২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ সাহিত্যের গোড়ার কথা

কেউ প্রশ্ন তুললে নিকসের সমাধিফলকটা একটু ঘুরিয়ে বলে দিও: গল্পের সত্যি মিথ্যের আমি তোয়াক্কা করি না। প্রত্যাশা নেই কিছুর। পরোয়া করি না কাউকে। আমি সম্পূর্ণ স্বাধীন।

স্প্যানিশ সাহিত্যের গোড়ার কথা

চিত্রকর্ম:

গৌতম সেনগুপ্ত গৌতম সেনগুপ্ত

Published : 25 Aug 2023, 03:51 PM

Updated : 25 Aug 2023, 03:51 PM

১৯৪৫ এর ৬ অগাস্ট রুটিন বোম্বিং-এ বেরুচ্ছিলেন আমেরিকান এয়ার ফোর্সের ২৯ বছরের ফুল কর্নেল পল টিবেটস্। যাবার আগে বন্ধুদের বলে গেছিলেন, ওই নাক চ্যাপ্টারা যদি আমার প্লেন নীচে না নামায় তাহলে আজকের বিয়ার আমার তরফে।

মুখে বললেও পল জানতেন তার প্লেন ছোঁবার ক্ষমতা জাপানি কেন খোদ ঈশ্বরেরও নেই। কারণ গলার লকেটটা। যার ভেতরের ছবিতে কেম্ব্রিজের কিংস কলেজের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছেন মন্টোগোমারি ক্লিফটের মতো দেখতে বাবা, পাশে তাঁর প্রিয় বন্ধু, থ্রি পিস সুট পরা অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ। পরবর্তীতে যিনি শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দ নামে খ্যাত হন ও পন্ডিচারিতে আশ্রম নির্মাণ করেন।

লেখাপড়ার পাট শেষ করে অরবিন্দ চলে এলেন ইন্ডিয়ায়, বাবা হার্ভাডে। তখনও নিয়মিত চিঠি চালাচালি হতো। তার বেশিটা জুড়েই থাকতো মীমাংসা দর্শন নিয়ে নানা কথা আর শেষে সদ্য প্রকাশিত দর্শন বা কবিতার কোনো বই পাঠানোর অনুরোধ।

খাওয়ার টেবিলে চিঠিগুলো পড়ে ব্যাখ্যা করে দিতেন বাবা। দৃঢ় বিশ্বাস ছিল তাঁর এই বন্ধু কোনো সাধারণ মানুষ নয়। তাই সবসময় বলতেন, যখনই কোনো প্রবলেমে পড়বি ঘোষকে স্মরণ করবি। ভদ্রলোকের পাণ্ডিত্যের গভীরতা বোঝাতে ফরমাস বলতেন, ও যে বইয়ের অর্ডার দেয় আমাদের ফিলজফি ডিপার্টমেন্টের ইডিয়েটগুলো এর একটার নামও শোনে নি।

তিনি যে ইতিহাসের অংশ হতে যাচ্ছেন এসব কিছু না জেনেই আর ৫টা বোমের মতোই ওটাকে ফেলেছিলেন পল। মুহূর্তে জ্বলে উঠলো সহস্র সূর্যের আগুন। কুন্ডুলি পাকানো ধোঁয়ার স্রোত। আরও নীচে এঁকেবেঁকে চলেছে আগুন। মনে পড়ে গেল ছোটবেলায় পড়া লাস্ট ডেজ অফ পম্পেই-এর কথা।সে রাতের মদের আড্ডায় মন বসাতে পারলেন না। পরদিন সব জানার পর লম্বা করে চিঠি দিলেন বাবাকে। বাবা বললেন সমস্যাটা অরবিন্দকে জানাতে।

 ২

 ১৯২৭-এর ২৪ নভেম্বর সিদ্ধির পর অন্তরালে চলে যান অরবিন্দ, কথা বলাও বন্ধ করে দেন। নির্দিষ্ট সময়ে খাবার দিতে যেতেন সাধনসঙ্গিনী মাদার। চিঠিপত্র দিতে আসতেন নলিনীকান্ত গুপ্ত। এভাবেই পলের চিঠিটা পৌঁছেছিল। সেখানে নিজের অন্যায়ের কথা কবুল করে পাপমুক্তির জন্য অরবিন্দর দেখানো যোগের পথ গ্রহণ করতে চেয়েছিলেন পল। জবাবে শ্রী অরবিন্দ লেখেন, এত বড় ভয়ংকর তাণ্ডবলীলা সংগঠিত করার সাধ্য কি তোমার আছে? এসব উনিই করান। এখানেও তাই, মনে রেখ তুমি নিমিত্ত মাত্র।

স্বভাবতই এরপর হিন্দুধর্ম নিয়ে আগ্রহী হয়ে পড়েন পল। বাবা তাকে অরবিন্দর লেখাগুলো পড়তে বলেন। কখনো সখনো বাবার হেল্পও নিতে হয়। ঠিক করেন ইন্ডিয়ায় যাবেন, দেখা করবেন শ্রী অরবিন্দর সঙ্গে।

বাবার রেফারেন্স দিয়ে চিঠি দিলেন। জবাবে খুবই আন্তরিকভাবে আশ্রমে আসার আমন্ত্রণ জানালেন শ্রী অরবিন্দর সচিব, পণ্ডিত, লেখক, দার্শনিক নলিনীকান্ত গুপ্ত। শুধু জানিয়ে দিলেন অরবিন্দ বছরে ৪ দিন দর্শন দেন: ২১ শে ফেব্রুয়ারি, মাদারের জন্মদিন, ২৪শে আপ্রিল, যেদিন মাদার পাকাপাকিভাবে চলে এলেন। ১৫ অগাস্ট শ্রী অরবিন্দর জন্মদিন আর ২৪ অগাস্ট, সিদ্ধির দিন।

