২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীর মোকাম্মেল: শিল্পের জগতে রাষ্ট্রের হস্তক্ষেপ তেমন মঙ্গল বয়ে আনে না

আলম খোরশেদ আলম খোরশেদ

Published : 03 Apr 2022, 03:54 PM

Updated : 06 Sep 2022, 10:13 PM


এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ২০১৯ সালে, বিস্তার: চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত বিস্তার শিল্পোৎসব ২০১৯ উপলক্ষ্যে প্রকাশিত উৎসব স্মরণিকার জন্য। আজ তেসরা এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে আর্টসবিডিনিউজের পাতায় এটি প্রকাশিত হলো। সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন প্রাবন্ধিক অনুবাদক আলম খোরশেদ। বি. স.


আলম খোরশেদ
:জীবনের একটা বড় অংশ চলচ্চিত্র নির্মাণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে ব্যাপৃত থাকার পর এই পর্যায়ে এসে একজন চলচ্চিত্রকার হিসেবে সামগ্রিকভাবে শিল্প, বিশেষ করে চলচ্চিত্রশিল্প বিষয়ে, আপনার উপলব্ধি ও অনুধাবনা সম্পর্কে জানতে আগ্রহী আমরা।

তানভীর মোকাম্মেল :সিনেমা এক অপার সম্ভাবনার শিল্প। এর শক্তি ও জনমানসকে প্রভাবিত করার ক্ষমতা সম্পর্কে নতুন করে তো বলার কিছু নেই। এ কারণেই আমি তরুণ বয়সেই চলচ্চিত্র মাধ্যমটার প্রতি আকর্ষণ বোধ করেছিলাম। সেটা মূলত জনগণের কাছে আমার রাজনৈতিক বিশ্বাসের কথাগুলো পৌঁছানোর কাজে সিনেমা মাধ্যমটির অপার সক্ষমতার কারণে। এজন্যই আমি আমার প্রথম চলচ্চিত্র "হুলিয়া" স্বল্পদৈর্ঘ্য ছবিটি তৈরী করি এজিট-প্রপ ধারায় এবং ছবিটা দেখাইও বিকল্পভাবে, যাতে করে সারা দেশের ব্যাপক জনগণ তা দেখতে পারে।

ব্যাপক জনগণ এখনও সিনেমা দেখে। এবং আমার ছবিগুলোও দেখে। তবে সিনেমা দেখার প্রেক্ষিতটা বর্তমানে অনেকটাই পাল্টে গেছে। সিনেমাহলে গিয়ে ছবি দেখার পরিবর্তে এখন ঘরে বসে টেলিভিশনের পর্দায়, এবং অনেকেরই টেলিভিশনের পর্দা বেশ বড়, সচেতন দর্শকেরা ইদানীং ছবি দেখছেন। আমি ও আমার ফিল্ম ইউনিট তাই ছবি দেখানোর আমাদের উদ্যোগের ধরনটাও এখন কিছুটা পাল্টে নিয়েছি। আপনি লক্ষ করলে দেখবেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে আমাদের ছবিগুলো প্রায়শই দেখানো হয় এবং প্রচুর দর্শক, বলতে পারেন, কোটি কোটি দর্শক এ ছবিগুলো দেখে থাকে। তবে আমাদের বিকল্পধারার চলচ্চিত্র প্রদর্শনের মূল যে ধারা, সিনেমাহলের বাইরে বিকল্পভাবে জনগণকে ছবি দেখানো, সে-কাজটা আমরা এখনও করে থাকি। জেলা-উপজেলায় ঘুরে ঘুরে, কিছুটা অনিয়মিতভাবে হলেও, আমাদের ফিল্ম ইউনিট আমার ছবিগুলি দেখিয়ে থাকে। আগে আমরা ছবিগুলি দেখাতাম ১৬ মি.মি. প্রজেক্টরে, এখন দেখাই ডিজিটাল প্রজেক্টরে। এছাড়া বাংলাদেশের অনেক গ্রামাঞ্চলে, যেখানে বিদ্যুৎও ঠিক মতো নেই, আমাদের চলচ্চিত্র দেখানো হয়ে থাকে। গ্রামের কোনো স্কুল বা কলেজের ক্লাসরুমে, খোলা ময়দানে, এমনকী ফসলকাটা মাঠেও। আমার নতুন ছবি "রূপসা নদীর বাঁকে"-ও আমরা এরকম বিকল্পভাবেই জনগণকে দেখাব।

