২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের করুণ মৃত্যুগুলো-৩

নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক চরিত্র সম্ভবত আমারান্তাই। সেই কিশোরী বয়সে পিয়েত্রো ক্রেসপিকে নিয়ে রেবেকার সাথে তার মানসিক দ্বন্দ্ব শুরু। রেবেকা হোসে আর্কাদিওকে বিয়ে করে ফেললে পিয়েত্রো ক্রেসপি যখন আমারান্তাকে বিয়ে করতে চায় আমারান্তা আর পাত্তাই দেয় না তাকে।

কামরুল আহসান কামরুল আহসান

Published : 02 Dec 2025, 10:58 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

আমারান্তা

নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক চরিত্র সম্ভবত আমারান্তাই। সেই কিশোরী বয়সে পিয়েত্রো ক্রেসপিকে নিয়ে রেবেকার সাথে তার মানসিক দ্বন্দ্ব শুরু। রেবেকা হোসে আর্কাদিওকে বিয়ে করে ফেললে পিয়েত্রো ক্রেসপি যখন আমারান্তাকে বিয়ে করতে চায় আমারান্তা আর পাত্তাই দেয় না তাকে। সেই দুঃখে পিয়েত্রো ক্রেসপি আত্মহত্যা করে। তারপর থেকে উরসুলার সঙ্গেও একটা মানসিক দূরত্ব তৈরি হয় আমারান্তার। নিঃসঙ্গতা ঘুচাতে ভাইপো আউরেলিয়ানো হোসের সঙ্গে নিবিড় একটা সম্পর্ক গড়ে তুলেছিল সে, পরবর্তীতে তা যখন শারীরিক আকর্ষণে রূপ নিতে শুরু করে এক পর্যায়ে নিজেকে আউরেলিয়ানোর কাছ থেকে দূরে সরিয়ে আনে। তারপর শুরু হয় তার অন্তহীন নিঃসঙ্গতা। এক সময় কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার বন্ধু কর্নেল জেরিনাল্দো মার্কেসও প্রেমে পড়েছিল তার, দিয়েছিল বিয়ের প্রস্তাব; কিন্তু বড় নিষ্ঠুরভাবেই আমারান্তা তাকে ফিরিয়ে দেয়। উরসুলাও তাকে কিছু বুঝাতে পারে না। কেবল অভিশাপ দেয়। সুন্দরী রেমেদিউসের মৃত্যুর পর পর সে একটি  কাফনের কাপড় বুনতে শুরু করে। সেই অন্তহীন কাফনের কাপড় সে সেলাই করে চলে কয়েক বছর ধরে। এর মধ্যে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়াও মারা যায়। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া মারা যাবার পর তাকে আরো নিঃসঙ্গ মনে হয়। কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া যেমন নিরুপায় হয়ে যুদ্ধের কথা ভাবতো, আমারান্তাও তেমনি রেবেকার কথা ভাবতো। রেবেকার সাথে আর কোনোদিন দেখা হয়নি তার। বহু বছর ধরে আমরান্তা শুধু একটা জিনিসই চেয়েছে ঈশ্বরের কাছে, আর সেটা হলো তিনি যেন তাকে রেবেকার আগে মারা যাওয়ার শাস্তি না দেন। কখনো রেবেকার বাড়ির পাশ দিয়ে যাবার সময় সেই বাড়ির ভগ্নদশা দেখে তার মনে হতো ঈশ্বর তার কথা শুনছেন। লোকে যেমন করে চিঠির আশায় বসে থাকে, তেমন করে সে বাড়ির বারান্দায় বসে থাকতো এই আশায় যে লোকজন বোধহয় এখনই রেবেকার মৃত্যুসংবাদ বয়ে আনবে। বাড়ির কেউই তখন বুঝতে পারেনি যে আমারান্তা সে-সময় রেবেকার জন্যে একটা সুন্দর কাফনের কাপড় তৈরি করছিল। অনেক দূর সেলাই হয়ে যাবার পর আমরান্তা আবার সেলাই করা বোতামগুলো খুলে ফেলতো, যাতে ক’রে কাজের অভাব তার অপেক্ষার সময়টা আরো দীর্ঘ না করে তোলে। ঠিক যেন কর্নেল আউরেলিয়ানোর মতোই, পঁচিশটা সোনার মাছ হয়ে গেলে সেগুলো গলিয়ে আবার নতুন করে শুরু করা। এভাবে জীবনের একঘেয়েমী ক্লান্তিকর নিঃসঙ্গতার দিকে আমাদের ছুড়ে ফেলেন মার্কেস। ভাবনার মনস্তত্ত¡টাও খেয়াল করার মতো, নিঃসঙ্গ মুহূর্তেও মনে মনে যুদ্ধ চলছে। 