 যুদ্ধ মেটার পর সত্যিই গেলেন পল। আশ্রম বললে যেমন বোঝায় ব্যাপারটা তার থেকে কিছুটা আলাদা। সমুদ্রের কাছে একটা দোতলায় থাকেন মাদার, শ্রী অরবিন্দ। বাঁদিকের কোনে নলিনীকান্ত গুপ্তর ঘর।ডানদিকে এডভেন্ট ম্যাগাজিনের অফিস। এছাড়া গোটা শহর জুড়ে ছড়ানো প্লে গ্রাউন্ড, তাঁতঘর, চামড়ার কারখানা, স্কুল, ছেলে মেয়েদের জন্য বোর্ডিং, স্কুল, সবার খাবার জন্য ডাইনিং হল।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বহু মানুষ তাদের ছেলেমেয়েদের নিয়ে এসে পড়েছিলেন পন্ডিচারিতে, একটু শান্তির আশায়। পুরনো আশ্রমিকদের কারো কারো মনে হচ্ছিল এতে সাধনায় ব্যাঘাত ঘটছে। মাদার তখন খুব স্পষ্ট করে বলেছিলেন, মনে রাখতে হবে এখন যাঁরা আসছেন তাঁরা কেউই শ্রী অরবিন্দর যোগের পথ গ্রহণ করতে আসছেন না। তাঁরা আসছেন যুদ্ধ- আগুনের ক্ষত উপশমের আশায়, মানসিক স্থৈর্য ফিরে পেতে। কাজেই বয়স্কদের কাজের ব্যবস্থা করতে হবে, একই যুদ্ধ করতে হবে বাচ্চাদের শিক্ষার ব্যবস্থায়।

এভাবেই ছড়িয়ে পড়ে আশ্রম। ডাইনিং হলে রীতিমতো কর্মযজ্ঞ চলে। ৭ থেকে ৮-এর মধ্যে জলখাবার, ১১-৪৫ থেকে ১ টা লাঞ্চ, ৪-৩০ থেকে ৫টা চা,৭-৪০ থেকে ৮-১০ ডিনার।

সকালের ব্রাউন ব্রেড, কলা, দুধ থেকে দুপুরে ডাইনিং হলে পদার্থ (বাঙালি ছাত্ররা বলতো অপদার্থ)।বিকেলে প্লে গ্রাউন্ড, তারপর আশ্রমে মেডিটেশন সেরে রাতের খাবার দুধ কলা ইত্যাদি নিয়ে ঘরে ঢুকে পড়তো আশ্রমিকরা।

ঢুকে পড়তো মানে ঢুকে পড়ার কথা। কথা হলেই যে মানতে হবে তার কোনো মানে নেই। এভাবেই নিয়ম ভেঙ্গে সমুদ্রের ধার দিয়ে হেঁটে ভাঙ্গা জেটির সামনে দাঁড়িয়ে, আশপাশে কেউ নেই দেখে সিগারেট ধরালেন সোবোর্ন বিশ্ববিদ্যালয়ের দর্শনের চ্যাম্পিয়ান ছাত্রী এলিজাবেথ ডেলো। মাদার আদর করে তাঁকে আলো বলে ডাকতেন।

প্রথম আলাপেই পাথর পেরিয়ে ওই জেটির তলায় আলোর সঙ্গে ফাটাফাটি সেক্স করলেন পল। বারবার তিনবার। এরপর যে কদিন ছিলেন, শরীরী খেলা হয়েছে প্রতি রাতেই। মাসখানেক পর মাদার, নলিনীদাসহ বাকিদের থেকে বিদায় নিয়ে এলিজাবেথকে চোখের জলে ভাসিয়ে ইউনিটে জয়েন করে গেলেন পল, আলোর তখন গর্ভসঞ্চার শুরু হয়ে গেছে।

 সে কথা না জানিয়ে এমনি আসার অনুরোধ করে চিঠি লিখলেন পলকে। জবাবে পল জানালেন আগামী ২/৪ বছরের মধ্যে ইন্ডিয়ায় আশার কোনো প্রশ্নই নেই। কারণ যখন যোগের পথ নিতে চেয়েছিলেন তখন মানা করেন স্বয়ং অরবিন্দ। তিনি বলেছেন, মনে রেখো, তোমার কাজই তোমার ঈশ্বর। তারপরই পুরনো কাজে পুরো জান ঢেলে দিয়েছেন পল। 

না, গর্ভের কথাটা তাঁকে জানান নি। ভেবেছিলেন আশ্রম থেকে কিছুটা দূরে গর্ভপাত করিয়ে আসবেন।ফিরিয়ে দিলেন জিপমার হাসপাতালের ডক্টর ব্রড। তিনি মাদারের সঙ্গে কথা বলতে বললেন। মাদার বললেন, সত্য যত কঠিনই হোক না কেন নিতে হবে সহজে। লোকে নানা কথা বলবে কিন্তু লক্ষ্যে থাকতে হবে স্থির,অবিচল।

 পন্ডিচারীর মতো নিন্দামুখর ছোট্ট শহরে এরকম একটা খবর আসর গরম করে দিল। আলোর বাড়ি ফ্রেঞ্চ কলোনির মুখটায়। একটা ব্যারাকের মতো দেখতে একতলা বাড়ির কোণের ঘরটা তাঁর। কাজের জায়গা তাঁতঘর, যান সাইকেলে। খাকি শর্টস্, সাদা হাফ শার্ট, উল্টো করা চুল স্কার্ফে বাঁধা। মাঝে মাঝেই উথাল পাতাল করতো মন। রাতে চিঠি দিতেন মাদারকে, প্রায় রোজ। উত্তর আসত নিয়ম করে। কিন্তু দেখা হলে কথা বলতে পারতেন না, মাদারের চেয়ার ধরে ভেঙে পড়তেন কান্নায়।

শুরু থেকেই চোখ দিয়ে চাটতো লোকজন, পেট ফোলার পর সেটা শতগুণে বেড়ে গেল। তাদের যুক্তি সহজ,বিয়ে–শাদি নয়, এমনকি লিভ-ইনের কমিটমেন্টও নয়, জাস্ট শরীরের জ্বালা মেটাতে সাহেবের বিছানা গরম করা, বলি, আমরা কি বানের জলে ভেসে এসেছি ?

