন বাঙালি মুসলমান সমাজের সঙ্গে রবীন্দ্রনাথের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি পূর্ণতর চালচিত্র সামনে এসেছিল, তেমনি ভেঙে পড়েছিল তাঁকে জোরপূর্বক ‘‘সাম্প্রদায়িক” আখ্যা দেওয়ার রবীন্দ্র-বিদ্বেষী ছদ্ম পণ্ডিতি অপ-তৎপরতা। তাঁর (ভূঁইয়া ইকবালের) নির্মোহ সত্য-সন্ধানী গবেষক-সত্তার পরিচয় এই পত্রসংকলনের সম্পাদনার নজির থেকে স্পষ্ট হয়ে ওঠে।’ (স্মারকগ্রন্থ, পৃ. ২৯৫) এ বাস্তবতায় ভূঁইয়া ইকবাল ‘ বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতায় একটি জরুরি কাজ সম্পন্ন করেছেন’ বলে মনে করেন অধ্যাপক মোহাম্মমদ আজম। ভূঁইয় ইকবাল চ্যালেঞ্জ নিতেন। এটাও ছিল তাঁর একপ্রকার চ্যালেঞ্জ।
এখন প্রশ্ন হচ্ছে তিনি এ চ্যালেঞ্জ নিলেন কেন? নিলেন এ কারণে যে, ঊনবিংশ শতাব্দীর শেষাংশ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধ বস্তুত শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি এমনকি অনেক ক্ষেত্রে রাজনীতিও রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তাছাড়া রবীন্দ্রনাথের মুসলমান-ভাবনা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। রবীন্দ্রসাহিত্যে মুসলমান নেই - এ অভিযোগ অনেক পুরোনো হলে এখনো তামাদি হয়নি। ভূঁইয়া ইকবাল মনে করতেন, এ বির্তকের অবসান হওয়া দরকার। ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’ বইয়ে ভূঁইয়া ইকবাল কেবল রবীন্দ্রনাথের সঙ্গে মুসলমানের সম্পর্ক দেখাননি, চেষ্টা করেছেন ‘সম্পর্কের খতিয়ান তৈরি’ করতে। মানে এ সম্পর্ক ছিল গভীর এবং পুরোনো। এ বইকে তিনি দুইভাগে ভাগ করেছেন। এক. মুসলমানের চোখে রবীন্দ্রনাথ এবং দুই. রবীন্দ্রনাথের চোখে মুসলমান। এখানে কেবল রবীন্দ্রনাথের মুসলমান ভাবনার কথা আসেনি, এসেছে মুসলমানের রবীন্দ্র ভাবনাও। এ দ্বান্দ্বিকতার ফলে সত্যিকারের রবীন্দ্রনাথ এবং মুসলমানকে পাওয়া যায়। এর ফলে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে যে দ্বিধা এবং সংশয় তা দূর করতে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সন্দেহ নেই। লক্ষ্য করার বিষয়, রবীন্দ্রনাথের উপর ভূঁইয়া ইকবালের কাজও অধিক। ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’ ছাড়াও রয়েছে- ‘রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র’ (১৯৮৫), ‘রবীন্দ্রনাথ : তাঁর চিঠি, তাঁকে চিঠি’ (২০১১), ‘বাংলাদেশে রবীন্দ্র সংবর্ধনা’ (১৯৯৩ )। এছাড়াও তাঁর সম্পদনায় প্রকাশিত হয়েছে, ‘পূর্ববঙ্গে বক্তৃতা ১৮৯২-১৯২৬ : রবীন্দ্রনাথ ঠাকুর’ (২০১৬), ‘রবীন্দ্রনাথের অগ্রন্থিত রচনা’ (প্রকাশিতব্য)।
