রাইনের ধারে বাড়ি: সহিংসতার এক উপাখ্যান
একটু খুঁজতেই কয়েক দশকের পুরোনো কয়েকটি দৈনিক পত্রিকায় আমি এমিলি সংক্রান্ত কিছু তথ্য পাই।
হেমন্তের সন্ধ্যায় অনন্ত বৃক্ষবীথি পেরিয়ে এক অপার্থিব হাওয়া ছুটে আসে। আমাদের আইভি লতায় ঘেরা পুরোনো বাড়ির দরোজা-বাতায়নের পাল্লা-চিলেকোঠা থেকে ঘুমে ধরা এক গুঞ্জন আরম্ভ হয় আর পৃথিবীকে দেখে মনে হয় এই হৈমন্তিক সন্ধ্যা কখনোই ফুরোবে না। আমি যখন হারিকেন জ্বালিয়ে বাড়ির ভেতরে কক্ষ থেকে কক্ষান্তরে যাই, তখন গুপ্ত হত্যা, অপরাধ, পৈশাচিকতার এক বিষণ্ণ ফিসফিস শব্দ শুনি।
আমার পূর্বসুরীরা ছিলো বোম্বেটে জলদস্যু। তাদের জাহাজে ছিলো পিপেভর্তি মদ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তারা লুটপাট ক'রে বেড়াত আর বেশ্যাদের সাথে ফূর্তি ক'রে দিন পাড় ক'রে দিতো। তাদেরই একজন ভারতে আসার এক গোপন পথ আবিষ্কার করে। আর মশলা-ময়ূর-সুগন্ধি-বানর আর হনুমানের অত্যাশ্চর্য সেই দেশে থিতু হ'য়ে যায়। পরবর্তীতে আমার পিতামহ জার্মানিতে চ'লে আসে আর এই বাড়িটি কেনে। জার্মানির রাইন নদীর ধারের এই শতাব্দীপ্রাচীন বাড়িটি সব সময়ই বিষণ্ণ ছিলো।
হেমন্তের ঘোলাটে বাতাবরণ এই বাড়ির সহজাত বিষণ্ণ অভিব্যক্তিতে অতি অশুভ প্রভাব ফেলতো। “মৃত্যুর মতো এক ধরনের বিষণ্ণতা” যাকে বলে। আমার অসুস্থ শরীর-মনে তা জাগ্রত ক'রে দিতো এক শিরশিরে অপরাধ-প্রবণতা।
হেমন্তের পাতা ঝরার দিনগুলোয় আমি গভীর ঘুমে এক ভয়াবহ স্বপ্ন দেখতাম। দেখতাম চাঁদের আলোয় একটা মেয়ে নৈঃশব্দ ছড়িয়ে কক্ষ থেকে কক্ষান্তরে দৌড়ে বেড়াচ্ছে, সে হয়তবা আমার মৃত বোন, কিংবা অন্য কেউ। আমি তার মুখশ্রী স্পষ্ট তখনো দেখতে পাইনি। দেখলাম সে বাড়ির সামনে দোলনায় দোল খাচ্ছে, চন্দ্রালোকিত লনে দোলনায় দোল খাওয়ার দৃশ্য মনে করিয়ে দিতো হাজারো রঙ-চটা পিশাচ-কাহিনী আর স্বপ্নের ভেতরে নৈঃশব্দ ভেঙে তখন ছড়িয়ে পড়ত হাসির ধ্বনি। আমার বোনকে সে-সময় ঘিরে ধরতো আরো কয়েকটি শিশু, সবাই মিলে দৌড়ে গিয়ে ঝাঁপ দিতো রাইনের জলে। এবং তারা আর কখনো উঠে আসতো না।
ঘুম ভেঙে গেলে আমি বাড়ির পেছনের জঙ্গল থেকে একটি পেঁচার গম্ভীর ডাক শুনতে পাই আর আমার বুড়ি মায়ের ঘরে আসি। মায়ের চুল ছিলো শণের মতো শাদা আর তার নীল চোখে দেখি অদ্ভুত এক পাশবিকতা। আমি মাকে আমার কোনো বোন ছিলো কীনা বা এই বাড়িতে কোনো খুনের ঘটনা ঘটেছিলো কীনা সে-বিষয়ে জিজ্ঞেস করি, কিন্তু মা নিরুত্তাপ। ঠাণ্ডা গলায় সে বলে, “শতাব্দীপ্রাচীন এইসব বাড়িতে প্রতিদিনই এতসব অশুভ ঘটনা ঘটে যা কেউ মনেও রাখে না।” সে আমাকে লাইব্রেরির গোপন কক্ষগুলোর চাবি দেয় আর সেখানে খোঁজ নিতে বলে।