এক বিকেলে সেই কাফনের কাপড় সেলাইরত অবস্থায় আমারান্তা নিজের মৃত্যুকে দেখতে পায়। পরদিন সকালে কাপড়ে শেষ গিঁট দিয়ে সে ঘোষণা করে সন্ধ্যার সময় সে মারা যাচ্ছে। নিজের জঘন্য জীবনের ক্ষতিপূরুণ হিসেবে মৃতদের কাছে চিঠি নিয়ে যেতে চায় সে। সে যে শুধু পরিবারের সদস্যদেরই একথা জানায় তা নয়, বলে শহরের তাবৎ লোককে। দুপুরের মধ্যেই এ-খবরটা সারা শহরে চাউর হয়ে যায়। অনেকেই মৃতদের নাম ও মুত্যুর তারিখসহ তার কাছে চিঠি নিয়ে আসে। লিখতে অনীহা যাদের তারা মৌখিক বার্তা দেয়, আমারান্তা সেসব নোটবুকে টুকে রাখে। সকালবেলা সে একজন ছুতোরমিস্ত্রি ডেকে পাঠায়, তাকে দিয়ে নিজের জন্য কফিন বানায়। এমনভাবে তাকে কফিনের মাপ দেয় যেন নিজের জন্য নতুন পোশাকের মাপ দিচ্ছে। উরসুলা জানে বুয়েন্দিয়ারা অসুখে ভুগে মরে না, কাজেই এ-ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে না যে মৃত্যুর কাছ থেকে আমারান্তা কোনো না কোনো সংকেত পেয়েছে। 

আমরান্তা বুয়েন্দিয়া মৃতদের জন্যে চিঠি বয়ে নিয়ে যাচ্ছে এ-কথা লোকমুখে শুনতে পেয়ে পাঁচটার সময় ফাদার আন্তোনিও ইসাবেল আসেন শেষ ধর্মীয় আচারগুলো সারতে। কিন্তু, আমরান্তা তাকে স্রেফ জানিয়ে দেয় কোনো ধরনের আত্মিক সাহায্য তার দরকার নেই, কারণ সে তার বিবেকের কাছে দায়মুক্ত। একে একে পরিবারের সবার কাছে বিদায় নেয় আমারান্তা। গোসল সেরে বিছানায় শোয়। উরসুলার কাছ থেকে আয়নাটা চেয়ে নিয়ে চল্লিশ বছর পর নিজের মুখ দেখে। শোবার ঘরের নীরবতা উরসুলাকে বুঝিয়ে দেয় সন্ধ্যা নেমে এসেছে।