রবীন্দ্রনাথের পরে যে সাহিত্য-ব্যক্তিত্ব ভূঁইয়া ইকবালকে বেশি আকৃষ্ট করেছে তিনি হচ্ছেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীকে নিয়ে তাঁর সর্বশেষ গ্রন্থ প্রকাশ করেছে বাংলা একাডেমি। নাম- ‘আরো লেখা : প্রমথ চৌধুরী’ (২০১৮)। মৃত্যুর কয়েকমাস আগে, জার্নিম্যান প্রকাশ করে তাঁর সম্পাদিত গ্রন্থ, ‘আনিসুজ্জামান : অপ্রকাশিত পত্রাবলি’ (২০২১)। এর আগে এ বাঙালি মনীষীকে নিয়ে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ‘আনিসুজ্জামান সংবর্ধনা-স্মারক’ গ্রন্থটি। ভূঁইয়া ইকবালের গবেষণার ক্ষেত্র যেমন ব্যাপক তেমনি গভীর এবং বৈচিত্র্যময়। রবীন্দ্রনাথ থেকে আনিসুজ্জামান পর্যন্ত ছিল তাঁর গবেষণার পরিধি। তবে এ গবেষণায় তিনি কেবল ব্যক্তিকে নিয়ে আসেননি, একই সঙ্গে এসেছে সময় এবং সমাজও। কারণ সমাজের ইতিহাস, তার গতিপ্রকৃতি, বিবর্তন প্রভৃতি জানার জন্য প্রয়োজন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জীবনী এবং তাঁদের চিন্তা-ভাবনার সঙ্গে পরিচয়। তিনি ব্যক্তির মধ্যে ইতিহাস এবং ইতিহাসের মধ্যে ব্যক্তির অবস্থানকে চিহ্নিত করতে চাইতেন। ভূঁইয়া ইকবালের কেন্দ্রবিন্দুতে ছিল সমাজ এবং এ সমাজকে জানার জন্য তিনি ব্যক্তির প্রতিও মনোযোগী ছিলেন। কারা তাঁকে আকৃষ্ট করেছে তার দিকে তাকালেই তা স্পষ্ট হয়। তাঁর লিখিত জীবনীগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- আবুল কালাম শামসুদ্দীন (১৯৮০), আনোয়ার পাশা (১৯৮৮), শশাঙ্কমোহন সেন (১৯৯০), বুদ্ধদেব বসু (১৯৯২), স্যার আজিজুল হক (১৯৮৪)। ভূঁইয়া ইকবাল জীবনী লেখার এ দায়িত্বটা নিয়েছেন স্বেচ্ছায়। আর রবীন্দ্রনাথ হয়ে আনিসুজ্জামান পর্যন্ত - বাংলার মনীষী এবং মনীষাকে জানার জন্য হলেও আমাদেরকে ভূঁইয়া ইকবালের কাছে যেতে হবে।
ভূঁইয়া ইকবালের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে- মৌলবি মুজিবুর রহমান সম্পাদিত ‘দি মুসলমান’ পত্রিকায় প্রকাশিত উলেখযোগ্য রচনা যা তিনি একটি বইয়ে সংকলন করেছেন। নাম দিয়েছেন ‘সিলেকশন ফ্রম দ্য মুসলমান।’ এ পত্রিকাটি শুধু বঙ্গভঙ্গের বিরোধী ছিল তা নয়, রাজনৈতিক দল হিসেবে মুসলিম লিগকেও সমর্থন করেনি। বিশ শতকের প্রথমদিকে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক জাগরণ, বিকাশ, রাজনীতি সচেতনতা এবং সমাজ-জীবন জানার জন্য পত্রিকাটি ভূঁইয়া ইকবালের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তাঁর এ মনে হওয়ার মধ্যে কোনো ভুল ছিল না। এজন্য সিরাজুল ইসলাম চৌধুরী ভূঁইয়া ইকবালকে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছেন।
২.