তবে আমি ও আমার ফিল্ম ইউনিট যেভাবে ছবি তৈরী করে এসেছি, বাণিজ্যিক বিবেচনা মাথায় না রেখে ও প্রচলিত বাজার-ব্যবস্থার বাইরে গিয়ে জনগণকে ছবি দেখিয়ে এবং তা থেকে আয় করে আরেকটি ছবি তৈরী করে, এ বেশ কঠিন এক সংগ্রাম। যথেষ্ট সচেতন রাজনৈতিক বিশ্বাস ও মানসিক দৃঢ়তা না থাকলে এ সংগ্রামে টিকে থাকা কঠিন। আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন বিকল্পধারার আমার সতীর্থরা অনেকেই পরে আর এ ধারায় টিকে থাকতে পারেননি। কারণ কাজটা আসলেই বেশ কঠিন। আমার ছবির সংখ্যা হয়তো বেশি নয়, তবুও আমি যে-কয়েকটি ছবি বানিয়েছি তা এই ধারাতেই বানিয়েছি, এবং আমাদের বিকল্প ধারাতেই সেসব ছবি দেখিয়েছি। আমি মনে করি বাংলাদেশে শিল্পসম্মত চলচ্চিত্র নির্মাণের এটাই একমাত্র পথ।

আলম খোরশেদ : আমরা সবাই স্বীকার করি, অন্যান্য শিল্পমাধ্যমের তুলনায় বাংলাদেশের চলচ্চিত্রশিল্প অনেকটুকু পেছনে পড়ে রয়েছে এখনও। এর পশ্চাৎপদতার কারণ কিংবা অগ্রগমনের পথে প্রতিবন্ধকতা হিসেবে আপনি কোন কোন বিষয়গুলোকে শনাক্ত করতে পারেন ?

তানভীর মোকাম্মেল :কারণগুলো আসলে বেশ কয়েকটি এবং বেশ গভীর সব কারণ। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে তো এদেশের মানুষ প্রায় মফস্বলী হয়ে পড়ল। তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল পুরোপুরি একটা মফস্বলীয় জনপদ যেখানে বিশ্বের সর্বাধুনিক শিল্প-সংস্কৃতির ছোঁয়া তেমন লাগত না। এফডিসির জন্ম ও বিকাশ এই সীমাবদ্ধ সাংস্কৃতিক পরিবেশেই ঘটেছিল। ফলে তাদের সৃষ্ট চলচ্চিত্রে সে ছাপ তারা আর কোনোকালেই কাটিয়ে উঠতে পারেনি। বিশ্বের আধুনিক চলচ্চিত্রের প্রযুক্তি ও শিল্পটা না শিখেই তারা চলচ্চিত্র তৈরী করেছিলেন এবং এখনও করে চলেছেন। ফলে তাদের নির্মাণে অশিক্ষার ছাপটা আজো খুব বড়ভাবে রয়ে গেছে। আর শুধুমাত্র এফডিসি-কেন্দ্রিক মূলধারার চলচ্চিত্রনির্মাতারা নয়, এদেশের অনেক শিক্ষিত মানুষদের মধ্যেও, যাদের সাহিত্যজ্ঞান হয়তো ভাল, সংগীতজ্ঞানও মন্দ নয়, কিন্তু চলচ্চিত্রজ্ঞান আবার খুবই মফস্বলী। এখনও তারা উত্তম-সুচিত্রার বাঙালি মধ্যবিত্তের ওইসব 'ফিল-গুড' মুভিগুলোকেই দুনিয়ার সেরা চলচ্চিত্র মনে করে, বিশ্বের সেরা ছবির একটা মনে করে "রোমান হলিডে"-র মতো হলিউডের আধা-বাণিজ্যিক একটা ছবিকে! কারণ তাদের ছবি দেখার দৌড় ও চলচ্চিত্র বিষয়ে পঠন-পাঠন ছিল ওই পর্যন্তই।