শুধু মাদার নন, একের পর এক কান্নাভেজা চিঠি পাঠিয়েছেন শ্রী অরবিন্দকে। নির্দেশ এসেছে মন শক্ত করার, ”তাঁকে “ আঁকড়ে ধরার। এভাবেই দিন যায়। হালকা শাদা হয়েছে চুল। ছেলের নাম শ্রী অরবিন্দ দিয়েছেন কৃষ্ণ। যদিও তার চামড়া লালচে ভুট্টার দানার মতো। তাকে নিয়ে চিন্তার শেষ নেই।লেখাপড়ায় মন নেই। কিন্তু বক্সিং আর ভাষা শেখায় উৎসাহের অবধি নেই। আর আছে গল্প বলার অসামান্য ক্ষমতা। কিছু বললে লোকে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকে।

বন্ধু বিশেষ নেই। কারণ সকলেই তার জন্ম নিয়ে সামনে না হলেও আড়ালে আবডালে মশকরা করে।এদের ঘেন্না করে কৃষ্ণ। রিং-এ পেলে সুদে আসলে খার তুলে নেয়। বন্ধু বলতে দুই ইরানি ভাই সাসান, মেহেরান। অয়েল ফিল্ডের মালিক বাবাকে পটিয়ে একটা সাইকেল রিকশা কিনেছে। ওতে চড়ে তারা ৩ জন রাতভোর পাগলা চক্কর দেয়। শুধু দেয় না বিভিন্ন আশ্রমমাইট-এর ঘরের সামনে তাদের লাভারদের নাম ধরে চিৎকার করে।

পরদিন নলিনীদা বা নলিনীকান্ত গুপ্তের কাছে কৃষ্ণরা খারাপ কথা বলেছে বলে নালিশ করলে তিনি বই থেকে চোখ তুলে জিজ্ঞেস করেন, কী বলেছে?

 তখন কোনো উত্তর না দিয়ে আমতা আমতা করে কেটে পড়ে অভিযোগকারীরা।

এর মধ্যে সুন্দরী গায়িকা শর্বরী মেনন (ছাত্ররা বলতো থোড় বড়ি)-এর বাথরুমে উঁকি দিতে গিয়ে ধরা পড়ল কৃষ্ণ। উঁকি দিয়েছিলি কেন?

নলিনীদার প্রশ্নে কৃষ্ণ বলে, কী করব, খুব সুন্দর লাগে যে।

একটু হেসে নলিনীদা বলেন, সুন্দরের জন্য এই ঝুঁকি নেবার অভ্যাসটা বজায় রাখিস।

পরদিন এলিজাবেথকে ডেকে মাদার বললেন, আজ থেকে শুধু তাঁতঘর নয় আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তোমার। কৃষ্ণ এবার থেকে শুধু ল্যাঙ্গুয়েজ-এর ক্লাস করবে, বাচ্চাদের বক্সিং শেখাবে।আর ভিজিটিং আওয়ার্স-এ যে বিদেশিরা আসবে তাঁদের গল্প শোনাবে।

পরদিন আশ্রমে সাজ সাজ রব। কি ব্যাপার আবার প্রধানমন্ত্রীর মেয়ে আসছেন নাকি? কদিন আগেই তো এসেছিলেন। তাঁর বন্ধু রঞ্জুদার (সমীরকান্ত গুপ্ত ,নলিনীদার বড় ছেলে ) সঙ্গে। ঠিক তাই, হঠাৎ এরকম একজন হেভিওয়েটকে দেখে ঘাবড়ে গিয়ে আঁচল দিয়ে শ্রী অরবিন্দর ছবিটা মুছতে শুরু করে শর্বরী। সেটা দেখে সামনের টেবিল থেকে ডাস্টারটা তুলে চটপট ধুলোটা সাফ করে ইন্দিরা গান্ধী বলেন,ঋষিকে শ্রদ্ধা করুন, ধুলোকে নয়।

আজ কে আসছেন রে?

আলোর প্রশ্নে শর্বরী চোস্ত ফরাসিতে বলে, ফুল ফ্যমিলি নিয়ে মাদারের সঙ্গে দেখা করতে আসছেন আমেরিকান এয়ারফোর্সের এক ব্রিগেডিয়ার জেনারেল।

কি নাম?

টিবেটস্,পল টিবেটস্।

 ৩

নতুন দায়িত্বে ফাটিয়ে দিল কৃষ্ণ। বিশেষ করে বয়স্ক রোগী রোগিনীরা তার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে থাকত। তার জন্মদিনের ব্লেসিংস্, কার্ড দিয়ে তাতে কাজের জন্য বিশেষভাবে তারিফ করেন মাদার। সব শুনে অনেক আদর করে এলিজাবেথ বলেছিলেন, যখন শ্রী অরবিন্দ ছিলেন তখন নিয়ম ছিল যখন একজন দর্শন করবে অন্যজন অপেক্ষা করবে সিঁড়ির নিচের ধাপে। প্রথমবার উঠে চলে এলাম একদম সামনে। গৌরবর্ণ প্রভু বসে আছেন সবুজ রঙের সোফায়। হেলান দিয়ে। পরিধানে গরদের শুভ্র ধুতি, চাদর। বুকের আধখানা খোলা। চুল দাঁড়ি আবক্ষলম্বিত। আমার চোখ আটকে গেল ওনার শ্রীচরণে। কি সুন্দর চরণযু্গল, মাথা নামিয়ে দিলাম।স্বর্গীয় অনুভূতি।

