উইপিং উইলো ও নিহা-১
এক
অফিসে ঢুকেই নিহা বুঝতে পারে আজ না এলেই ভাল হত। গলা থেকে খুক খুক শব্দ বের হচ্ছে তো হচ্ছেই। ক্রমাগত কাশি, খুশখুশে কাশি। গলায় কফ জমেছে প্রচুর। আবারও কাশি, তারপরও কাশি। হায় আল্লাহ আজ সারাটা দিন যাবে কিভাবে? নিহা শংকিত, উদ্বিগন। নিজের কিউবে ঢুকতে ঢুকতেই শুনলো ইতিমধ্যেই দু'জন আসেনি। সিক কল করেছে। কাজের জায়গায় আসবে না তারা, তবে বাসা থেকে কাজ করবে। তাদেরকে কোন দরকার পড়লে অফিসের ওয়েব চ্যাটে খোজ নিতে বলা হয়েছে। নিহা বুঝলো আজ পৃথিবীর সব ঝামেলা তাকেই পোহাতে হবে। উফ। ভাবনা শেষ না করতেই খবর এলো তিনটা সার্ভার এক সাথে ডাউন। আচ্ছা মুসিবত তো! সবই আজ হতে হবে নাকি। মজা নাকি এগুলো। হঠাৎ দেখলো, কোত্থেকে আচমকা সক্রেটিস এসে দাঁড়িয়েছে। হাতে এক কাপ কফি। তার টেবিলে রাখতে রাখতে এক গাল হাসি দিয়ে বলল, তোমার সেবায় নিয়োজিত, সদা সর্বদা। খুবই আনউজ্যাল কি! না,অস্বাভাবিক না। ঐ লোকের নামের মতন কাজকর্মও একটু অন্যরকম, অদ্ভুতও। দেখছে তো অনেক দিন, বহু দিনের কলিগ তার, তবে ঐ নামের লোক সে আর দ্বিতীয়টি দেখেনি জীবিত। জিজ্ঞেসও করেছিল। না, আসলে জিজ্ঞেস করতে হয়নি, না করতেই সক্রেটিস নিজেই বলেছিল হাসিমুখে, তার দাদার দাদা কে যেন ছিলেন এথেন্সবাসী। আর সেটাই যেন সে জন্মানো মাত্রই হঠাৎ করে মনে পড়ে যাওয়ায় তার বাবা তাকে ঐ নাম দিয়ে ওনার অতীতের সাথে বেধে দিয়েছেন। মাথা চাপড়ে সে নিজেই বলে,স্বয়ং সক্রেটিসের বংশধর হলেও একটা কথা ছিল, দূর দিয়ে বহু দূর দিয়েও না , তারপরও বাপের অতীত প্রীতির স্মৃতি অম্লান বদনে তাকে বইতে হচ্ছে জীবনভর। এখনে সবাই তার নাম শুনে তার দিকে চায় আর সাথে সাথে তাকেও অতীত কাহিনী বলতে হয়। সারগাম স্টাইলে সেও সেই একই সুর সাধে। আওড়ায় একই কথা। বারে বারে। প্রতি জনের জন্য। পূর্বপুরুষের আবাস ভ‚মির পরিচয় সে চাইলেও এখন আর মুছতে পারবে না। মহতী উদ্যোগ। জগৎ সংসারে যে যাই করুক অতীত এসে হানা যেন দেবেই, আজ বা কাল। কিন্তু সে নাকি নিত্য দিন মুখোমুখি হয়। যখনই যে কেহ তাকে ডেকে উঠে সক্রেটিস বলে, সাথে সাথে এক ঝাপে লাফে সে নাকি ঘুরে আসে ইতিহাস থেকে বা সক্রেটিসের কোন না কোন দর্শনতত্ত্ব থেকে। মেলোডী কয়েকবারই বলেছে ডু শটকাট যেমন ধর এসটি। ক্যালী বলেছে কাট ইওর নেইম, চেঞ্চ ইওর নেইম। অতটা নিষ্ঠুরতা নিহা দেখাতে পারে না, মানতেও না,তাই বলে না কিছু। দেওয়া নাম ঘেচাং করে কেটে দেবে, আছে কোন মানে এর! নেই। নাম হচ্ছে জীবন ভর বইবার মতন কিছু। সক্রেটিসও খুশি বা অখুশী মনে বইছে।