আমাদের লাইব্রেরির রাজকীয়তা অবশ্যই অনস্বীকার্য। চসার, শেক্সপীয়ার, কীটস, শেলী, ব্লেক, শিলার, হ্যেল্ডার্লিন, রিলকে, নীটশে, বোদলেয়ার, র্যাবো, মালার্মে, ভালেরী, কাফকা থেকে শুরু ক'রে পৃথিবীর সবচেয়ে মহান লেখক ও দার্শনিকদের বইয়ের বহু পুরোনো সংস্করণগুলো ছিলো আমাদের লাইব্রেরীর অমূল্য সম্পদ। বিশেষ ক'রে বোদলেয়ারের ল্যে ফ্ল্যার দু মালের প্রথম সংস্করণের ঘ্রাণ আমি প্রতিদিনই নিতাম। আরো ছিলো এনাসাইক্লোপেডিয়া ব্রিটানিকা। এবং এমন কিছু বই যা লিখেছে অখ্যাত লেখকেরা যাদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাবে না।
ফরাসী প্রতীকবাদী আর জার্মান অভিব্যক্তিবাদীদের দ্বারা আমার পিতা অত্যধিক প্রভাবিত ছিলেন। তাঁর কাছে মনে হতো এই প্রকৃতির অন্তরালে এক গভীর সত্য লুকিয়ে আছে। আর এই প্রকৃতির ভেতরে আলো-ছায়ার খেলা, হিংস্র শিকারী কীটের দংশন, মাকড়শার জালের অবিরাম বেড়ে চলা, হেমন্ত আর শীতের ঘোলাটে দিনগুলো মানবাত্মাকেই প্রতিফলিত করে। আমার পিতা ছিলো দুশ্চরিত্র এক লোক, বুড়ো কারমাজভের ছেলেদের মতোই আমি পাপবোধে ভুগেছি পিতার মৃত্যুর পর। এক অঝোর বর্ষণের দিনে তিনি চিলেকোঠায় নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। রক্তের সে-ছোপ ছোপ দাগ এখনো শুকোয়নি।
আমাদের পারিবারিক ছবির সংগ্রহে আমি একটি মেয়েকে দেখি। সে আমার অচেনা। স্বপ্নের মেয়েটির সাথে আমি তার মুখের সাদৃশ্য খোঁজার চেষ্টা করি। কিন্তু আমি স্বপ্নের মেয়েটির মুখটা ভালোভাবে দেখিনি কিংবা ভুলে গেছি। তবে আপনা হতেই আমার মনে হলো এই মেয়েটিই সে। মেয়েটির ছবির নিচের দিকে তার স্বাক্ষর দেখতে পাই: এমিলি।
একটু খুঁজতেই কয়েক দশকের পুরোনো কয়েকটি দৈনিক পত্রিকায় আমি এমিলি সংক্রান্ত কিছু তথ্য পাই। পত্রিকাগুলোর প্রায় পুরোটাই ইঁদুড়ে খেয়ে ফেলেছে। তাই আমি খণ্ডিত ভাবে কয়েকটি শব্দকে মাত্র আবিষ্কার করি। “এমিলি”, “অজাচার”, “ভাইয়ের সাথে সহবাস”, “মায়ের হাতে খুন”, “রাইনের ধারে ভেসে উঠলো লাশ”। শব্দগুলো থেকে আমি ঘটনাটা নিজের মনে গুছিয়ে নিই: আমার বোনের সাথে আমার অজাচারের সম্পর্ক ছিলো, ক্ষুব্ধ মা তাই বোন এমিলিকে হত্যা ক'রে রাইন নদীতে ফেলে দেয়। এই ঘটনা ভেবে আমি ইডিপাসের চেয়েও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, রাইনের পাড়ে জনশক্তি যেসব গুজব রটায় তা তাহলে মিথ্যে নয়, এক ধরনের হিংস্রতা দ্বিতীয় একটি নদীর মতো রাইনের ধার দিয়ে তাহলে সততই প্রবাহিত হচ্ছে, যা আমরা বিস্মৃত হয়েছি কিংবা যা গোপন করা হয়েছে।