পরদিন কাজে গিয়ে কৃষ্ণ শোনে পা ভেঙ্গে হাসপাতালে আছেন বিশিষ্ট গ্রিক লেখক নিকোস কাজান্টজাকিস-এর দ্বিতীয় স্ত্রী হেলেন। তিনিও লেখক, নিকোস আদর করে ডাকতেন লিনোৎস্কা বলে।কথাটা শোনামাত্র দেরি না করে বিখ্যাত লেখক, লাইব্রেরিয়ান মনোজ দাসের ঘরে হানা দিল কৃষ্ণ।

অনেক রাত অবধি লেখপড়া করেন মনোজ। বলেন, সে বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে রে।

নিকস কাজান্টজাকিসের জন্ম (১৮৮৩-১৯৫৭) গ্রিসের ক্রিট মহকুমার প্রধান শহর মেগালো ক্রাস্টা-য়। ১৯০২-এ এথেন্সের কলেজ থেকে আইন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে দর্শনের পাঠ নিতে পাড়ি দেন প্যারিস। প্রথম জীবনে নিৎসে ভক্ত। পরে ধর্মীয় মানুষজন সম্পর্কে তৈরি হয় তীব্র আগ্রহ। প্যারিসে থাকার সময় সৌভাগ্য হয়েছিল বিশ্ববরেণ্য দার্শনিক বের্গসঁ-র শিক্ষানবিশী করার।

ঘোরাঘুরির নেশায় চষে ফেলেছিলেন ইউরোপ, এশিয়ার দেশগুলো। কথা বলেছিলেন বিভিন্ন সাধকের সঙ্গে। রুশ বিপ্লবের গোড়ায় লেনিনকে দেখে এতদূর অনুপ্রাণিত হন যে দেশে ফিরে একটি রাজনৈতিক দল গঠন করেন, মন্ত্রীও হন। কিন্তু এক বছর পুরো হবার আগেই তিতিবিরক্ত হয়ে পদত্যাগ করেন।

প্রথম উপন্যাস সারপেন্ট অ্যান্ড লিলি লেখেন ছদ্মনামে, ২১ বছর বয়েসে। ওইসময় থেকেই পারমার্থিক সত্যের দিকে নিরবিচ্ছিন্ন যাত্রার শুরু। নানান দার্শনিকের লেখা অনুবাদ করেছেন গ্রিক ভাষায়। কাফকা বোরহেস মান–এর মাপের লেখক হওয়া সত্ত্বেও যে অতটা নাম হল না, তার কারণ সম্ভবত তিনি সমসাময়িকতাকে কোনোরকম পাত্তা দিতেন না।

৪৩ বছরে প্রথম উপন্যাস। মোটামুটি খ্যাতি হয় জোরবা দ্য গ্রিক ফিল্ম হবার পর। যদিও তার ৭ বছর আগে মারা গেছেন নিকোস। উল্লেখযোগ্য রচনার মধ্যে ৩৩,৩৩৩ লাইনের আত্মজীবনীমূলক মহাকাব্য ওডিসিঃ আ মর্ডান সিকুয়েল। দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট পাঠক মহলে সাড়া ফেলে। যদিও বইটি লম্বা সময় রোমান ক্যাথলিক চার্চের নিষিদ্ধ গ্রন্থের লিস্টে ছিল।

২৮ বছর বয়েসে প্রথম বিয়ে। ১৪ বছর পর ডিভোর্স। দ্বিতীয় বিয়ে। তার আগে থেকেই সুন্দরী তরুণী লেখিকা হেলেনের সঙ্গে থাকাথাকির শুরু। বিয়ের সময় তার বয়স ছিল ২১।

নোবেল প্রাইজের কাছ অবধি গেলেও কখনো শিকে ছেঁড়ে নি। মৃত্যুর বছর তাঁকে ১ ভোটে টপকে যান ইউনিভার্সিটি জুনিয়র টীমের চ্যাম্পিয়ন গোলকিপার, লেখক , নাটককার , সম্পাদক ও আধুনিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ লেখক আলবেয়ার কামু ।

৪

হাসপাতালের আড্ডায় নিকোসের কথা এই অবধি বলে কৃষ্ণ বলে, ওনার আত্মজীবনী রিপোর্ট টু গ্রেকো কিন্তু আমার পড়া নেই।

কথাটা শুনে ব্যাগ থেকে ১ কপি রিপোর্ট টু …বার করে সই করে দিতে দিতে হেলেন বলেন, ওর আত্মজীবনীর ব্যাক কভারটা কিন্তু আমার লেখা। এ এমনই এক গ্রন্থ যার ভাববস্তুু গুলো মহাকাব্যিক।এদের পেছনে আছে কাজান্টজাকিসের আপ্রাণ প্রচেষ্টা যাতে জীবনের প্রতি তাঁর নতজানু ভালবাসাকে যুক্ত করা যায় অক্লান্ত সেই অন্বেষণের সঙ্গে, যার উদ্দেশ্য আত্মিক সত্যের এক অকপট উদ্ভাসন। এই অন্বেষণ তাঁকে তাড়িয়ে নিয়ে গেছে বের্গসঁ থেকে ফ্রয়েড, ফ্রয়েড থেকে লেনিন, লেনিন থেকে বুদ্ধে। তাঁর জীবনব্যাপী এই খোঁজ মথিত করেছে এক গভীর অভীপ্সা যাতে সংগঠিত হতে পারে আত্মিক বিপ্লব। শুধু শিল্পের চৌহদ্দির মধ্যে নয়, সামগ্রিক অর্থে জীবনেরও।

কৃষ্ণ শুনে বলল, অসামান্য। কিছু মনে করবেন না এটা সাধারণের জন্য নয়। কাজান্টজাকিসের ওপর সোজা কোনো বই আছে?