থ্যাংকস বলে নিহা জানতে চাইলো হঠাৎ কফি কেন? সক্রেটিস বলল, মিটিং রুমে আজকে দেখলাম কয়েক প্যাক স্টার বাক্স থেকে বানানো কফি এসেছে। ভাবলাম তোমাকে দেই। ওপাশ থেকে তোমার গলার কাশির শব্দ শুনতে পাচ্ছিলাম তা কিন্তু নয়, বলে হাসলো, সেই সাথে চোখও টিপলো।।
নিহার কিউবের ঠিক উল্টা দিকের কিউবে বসে সক্রেটিস। প্রতি সকালেই তার দেখা মিলে, হেসে বলে, গুড় মর্নিং বিউটি ফুল।
আজ জানতে চাইলো, এমন কাশি নিয়ে কতক্ষণ থাকতে পারবে বলে মনে করছো? নিহা হেসেই বলল, দেখি কতক্ষণ টিকতে পারি। স্যুটের সাথে আজ লাল টাই পড়েছে। যেদিনই মিটিং থাকে সেদিনই সক্রেটিস স্যুাট বুট পরে ফিটফাট। অন্যান্য দিনে, একেক দিন একেক রকম সাজ। বাংলাদেশে যেমন দেখতো হাই অফিসিয়ালরা প্রয়োজনে অপ্রয়োজনে স্যুাট পড়ে ঘুরে বেড়ায় এখানে ব্যাপারটা সেরকম না। সক্রেটিস বলল আমার মনে হয় না মিরাকল কিছু হবে, তোমাকে ডাক্তার পর্যন্ত যেতেই হবে সম্ভবত। আমিও গিয়ে এসেছি। গেলেই প্রথম যে প্রশ্নটা করবে সেটা বলি, জানতে চাইবে তুমি কি গত দুসপ্তাহে আমেরিকার বাহিরে গিয়েছিলে। যদি না বল তবে হ্যা বললে যে প্রশ্নটা করতো সেটা করবে না। বল দেখি প্রশ্নটা কি?
নিহা হেসে উত্তরটা দিল, যদি চীন বা ইটালী বলি তাহলে কি হবে? ধরে কি সাথে সাথে গুম করে ফেলবে!
সক্রিটিস হাসতে লাগলো, বললো,রমনী তো, তাই প্রশ্নের উত্তরে উল্টা প্রশ্ন। বলা যায় না, তোমাকে গুম করবে তোমার মগজ পরীক্ষা করে দেখতে। কি কি আছে ঐ তেজী ব্রেইনে। তবে আমি একবার চীনে গিয়েছিলাম, বানরের মগজ খেয়েছিলাম সেই থেকে আমার মগজ কেবল লাফ ঝাপ দেয়, গাছ দেখলেই উঠে বসে থাকতে মন চায়। খুবই চিন্তায় আছি এখনও আমি,ওদের ডিনার টাইমের পাটিতে আরো কত কি যে খেয়েছিলাম। নিহা হাসতে লাগলো। কাশিও থেকে থেকে হুমড়ী খেয়ে উঠে আসছে।
সক্রেটিস বলছে, সাপ, ব্যাঙ, ইদুর, কুকুর, বাদুড়, পোকা আর কত কি যে খায় ওরা। আগামী ৩রা মার্চ আমার আরেকটা ফ্লাইট ছিল, জান-ইতো ভেবেছিলাম এবার গেলে আচ্ছা মতন বাকি সব খেয়ে আসবো। যেতে তো না করেছে অফিস, উল্টা বাকিদেরও সহসা মনে হয় দেশে ফিরিয়ে আনবে।
বল কি করোনার অবস্থা কি অতটাই ভয়াবহ হয়েছে?
এখানে হয়নি, তবে উহানে হয়েছে। বস বলেছেন, চীনে যাওয়া যাবে না। তবে আমাকে ডাকছে ওদের খাদ্যগুলো।
নিহা হাসলো, বললো, প্রতি জনে জনে, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে রয়েছে নিজস্ব খাদ্য বিশ্বাস। কে কি খাবে তা তার পারিপাশ্বিক বা ভৌগোলিক অবস্থা দিয়েও নিয়ন্ত্রিত। শাক সবজীতে পেরাসাইট, বেকটেরিয়া, ফাংগাস থাকতে পারে। গরুর মাংস থেকে হতে পারে মেড কাট ডিজিজ। মুরগী কবুতর থেকে বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লু কতকি হতে পারে!