স্কুলজীবনে ভূঁইয়া ইকবাল মুহাম্মদ ইব্রাহীমের সঙ্গে যুক্ত হয়ে প্রকাশ করেছিলেন ‘বিজ্ঞান সাময়িকী’। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন করেছিলেন ‘সাংবাদিক’। ‘মুক্তিযুদ্ধের বিজয়ের ক্ষণে’ তিনি ঝুঁকি নিয়ে গভর্নর হাউস থেকে সংগ্রহ করেন জেনারেল নিয়াজির ডায়েরির কিছু পাতা। এ থেকে জানা যায় ‘বুদ্ধিজীবী হত্যার অন্তরালের ভয়ংকর ছবি।’ মাস্টার্স শেষ করার পর তিনি যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রথমে গবেষণা- সহকারী হিসেবে পরে শিক্ষক হিসেবে। কিন্তু আদতে তিনি ছিলেন আগাগোড়াই একজন গবেষক - পরিশ্রমী এবং মনোযোগী গবেষক। রবীন্দ্রনাথসহ অনেক খ্যাতিমান লেখকের অপ্রকাশিত রচনা তিনি উদ্ধার করে প্রকাশ করেছিলেন। গবেষণার জন্য প্রয়োজনীয় এমন অনেক গুরুত্বপূর্ণ বই বা লেখার খবর তিনি জানতেন। গবেষণার জন্য একবার ব্রিটিশ মিউজিয়ামেও যেতে চেয়েছিলেন তিনি। গোলাম মুরশিদকে তা জানিয়েওছিলেন। গবেষণা করতে তিনি আনন্দ পেতেন। নতুন জ্ঞানের সঙ্গে পরিচিত হবার এবং অন্যকে পরিচিত করানোকে তিনি মনে করতেন তাঁর দায়।
ভূঁইয়া ইকবাল জানতেন কার কী ধরনের বই পড়া দরকার। সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন,‘চল্লিশের দশকের বামপন্থি কবি গোলাম কুদ্দুস, তিনি উপন্যাসও লিখেছেন একাধিক; তাঁর লেখা দুটো উপন্যাস ইকবাল আমাকে পড়তে দিয়েছিল, নিজের সংগ্রহ থেকে। শিশিরকুমার দাশ একজন গুরুত্বপূর্ণ সাহিত্যসমালোচক, কিন্তু কলকাতায় থাকতেন না বলে তাঁর রচনা প্রচার পেয়েছে কম; ইকবাল তাঁর বইপত্রের খবর রাখত। শিশিরকুমারের একটি বই , ফুলের ফসল, সংকলনের রাজনীতি সে মনে করেছিল আমার পড়া দরকার, সেটি সে আমাকে পাঠিয়েছিল” (স্মারকগ্রন্থ, পৃ. ১৬)। কিন্তু ভূঁইয়া ইকবাল সিরাজুল ইসলাম চৌধুরীকে যে ধরনের বই দিচ্ছেন মুহাম্মদ ইউনুসকে সে ধরনের বই দিচ্ছেন না। কে কী ধরনের বই পড়ে বা কার কী ধরনের বই দরকার তা তিনি ভালোভাবেই জানতেন।
ভুঁইয়া ইকবাল শুধু নিজে পড়তেন না, পড়াতেনও। এমনকি পড়িয়েও নিতেন। তিনি পরিকল্পনা করে বই দিতেন। বই দিয়ে তার কাছ থেকে কিছু উদ্ধারও করতেন। যখন আড্ডা দিতেন তখন দেখা যেতো সে- আড্ডার বিষয়বস্তু অবধারিতভাবে চলে আসতো বইয়ের প্রসঙ্গ। কাকে দিয়ে কী বই লেখানো যায় তাও তিনি জানতেন। জানতেন, যিনি মাইকেলের জীবনী লিখতে পারেন তাঁর দ্বারাই সম্ভব নজরুলের জীবনী লেখা। বিজ্ঞান সাময়িকীর জন্য হুমায়ূন আহমেদকে দিয়ে তিনি লিখিয়ে নেন - ‘তোমাদের জন্য ভালোবাসা।’ কিংবা মুহাম্মদ ইউনুস যখন দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন, তাঁর পনের বছর বয়সে লেখা ‘বিশ্ব ভ্রমণের’ ডায়েরি প্রকাশ করবেন কিনা তখনই ভূঁইয়া ইকবাল তাঁকে অনেকটা জোর করেছিলেন ছাপানোর জন্য এবং শর্তও দিলেন যেন কোনো কিছুর পরিবর্তন না হয়। কারণ, তিনি জানেন, পরিবর্তন হলে ঐ সময় এবং ব্যক্তিকে ধরা যাবে না। পরবর্তীকালে বইটি প্রকাশিত হয় ‘বালক পরিব্রাজকের ডায়েরি’ নাম দিয়ে। এখন কথা হচ্ছে এরকম তিনি করতেন কেন? করতেন দায়বদ্ধতা থেকে। তিনি জ্ঞানভিত্তিক একটি সমাজ চাইতেন এবং সে সমাজ প্রতিষ্ঠার জন্য, তিনি মনে করতেন, জ্ঞানচর্চার বিকল্প নেই।
৩.
