কাঠের গৌরাঙ্গ তুমি
তবু বলা যায়— তার কবিতার অভিঘাত তীব্র। বাস্তবতার শর্ত প্রতিটি পঙক্তিতে সেখানে বিচূর্ণ। নিঃসঙ্গতা, আত্মভাঙন এবং প্রান্তিক জীবনের স্বপ্নের মতো পরস্পরবিরোধিতায় উজ্জ্বল তার কবিতা।
চোদ্দো বছরের ছোটো। কিন্তু গতকাল, ২৫ জুলাই, বয়সে ঘ্যাঁচ করে সমতা এনে এখন এমন এক দূরত্ব তৈরি করে ফেলল, যাতে সে দিনদিন অতিকায় হয়ে উঠবে। কেননা মৃত যে, তাকে যেভাবেই দেখি এবং দেখাতে চাই, সে হয়ে ওঠে আরো বড়ো। স্পর্শাধীন থাকতে সে পছন্দ করে না।
অথচ এই সেদিন, ১৯৬৪ সালের ৬ ডিসেম্বর জন্ম রাহুলের; রাহুল পুরকায়স্থর, যে-তারিখটি পরে, ১৯৯২ সালে, বাবব্রি মসজিদ ভাঙার পর বিখ্যাত হবে।
পঁয়তিরিশ বছর আগে, কোনো-একদিন আলাপ আমাদের। কথা এসব নয়-যে আমরা এই কলকাতা-নামক জটিল এক জঙ্গলে যেমন ঘুরেছি, ঘুরেছি পাহাড়ে ঝরনায় খাদের কিনারে, জলের উপর জেগে ওঠা পরপর পাথরে পা রেখে ঢুকে গেছি অন্ধকারে-- গুহার অনেক ভিতরে। সেবার দেশের প্রায়-শেষ প্রান্তে। রেলিঙে ঝুঁকে দাঁড়িয়ে। বহু নীচে জলপ্রপাতের মতো ঝরনা সগর্জন আছড়ে পড়ছে আর সেই নীচ থেকে উঠে আসছে সাঁ-সাঁ হাওয়া। চুল উড়ছে, পোশাক উড়ছে, ইচ্ছে উড়ছে, কাঁধের ব্যাগ উড়ছে। সেই ব্যাগ থেকে রাহুল তার সদ্যপ্রকাশিত কবিতার বই নিয়ে আচমকা ছুঁড়ে দিল শূন্যে, যে-শূন্যের তলদেশ দেখা যায় না। আমাদের বিমূঢ় করে অর্ধেক শূন্যতা থেকে পতপত পাতা উড়িয়ে ফিরে এসেছিল সেই বই। মেঘাবৃত আকাশ-বাতাস-নয়নাভিরাম পাহাড়শ্রেণী-জঙ্গল-ঝরনা-সমৃদ্ধ প্রকৃতি নেয়নি। অবিশ্বাস্য হলেও এটা সত্যি।
হ্যাঁ। কথা এটাই-যে সে ছিল কবি। ‘জলে লেখা কবিতা’য় রাহুল লিখেছিল:
শূন্যে যদি দুলে ওঠো বিবর্ণ পুস্তক
তোমার কবিতাখানি স্ফুট হয়ে ওঠে…
বাঁঁদিক থেকে এই প্রবন্ধের লেখক একরাম আলি , গদ্যলেখক গৌতম সেনগুপ্ত এবং কবি রাহুল পুরকায়স্থ
হয়তো পরখ করতে চেয়েছিল নিজেকে। নিজের কবিতাকে। হয়তো অহম্-কে বিসর্জন দিতে চেয়েছিল। কিন্তু কোনো কবির পক্ষে কি অহম্-কে বিসর্জন দেওয়া সম্ভব? না। কবিতা লিখিত হয় সচেতন দেহ দ্বারা। দেহে এই সচেতনতা আসে অহম্ এবং অপর অহম্-এর উপস্থিতিতে। আরো বহু কিছুর অনুপ্রবেশ ঘটে। কবির অহম্ যে-জগতে বসবাস করে, সে-শুধু অহম্-এর একার জগৎ নয়। বলা যেতে পারে, অহম্ সম্প্রদায়ের জগৎ। ‘সার্বজনীন’ শব্দটি এই জগৎ সম্বন্ধে সুপ্রযুক্ত। তাই এই মরপৃথিবীতে কবিতা লিখিত হয়, একা এবং বহুজনসমাগমে পড়া হয়, তর্ক হয় এবং কবিতার মৃত্যুও হয়। ‘সময় ও শূন্যতা’ বইয়ে রাহুল লিখেছিল:
আগুনে আহত তুমি
তুমি পুরাতনী,
আগুনের ধারে বসে তুমি আমি
কথা বুনে চলি,
কথা বুনি সম্পর্কের,
কথা বুনি সন্ত্রাসের,
আমার মায়ের ভাষা আমাকে জড়ায়’
এই কবিতার শেষ পঙক্তিটি ছিল—
‘কাঠের গৌরাঙ্গ তুমি, আমি প্ররোচনা।
এতটা লিখে সন্দেহ হচ্ছে, রাহুল পুরকায়স্থকে চিনি কি আমি? চিনতাম কখনো? আমরা? না, সম্ভবত। আসলে কোনো কিছুকে সম্পূর্ণরূপে জানতে আমরা পারি না। না কবিকে, না কবিতাকে। উৎপলকুমার বসুর একটি কবিতা আছে— ‘আরো প্রকৃতির ছবি’। তাতে উৎপল লিখেছিলেন— ‘প্রতি ধর্ম বলে দেয়, আমি চাই অসম্পূর্ণ পাঠ।‘