অন্যান্য অনেক দেশে চলচ্চিত্র-শিক্ষার এই অন্ধকারটা দূর করেছে সক্রিয় ফিল্ম সোসাইটি আন্দোলন ও উন্নতমানের চলচ্চিত্র সমালোচনা। কিন্তু আমাদের দেশে সাংগঠনিক কোন্দল, কারো কারো নেতা হওয়ার বাসনা, কমিটি-কোন্দল, এসব কারণে ফিল্ম সোসাইটি আন্দোলন বর্তমানে খুবই ম্রিয়মাণ হয়ে পড়েছে। ফলে এদেশের চলচ্চিত্র-সংস্কৃতি বর্তমানে বেশ নিম্ন পর্যায়েই রয়েছে। চলচ্চিত্র-সাংবাদিকতা, বা যারা চলচ্চিত্র নিয়ে লেখালেখি করেন, তাঁদের চলচ্চিত্র বিষয়ক জ্ঞান ও ধারণাও খুব সীমিত ও মফস্বলী। তাঁদের মধ্যে সৎভাবে চলচ্চিত্র সমালোচনার চেয়ে বরং নানা সুবিধাবাদী ও সাবজেকটিভ প্রবণতা প্রবল।

কিছু ভাল চেষ্টা বিকল্পধারার নির্মাতাদের, বিশেষ করে, তরুণদের মধ্যে অবশ্য রয়েছে। তবে প্রতিকূল রাষ্ট্রব্যবস্থা, কর্পোরেট আগ্রাসন বা নিজেদের রাজনৈতিক-সামাজিক বিশ্বাসের সীমাবদ্ধতা ও জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা এসব কিছুর কারণে তাদের আন্তরিক চেষ্টাগুলিও তেমন পরিণতি পাচ্ছে না।

তবে এফডিসি-কেন্দ্রিক বাণিজ্যিক চলচ্চিত্র বর্তমানে তাদের চরমতম সংকটে রয়েছে। রাজধানী ঢাকাসহ জেলা-উপজেলার সিনেমাহলগুলো সব একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। যুগের সঙ্গে নিজেকে পাল্টানোর কোনো চেষ্টাও যেন এফডিসি-র নির্মাতাদের নেই। ফলে তাদের পতন ও বিলোপ এখন সময়ের ব্যাপার মাত্র।

আলম খোরশেদ : তো এই কারণগুলোকে দূর কিংবা এই বাধাসমূহকে অপসারণের জন্যে আমাদের এই মুহূর্তের করণীয়গুলো আসলে কী হওয়া উচিত বলে আপনি মনে করেন? ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে?

তানভীর মোকাম্মেল :রাষ্ট্রীয় পর্যায়টাই আগে বলি। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে রাষ্ট্র হচ্ছে সবচে বড় ও ধনী সামাজিক সংগঠন। আমি বলব, বাংলাদেশের সরকারের দিক থেকে কিছু ইতিবাচক চেষ্টা রয়েছে। যেমন চলচ্চিত্র-শিক্ষার প্রসারে দেশে সরকার একটা ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন। তবে মেধাহীন কিছু শিক্ষক ও আমলাতান্ত্রিক নানা জটিলতার কারণে এই ফিল্ম ইনস্টিটিউটটি এখনও তেমন কোনো অভিঘাত সৃষ্টি করতে পারছে না। যেমনটি করতে পেরেছিল ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটটি সে দেশের চলচ্চিত্র-সংস্কৃতির বিকাশে। সরকারের অনুদান প্রথাটা ভাল। পৃথিবীর অনেক দেশেই এরকম ইতিবাচক একটা ব্যবস্থা নেই যেখানে চলচ্চিত্রনির্মাতাদের এককালীন এরকম কিছু অর্থ অনুদান হিসেবে দিয়ে দেয়া হয়। তবে নানা অনিয়ম, পক্ষপাতিত্ব, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো বিশেষ টেলিভিশন চ্যানেলের প্রভাব ও সরাসরি দুর্নীতির মানসিকতার কারণে অনুদানপ্রথাটাও তার উপযুক্ত ভূমিকা রাখতে তেমন সফল হচ্ছে না।