আমারান্তার জন্য নয় দিনের শোক শেষ হওয়ার আগে বিছানা থেকে ওঠে না উরসুলা।  

রেনাতা রেমেদিউস ও মাউরিসিও বাবিলনিয়া

রেনাতা রেমেদিউস আউরেলিয়ানো সেগান্দো আর ফারনান্দার মেয়ে। তার ডাক নাম মেমে। মেমে ভালোবেসেছিল মাউরিসিও বাবিলনিয়াকে। মাউরিসিও বাবিলনিয়ার জন্ম মাকোন্দোতেই, মাকোন্দোতেই বড় হয়েছে, কাজ করতো কলা কোম্পানির গ্যারেজে শিক্ষানবিস মেকানিক হিসেবে। হঠাৎই অপ্রত্যাশিতভাবে তাদের সাক্ষাৎ এবং তার থেকে প্রণয়। সেই প্রণয়ের ফলস্বরূপ জন্ম হয় বুয়েন্দিয়াদের সপ্তম পুরুষ আউরেলিয়ানো বাবিলনিয়ার। 

রেনাতা রেমেদিউস আর মাউরিসিও বাবিলনিয়ার প্রেমের কথা জানতে পেরে ফারনান্দা পেছনের আঙ্গিনায় একজন রক্ষী নিযুক্ত করে। সেই রাতেই যখন মাউরিসিও বাবিলনিয়া গোসলখানায় ঢোকার জন্যে টালিগুলো সরাচ্ছিল, কারণ মেমে তখন নগ্ন হয়ে তার জন্যে সেখানে অপেক্ষা করছিল, যেমনটি সে গত কয়েকটি মাস ধরে নিয়মিত করে এসেছে, সেই অবস্থায় রক্ষী তাকে নামিয়ে আনে। তার শিড়দাঁড়ার ভেতর ঢুকিয়ে দেয়া একটা গুলি তাকে জীবনের জন্য শয্যাশায়ী করে দেয়। নিঃসঙ্গ অবস্থায়, বার্ধক্যে ভুগে ভুগে মারা যায় মাউরিসিও বাবিলনিয়া।

রেনাতা এর মধ্যে গর্ভবতী হয়ে পড়ে। রেনাতাকে জোর করে এক মঠে নিয়ে রেখে আসে ফারনান্দা। বাড়ির লোকদের জানায় সে নিজের ইচ্ছাতেই ওখানে গিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত সে আর কোনো কথা বলে না। মেমেকে মঠে রেখে আসার কয়েক মাস পরে তার দুমাসের ছেলেকে ঝুড়িতে করে নিয়ে আসে এক সন্ন্যাসিনী। তার নাম রাখা হয়েছে আউরেলিয়ানো। ফারনান্দা জানায়, ‘আমরা সবাইকে বলব ওকে আমরা একটা ঝুড়িতে ভাসমান অবস্থায় পেয়েছি।’ সন্ন্যাসিনী বলে, ‘কেউ সে-কথা বিশ্বাস করবে না।’ ফারনান্দা জবাব দেয়, ‘লোকে যদি বাইবেলের কথা বিশ্বাস করতে পারে তাহলে আমার কথা কেন করবে না।’

কলাশ্রমিক গণহত্যা 

নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসে সবচেয়ে মর্মান্তিক মৃত্যুদৃশ্য সম্ভবত কলাশ্রমিক গণহত্যাই। নিজেদের বেতন-ভাতা ও সম্মানজনক কর্মপরিবেশের দাবিতে ধর্মঘট ডাকে কলাশ্রমিকরা। শুক্রবার সকাল থেকেই স্টেশনে এসে জড়ো হয় তারা। সেখানে নিরস্ত্র শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচার গুলি চালিয়ে সেনাবাহিনী অন্তত তিন হাজার নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে। নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের অনুবাদক জি এইচ হাবীব কলাশ্রমিক গণহত্যা নিয়ে এক লেখায় জানিয়েছেন, ‘ঘটনাটির একটি বাস্তব ভিত্তি রয়েছে। ১৯২৮ সালের ৫ ও ৬ ডিসেম্বর মার্কিন ইউনাইটেড ফ্রুট কোম্পানির শ্রমিকরা কলম্বিয়ার সান্তা মার্তা শহরের কাছে সিয়েনাগা নগরে একটি গণহত্যার শিকার হয়েছিলেন। সম্মানজনক কর্মপরিবেশের ব্যাপারে তাদের সঙ্গে যেন কোম্পানিটি একটি চুক্তিতে উপনীত হয়, সেই দাবিতে ১৯২৮ সালের ১২ নভেম্বর ধর্মঘটটি শুরু হয়েছিল।’

নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসে হোসে আর্কাদিও সেগান্দো সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। মৃত ভেবে তাকেও কলার ছড়ার মতো ছুঁড়ে ফেলা হয়েছিল ট্রেনের এক কামড়ায়। চেতন ফেরার পর সে দেখে অসংখ্য মৃতদেহের মাঝে পড়ে আছে সে। সেখানে আছে নারী শিশু পুরুষ। ফিরে আসার পর সে জানায় কমপক্ষে ৩ হাজার মানুষ হবে ওখানে। কিন্তু, সেনাবাহিনীর ভয়ে কেউ তার কথায় সায় দেয় না। সবাই বলে, কোনো হত্যাকাণ্ডই হয়নি এখানে। 

কর্নেল জেরিনাল্দো মার্কেস

কলাশ্রমিক গণহত্যার পর পরই অবিরাম বৃষ্টি শুরু হয় মাকোন্দোতে। সে বৃষ্টি স্থায়ী হয় চার বছর, এগারো মাস, দুই দিন। বৃষ্টিতে পুরো শহরটা ডুবে যায়। বাতাস এমনই ভেজা হয়ে উঠেছিল যে দরজা দিয়ে ঘরের ভেতর মাছ এসে এ-ঘরের বাতাসে ভাসতে ভাসতে জানালা দিয়ে বেরিয়ে যেত সাঁতার কেটে। রাস্তাঘাটে তখন কেউই আর বেরোত না। এমনই এক সময় মারা যায় কর্নেল জেরিনাল্দো মার্কেস, যে- ছিল কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমারান্তার পাণিপ্রার্থী। তার শবযাত্রা বাড়ির পাশ দিয়ে যাচ্ছে শুনে ফারনান্দা আধখোলা একটা জানালা দিয়ে দেখে দৃশ্যটা। এর চেয়ে বিষণ্ণ শবযাত্রার কথা সে কোনোদিন ভাবতে পারতো না। কফিনটাকে একটা গরুর গাড়ির ওপর রাখা হয়েছে, গরুর গাড়িটার ওপর কলাপাতার একটা চাঁদোয়া টাঙানো, কিন্তু বৃষ্টির এমনই তোড় আর রাস্তা এমনই কাদাটে যে প্রতি পদে গাড়ির চাকা আটকে যাচ্ছে, এবং আচ্ছাদনটা ভেঙে পড়বার উপক্রম হচ্ছে। কফিনের ওপর ঝরে পড়া বিষণ্ণ ধারাপাত ওটার ওপর বেছানো পতাকাটাকে ভিজিয়ে দিচ্ছে, আসলে সেটা যে রক্ত আর বারুদের দাগ-লাগা ওই পতাকা যা সাবেককালের আরো সম্মানীয় সৈনিকেরা প্রত্যাখ্যান করেছিলেন। কফিনের ওপর আরো রেখেছে রুপো আর তামার ঝালর লাগানো একটা তরবারি, কর্নেল জেরিনাল্দো মার্কেস যেটা কোট-র‌্যাকের ওপর রাখতো নিরস্ত্র অবস্থায় আমারান্তার সেলাই ঘরে যাওয়ার জন্যে। গরুর গাড়ির পেছনে কিছু লোক, তাদের কারো পা খালি, কিন্তু সবারই প্যান্ট গোটানো, কাদা ভেঙে চলছে নীয়ারলান্দিয়ায় আত্মসমর্পণের জীবিত শেষ ক’জন, তাদের এক হাতে গবাদিপশুর ব্যবসায়ীদের লাঠি, আরেক হাতে বৃষ্টিতে বিবর্ণ হয়ে যাওয়া কাগুজে ফুলের তোড়া। তখনো কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার নামেই পরিচিত সেই সড়কটার ওপর তাদেরকে একটা অবাস্তব দৃশ্যের মতো মনে হয়, স্কোয়্যারের কোনাটা অতিক্রম ক’রে মোড় ঘোরার সময় তারা সবাই একবার বাড়িটার দিকে তাকায়, আর ওইখানটাতেই তাদের সাহায্যের দরকার হয়ে পড়ে আটকে যাওয়া গাড়িটাকে নড়াবার জন্যে। উরসুলার অনুরোধে তাকে দরজার কাছে নিয়ে আসে সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ। শবমিছিটার বাধাবিপত্তি উরসুলা এমন মনোযোগ নিয়ে অনুসরণ করে যে, সে যে ঘটনাটা দেখছে এ-ব্যাপারে কারো মনে কোনো সন্দেহের উদ্রেক হয় না, বিশেষ ক’রে এই কারণে যে, দেবদূতীয় বার্তাবাহকের মতো তার ওঠানো হাতটা গরুর গাড়ির দুলুনির সঙ্গে তাল রেখেই নড়ছিল। 