গবেষক, সংগ্রাহক, শিক্ষক ভূইয়া ইকবালের জীবন, কর্ম এবং সাধনাকে কেন্দ্র করে সৈয়দ মোহাম্মদ শাহেদের সম্পাদনায় সম্প্রতি আগামী প্রকাশনী প্রকাশ করেছে একটি স্মারকগ্রন্থ- ভূঁইয়া ইকবাল স্মারকগ্রন্থ। গ্রন্থটি চারটি পর্যায়ে বিভক্ত - স্মৃতি, কৃতি, পূর্বপ্রকাশিত গ্রন্থালোচনা এবং পরিশিষ্ট। ১ম পর্যায়ে রয়েছে তাঁর পরিচিতজন বা শুভ্যানুধ্যায়ীদের স্মৃতিচারণ। এতে রয়েছে মোট ৫৮টি স্মৃতিচারণ। যাঁরা স্মৃতিচারণ করেছেন তাঁদের মধ্যে অনেকেই আছেন যাঁরা নিজেরাই ইতিহাসের অংশ। দ্বিতীয় পর্বে রয়েছে তাঁর বিচিত্রমুখী কাজের মূল্যায়নধর্মী ৮টি লেখা। তৃতীয় পর্বে রয়েছে ভূঁইয়া ইকবালের পূর্বে প্রকাশিত বিভিন্ন গ্রন্থের আলোচনা/ সমালোচনা। এবং সর্বশেষে আছে পরিশিষ্ট। গ্রন্থটির ভূমিকা লিখেছেন এবং সম্পাদনা করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ।
চারপর্বে বিভক্ত এ স্মারকগ্রন্থের ‘স্মৃতি’ অংশটি একারণেই তাৎপর্যপূর্ণ যে, এ অংশে যাঁরা লিখেছেন তারা সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্ব। এখানে তাঁর পারিবারিক মানুষজন, সাংবাদিক, শিল্পী, শিশুসাহিত্যিক, লেখক, তাত্ত্বিক, সংগঠক, কবি এবং শিক্ষকরা স্মৃতিচারণ করেছেন। এর ফলে এ স্মৃতিকথা কেবল স্মৃতিকথা হয়ে থাকলো না। একইসঙ্গে তা ইতিহাস এবং সাহিত্যেরও অন্তর্গত হয়েছে বলে মনে হয়। ইতিহাসের অন্তর্গত বলছি এ কারণে যে, এ স্মৃতিচারণের অনেক লেখাই বাহুল্য এবং আবেগবর্জিত। আবার অনেক লেখাই রস-সমন্বিত। এ পর্বে কেবল ভূঁইয়া ইকবাল উপস্থাপিত হয়নি, একই সঙ্গে উপস্থাপিত হয়েছে তার সময়, সমাজ এবং একই সঙ্গে রাজনীতিও। সিরাজুল ইসলাম চৌধুরী থেকে অনিন্দ্য ইকবাল - ধরতে গেলে তিন প্রজন্মের স্মৃতিচারণ রয়েছে এখানে। এ লেখাগুলোর মধ্যে ভূঁইয়া ইকবালের কেবল লেখক বা গবেষকসত্তা উঠে আসেনি, উঠে এসেছে তার সামাজিক সত্তাও। এ পর্বে যাঁরা লিখেছেন তাদের মধ্যে আছেন-সিরাজুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ ইউনুস, পবিত্র সরকার, সনৎকুমার সাহা, গোলাম মুরশিদ, সিদ্দিকা জামান, মনসুর মুসা, নির্মলেন্দু গুণ, রিজওয়ানুল ইসলাম, আবুল বারক আলভী, আবুল মোমেন, মফিদুল হক, আলী রিয়াজ, লায়লা জামান, জাঁ-নেসার ওসমান, মহীবুল আজিজ, আলম খোরশেদ, বিশ্বজিৎ চৌধুরী, জি এইচ হাবীব, ওমর কায়সার, রফিক উম মুনীর চৌধুরী, সৌমী মোস্তফা, কামরুল হাসান বাদল, সালমা বিনতে শফিক, অনিন্দ্য ইকবাল প্রমুখ।