আর তথ্য মন্ত্রণালয় থেকে এফডিসি-কে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা বাদ দিতে হবে। যুগ যুগ ধরে দূর থেকে নিয়ন্ত্রণের এই ব্যবস্থা চলে আসার ফলে এফডিসি আজ পুরোই অথর্ব হয়ে পড়েছে এবং দুর্নীতিগ্রস্ত ও আমলাতান্ত্রিক এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মন্ত্রণালয়ের যেসব আমলা-মন্ত্রীরা এফডিসি-কে আজ ধ্বংসের প্রায় দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে তারা হয়তো এখন অবসরে চলে গেছে, কিম্বা গেছে অন্য কোনো মন্ত্রণালয়ে। কিন্তু তাদের এই নিয়ন্ত্রণের চেষ্টার ফলে ক্ষতি যা হবার তা হয়েই গেছে। প্রকৃত চলচ্চিত্রের মানুষজন নিয়ে এফডিসি-কে একটা স্বাধীন চলচ্চিত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে। যদি তাকে আদৌ বাঁচিয়ে রাখা হয়।

আমি মনে করি শিল্পের জগতে রাষ্ট্রের হস্তক্ষেপ তেমন মঙ্গল বয়ে আনে না। ফলে তা কাম্য নয়। বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান পর্যায়ে সরকার কেবল দু'টো ক্ষেত্রেই কোনো ভূমিকা রাখতে পারে। এক চলচ্চিত্র-শিক্ষা ও দুই শিল্পসম্মত চলচ্চিত্রের বিতরণ। মাঝের অংশগুলো, যেমন চলচ্চিত্র নির্মাণ, বাণিজ্যিক বিপণন, এগুলো সরকারের কাজ নয়। সরকারের এসব কাজে নাক গলানো কেবল আমলাতান্ত্রিকতা ও দুর্নীতিই বাড়াবে।

সেন্সর বা অন্য সব আমলাতান্ত্রিক বাধা-নিষেধের মাধ্যমে সরকার যেন শিল্পসম্মত ও স্বাধীন চলচ্চিত্র সৃষ্টিতে বাধা না হয়ে দাঁড়ায়, সেটা দেখাটা জরুরি। শিল্পসম্মত চলচ্চিত্রের বিতরণের ক্ষেত্রে সরকার ঢাকাসহ সারা দেশের জেলা-উপজেলার শিল্পকলা একাডেমিগুলোকে আরো চলচ্চিত্র-বান্ধব করতে পারে যেখানে দেশ-বিদেশের উন্নত চলচ্চিত্রসমূহ দেখানো হবে। রাজধানী ঢাকা শহরে কলকাতার "নন্দন"-র মতো একটা ন্যাশনাল ফিল্ম সেন্টার করাটা আজ জরুরি হয়ে পড়েছে। রাজধানীর কেন্দ্রে ওরকম একটা চলচ্চিত্রকেন্দ্র করলে দেশের চলচ্চিত্র-সংস্কৃতিতে একটা ব্যাপক পরিবর্তন ঘটবে।

বিটিভি-কে বাধ্য করতে পারে দিনের পর দিন এফডিসি-র ওসব বস্তাপচা ছবি না দেখিয়ে দেশ-বিদেশের ধ্রুপদ চলচ্চিত্রসমূহ দেখাতে। দেখাতে ভাল প্রামাণ্যচিত্র যা জনগণকে শিক্ষিত ও সচেতন করবে। এ কাজগুলি করলে দেশের চলচ্চিত্র-সংস্কৃতির কিছুটা বিকাশ ঘটবে বলে আশা করা যায়।

আর সামাজিকভাবে বলা যায়, যেহেতু এ যুগে সামাজিক গণমাধ্যমগুলো খুবই প্রভাববিস্তারকারী, ফলে ভালো ছবির পক্ষে ব্যাপকভাবে সামাজিক প্রচার এবং চলচ্চিত্রের নামে নিম্নমানের সব অপসংস্কৃতিকে শক্তভাবে বিরোধিতা করাটা সামাজিক দায়বদ্ধতার একটা বিষয়ে পরিণত করতে হবে। এ দেশের জনগণকে বুঝতে হবে যে ভবিষ্যতে উন্নত চেতনার প্রজন্ম চাইলে উন্নত চলচ্চিত্র ছাড়া সেটা সম্ভব নয়। ফলে যার যার অবস্থান থেকে এ দেশে সুস্থ ধারার চলচ্চিত্রের সপক্ষে দাঁড়াতে হবে। তবে কেবল চলচ্চিত্র নয়, সব ধরনের শিল্পই এখন বাংলাদেশে বেশ গভীর সংকটে আছে। মননশীল সৃষ্টি নেই তেমন।

