নববর্ষীয় মঙ্গল-ভাবনা
বঙ্গে যে ইসলাম এখানকার পরম্পরার সাথে জারিত-অঙ্গীভূত হয়ে এর লৌকিক অবয়ব তৈরি করেছিলো, যেখানে গানবাজনা হারাম কাজ হিসেবে দেখা হতো না,
নববর্ষে ইলিশ খাওয়া, রমনায় নববর্ষের গান গাওয়া কিংবা মঙ্গল শোভাযাত্রা কোনোটাই দোষের নয়৷ তবে এগুলো হাজার বছরের বাঙালি সংস্কৃতি নয়, এবং আশা করি এ-কথা ওয়াকিবকাল লোকে ঠিকই জানেন। ইতিহাসের নানা পর্যায়ে এগুলো তৈরি হয়েছে। কিছু জিনিস আরোপিতও বটে। এসব আচার-সংস্কৃতি গরিব মানুষেরও নয়, এটাও সত্যি৷ এসব হচ্ছে শহুরে পরিশীলিত সংস্কৃতি, সমাজের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে যাদের যোগ। তবে এর উপাদানউপকরণ নেয়া হয়েছে এ-দেশেরই নানা কিছু থেকে। এসবকে বাঙালির শহুরে লোকসংস্কৃতি বলায় কোনো সমস্যা থাকার কথা নয়; যদিও এ সব পালনে, বিশেষত ইলিশপান্তা খাওয়ার চর্চায়, এমনকি নারীদের লাল সাদা শাড়ি পরার হিড়িকেও বাণিজ্যের সম্পর্কই এখন তীব্র । অবশ্য সমাজে বাণিজ্যেরও তো দরকার আছে৷ সর্বোপরি এগুলো চর্চারও বয়স বাড়ছে। এমনকি এখন এসবের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রচারণা শহর ছাড়িয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেখলে, ভুঁইফোঁড় ‘জালোকসংস্কৃতি’ (fakelore) হিসেবে এসবকে হাঁকডাক তুলে বর্জন করারও তেমন যৌক্তিকতা নেই।
রমনার পরিশীলিত নববর্ষের সংস্কৃতির একটা দীর্ঘ লড়াই রয়েছে। এ লড়াই ইতিহাসের সাথে সম্পর্কিত। মঙ্গল শোভাযাত্রার প্রতিবাদী-প্রতীকী তাৎপর্য রয়েছে। ইলিশপান্তা খাওয়ার বিষয়টা সম্পূর্ণই বানানো—কেবল মজা করা৷ গরিব কৃষকের পান্তাভাত খাওয়া আর বড়লোকের ইলিশপান্তা খাওয়ার প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। এগুলো হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে চালানোর চেষ্টা হয়ে থাকলে সেটা হাস্যকর যেমন, তেমনি নিন্দনীয়ও বটে। তবে সংস্কৃতি অনড় কিছু নয়৷ এর নানা স্তর থাকে। নতুন ধরন তৈরি হয় নানান সময়ে। ইতিহাসের কোন্ প্রেক্ষাপটে কারা এর পৃষ্ঠপোষণ করে এটাও সংস্কৃতিকে বোঝার জন্য জরুরি। নানান পরিপ্রক্ষিত থেকে সংস্কৃতিকে সজ্ঞায়িত করা হয়ে থাকে। এ এক অর্থে মানুষের ‘মানুষ’ হয়ে ওঠার প্রকল্পজনিত মননশীলতাসৃজনশীলতাপ্রগতিশীলতার চর্চা, আরেক অর্থে সব ছাপিয়ে স্রেফ মানুষের সমগ্র জীবনপ্রণালিও। সংস্কৃতির সংজ্ঞায়নে ইবি টাইলরের মতই মূল্যবোধনিরপেক্ষভাবে সর্বগ্রাহী, সকল স্তরের মানুষ পর্যন্ত বিস্তৃত। তবে যেটা বলা জরুরি, অন্তত সংস্কৃতির বেলায় আজ্ঞা হোক আর নিষেধাজ্ঞা দু’টোই অকাজ, জবরদস্তি।