চিৎকার ক’রে সে বলে ওঠে,‘বিদায়, জেরিনাল্দো, বাপ আমার। আমার লোকজনকে শুভেচ্ছা দিস, আর তাদের বলিস বৃষ্টি থামলে ওদের সঙ্গে দেখা হবে আমার।

উরসুলা

উরসুলার বয়স হয়ে গিয়েছিল একশ বছরের বেশি। তাকে দেখতে মনে হতো এক সদ্যোজাত শিশু। আমারান্তা উরসুলা আর আউরেলিয়ানো তাকে তার শোবার ঘরের বাইরে নিয়ে যেত আবার ভেতরে নিয়ে আসত, তাকে বেদীতে শুইয়ে দিয়ে দেখতো শিশু যীশুর চেয়ে বড় কিনা দেখতে। একদিন বিকেলে তারা তাকে ভাঁড়ার ঘরের এমন একটা দেয়ালকুঠুরির ভেতর লুকিয়ে রাখে যেখানে তাকে হয়তো ইঁদুরই খেয়ে ফেলতো। তার এমন স্মৃতিভ্রম হয় যে অতীত-বর্তমান আর ভবিষ্যৎ গুলিয়ে ফেলে। একদিন সে আগুন আগুন বলে চেঁচিয়ে ওঠে। মুহূর্তের জন্য বাড়িতে আতংক ছড়িয়ে পড়ে। কিন্তু সে আসলে তার চার বছর বয়সে একটটা গোলাঘরে আগুন লাগার কথা বলছিল। মানুষজনকেও ঘুলিয়ে ফেলে সে। আউরেলিয়ানো বুয়েন্দিয়াকে মনে করে ছেলে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া। মৃতমানুষদের সাথে সে এমনভাবে কথা বলা শুরু করে যেন তারা এখনো জীবিত আছে, তার আশেপাশেই ঘুরছে। 

এক রোববারে ফারনান্দা যখন গির্জায় গেছে, শোবার ঘরে ঢুকে আমরান্তা উরসুলা আর আউরেলিয়ানো উরসুলাকে ঘাড় আর পায়ের গোড়ালি ধরে বের ক’রে আনে।

আমরান্তা উরসুলা বলে, ‘বেচারী বড় দাদী। বুড়ি থুত্থরি হয়ে মরে গেল’।

চমকে ওঠে উরসুলা।

‘আমি বেঁচে আছি’! সে বলে ওঠে।

আমরান্তা উরসুলা হাসি চেপে বলে, ‘দেখো, ওর নিঃশ্বাস পড়ছে না।’

‘আমি কথা বলছি!’ উরসুলা চিৎকার ক’রে ওঠে।

‘ও এমনকি কথাও বলতে পারছে না,’ আউরেলিয়ানো বলে। ‘ছোট্ট একটা ঝিঁঝিঁ পোকার মতো মারা গেল গেল বেচারী।’

