২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান হাফিজের কবিতা: বৈশাখও ব্যাপৃত যুদ্ধে

হাসান হাফিজ হাসান হাফিজ

Published : 14 Apr 2023, 02:01 PM

Updated : 14 Apr 2023, 02:00 PM

--তুমি কার প্রতিধ্বনি?

--সময়ের। প্রগতির। কল্যাণের।

--কী তোমার শক্তি ও পাথেয়?

--স্বপ্ন ও সুন্দর। মানবিক শুদ্ধতা প্রত্যয়।

--কী তুমি হঠাতে চাও?

--অশান্তি কলুষ হিংসা অনৈক্য সংঘাত।

গুম হওয়া সংস্কৃতির আঁধার-কলুষ।

--বৈশাখ তোমার মধ্যে মুখরতা কেন?

--জাগিয়ে তুলতে চাই ঘুমন্ত মানবসত্তা।

--তারপর? অন্বিষ্ট কী আছে কিছু আর?

--প্রতিষ্ঠা সাম্যের। অবসান সমস্ত যুদ্ধের।

--এ স্বপ্ন পূরণ হওয়া কতটা সম্ভবপর?

--অনেক অনেকটাই। চলবে লড়াই। যুদ্ধই জীবন।