২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম আলির ছ-টি কবিতা

আবার কি ফিরে যেতে চাও সেই অভয়ারণ্যে?

একরাম আলির ছ-টি কবিতা

চিত্রকর্ম:

একরাম আলি একরাম আলি

Published : 24 Jun 2023, 01:58 PM

Updated : 24 Jun 2023, 01:58 PM

গল্প

বলতে চাই না

তবু লম্বা হয়ে গল্পটা আমার কাছে আসে

ঝুঁকে পড়ে।  ফিসফিসায়— বলো! বলো!

সন্ধ্যের পর মাথা নীচু করে বসে থাকি

কিন্তু বিশ্বাস করি না

ছায়ারা কাছাকাছি আসে

চেপে ধরতে চায় একে-অপরকে

তবু বারবার সে বলে—

একটা ফুল বোঁটা থেকে পাপড়ি পর্যন্ত

ক্রমশ ফুলে উঠছে

আর তুমি?

বিশ্বাস করো—

তুমিই সেই গল্প!

নীরবতা

ভাঁজ খুলে ফেল

তোমার পুরোনো অন্ধকারের

আবছা নকসা থেকে

প্রাণ পেয়ে ডেকে উঠবে সেই পাখি

তখন দেখবে—

নীরবতা কত উৎসাহী প্রাণী

সে আমাদের অতিক্রম করে

যেতে চাইবে নদীর স্রোতের দিকে

গ্রীষ্ম

শুরুটা যেমন ছিল

শেষটুকু তেমন ছিল না

তবে, বন্ধু!

সব কিছু বদলে যেতে পারে

বিছানায় ঝাঁপ দিয়ে তুমি খোঁজো

ছোটো-ছোটো স্বপ্ন

দিঘির অতলে যেন

কবেকার হারানো সাঁতার

ছায়া থেকে আলো অব্দি যে-বৈশাখ এল

তার প্রবাহিত শরীরে মাতাল উষ্ণতা

তবু যারা পথে-পথে ঘোরে

তারা কি সবাই হারায়?

একটি দৃশ্য

বহুতল বাড়ির ওপর থেকে

দেওয়াল বেয়ে নেমে আসছে নিঃস্তব্ধতা

নীচে অপেক্ষায় আছে

ছোট্ট এক দীর্ঘশ্বাস

হাঁসফাঁস করছে

বাগানের পাতাগুলো কেঁপে-কেঁপে ওঠে

মাঝরাত— সন্দেহভাজন উপায়ে

তুমি তাদের দেখেছ

অর্থাৎ দেবতাদের দৃষ্টিতে

আর তাই, শুরু থেকেই তুমি নিখোঁজ

শোক

তাহলে শোনো সেই হাঁসের কান্না

নীরব জঙ্গলে

পাখিদের নীরবতার মাঝে

ঝিল-পারে একাকিনী সে কাঁদে

যেমন ধরা যাক এই গল্পটি

তুমি ভুলে গিয়েছিলে

অশ্রুহীন তোমার চোখ

আবার কি ফিরে যেতে চাও সেই অভয়ারণ্যে?

শুকতারা

শুকতারা যেমন খুশি জ্বলে

যেমন খুশি নিভে যায়

নিজের ঝকঝকে আয়নায়

ঘাড় ঘুরিয়ে দেখে

যেন-বা সেলুন

মাঝে-মাঝে হাসে, কখনো-বা চুপ

গাছের ফাঁকে-ফাঁকে

দেখা যায় তার ইচ্ছার কিরণ

তার ভুলগুলো

হয়তো মাফ করে দেওয়া হবে

কেন-না একই মাটি আর একই আকাশে

সবার বসবাস

আমাদের সবারই মাথায়

ঠেস দিয়ে আছে

একটি মনোরম ঘুম