ব্যাগ থেকে ১ কপি আন অফিশিয়াল নিকোস বার করে দেন হেলেন। রাতে ফিরে পড়তে শুরু করে কৃষ্ণ।

অটোবায়গ্রাফির কাজ শুরু করলো ৫৬-র শরতে। ততদিনে জানা হয়ে গেছে সময় বেশি নেই। এক ঘর থেকে অন্য ঘর যায় দৌড়ে। কিছু বললে ভুরু তুলে বলে, তুমি জানো না আমার ডানা আছে?

পা-কে রেস্ট দিতে কখনো হাতে ভর দিয়ে হাঁটতো। দু হাতে লেখার চেষ্টাটা ফ্লপ করার পর বলেছিল, ঈ্‌শ, যদি ডিক্টেশন দিতে পারতাম। কিন্তু কাগজে পেন্সিল না ছোঁয়ালে নিজেকে খালি করা তো দূরের কথা, একটা অক্ষরও মাথায় আসবে না, কিন্তু শেষমেষ শরীর এতটাই বিগড়ালো যে দিতেই হলো ডিক্টেশন।

১০৪ জ্বরে আচ্ছন্ন। তার মধ্যেই বললো, চট করে সেন্টের ডায়লগটা লিখে নাও, আমি বাদাম গাছটিকে বললাম, ছোটবোন আমাকে ”তাঁর” কথা বলে। মুহূর্তে সে নুয়ে পড়লো ফুলে।

 তাঁদের খাবার টেবিলের তক্কাতক্কিকে নিকোস বলতো, রঙ বেরঙের পুঁতির মালার মতো। ও সবসময় বলতো, প্রত্যেক মানুষের সেটুকু উন্মাদনার প্রয়োজন যাতে সে দড়ি ছিঁড়ে আদায় করে নিতে পারে স্বাধীনতা। একই সঙ্গে বলতো সাচ্চা মরদের চাই ২টা জিনিস: ঝুঁকি আর খেলা। সেই কারণেই মেয়েদের চাই ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস খেলনা।

এবারে আসা যাক নিকোসের অসমাপ্ত উপন্যাসের কথায়। হঠাৎ এমন একটা বহু চর্চিত লোকগল্পের নায়কের কথা ভাবলে কেন? যার নায়ক মানুষ ও কুকুরের মিলনজাত প্লে রামিরেজ রিফিল বা পেলুকা। জবাবে নিকোস বলেছিলেন, হিস্ট্রি, ডার্লিং হিস্ট্রি। আমার লেখা লোককাহিনীর কুয়াশা কাটিয়ে তূলে আনবে সত্যকে। আর ইতিহাস সবসময়ই সত্যের দিকে এক নির্মম যাত্রা।

তোমার প্রেমিকা? আদরের দর্শন? সেও কি সত্যের দিকে এক নির্মম যাত্রা নয়?

ফিলজফি ইজ নাথিং বাট হোম কামিং।

পেলুকা ছোটবেলা থেকেই হাড়ে বজ্জাত। গুণ বলতে মুক্তোর মতো হাতের লেখা। এদিককার বহু বাড়ির বসার ঘর আলো করে রয়েছে তার হাতের লেখা, সদাপ্রভু সহায় হউন। আমি পবিত্রতমের বাক্য সকল লঙ্ঘন করি নাই।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বদমাইশি এতটা বাড়ল যে পড়শিরা কেঁদে পড়ল পাদ্রী বাবার কাছে। তিনি বললেন, রেভারেন্ড সিন ডাইনিদের ইতিহাস লিখছেন ইদ্দিসে। ওনার একজন কপি করার লোক দরকার।

পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। আর সিন যা জিনিস ওখানে গেলে একদম শায়েস্তা হয়ে ফিরবে।

পড়শিরা সমস্বরে বলে, কারণ সিন লোকটি একই সঙ্গে বিপুল পণ্ডিত ও ততধিক স্যাডিস্ট। ২৪ ঘণ্টা দরজা জানলা বন্ধ। ঘর থেকে বেরনোর কোনো সিন নেই। হপ্তায় একদিন একটা বোবা চাকর লিস্ট মিলিয়ে যা যা দরকার দিয়ে যায়। খাওয়া সাধারণ। শোয়া সিমেন্টের বেদীতে। সিন প্রচণ্ড কড়া কিন্তু পেমেন্ট অসম্ভব ভালো বলে পেলুকা একবাক্যে রাজি হয়ে গেল। অবশ্য তার যে খুব কোনো চয়েজ ছিল তাও না।

পরদিন কাকভোরে দুজন রক্ষীসহ রওনা দিল পেলুকা। রওয়ানা দিল বেলারুশের মিন্স শহরের দিকে, পৌঁছলো ২ দিন পর। তাকে ঢুকিয়েই কেটে পড়ল রক্ষীরা। পেলুকাকে দেখে সিন বললেন, মোম কটা জ্বালিয়ে ঐ বাণ্ডিলটা কপি করা শুরু করে দাও।

কাজটা শুরু করে পেলুকা বুঝলো এখানে থাকলে পাগল হয়ে যাবে। তাছাড়া অপরাধ ছাড়া তার পক্ষে বাঁচাই সম্ভব নয়। ফলে ৩ নম্বর দিন মোম রাখার স্ট্যান্ড দিয়ে মাথার পেছনে মেরে সিনকে খতম করে, হাতানোর মতো যা ছিল হাতিয়ে পাড়ি দেয় পোলান্ডের দিকে। কোথাও জমে বসা নয়, পেলুকা জানে তাহলেই বিপদ। এই ভাবে ৭/৮ মাসের চেষ্টায় পৌঁছায় উত্তর–পশ্চিম ফ্রান্সের জেলা সদর হেলুভায়।হাতের ইদ্দিসে লেখা পাণ্ডুলিপিগুলো নাড়াচাড়া করতে করতে সে লেখে, ওয়ান্স আপন আ টাইম, আ ভেরি গুড টাইম ইট ওয়াজ।

লেখাটা দেখে অবাক লাগে, ভালোও লাগে। এখানে একটা বড় হাত মেরে লেখার কাগজ পেন্সিল নিয়ে জলে ভেসে গেলে মন্দ হয় না। দেরি না করে সে রাতেই কাজ সেরে খানকিপাড়ার জুলিকে আদরে ভরিয়ে একটা গিনি দিয়ে পেলুকা বলে, আর এসব নয়, এখন শুধুই লিখবো।

বেশ বড় হাত মেরেছিস মনে হচ্ছে?