একই বিষয় ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। বর্তমান সামাজিক মাধ্যমের যুগে ব্যক্তিরও অনেক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সে-সুযোগ কাজে লাগিয়ে শিল্পসম্মত চলচ্চিত্রের প্রচারে ও প্রসারে ব্যক্তিকেও যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে এবং সিনেমার নামে যত রুচিহীনতা ও কর্পোরেটীয় নোংরামির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তেমন। কী মান আমাদের সাহিত্যের? চিত্রকলার? সংগীতের? শুধু একা চলচ্চিত্রকে দুষলে সেটা সঠিক হবে না। আসলে সামগ্রিকভাবেই আমরা ক্রমশ এক সংস্কৃতিহীন জাতিতে পরিণত হচ্ছি যা খুবই বেদনার। এটা খুবই দু:খজনক এজন্য যে, আমরা বাঙালিরা রুচিশীল ও সংস্কৃতিবান একটা জাতি ছিলাম। কিন্তু বর্তমানে এ জাতিটি ক্রমশই সংস্কৃতির সূক্ষ চর্চা বাদ দিয়ে স্থূল, উপরভাসা, আমোদগেঁড়ে ও ভোগপ্রিয় হয়ে উঠছে। সিনেমা শিল্পটাও এই ধারাতেই চলছে। বরং বলতে পারেন একটু বেশী মাত্রাতেই চলছে।

আলম খোরশেদ : চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘ ও বহুমুখী অভিজ্ঞতার আলোকে, তরুণ চলচ্চিত্রকার ও কর্মীদের প্রতি আপনার কী পরামর্শ কিংবা দিকনির্দেশনা থাকবে?

তানভীর মোকাম্মেল :প্রথমেই বলব, চলচ্চিত্র-মাধ্যমটার কারিগরী জ্ঞানটা ভালোভাবে আয়ত্ত করাটা জরুরি। আপনি স্বভাবকবি হতে পারেন, কিন্তু স্বভাব চলচ্চিত্রকার হতে পারবেন না। চলচ্চিত্র পুরোটাই প্রযুক্তিনির্ভর একটা মাধ্যম, আর এই প্রযুক্তিটা আপনাকে দক্ষভাবে শিখতেই হবে। ভালো হয় কোনো ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করলে অথবা কোনো বয়োজ্যেষ্ঠ দক্ষ নির্মাতার সহকারী হিসেবে কিছুদিন কাজ শিখলে।

এটা ঠিক যে ডিজিটাল প্রযুক্তির কারণে চলচ্চিত্রনির্মাণ বর্তমানে কিছুটা সহজ হয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে সহজিয়াপন্থী হওয়ার কোনো সুযোগ নেই। শিল্প সৃষ্টি একটা সুগভীর ও সূক্ষ কাজ। ডিজিটাল প্রযুক্তিটাকে শিল্প সৃষ্টিতে সফলভাবে ব্যবহার করতে চাইলে চলচ্চিত্রের নিজস্ব ভাষা ও নন্দনতত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। তাহলেই শিল্পসম্মত কিছু সৃষ্টি করা সম্ভব। অন্যথায় তা হবে শুধুই কিছু টেকনিক্যাল জারিজুরি। কেবলই গিমিক। শিল্প নয়। ফলে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনটা রয়েই যাচ্ছে।

আর বলব নিজের দেশ ও ইতিহাসটাকে ভালোভাবে জানতে হবে। অন্যথায় আপনি কার জন্যে, কী সৃষ্টি করবেন? আমার মনে হয়, খুব দামি ক্যামেরা নিয়ে মাথা না ঘামিয়ে ভালো হয় আপনি যদি এক মাস গ্রামে গিয়ে থাকেন, কৃষকদের সঙ্গে মেলামেশা করেন বা একদিন সারাদিন সদরঘাটে গিয়ে বসে থাকেন। তাহলে সৃষ্টির অনেক উপাদানই পাবেন। শিল্প সৃষ্টির ক্ষেত্রে মানবজীবনকে জানা-বোঝার কাজটা খুবই জরুরি। এবং সেটা সারাজীবন ধরেই করতে হয়।