নববর্ষ সকলের জন্যই আশার, আনন্দের উৎসব। পৃথিবীর বিভিন্ন দেশে স্ব স্ব সংস্কৃতি অনুযায়ী নববর্ষের আনন্দ উৎসব পালনের ভিন্ন ভিন্ন রীতি-রেওয়াজ রয়েছে। দেশ-কাল-ধর্ম-সংস্কৃতি ভেদে উৎসবের নানান গড়ন-ধরন। উৎসব যে কেবল আনন্দের হয় তা-ই নয় শোকও কখনো উৎসবের আবহ তৈরি করে, যেমনটা পৃথিবীর অনেক জাতিগোষ্ঠীর মধ্যে দেখা যায়৷ ‘মৃত মানুষের দিন’কে শোভাযাত্রাসহ নানা কিছুর মধ্য দিয়ে মেক্সিকোতে উদযাপন করার সংস্কৃতি রয়েছে। আমাদের দেশের মহরম একটি শোকজাত উৎসব। বাংলার লোকগান 'জারির' উৎসে এ শোকোৎসব পালনের প্রথা এখনও কোনো কোনো অঞ্চলে আপন সমারোহেই টিকে আছে। মহরমের শোকযাত্রা রূপে বিশেষত শিয়া মুসলিমদের মধ্যে ঢাকার তাজিয়া মিছিল তো আছেই । ইসলামি ইতিহাসের কারবালার করুণ কাহিনী নিয়ে জারি, মর্শীয়া গীতি এ দেশেরই লোকসঙ্গীত। এ দেশের 'নিম্নবর্গীয়' হিন্দু, বিশেষত সমাজে যারা পয়োনিষ্কাশনের কাজই কেবল করতেন একদা তারা কারো মৃত্যুর পর ঢোল-করতাল বাজিয়ে কীর্তন করতে করতে মৃতদেহ নিয়ে শোভাযাত্রা করে শ্মশানে শামিল হতেন। ধর্মের আঙ্গিকে হলেও এগুলো আমাদের লোকসংস্কৃতির, লোকজীবনেরই অংশ।
আদিতে শিল্পসাহিত্যসংস্কৃতিকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ ছিলো না। ধর্ম ও সংস্কৃতি পাশাপাশি পথ চলতো। অসংখ্য লোকসংস্কৃতি এমনকি পরিশীলিত সংস্কৃতির উপাদানের আদিরূপ খুঁজলে দেখা যাবে সে সব ধর্মজাত। পরবর্তী পর্যায়ে ইতিহাসের বিবর্তনের সূত্রে সে ধর্মনিরপেক্ষ বা ধর্মচ্যূত হয়েছে। এর সাথে 'আধুনিক' জাতি-রাষ্ট্র দর্শন, ধর্ম বনাম ধর্মনিরপেক্ষতা এমন সব ধ্যান-ধারণার প্রভাব রয়েছে। খোঁজ করলে দেখা যাবে, বেশির ভাগ লোকধর্মীয় সংস্কৃতির ধারক বাহক হয় গরিব সাধারণ মানুষেরা। কিছু ব্যতিক্রম ছাড়া এখনও তাদের সংস্কৃতি ধর্মাশ্রিত। ধর্মকে আশ্রয় করে তারা গান গায়, নানান সাংস্কৃতিক আচার প্রথা পালন করে থাকে। এখনও মুসলিম বা হিন্দু সম্প্রদায়ের বৈষ্ণবরা গানের মধ্য দিয়ে আল্লাহ্-ভগবানসহ নানা কিছু নিয়ে বাহাস করে। এসব আচার সংস্কৃতি অবশ্য আধিপত্যশীল সংস্কৃতি সেভাবে অনুমোদন করে না। ফলে সমাজের প্রান্তিক মানুষের ভিন্ন সংস্কৃতি বেশির ভাগ ক্ষেত্রেই 'ভদ্রলোকের' সংস্কৃতি হয় না। আবার, 'আধুনিক' 'শিক্ষিত' মানুষজন সমাজেরই প্রয়োজনে 'ধর্মনিরপেক্ষ' নাম দিয়ে এমন সংস্কৃতি তৈরি করেছে যেটা সকল 'শিক্ষিত' বাংলাভাষী মানুষের সংস্কৃতি হিসেবে চিহ্নিত, পালিত হয়ে চলেছে। মঙ্গল শোভাযাত্রা বেশ ক'বছর ধরে চালু হওয়া সাংস্কৃতিক অনুষঙ্গ হলেও এর ওপরে বাংলার বৈষ্ণব সম্প্রদায়ের নগর কীর্তন ধারণার একটা প্রচ্ছন্ন প্রভাব পরিলক্ষিত হয়। অবশ্য এর অনেকখানি