আরে ওই বড় হলদে বাড়ির মোটাটাকে।

বড় হলদে মানে রুপোর গেটওলা?

হ্যাঁ।

সব্বনাশের মাথায় পা। ওটা কার বাড়ি জানিস? এখানকার রাজা অ্যালেনসোর বংশধরদের। ৪৮ ঘন্টার মধ্যে তুই শেষ।

কোনো উপায় নেই?

একটাই, যদি কলম্বাসকে পটাতে পারিস। খেয়াল রাখিস সামান্য ভুল চুক হলে কিন্তু মাথা উড়ে যাবে।কলম্বাসের যা মেজাজ লোকে বলে নাকের ডগায় মাছি বসতে পারে না।

কলম্বাসকে ধরব কি করে?

বাড়িতে গেলেই পাবি কিন্তু অচেনা লোক দেখলে ওর সাগরেদরা লাথি মেরে বার করে দেবে।

তাহলে উপায়?

সুপার-সেলার কলম্বাসের উইকনেস ২টা। ১, খেটে খাওয়া তার গরিব বাবা , ২, নোনা জলে পাতলা হয়ে আসা চুল।

রাতে ঘুম এলনা। পরদিন সকালে চান সেরে সাফ–সুতরো হয়ে খবর জোগাড়ে বেরুলো পেলুকা।কলম্বাসের বাবা ডোমিনিকো কলম্বো সম্পর্কে অনেক খবর পাওয়া গেল। ৪ ছেলেমেয়ে নিয়ে খুব কষ্ট করে সংসার প্রতিপালন করতে হয়েছে তাঁকে। জেনোয়ায় এক উল কারখানায় মজুরের কাজ করেছেন।পরে সাভোনায় চিজ বিক্রির গুমটি খোলেন। বড় ছেলে, বাপের ন্যাওটা কলম্বাস সেখানে বসতেন।

একই সঙ্গে জানলেন কলম্বাসের কাছে পৌঁছতে গেলে হাত করতে হবে তাঁর খাস আদমি জুয়ানকে।

  ৫

 গল্প থামিয়ে এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক। পালোস শহরটি ফ্রান্সের উত্তর-পশ্চিম জেলা সদর হেলুভা থেকে ৮ মাইল দূরে। এখনে সমুদ্র শেষ, পৃথিবী শুরু। ফ্রন্টেরা বন্দর এখন স্তব্দ।লন্ঠনের আলোয় সেজে উঠছে ৩টি জাহাজ সান্টা মারিয়া, পিন্টা, নিনা। দূরে মৃত বালিয়াড়ি, আরও দূরে দূরে ছোট ছোট কালো বিন্দুর মতো জেলেনৌকার সারি।

ফ্রন্টেরা মানে সমুদ্র লাগোয়া অগভীর হ্রদ।শান্ত এই শহরটির সরকারি মতে প্রতিষ্ঠা ১৩২২।প্রতিষ্ঠাতার নাম অ্যালানসো কাররা। তিনি ছিলন নিবোলার অ্যালমাহেড রাজবংশের ঘনিষ্ঠ। আটল্যান্টিকের ব্যবসা নিয়ে ক্যাস্টাইল আর পর্তুগালের মরণপণ লড়াইয়ের ক্ষীরটুকু খেয়ে ফুলে ফেঁপে ওঠে পালোস।

বিত্ত বৈভবের প্রাচুর্য থাকলেও শহরটি নিষ্প্রাণ, যে কারণে এর আরেক নাম দ্য স্লিপিং সিটি। একমাত্র ব্যাতিক্রম সমুদ্র পাড়ের শুঁড়িখানা কাররো। সুন্দরি ও মদ্যপ স্ত্রী ব্যারেনগুইনার মন রাখতে অ্যালোনসো এটা তৈরি করেন শহর প্রতিষ্ঠার ২ বছর পর, অর্থাৎ ১৫/৮/১৩২৪-এ। সেটা ছিল ব্যারেনগুয়েনার ২৪ নম্বর জন্মদিন।

শুরু থেকেই এখানে নামকাটা সেপাই, দাগি আসামি, জেলেপাড়ার গুণ্ডাদের আড্ডা। কারণ ব্যারেনগুইনা বিশ্বাস করতেন গুন্ডা বদমাইশের মতো ভালো সেক্স আর কেউই করতে পারে না।এখানেই যেতে হবে পেলুকাকে কারণ এটাই জুয়ানের ঠেক। রোজ রাত ৮ টায় সে আসে। বোতল দেড়েক গিলে চলে যায় দোতলায়, লিলির ঘরে। শুরুতে লিলির মা ছিল তার প্রেমিকা। বয়েস বেড়ে যাওয়ায় কতকটা বাধ্য হয়েই মেয়েতে শিফট করে গেছে।

পেলুকা যখন ঢুকলো তখন কলির সন্ধ্যে। মদ আর কড়া তামাকের গন্ধে পুরোটা ছাকনাচুর। খিস্তির চোটে পাশের লোকের কথাও ভালো করে শোনা যাচ্ছে না। ভিড় ঠেলে কাউণ্টারের দিকে ক পা যেতে না যেতেই মোক্ষম ল্যাং। কোনমতে সামনের লোকটাকে ধরে টাল সামলায়। ঘুরে দেখে মুলোর মতো দাঁত বার করে দৈত্যটা চোখ পালটায়। এবার পাশের লোকটি এগিয়ে টেনে একটা ঘুষি মারে।