মাত্র ৮টি প্রবন্ধ নিয়ে ‘কৃতি’ পর্বটি সজ্জিত হয়েছে। এত কম লেখা থাকার কারণে ভূঁইয়া ইকবালের গবেষণার বিচিত্রতা সম্পর্কে জানতে পাঠক বঞ্চিত হবে। গোলাম মুস্তফার ‘বিরল গবেষক ভূঁইয়া ইকবাল’ লেখাটি স্মৃতি পর্যায়ের। এপর্বে কেন আন্তর্ভুক্ত হলো তা বোধগম্য নয়। ভূঁইয়া ইকবাল দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন কিন্ত সে সম্পর্কে স্মৃতিচারণ তেমন নেই। তারপরও উন্নতমানের এবং তথ্যসমৃদ্ধ কয়েকটি লেখা এ স্মারকগ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। এ পর্বে হাবিব আর রাহমান লিখেছেন,‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ : শ্রমসাধ্য একটি সন্দর্ভ’, ইসরাইল খান লিখেছেন, ‘সাহিত্যিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে প্রবন্ধ-পত্রিকা বক্তব্যের ভূমিকা (১৯৭৭-৮৪)’, আহমাদ মাযহার লিখেছেন, ‘ভূঁইয়া ইকবাল : সমাজবোধসম্পন্ন আত্মতাড়িত সাহিত্য-গবেষক ও বইসুহৃদ’, মোহাম্মদ আজম লিখেছেন, ‘ভূঁইয়া ইকবালের গবেষণা : রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, পিয়াস মজিদের ‘ভূঁইয়া ইকবাল সম্পাদিত দুটি সংকলন’, মুহিত হাসানের ‘ভূঁইয়া ইকবালের পত্র-চর্চা, পাণ্ডুলিপি-চর্চা এবং নাজমুল হাসান লিখেছেন, ‘ভূঁইয়া ইকবাল ও তাঁর বুদ্ধদেব বসু : একটি পর্যালোচনা’। এ প্রবন্ধগুলিতে চিন্তা এবং পরিশ্রমের ছাপ যেমন আছে তেমনি এ লেখাগুলি থেকে বুঝতে অসুবিধা হবে না ভূঁইয়া ইকবাল কী রকম পরিশ্রমী, মনোযোগী এবং দায়বদ্ধ গবেষক ছিলেন। তবে এ পর্বে আরো বিশ্লেষণধর্মী লেখা থাকলে মননশীল পাঠকদের উপকার হতো এবং স্মারকগ্রন্থটি আরো সমৃদ্ধ হতো।
মাথার চুল দুইপাশে ব্রাশ করা, পুরু লেন্সের চশমা পরিহিত ভূঁইয়া ইকবালের জ্ঞানদীপ্ত যে চেহারাটি সচরাচর দেখা যেত সে চেহারার একটি স্কেচ করা ছবি দিয়ে প্রচ্ছদ করা হয়েছে। খান তানজীদ ওসমানের স্কেচ অবলম্বনে প্রচ্ছদটি করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। এ দুজনেই ভূঁইয়া ইকবালকে কাছে থেকে দেখেছেন এবং তাঁর সংস্পর্শে এসেছেন। এজন্যই মনে হয় প্রচ্ছদটিকে প্রাণবন্ত লাগছে। এছাড়া বইয়ের শেষের দিকে প্রায় ৮ পৃষ্ঠা জুড়ে রয়েছে ভুঁইয়া ইকববালের পারিবারিক এবং বিভিন্ন সাহিত্যজনের সঙ্গে তাঁর ছবি। এ অ্যালবাম এ বইকে আরো সুন্দর এবং মূল্যবান করেছে। তবে এখানে পারিবারিক ছবি প্রাধান্য পেয়েছে এবং ছবিগুলোর পারম্পর্য এবং সময়ের উলেখ থাকলে ভালো হতো। সময় এবং পারম্পর্যকে ভূঁইয়া ইকবাল নিজেও খুব গুরুত্বপূর্ণ মনে করতেন বৈকি।
বইটির বাধাঁই ভালো। কিছু ভুল থেকে গেছে কিন্তু পড়তে বা বুঝতে অসুবিধা হবে না। আশা করা যায়, পরবর্তী মুদ্রণে তা সংশোধিত হবে। সবকিছু মিলে এ বই প্রকাশের জন্য প্রকাশক এবং যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ না দিলে অকৃতজ্ঞতা প্রকাশ হবে। আর সর্বোপরি সম্পাদনায় এই স্মারকগ্রন্থ সম্পন্ন হয়েছে তার প্রতি জানাই কৃত্জ্ঞতা।