সম্প্রসারিত বর্ণাঢ্য রূপ এতে যুক্ত হয়েছে। এই দেশের গ্রামবাংলার লোকায়ত বিভিন্ন প্রাণীর মোটিফ থেকে শুরু করে মুখোশ শিল্প কিছুই বাদ যায় না এতে। এটি নির্ভেজাল আনন্দ বা মঙ্গল কামনার শোভাযাত্রা হলেও ঐতিহাসিক নানা খল, স্বৈরাচারী-মীরজাফর-রাজাকার চরিত্রও মুখোশের মোটিফে স্থান পায়। এগুলোও এদেশের সাথে, ইতিহাসের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকায় এর প্রতিবাদী প্রতীকে হাজির থাকে। কিন্তু সব ছাপিয়ে নতুন বছরের মঙ্গল কামনা বা আনন্দই এখন নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রাণ। এটি চারুকলার শিল্পীদের হাতে তৈরি 'শিক্ষিত' বাঙালি সংস্কৃতিরই অংশ। তবে এতে লোকায়ত নানা অনুষঙ্গ উপস্থিত যাকে নিছক ধর্মীয় বলে খারিজ করার উপায় নেই বরং এ-কে শহুরে ‘লোকায়িত’ সংস্কৃতি বলা চলে, যা ধীরে ধীরে একটা সময় পুরোদস্তুর লোকায়ত হয়ে উঠতে পারে। সাপ, পেঁচা, মাছ, মুখোশ এগুলো সবই আমাদের লোকজীবনঘনিষ্ঠ। একদা নদীনালা-ঝোপজঙ্গল-বিধৌত এ বঙ্গে সাপের প্রকোপ থেকে রক্ষা পেতে সর্পদেবী মনসার পূজা করা হতো। এখনও শ্রাবণ মাসে অনেক অঞ্চলেই মনসার পূজা হয়, এ উপলক্ষে মনসাপালা, ভাসানগান টানা টানা চলে। এ ভাসান গানের শ্রোতা হিন্দুমুসলিম উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ। মনসার ভর হিন্দু নারীর মত মুসলিম নারীরও হয়। তখন তারা ভাবের ঘোরে থাকে। মানুষ তাদের বিশেষ সমীহ জ্ঞান করে। সাপে কাটার প্রকোপ এখনও গ্রামে অনেক। 'অশিক্ষিত' 'অর্ধশিক্ষিত' মানুষেরা আজও মনসাকে মানত করে মনসার ভাসান গানের আয়োজন করে। মহাসমারোহ চলে তখন। এমনকি শহরে বাসরত প্রান্তিক মানুষেরাও এ হেন আচারপ্রথা পালন করে। 'মাছ' ছাড়া এ দেশের লোকমানুষের বিয়ের মত সামাজিক শুভকাজই সম্পন্ন হয় না। মাছ যেহেতু অতিপ্রজ ফলে এর সাথে মানবমানবীর যৌনউর্বরতাকেন্দ্রিক প্রতীকের একটা সম্পর্কই হয়তোবা রয়েছে। এসব লোকজাত প্রতীকের ব্যবহার নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় থাকে। যাত্রা শব্দের আভিধানিক অর্থগুলো যদি লক্ষ্ করি, তাহলে দেখবো সেখানে গমন অর্থে, যাপন অর্থে, প্রয়াণ, প্রস্থান অর্থে, বহুমানুষের একত্রগমন, শোভাযাত্রা অর্থে, মিছিল, দোলউৎসব, যাত্রাপালাসহ আরও অর্থে ব্যবহৃত হতে পারে। নববর্ষে পালিত শোভাযাত্রাটি উৎসবে অনুষ্ঠিত মিছিল যার উদ্দিষ্ট শুভ বা কল্যাণ কামনারূপ মঙ্গল। ফলে মঙ্গল শোভাযাত্রা বাংলা নববর্ষের দিনে দেশের মানুষের মঙ্গলার্থে পালিত প্রতীকী উৎসব। যেহেতু উৎসবটি আনন্দের ফলে এর আধারে শোকের চিহ্ন নয় বরং কল্যাণের সমস্ত লোকায়ত চিহ্নগুলোই প্রাধান্য