পেলুকা শান্তভাবে লোক দুটোর দিকে এগোয়। অত উঁচু থেকে ২টালোক মাটিতে পড়লে শব্দ তো হবেই , হলও। সামনের লোকটার মুখ থেকে সিগারটা তুলে তার কপালে ঘষে নেভাতে নেভাতে পেলুকা বলে, মদের সঙ্গে তামাক অত্যন্ত অস্বাস্থ্যকর।

মুহূর্তে গোটা জায়গাটায় শশ্মানের চেহারা নেয়। তারপর লোকটার কথা শুনে জুয়ান তো পুরো হাঁ। এই লোকটা রাইটার! সে শুনেছে বড় বড় সিটিতে কিছু লোক পোঁদ তুলে সাদা কাগজে কিসব আঁকিবুকি কাটে। সেইরকম একটা লোক তার সামনে! কলম্বাসের বাবার জীবনী লিখবে, তাতে নাকি ওর নামও থাকবে! লাজুক মুখে জুয়ান জানায় আমার পুরো নাম কিন্তু রডরিগো ডি ট্রিয়ানা জুয়ান রডড্রিগেজ রামিরেজ।

  ৬

পরদিন সকাল ৯টা নাগাদ পাণ্ডুলিপির বোঁচকা বগলে নিয়ে কলম্বাসের বৈঠকখানায় হাজির হল পেলুকা। এই ভিড়ের মধ্যে কে কলম্বাস বলে দিতে হয় না। লম্বায় ৬ ফুট, টুকটুকে লাল কোট, সোনালি বোতাম। সাদা প্যান্ট, হাঁটু পর্যন্ত জ্যাকবুট। খাড়া নাক। উল্টে আঁচড়ানো সামনেটা পাতলা হয়ে আসা ভেজা চুল, তাতে কালোর চেয়ে সাদার ভাগটাই বেশি। হাত পেছনে মুঠো করা। পায়চারি করতে করতে ম্যাপের দিকে তাকিয়ে অস্ফূটে, কিছু বলছেন। জুয়ানের সঙ্গী বাবার জীবনী লিখতে চায় শুনে চমকে গেলেন কলম্বাস।

বাবার জীবনী! তুমি চিনতে নাকি বাবাকে?

কলম্বাসের প্রশ্নে মাথা নাড়ায় পেলুকা। তবে নানা জায়গা থেকে শুনেছি ওনার ভয়ংকর পরিশ্রমের কথা …

হাড়ভাঙা সেই পরিশ্রমের কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। কিন্তু তুমি যে লেখক তার প্রমাণ কি?

আজ্ঞে, আমি ডাইনিদের ইতিহাস নিয়ে কাজ করছিলাম, অসমাপ্ত সেই পাণ্ডুলিপির কিছুটা আমার কাছে আছে।

দেখি ।

কলম্বাসের বাড়ানো হাতে পাণ্ডুলিপিটা দেয় পেলুকা। ইটালিয়ান, স্প্যানিশ ইত্যাদি বেশ কটা ভাষা তার জানা থাকলেও ইদ্দিস সেই লিস্টে নেই। দিয়াগো মাস্টারের কাছে পাণ্ডুলিপিটা পাঠালেন কলম্বাস। ঘণ্টা খানেকের মধ্যে মাস্টার জানালেন, এটা যে লিখেছে সে প্রগাঢ় পণ্ডিত। কিন্তু কলম্বাস ইতালিয়ানে বললে সে লিখবে কি করে?

পেলুকা হেসে বলে, হুজুর, আমি তো এতক্ষণ আপনার সঙ্গে ইটালিয়ানেই কথা বলছি।

ব্যাস, ঠিক হল পেলুকা ওদের সঙ্গেই যাবে। রাতে বা কাজের ফাঁকে বাবার কথা বলবেন কলম্বাস, লিখে নেবে পেলুকা।

শুরু হল ভয়েজ। তরতর করে জল কেটে এগিয়ে চললো ৩ টে জাহাজ; সান্টা মারিয়া, পিনটা, নিনা।প্রথমটায় অর্থাৎ সান্টা মারিয়ার কলম্বাসের কেবিনের পাশেই পেলুকার ঘর। সারা দিন খেয়ে, ঘুমিয়ে দিব্যি কাটে, রাতে কলম্বাসের অতিপ্রিয় শেরির গ্লাসে চুমুক দিতে দিতে শোনে তাঁর বাবার উল বোনার কারখানায়, মাখন–চিজের ঠেলায় অমানুষিক পরিশ্রমের কথা। সে শোনে, শেরি খায় আর হিজিবিজি কাটে পাতায়।

৩ নম্বর দিন সকালে চান করতে করতে কলম্বাস ভাবলেন ছোকরা কি লিখছে আজ দেখবেন। ভাবলেন কিন্তু হলো না। কারণ দুপুরে রাডার ভাঙলো সঙ্গী জাহাজ পিন্টার। কলম্বাস সম্পর্কে কহাবৎ হল জল, জাহাজ, জ্যোতির্বিজ্ঞান নিজের শরীরের চেয়েও ভালো চেনেন। টানা ৭ ঘন্টার পরিশ্রমে ঠিক হল রাডার। তারপর নিজের জাহাজ সান্টা মারিয়ায় ফিরে গিয়ে ডেকে পাঠালেন বাকি দুই জাহাজের মালিক ক্রিস্টোভ্যাল আর গোমেজকে।