তেমনই রাহুল। তাকে এবং তার কবিতাকে চিনি, তবে অংশত। তবু বলা যায়— তার কবিতার অভিঘাত তীব্র। বাস্তবতার শর্ত প্রতিটি পঙক্তিতে সেখানে বিচূর্ণ। নিঃসঙ্গতা, আত্মভাঙন এবং প্রান্তিক জীবনের স্বপ্নের মতো পরস্পরবিরোধিতায় উজ্জ্বল তার কবিতা।
তখন সেই ঘরটি ছিল। মস্ত জানালা দিয়ে দেখা যেত একটা গোটা পুকুর। মা ছিলেন। বোন ছিল। একটা গোটা কলোনি ছিল তার জন্যে।
বাঁদিক থেকে গদ্যলেখক গৌতম সেনগুপ্ত, দেজ পাবলিশিং-এর কর্ণধার শুভঙ্গর দে, নজরুল-গবেষক ও প্রাবন্ধিক অর্ক দেব, কবি একরাম আলির দৌহিত্রী সুহা নাসরিন, কবি রাহুল পুরকায়স্থ এবং কবি একরাম আলি
এতটা পথ আসতে গিয়ে বহু কিছু হারিয়েছে সে। কিন্তু আমৃত্যু হারায়নি সেই বেলঘরিয়া, সেখানকার কলোনি জীবন। বরং নিজের বাঁচার জন্য সেই কলোনিকেই রাহুল চারপাশ থেকে ঠেলে-ঠেলে বড়ো করেছে। কবিতার দিগন্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছে সেই কলোনিকে। তার গলি, বাজারের কাক, যেখানে খুনির গেঞ্জি শুকোয় দড়িতে। মাছি। ইঁদুর। ‘গেঞ্জির ছায়ায় ওই বেজি ও সাপের গলাগলি।’
সেদিন হাসপাতালে রাহুলকে দেখে বেরোচ্ছি, বাইরে একজন পরিচয় জানতে চাইলেন। আমি বলার আগেই শুভেন্দু (দেবনাথ) কিছু বলল। হাসিমুখ হাত বাড়িয়ে তিনি বললেন— ও, আপনিই একরামদা! রাহুলের কাছে কত শুনেছি।
--আপনি?
--আমরা বেলঘরিয়ার। রাহুলের বন্ধু।
কত বড়ো একটা জায়গা বেলঘরিয়া! তার একটা রেলস্টেশন অব্দি আছে। সেটাকে পাড়া বানিয়ে ফেলেছিল রাহুল। যদি ঠিকঠাক সময় পেত, এই রাক্ষসরূপী শহরটাকে, চাই কি গোটা রাজ্যটাকেই, পাড়া বানিয়ে নিত সে। কত বিভিন্ন রকমের মানুষ, কত নানান স্তরের জীবন, কত-না চড়াই-উতরাই সে পার হয়েছে। এত সব মাত্র ওই ক-টা কবিতার বইয়ে আঁটে?
ফোনে কথা শুরু হলে প্রথমেই জানতে চাইতাম, কোথায় সে আছে। উত্তরটা সংক্ষিপ্ত হয়ে এসেছিল— বাড়ি অথবা অফিস। একদিন উত্তর পেলাম— নার্সিংহোমে। ডায়ালিসিস চলছে।
মানে কী! এই অবস্থায়?
রাহুলের উত্তর ছিল— কী করব। যতক্ষণ ডায়ালিসিস চলবে, চুপচাপ শুয়েই তো থাকতে হবে। তার চেয়ে গল্প করা কি ভালো না?
সেদিন প্রচুর কথা হল কবিতা নিয়ে। বিস্তর পরচর্চাও হল, যা ছাড়া বাঙালি ডায়ালিসিসও নিতে পারে না। এত-এত অসুখে ভুগেছে রাহুল বা ভুগেছি আমিও, কখনো অসুখ নিয়ে আমরা কথা বাড়াইনি। ওই অবস্থাতেও রাহুল পরেরপর তার এবং অন্যের কবিতা শুনিয়েছে। আমাদের আড্ডার বিষয় ছিল উৎপলদা, পার্থপ্রতিম কাঞ্জিলাল, পরিসর বাড়ানোর জন্য কখনো-বা আমাদের সমসাময়িক কবিদের কেউ কেউ। এখন সব শেষ।
হাসপাতালের শেষ ক-দিন প্রতি রাতে বর্ণালীর হোয়াটসঅ্যাপ মেসেজ আসত, রাহুল কেমন আছে। সেগুলো কখনো লম্বাও হত। শেষ মেসেজটি আসে ২৫ জুলাই দুপুরে এবং ছোট্ট— ‘পারলাম না’।
রাহুল লিখেছিল:
অনেকটা দেখা হল, হল না বিস্তর
না-হওয়া দেখার মাঝে মজামারা বালকের হাসি—
এইমতো কবিতা জন্মায়
কালো মলাটের নীচে রাতের ইস্কুল, আমি পড়ি
বৃষ্টিমাতা আর রাখালদাসেরে আমি পড়ি
মাছের হাওলাদার, পুরানো জাঁতিটা আমি পড়ি
সব পড়া দেখে চলি না-দেখার মতো
না-দেখা পাঠক আমি, সিংহ রাশির ছায়া,
কল্পনাদীক্ষিত