পেয়েছে। এমনকি উৎসবের রঙ নির্বাচন পর্যবেক্ষণ করলেও এর সাদা রঙে শুচিতা বা শুভ্রতার চিহ্ন আর লাল রঙে যৌবন বা তারুণ্যের চিহ্নই প্রাধান্য পায়। বিয়ের মত সামাজিক আনন্দ উৎসবে হিন্দুমুসলিম নির্বিশেষে সাধারণত লাল রঙের বেশি ব্যবহার চোখে পড়ে। এগুলোকে নিছকই 'হিন্দুয়ানি' বলে খারিজ করার যুক্তি শেষ পর্যন্ত তাই ধোপে টেকে না। এ দেশে, বেড়া ভাসান বলে একটা লোকউৎসব আচার রয়েছে যেটা কোথাও কোথাও এখনও পালিত হয়৷ পানির দেবতা হিসেবে খোয়াজখিজিরকে মান্য করে নানা লোকজ উপাচারে তাকে উদ্দেশ্য করে বাতি বা প্রদীপ ভাসানো হয়ে থাকে। বেড়া ভাসানোর মত উৎসব হিন্দুমুসলমান নির্বিশেষে পালন করে। এগুলো লোক জীবনঘনিষ্ঠ-- ধর্মের বিভাজনে একে দেখলে বরং ভুলই হবে। কেননা প্রতিটি দেশের জলমাটিবায়ুতে জারিত হয়ে মানুষের জীবনচর্যা ও মানসচর্চার সমন্বয়ে তার লোকসংস্কৃতি সৃষ্ট হয়। একে কেতাবি কোনো ধর্ম দিয়ে কেবল বিবেচনা করতে গেলে মস্ত ভুল হবে, যে ভুল করতে গিয়ে আধিপত্যশীল ধর্মসংস্কৃতি ইতোমধ্যে বিপন্ন করেছে সমাজের প্রান্তিক মানুষের পরম্পরাগত সংস্কৃত্যাচারকে। এমনিতেই যুগের পরিবর্তনে, মিডিয়ার প্রভাব-প্রকোপে, 'শিক্ষার' প্রসারে 'উন্নয়ন' ধারণায় পরম্পরাগত সংস্কৃতি মুখ থুবড়ে পড়ছে, স্বাভাবিকভাবেও বিলুপ্ত হচ্ছে। তদূপরি ধর্মীয় বিভাজনও সংস্কৃতির মধ্যে বিভাজন-বিদ্বেষ জারি রাখছে। একদা যে বয়াতি গান গাইতো আপন সৃজনানন্দে সে-ই এখন এগুলোকে 'বেশরা' কর্ম হিসেবে দেখার শিক্ষাও পাচ্ছে। যে সমাজ একদা ধর্ম নিয়ে বাহাস করে সারা রাত আল্লাহ্-নবী নিয়ে জনপরিসরে গান গেয়ে রাত ভোর করতো, সে সমাজের মানুষই এখন আল্লাহ্, রসূল নিয়ে সামান্য কথা বলতে রীতিমতো ভয় পায়। একদা অক্ষরবঞ্চিত 'অশিক্ষিত' মানুষ তার নানান লোকসংস্কৃতির হাত ধরে বিনোদন, লোকশিক্ষা দুই-ই পেতো। ইতিহাসের নানান পর্যায়ে ধর্মরাজনীতির আধিত্যশীল খড়গ প্রান্তিক মানুষের লোকসংস্কৃতির অনেক অঙ্গনকে ধ্বংস করেছে। 'ধর্মীয়' কট্টরতা ও এর অপব্যবহার এদেশের ঐতিহ্যপরম্পরাগত লোকায়ত জ্ঞান ও সংস্কৃতির বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপন করেছে। 'শিক্ষিত' সমাজও অনেক কাল সে সব নিয়ে মাথা ঘামায় নি, সে সব লোকগানের আসরগুলি ইতিহাসের ধারাবাহিকতায় 'ধর্মীয়' উন্মাদনাভরা মজলিশে স্থলাভিষিক্ত হয়েছে। ক্রমশ এর ঢেউয়ের ধাক্কায় বিপন্ন হয়েছে মানবিকতার পাটাতন, ধর্মসমন্বয়ের দরকারি ঐতিহ্য-ধারা। এর পেছনেও সেই আধিপত্যশীল সমাজ-ধর্ম-সংস্কৃতি-রাজনীতি কোনো না কোনোভাবে ক্রিয়াশীল থেকেছে, থাকছে। এ আমাদের জন্য বড়ই সঙ্কটের, গ্লানিরও কম নয়।