আমি আমার মায়ের ঘরে গিয়ে অভিযোগ তুলি। সে একজন খুনি। শিশুদের অজাচারের জন্যে কেন সে গ্রীক দেবতাদের অনুসরণে “পাপের শাস্তি”র মতো কাব্যিক ভাবালুতায় ডুবে নিজের মেয়েকে শেষ ক'রে দিলো? একজন ধর্মপ্রাণা ক্যাথলিক হিসেবে সে কি জানে না আমরা সবাই পাপাচারী, এডন উদ্যান থেকে দুনিয়াতে আমাদের আগমনই তো হয়েছে পাপের কারণে। অনুতাপের আর অনুশোচনার বাড়াবাড়িই পাপকে প্রগাঢ় মাত্রা দেয়। প্রকৃতপক্ষে পাপ বা নীতি-নৈতিকতা কিংবা যেকোনো মূল্যবোধই অর্থহীন। দু'টি মাংসের ডেলার ধ্বস্তাধস্তিতে কিছুই যায় আসে না প্রকৃতির কিংবা কল্পিত ঈশ্বরের। কিন্তু সমাজ, প্রতিবেশ, এতোটাই হিংস্রতার কাফন গায়ে চড়িয়ে নেয় আর দাঁত-নখ বাড়িয়ে প্রচ্ছন্নভাবে এক রকম ঠাণ্ডা আক্রমণ করতে শুরু করে যে, মূলত এই কারণেই তথাকথিত পাপাচারীর মনে কালো সব ভয় আর ছায়ার বিচরণ শুরু হয়।
আমার মা হেসে ওঠে, বলে এমন কোনো ঘটনাই সে মনে করতে পারছে না। এমিলি নামের মেয়েটি ছিলো আমার সৎবোন। গাণিতিক যুক্তিবিদ্যা আর দর্শনের ব্যাপারে সে আগ্রহী ছিলো। সবাই তাকে ঘৃণা করতো, মনে করতো যে আবোল-তাবোল বইপত্র প'ড়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। এমিলিও কাউকে সহ্য করতে পারতো না, ওর গায়ে শক্তি না থাকলেও যারা ওকে বিদ্রুপ করতো তাদেরকে ও ছুঁড়ি দিয়ে ভয় দেখাতো। একদিন রাইন নদীর জলে ঝাপিয়ে প'ড়ে ও প্রাণ বিসর্জন দেয়। প্রকৃতপক্ষে আমি নিজের মাথার মধ্যে যে-ঘটনাটা সাজিয়েছি তা অযৌক্তিক, কেননা এমিলির মৃত্যুর সময় আমার বয়স ছিলো মাত্র ছয় বছর তিন দিন। আমি পত্রিকার ছিন্ন অংশ থেকে কয়েকটি শব্দ দেখেই যেরকম উদ্ভট সিদ্ধান্তে পৌঁছেছি তা অত্যন্ত হাস্যকর। ওগুলো আসলে কয়েকটি বিচ্ছিন্ন শব্দমাত্র, অন্য কিছু নয়।
সে-রাতে আবারো আমাদের জানালার পাল্লাগুলো কাঁপাতে শুরু করে হৈমন্তিক হাওয়া। বিষণ্ণ ও ক্লান্ত অবস্থায় আমি ঘুমিয়ে পড়ি।
তখন আবারো আসে এমিলি। চন্দ্রালোকিত প্রাসাদের ওপরে সে দৌড়াতে থাকে। মিনারের পেছনে পেছনে আমরা পালাই, যেকোনো গম্বুজের পেছন থেকে বেরিয়ে এসেই হয়তো শয়তান বা আততায়ী আমাদের গলায় ছুঁড়ি চালিয়ে দিতে পারে।
এমিলি আমাকে ফিসফিস ক'রে কোনো একটি কথা বলে। আর আমার খুব ভেঙে যায়, আতঙ্কিত আমি লাইব্রেরিতে ছুটে যাই।
এমিলি আবিষ্কার করেছে এক অন্য জগৎ। যে-জগতে অযৌক্তিকতা আর ঈশ্বরের বাস। সে জগৎ ভয়াল, কুটিল, নিষ্ঠুর এবং হিংস্র, কিন্তু বিশুদ্ধ।
আমি একটি আলমারি সরাই এবং তার পেছনে একটি দরোজা দেখতে পাই, সুলতানদের সিংহাসনের পেছনে যেরকমভাবে লুকোনো থাকতো হারেমের দরোজা।
আমি প্রবেশ করি এবং অতিজাগতিক এক সংগীত আমার মনে বিচিত্র ও ক্রূর এক ভাব জাগায়, আমি প্লেটোনিক ভাব জগতের বিশুদ্ধতম বস্তুরাজি দেখতে পাই।
অত্যাশ্চর্য ঝরনা সেখানে প্রবাহিত হচ্ছে। বিষণ্ণ ও হিংস্র পাখিরা সেখানে গান গায়।
সেটাই এডন উদ্যান, এক ছায়াময় মন্থর বিমর্ষ জগৎ। সেখানে আমি এমিলির কংকাল দেখতে পাই। আমার মা সেখানে হিংস্র হাসি নিয়ে অপেক্ষমাণ।
আমি তার দিকে ছুটে যাই আর তার খুলি ভেদ ক'রে মগজের ভেতরে ছুড়ি গেঁথে দিই।
শুধু আইভিলতায় ছাওয়া বাড়ি নয়, কিংবা রাইন নদী নয়, পবিত্র এডন উদ্যানও রক্ত দ্বারা কলুষিত হয়।