পুরস্কারের মোহে না পড়াই ভাল। মোহ বললাম কারণ দশটা পুরস্কারও আপনার ছবিকে বাঁচিয়ে রাখবে না। আপনার ছবি বেঁচে রইবে কেবল তা যদি শিল্প হতে পারে। এ ব্যাপারে ইতিহাসের বিচার খুবই নির্মম। তবে যদি শিল্প হয়, তাহলে কোনো পুরস্কার না পেলেও সে ছবি যুগের পরে যুগ বেঁচে রইবে। ঋত্বিক ঘটকের ছবি কী পুরস্কার পেয়েছে ? আজো ওঁর ছবি নিয়েই আলোচনা হয় সবচে বেশি। তবে যে কোনো মাধ্যমে, চলচ্চিত্রে তো বটেই, প্রকৃত শিল্প সৃষ্টি করা বেশ কঠিন এক কাজ। তার জন্যে নিজেকে নান্দনিকভাবে ও কারিগরিভাবে ব্যাপকভাবে ও গভীরভাবে প্রস্তুত করতে হবে।

কর্পোরেট জগতের সঙ্গে বা এনজিওদের সঙ্গে বেশি না জড়ানোই ভাল। ওদের কাজের অর্থের লোভ আপনাকে বিপথগামী করে ফেলতে পারে। পুঁজি সব কিছুকেই কলুষিত করে। ভালো হয় নিজেদের মধ্যে আন্তরিক একটা ফিল্ম ইউনিট গড়ে তোলা এবং শত প্রতিকূলতার মাঝেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে শিল্পসম্মত ছবি তৈরীতে দায়বদ্ধ থাকা। প্রায় বিশ বছর ধরে আমি আমার প্রায় একই ফিল্ম ইউনিট নিয়ে কাজ করে চলেছি এবং বাংলাদেশের এত প্রতিকূলতার মাঝেও একটির পর একটি ছবি নির্মাণে আমার তেমন কোনো সমস্যা হয়নি। এ ব্যাপারে আপনার মানসিকতা হতে হবে ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যানের মতো– দৃঢ়, ধৈর্যশীল ও আত্মপ্রত্যয়ী।

আলম খোরশেদ : বাংলাদেশে এই মুহূর্তে ফিল্ম সোসাইটি আন্দোলনও অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। সেটা কি তার প্রয়োজন ফুরিয়ে গেছে বলে, না-কি তাকে যুগোপযোগী ও প্রাসঙ্গিক করে তোলার ব্যর্থতাই এর জন্যে দায়ী? এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য ও ব্যাখ্যা প্রত্যাশা করছি।

তানভীর মোকাম্মেল : নেটফ্লিক্স, ইউটিউবের এই যুগে কেবল ভালো ছবি দেখার চাহিদায় ফিল্ম সোসাইটির সদস্য হওয়ার ব্যক্তিগত তাগিদ আজ অনেকটাই ফুরিয়ে গেছে। ফিল্ম সোসাইটির সদস্য হওয়া ছাড়াও অনেকভাবেই এখন ভাল চলচ্চিত্র দেখা সম্ভব এবং লোকে তা দেখছেও। তবে চলচ্চিত্র সংসদ আন্দোলনের যে সামষ্টিক কার্যক্রম– দেশবিদেশের চলচ্চিত্র নিয়ে আলোচনা, লেখালিখি, সেমিনার-ওয়ার্কশপের আয়োজন করা, পত্রিকা প্রকাশ, এগুলোর প্রয়োজনীয়তা আগের মতোই রয়ে গেছে বলে আমি মনে করি। তবে পুরনো ধারায় আর কাজ করলে চলবে না। তরুণদেরকে পাওয়া যাবে না। যেকোনো সংগঠন বা আন্দোলনকে যুগের সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে। অন্যথায় ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যেতে হবে। ফিল্ম সোসাইটি আন্দোলনের ক্ষেত্রেও সেটাই ঘটবে যদি না সংগঠনগুলো কেবল কমিটি গঠন, মিটিং, কোন্দল, দলাদলি, পরচর্চা, এসব নিয়ে বেশি ব্যস্ত থাকাটা বন্ধ করে। আধুনিক প্রযুক্তির সকল পদ্ধতি ও সামাজিক মাধ্যমগুলোকে কার্যকরভাবে ব্যবহার করেই কেবল এ আন্দোলনকে এ যুগের মানুষদের মাঝে, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে, প্রাসঙ্গিক করে তোলা ও বাঁচিয়ে রাখা সম্ভব হতে পারে। একটা সহজ উদাহরণ দিই। যেহেতু বই বা পত্রিকা পড়ার অভ্যাস ব্যাপকভাবে কমে গেছে সেহেতু ফিল্ম সোসাইটির পত্রিকা কেবল কাগজে ছাপা না হয়ে এখন অন-লাইনেও ছাপা হওয়া উচিত। তবে কেবলই একটা অন-লাইন পত্রিকা নয়, সে-পত্রিকার মতবিনিময়গুলো অবশ্যই হতে হবে ইন্টারঅ্যাকটিভ ও গণতান্ত্রিক। তাহলেই তরুণদের তা আকৃষ্ট করতে পারে কারণ তাতে তারা অভ্যস্ত।