অন্য দিকে, বাঙালি সংস্কৃতি বলে মধ্যবিত্ত 'শিক্ষিত' যে-পরিমণ্ডলটি বেশি করে ধারণ করেছে সেখানে সনাতন হিন্দুর লোকায়ত চিহ্ন যত আত্তীকৃত হয়েছে লোকায়ত ইসলামের চিহ্ন সেভাবে আনাই হয় নি। ইসলামকে বাঙালি সংস্কৃতির জায়গা থেকে সুকৌশলে বাদ দেয়া হয়েছে। ফলে অনেক মুসলিম এতে নিজের ধর্মসংস্কৃতির আচারপ্রথাচিহ্নের সপূর্ণ অনুপস্থিতির পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হচ্ছে, এ-ও সত্য। একদা, বঙ্গে যে ইসলাম এখানকার পরম্পরার সাথে জারিত-অঙ্গীভূত হয়ে এর লৌকিক অবয়ব তৈরি করেছিলো, যেখানে গানবাজনা হারাম কাজ হিসেবে দেখা হতো না, বরং গানবাজনার মধ্য দিয়ে খোদ আল্লাহ-নবীর আরাধনা করা হতো সে লোকায়ত বা লৌকিক ইসলাম এখন প্রায় অদৃশ্য হয়ে গেছে৷ মানুষ সে সব আর তেমন করে জানেও না, মানা তো এখন বহূদূরের কথা! অর্থাৎ এদেশের ইসলাম ধর্ম-আধিপত্যশীলতার কবলে পড়ে তার স্থানিক ও লৌকিক, তুলনামূলকভাবে প্রসারিত একটা পথকে প্রায় হারিয়েই ফেলেছে। এর দায়ভারও আমাদের 'শিক্ষিত' সমাজের কম নয়।
আবার এ দেশের রাজনৈতিক অঙ্গনে বাঙালি জাতীয়তাবাদ বনাম বাংলাদেশী জাতীয়তাবাদের বিভাজনে তৈরি হয়ে আছে চিরবিচ্ছেদ, বিদ্বেষ। ক্ষমতানির্ভর রাজনীতির কারণে আজ বাঙালি সংস্কৃতির প্রবল রাজনৈতিক প্রচারপ্রচারণার দাপটেও এর উগ্রবাদী চেহারা সমাজের মানুষকে দিন দিন বিপন্ন করছে, এ-ও একেবারে মিথ্যা নয়। বাঙালি সংস্কৃতির নামে যদি উগ্র জাতীয়তাবাদ কেবল প্রবলতর হয় তাহলে সমাজে এর বাইরের নানাভাবে প্রান্তিক মানুষ, আদিবাসীমানুষজন বিপন্নবোধ করবে--এ সমাজবিজ্ঞানের সূত্রেই নিশ্চিত করা যায়। ওদিকে, লোকসংস্কৃতি বা ফোকলোরের বিদ্যায়তনিক ধারায়, চর্চায় 'দেশীয় সংস্কৃতি' বলে সকল কিছুকে নিয়ে কিন্তু চর্চা বা পঠনপাঠন করা হয় না। সেখানেও একটা 'জাতীয়তাবাদী প্রকল্প' হাজির থাকে যার আলোকে এর ছাঁকনকৃত পঠনপাঠনচর্চা উগ্র জাতীয়তাবাদকে উশ্কানোর সম্ভাবনা জাগিয়ে রাখে। এটাও বিশেষভাবে বিবেচ্য। যে প্রান্তিক বাউলফকির তার নিজস্ব পরিসরে জীবনঘনিষ্ঠ লোকসংস্কৃতিকে তার জীবনসমগ্রতার মধ্য দিয়ে কষ্টেসৃষ্টে যাপন করে, 'জাতীয়তাবাদী প্রকল্প' তার অন্য সব কিছু বাদ দিয়ে কেবল একে 'মানবতার এজেন্ট' রূপে তার প্রয়োজন যতটুকু ততটুকুতেই তাকে হাজির রাখে। বাকি সব আড়ালে চলে যায়। এ এক অদৃশ্য বিদ্যায়তনিক 'রাজনীতি' যেটা শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর প্রায় সর্বত্রই বিরাজিত। অধ্যাপক বারবারা কির্শেনব্ল্যাট-জিমব্লেট তার 'Mistaken Dichotomies' নামে একটি চমৎকার প্রবন্ধে চরম সত্য সমালোচনাটি এভাবেই হাজির করেন: 'নৃতত্ত্বের ইতিহাসের জন্য উপনিবেশবাদ যা, লোকসংস্কৃতি/ফোকলোর চর্চার জন্য জাতীয়তাবাদও তা-ই।' অথচ বর্তমান আন্তঃশাস্ত্রীয় বিদ্যায়তনিক ধারায় এ সমস্ত সীমানা অনায়াসে ভেঙে মানুষ, সমাজ, সংস্কৃতির অধ্যয়নের পরিধি বাস্তবিকপক্ষেই বাড়ানো সম্ভব, বাড়ানো হচ্ছেও। এ ইতিবাচক, দরকারিও।