তারপর শান্ত গলায় বললেন, আমি জানি আপনারা এই সমুদ্র যাত্রায় সামিল হতে চাননি, কতকটা জোর করেই আপনাদের রাজি করানো হয়েছে, একই্সঙ্গে এও জানি রাডারটি প্রকৃতি নয়, মানুষই ভেঙেছে।একবার তাকে ধরতে পারলে বেশি কিছু না শুধু হাত আর পা দুটো কেটে জলে ফেলে দেব।

শাসানিতে কাজ হল। নিরুপদ্রপেই চলল জাহাজগুলো। পেলুকা ডিক্টেশন নেয়, তারপর ইদ্দিসে লেখা ম্যানুসক্রিপ্টর পাতা খুলে এতক্ষণ যা শুনলো সেটাই সাজিয়ে বলে। অসাধারণ হাতের লেখাটা পড়তে না পারলেও তার মনে হয় জীবনী হো তো এ্যায়সা হো, নেহি তো নেহি হো।

ভালই চলছিল, ৮ সেপ্টেম্বর সকালে কলম্বাস দেখলেন কম্পাসের কাঁটাটা ধ্রুবতারার বদলে দিকনির্দেশ করছে সাম ইনভিজিবেল পয়েন্ট অন দি আর্থ। কাউকে কিচ্ছু না জানিয়ে অভিজ্ঞতার জোরে নির্দেশ দিয়ে গেলেন। কিন্তু এসব কথা তো আর কখনো চাপা থাকে না। ছড়িয়ে পড়ল আতঙ্ক। বেঁকে বসলো নাবিকের দল। বৃদ্ধ নাবিক আলফান্সো মুখ ঘোরাতে বলল জাহাজের।

 ৭

হইচই শুনে খোলা তরোয়াল হাতে কেবিন থেকে বেরিয়ে, ডগাটা আলফান্সোর বুকে ঠেকিয়ে বলেন, আমার নেতৃত্বে যাদের আস্থা নেই তারা এখনই নেমে যাও।

মাল্লারা তাকে হাড়ে হাড়ে চেনে। কথা না বাড়িয়ে সুড়সুড় করে ফিরে গেল কাজে। এইবার ডাক পড়লো পেলুকার। জীবনীটা, বেশি না, একটা চ্যাপ্টার ইটালিয়ানে লিখে ফেল। পরশু ঠিক ১০ টায়, সকাল ১০টায় চলে আসবে। আমি পড়বো।

পেলুকার তো মাথায় হাত। রাতভোর জানলার সামনে দাঁড়িয়ে ভাবতে ভাবতে ভোররাতের দিকে বিদ্যুৎচমকের মতো একটা আইডিয়া খেলে গেল মাথায়। পরশু নয় পরদিন সকাল ১০টায় হাজির হলো কলম্বাসের কেবিনে।

তুমি! আজ?

মাথা চুলকাতে চুলকাতে পেলুকা বলে, আমি ফার্স্ট চ্যাপ্টারটা লিখছি হঠাৎ একটা দমকা হাওয়া পুরোটা জানলা দিয়ে উড়িয়ে নিয়ে গেল।

তাই! যাক, মাথাটা ভাল করে চুলকে নাও, কারণ ওটা আর বেশিক্ষণ তোমার ঘাড়ে ওপর থাকবে না।

এটা বলে তরোয়ালটা বার করেছেন কলম্বাস, ঠিক তখনই ”ডাঙা ডাঙা” বলে প্রবল চিৎকার। ভুরুর ওপর হাত দিয়ে রোদ আড়াল করে ডাঙাটা দেখে একটা আবছা হাসি খেলে গেল কলম্বাসের মুখে। জলে তিনি সত্যিই অপ্রতিরোধ্য,সর্বশক্তিমান। কম্পাস থাক বা না থাক তার তাতে কিচ্ছু যায় আসে না।

বটুয়াটা জুয়ানের হাতে দিয়ে বলেন, বিলি করে দে আর মদের খানকতক পিপে নামাতে বল।

মওকা বুঝে মুখ বাড়ায় পেলুকা, স্যার, নতুন জায়গা মানেই তো নতুন লোক, তাদের অজানা ইতিহাস। আমি যদি এখানকার লোকেদের সঙ্গে লোকগল্পগুলো কালেক্ট করি তাহলে দেশে ফিরে সেটা আপনি রাজ দরবারে পেশ করতে পারেন। কারণ হীরে জহরত তো কত লোকেই দেয়, কিন্তু গল্প?

কথাটা মনে ধরে কলম্বাসের। এবার কিন্তু পেলুকা রোজ ২টা বোতল আর খাবার–দাবার নিয়ে নয়া ভূখণ্ডে হাজির হতো জুয়ানের সঙ্গে। ফিরতো সন্ধ্যের পর, লেখা নিয়ে। কলম্বাস বেশ অবাক হয়ে গেছিলেন। আশ্চর্য সব লেখা। যেমন, একটার শিরোনাম মেয়েরা কি করে ছেলেদের দিকে আলাদা হয়ে গেল।

রাজদরবারে বান বয়ে গেল প্রশংসার।

তারপর ?

আড়মোড়া ভাঙেন হেলেন। এনার বয়েস কত? ৬০ তো হবেই নাকি ৭০? তারপরেও রক্ত টলে যায় মাথায়। হেলেন বলেন, এর বহু বছর পর পণ্ডিতরা গবেষণা করে দেখেন এর পুরোটা ঢপ। সবটাই পেলুকার কল্পনা। আর ওই গল্পগুলো থেকেই স্প্যানিশ সাহিত্যের শুরু।

এটা কি সত্যি নাকি ?

কেউ প্রশ্ন তুললে নিকসের সমাধিফলকটা একটু ঘুরিয়ে বলে দিও: গল্পের সত্যি মিথ্যের আমি তোয়াক্কা করি না। প্রত্যাশা নেই কিছুর। পরোয়া করি না কাউকে। আমি সম্পূর্ণ স্বাধীন।