এরপর আর কোনো প্রমাণ দেবার চেষ্টা করে না উরসুলা। তাজ্জব হয়ে নিচু গলায় সে বলে ওঠে, ‘হায় ঈশ্বর, মরে গেলে তাহলে বুঝি এরকমই লাগে।’

গুড ফ্রাইডে সকালে তাকে মৃত অবস্থায় আবিষ্কার করে বাড়ির বড়রা। শেষ যে-বার ওরা তাকে তার বয়স হিসেব করতে সাহায্য করেছিল, সেই কলা কোম্পানির সময়ে, সে আন্দাজ করেছিল সেটা একশ পনেরো থেকে একশ পঁচিশের মধ্যে হবে। যে-কফিনে তাকে কবর দেয়া হয় সেটা যে-ঝুড়িতে ক’রে আউরেলিয়ানোকে নিয়ে আসা হয়েছিল তার চেয়ে বড় হবে না, আর, শেষকৃত্যানুষ্ঠানে খুব অল্প লোকই আসে, তার একটা কারণ এই যে তার কথা জানে এমন লোক খুব বেশি নেই তখন, এবং দ্বিতীয়ত, সেদিন দুপুরে এমনই গরম পড়েছিল যে পাখিরা দিশে হারিয়ে মাটির কবুতরের মতো দেয়ালের গায়ে আছড়ে পড়েছিল আর শোবার ঘরের পর্দা ফুঁড়ে ঢুকতে গিয়ে মারা যাচ্ছিল। 

রেবেকা

সেই বছরের শেষ দিকে মারা যায় রেবেকা। তার আজীবনের চাকরানী আর্জেনিদা কর্তৃপক্ষের কাছে গিয়ে এই বলে সাহায্য চায় যে তার কর্তা-মা তিন দিন ধরে যেখানে তালাবন্দি সেই শোবার ঘরের দরজা ভেঙে তারা যেন তাকে বের করে আনে, তখন তারা গিয়ে দেখে রেবেকা নিজের বিছানায় একলা পড়ে আছে, শরীরটা কুঁকড়ে আছে বাগদা চিংড়ির মতো, দাদ-এর কারণে মাথাটা পুরো ন্যাড়া, আর একটা আঙুল মুখে পোরা।

রেবেকা মাকোন্দোতে এসেছিল একটা ব্যাগে করে তার মৃত বাবা-মার হাড় নিয়ে। মাকোন্দো যখন প্রথম পত্তন হয় তার পর পরই। বুয়েন্দিয়া পরিবারেই হয়েছিল তার আশ্রয়। সে সারাক্ষণ আঙুল চুষতো। আর রাতে দেয়ালের মাটি খামচে খেতো। সে যেন দেয়ালের মাটি ভেঙে না খেতে পারে সে জন্য উরসুলা একবার সারা বাড়িতে ঝাল মরিচ মেখে রেখেছিল। হোসে আর্কাদিও, কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া আর আমারান্তার সঙ্গেই বড় হয়েছিল সে। পরে হোসে আর্কাদিওকে বিয়ে করলে উরসুলা সারাজীবনের তাদের এ-বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করে দেয়। হোসে আর্কাডিও মৃত্যুর পর নিজেকে জীবন্ত কবর দিয়েছিল রেবেকা। কোনোদিন আর বাড়ি ছেড়ে বেরোয়নি। সে-বাড়িতে, বাড়িটির মতোই ক্ষয়ে ক্ষয়ে জীবনের শেষ দিনে পৌঁছে যায় সে। আউরেলিয়ানো সেগান্দো শেষকৃত্যের ভার নেয়, তারপর বাড়িটা মেরামত করার চেষ্টা করে সেটা বিক্রি ক’রে দেয়ার জন্যে, কিন্তু সেটার ক্ষয় এতোদূর পর্যন্ত গড়িয়েছে যে দেয়ালগুলো রঙ করতেই সেগুলো আঁশ আঁশ হয়ে পড়ে, তাছাড়া এতো চুনবালিসুরকি পাওয়া দুষ্কর হয়ে ওঠে যা দিয়ে মেঝেতে ফাটল ধরানো থেকে আগাছাগুলোকে নিবৃত্ত করা যায়, খুঁটিতে পচন ধরানো থেকে বিরত রাখা যায় আইভি লতাগুলোকে।