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বাঙালিরাও আমাদের অনুরূপ নববর্ষের মঙ্গল শোভাযাত্রা পালন করার রীতি অনুসরণ করছে। সেখানেও আধিপত্যশীল হিন্দুধর্মসংস্কৃতি হস্তক্ষেপ করছে। তাদের একদল বলছে, মঙ্গল শোভাযাত্রায় সাপ, মাছ পেঁচার মত লোকসংস্কৃতিসংশ্লিষ্ট চিহ্নগুলো নাকি তাদের নিজস্ব নয়! এসব প্রচারণা দিয়ে তারা পেঁচা সাপ মাছের মত মোটিফগুলো পরিহার করে কেবল আধিপত্যশীল ধর্ম-সংস্কৃতির চিহ্নরীতিগুলো জারি রাখতে চাচ্ছে। এগুলো এ দেশীয় সনাতন লোকসংস্কৃতিসংশ্লিষ্ট হলেও দুই বঙ্গের দুই সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মসংস্কৃতির আধিপত্যশীলতার দাপটে ক্ষতিগ্রস্ত হচ্ছে বঙ্গীয় বৈচিত্র্যময় লোকস্কৃতির পরিচয় ও এর বিচিত্র অনুষঙ্গ। সমাজ-সংস্কৃতি বৈচিত্র্যময়। প্রাণঘাতী বা সুস্পষ্টভাবে ক্ষতিকর না হলে বিদ্যমান সকল বৈচিত্র্য-ভিন্নতা মানুষের সমাজে-সংস্কৃতিতে টিকে থাকুক! আধিপত্যশীলতার ধারণা ও এর রাজনীতি কেবল ধর্মে থাকে না সমাজ-সংস্কৃতির সর্বত্র বিরাজ করে। আওয়াজটা বরং এর বিরুদ্ধে সর্বাগ্রে জারি রাখা জরুরি। কারণ আধিপত্যশীলতাই একমাত্র যা ধর্মসহ সমাজ-সংস্কৃতির ভিন্নতাকে, বৈচিত্র্যকে ধ্বংস করার প্রতিনিয়ত পাঁয়তারা করে চলে! এ দেশের বসবাসরত হিন্দু, মুসলমান বৌদ্ধ, খৃস্টান, আদিবাসী সকলেই এ দেশের সংস্কৃতিজাত ও সংস্কৃতিনির্মাণকারী মানুষ। ফলে সকলের স্ব স্ব সংস্কৃতি রক্ষা পাক। হিন্দুয়ানি বনাম মুসলমানির বাইনারি বিদ্বেষ-দ্বন্দ্ব থেকে চলুন আমরা বের হই! আজ চাকমাজনজাতির ফুলবিজু-- নববর্ষের উৎসব হিসেবে বিজুউৎসব তিনদিনব্যপী তারা পালন করে। এরকম প্রতিটি জাতিগোষ্ঠীরই ভিন্ন ভিন্ন নামে নববর্ষ পালনের রীতি-সংস্কৃতি রয়েছে। এমনকি নববর্ষের মত বিপুল সমারোহে পালিত উৎসবের প্রাক- উৎসব হিসেবে চৈত্রসংক্রান্তি পালনের রীতিসংস্কৃতিও বিশেষত গ্রামে বা সনাতনধারায় রয়েছে। এগুলো সব মিলেই এই দেশ, তার সাংস্কৃতিকতা। কখনো নিরেট ধর্মের নামে কখনো স্রেফ সংস্কৃতির নামে এ দেশের আচার প্রথা উৎসব চলে। যে কেউ স্বেচ্ছায় সেগুলোতে শামিল হতে পারুক বা না পারুক-- বিষোদগার করার সংস্কৃতি থেকে যেন বিরত থাকে--- বাংলা নববর্ষের প্রাক্কালে এ প্রত্যাশা জারি রেখে মনে মনে একটি ফুল না হয় ভাসাই বিজু উৎসবের দিনে, ক্ষতি কী!