আলম খোরশেদ : সবশেষে, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে আপনার ব্যক্তিগত স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে জানতে চাই আমরা।

তানভীর মোকাম্মেল :তরুণ বয়সে আমাদের স্বপ্ন ছিল এদেশে বিকল্পধারার একটা চলচ্চিত্রসংস্কৃতি গড়ে তোলার। সে-স্বপ্ন নিয়ে আমি আজো কাজ করে চলেছি। তরুণ বয়সে আমরা বাংলাদেশের মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র নিয়ে খুবই ক্ষুব্ধ ছিলাম কারণ সে চলচ্চিত্র ছিল রুচিহীন, স্থূল ও চলচ্চিত্রের ভাষা ও নন্দনতত্ত্ব সম্পর্কে অজ্ঞ। বাণিজ্যিক চলচ্চিত্র এখনও সেরকমই রয়েছে। তবে এখন বোঝা যাচ্ছে তাদের রমরমার দিন শেষ এবং এ ধারাটি এখন ক্ষীণ, প্রায় মৃতপ্রায়।

কিন্তু বিকল্পভাবে ছবি তৈরী ও বিতরণের সাফল্যও আমাদের স্বপ্নের আশানুরূপ নয়। "আগামী"-"হুলিয়া"র যুগে যে সম্ভাবনা এই ধারাটি দেখিয়েছিল আজ তা যেন কিছুটা থমকে গেছে। আমি স্বপ্ন দেখি অনেক নতুন নতুন তরুণ আমাদের এই ধারায় ছবি নির্মাণে এগিয়ে আসছে। এবং কর্পোরেট পুঁজির খপ্পরের বাইরে থেকে, বিকল্পভাবে, তাদের ছবি সারাদেশে প্রদর্শনও করছে। জাঁ ককতো সেই তিরিশের দশকে স্বপ্ন দেখতেন যে, সিনেমা সেদিনই একটা সত্যিকারের গণতান্ত্রিক শিল্প হয়ে উঠবে যেদিন ক্যামেরার দাম হবে কলমের দামের মতো আর ফিল্মের দাম হবে কালির দামের মতো। ডিজিটাল বিপ্লবের পরে আজ প্রায় সেটাই ঘটেছে। এখন চলচ্চিত্র নির্মাণ অনেক অনেক সহজ হয়ে এসেছে। আপনার মোবাইল ফোনেই আপনি এখন একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করতে পারেন। আমি চাই তরুণেরা এই নতুন সম্ভাবনাকে সৃজনশীলভাবে ব্যবহার করুক। চলচ্চিত্র নির্মাণের এই সহজ সম্ভাবনাকে ব্যবহার করেই তারা প্রকৃত শিল্প সৃষ্টির চেষ্টা করুক, হয়ে উঠুক শিল্পী। আমি স্বপ্ন দেখি, সারা দেশে বাঁধভাঙ্গা জোয়ারের মতো তরুণেরা দেশজ নানা বিষয় নিয়ে কাহিনীছবি ও প্রামাণ্যচিত্র তৈরী করা শুরু করেছে। পরাজিত হচ্ছে চলচ্চিত্র সম্পর্কে মান্ধাতা আমলের সব ধ্যান-ধারণা ও সামাজিক মূল্যবোধ। ভেঙ্গে পড়ছে চলচ্চিত্র নির্মাণের পুরনো সব বাধার দেয়ালগুলোও। এবং প্রত্যেক মানুষই হয়ে উঠছে একেকজন সৃজনশীল শিল্পী। সৃষ্টি হচ্ছে অসংখ্য চলচ্চিত্র নির্মাণশিল্পী যারা কারিগরী ও নান্দনিকভাবে প্রস্তুত। তাহলেই কেবল আমার যৌবনকালের স্বপ্নগুলো বাস্তবে রূপ পেয়েছে বলে মনে করব।