আউরেলিয়ানো সেগান্দো আর হোসে আর্কাদিও সেগান্দো

আর্কাদিওর দুই যমজ ছেলে তারা। সম্পর্কে তারা উরসুলার নাতির ছেলে। ছোটবেলা থেকেই তারা দেখতে হয়ে ওঠে একইরকম। সবাই তাদের নিয়ে খুব বিভ্রান্তিতে পড়তো, কে যে আউরেলিয়ানো সেগান্দো আর কে যে হোসে আর্কাদিও সেগান্দো বুঝতে পারত। এমন কি দুভাই একই মেয়ের সাথে প্রেম করতো। সেই মেয়েটি দুসপ্তাহ পর বুঝতে পারে একই লোক মনে করে পালাক্রমে দুভাইয়ের সঙ্গে সে বিছানায় গেছে। ততদিনে দুভাইয়ের খারাপ একটি যৌনরোগ হয়েছে। গোপন চিকিৎসায় তা ভালো হয়। তারপর থেকে হোসে আর্কাদিও সেগান্দো আর কোনো মেয়ে মানুষের কাছে যায়নি। আর আউরেলিয়ানো সেগান্দো সে মেয়েটিকে রেখে দেয় সারাজীবনের রক্ষিতা হিসেবে। উরসুলাও এক সময় বুঝতে পারে হোসে আর্কাদিও সেগান্দো হচ্ছে মোরগ লড়াই অন্তপ্রাণ এবং আউরেলিয়ানো সেগান্দো তার রক্ষিতার শোরগোলভরা পার্টিগুলিতে অ্যাকোর্ডিয়ান বাজিয়ে বেড়ায়। আউরেলিয়ানো সেগান্দো তার জীবজন্তগুলোর অলৌকিক সংখ্যাবৃদ্ধির বদৌলতে এই জলাভূমির সবচেয়ে বড় সম্পদের মালিক হয়ে যায়। হোসে আর্কাদিও সেগান্দো এক সময় কলাশ্রমিক আন্দোলনে জড়িয়ে পড়ে। কলাশ্রমিক গণহত্যার সেই হয় একমাত্র সাক্ষী। ওই ঘটনাটি তাকে পাগল করে ফেলে। মৃত্যুর আগ পর্যন্ত সে বলে বেড়ায়, তিন হাজার লোক ছিল ওখানে। কিন্তু, কেউ কোনোদিন তার কথা বিশ্বাস করে না। প্রায় উম্মাদগ্রস্ত অবস্থায় হঠাৎ করেই মৃত্য হয় হোসে আর্কাদিও সেগান্দোর। আর তখনই, সাথে সাথে অসহ্য ব্যথায় কুঁকরে ওঠে আউরেলিয়ানো সেগান্দোও। নিজের দেয়া কথা রাখতে তার মা সান্তা সোফিয়া দে লা পিয়েদাদ রান্নাঘরের একটা ছুরি দিয়ে হোসে আর্কাদিও সেগান্দোর গলা কেটে ফেলে, যাতে লোকজন তাকে জ্যান্ত কবর দিতে না পারে। একই রকম দেখতে দুটো কফিনে রাখা হয় লাশদুটো, আর তখন দেখা যায় যে, বয়োসন্ধির আগে ওরা দু’জন দেখতে যেমন ছিল, মৃত্যুর সময়েও আবার তেমনি একইরকম হয়ে গেছে তারা। 

চলবে