০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন নূরে জান্নাত ও নুসরাত নুসিন

পুরস্কার হিসেবে প্রত্যেকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক পেয়েছেন।

অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন নূরে জান্নাত ও নুসরাত নুসিন
অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩১ পেয়েছেন নূরে জান্নাত ও নুসরাত নুসিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 09:21 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

এ বছর অনন্যা সাহিত্য পুরস্কার ১৪৩১ পেয়েছেন দুই নবীন সাহিত্যিক নূরে জান্নাত ও নুসরাত নুসিন।

ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার তাদের হাতে পুরস্কার তুলে দেন পাক্ষিক অনন্যা ও ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক পেয়েছেন তারা।

নিজের অনুভূতি ব্যক্ত করে নুসরাত নুসিন বলেন, “নারীদের কবি হিসেবে সমাজে বেড়ে ওঠা সহজভাবে ঘটে না। নারী সাহিত্যিকদের সমাজে বিকশিত হওয়া একটা বড় চ্যালেঞ্জ।”

আর নূরে জান্নাত বলেন, “যখন পুরস্কার পাই, তখন যেমন আনন্দ হচ্ছিল, তেমন ভয়ও হচ্ছিল। মনে হচ্ছিল এই পুরস্কার শেষ পর্যন্ত আমার হবে তো।”

তাসমিমা হোসেন বলেন, “নবীন সাহিত্যিকদের সাহিত্য পড়লে বোঝা যায়, তারা মানুষ নিয়ে ভাবছে, পরিবেশ নিয়ে ভাবছে।”

সমাজে বৈষম্যের শিকার নারী সাহিত্যকদের নিয়ে অনন্যা কাজ করছে জানিয়ে তিনি বলেন, “অনন্যা কোনো দলের না, কোনো গোষ্ঠীর না। অনন্যা সাধারণ মানুষের হয়ে কাজ করে।”

অনুষ্ঠানের শুরুতে পুরস্কার জয়ীদের নিয়ে তাপস কুমার দত্ত নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। নবীন দুই সাহিত্যিককে নিয়ে আলোচনা করেন কবি ও সাহিত্যিক ঝর্না রহমান ও হামীম কামরুল হক।

নারী বিষয়ক ম্যাগাজিন ‘অনন্যা’র উদ্যোগে বাংলা ১৪০১ সনে (১৯৯৩ সাল) থেকে ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ দেওয়া শুরু হয়। প্রতি বছর একজন নারী সাহিত্যিক অথবা সাহিত্য-গবেষককে এ পুরস্কার দেওয়া হয়। এবার পুরস্কার পেলেন নবীন দুই সাহিত্যিক।