পারে পারে, এবার আসছে ধেয়ে বাদুর খাবার ফলশ্রæতি, তৈরি থেকো। বলে হাসছে সক্রেটিস। আরো বলছে, তুমি দেখেছো অষ্টিনে একটা ব্রীজ আছে যার নিচে বাস করে হাজার হাজার বাদুর। সন্ধ্যার ঠিক একটা নির্দিষ্ট সমেয় ঐ জায়গা থেকে উড়ে যায় বাদুরগুলো। তা দেখতে আর ছবি তুলতে প্রচুর মানুষ জড়ো হয় প্রতি সন্ধ্যায় ঐখানে। দেখার মতন জায়গাটা।
জানি না তো।
ওটা টেক্সাসের রাজধানী অষ্ট্রিনে, ইউ শুড় গো দেয়ার। টেক্সাসের ডালাসে থাকবা আর অষ্ট্রিনে যাওনাই এটা সাংঘাতিক কথা।
নিহা হাসলো, বললো দেখি, সময় পেলে যাব।
আমার বউ না থাকলে তোমাকে সাথে নিয়ে যেতাম, বলে আবারো চোখ টিপলো। আরো বলল, আমার হয়তোবা কোন অসুবিধা নেই কোরিয়ানরা তোমাদের বাংলাদেশে গিয়ে সব নেড়ী কুকুর খেয়ে ফেললে তবে চীনারা এসে ঐ বাদুর ধরে খেতে চাইলে আমি তো বাধা দেবই। ওটা আমাদের সৌন্দর্যের সাথে সম্পৃক্ত।
তর্কে গেল না নিহা, দেখলো দমে দমে কাশী উঠে আসছে। তাকেও ডাক্তারের কাছে যেতে হবে বুঝতে পারছে। মুখে আরেকটা লং দিল। নন্দিনী সকালেই বলেছে, নাকফুলের মতন দেখতে মসল্লাটাকে লং বলে, চিনতে পারবি তো, না থাকলে কিনে নিবি।
অফিসে আসার সময় ইন্ডিয়ান একটা স্টোর থেকে কিনেও এনেছে। সে পুরাপুরি দেশী একটা মেয়ে ২৫ বছর বয়স পর্যন্ত দেশেই ছিল। সে লং চিনবে না এটা কেন যে নন্দিনী ভাবলো কে জানে। যাই হোক ওর সাথেও এ নিয়ে বিতর্কও করলো না। ভাবছে হয়তোবা এতদিন প্রবাসী, একা থাকে, সংসার নেই, মা-বাপ আত্মীয়-স্বজন নেই, বিয়ে বর নেই, তাহলে তার হাড়ির খবরের কি দরকার। পি, এইচ, ডি করতে করতে সব ভুলে গেছে কোন মসলায় কি হয়। ভুলেছে কি সে আদো কিছুই !! সেই গ্রাম, সেই শহর, দেশ, কিছুই ভুলেনি। গেল ৩৬ বছরের সবই তার মনে আছে। তবে মনে করতে চায় না। মনে পড়তে দেয় না শুধু। মনটাকে জীবনের ট্রেক থেকে তুলে সরিয়ে ফেলেছে । মন থাকুক অন্য কোথাও। গাছের উপরে। আর সে থাকুক বিশ্ব চলাচলে। ঐ সেই বাঘ আর বানরের গল্পের মতন। বানরকে বলল বাঘ তোমার কলিজা খাব। বানর বাঘকে বলল, চল তবে, কলিজা তো গাছের মগ ডালে কাকের বাসায় জমা রেখে এসেছি। ঐ উপরে। ওখান থেকে পেড়ে আনি। কলিজা সাথে নিয়ে তো আর ঘুরি না। গাছের ডালে ঊঠেই বানর পগারপার।
এ রকমই ছিল যেন গল্পটা।
তার প্রায়ই গল্পটা মনে পড়ে। প্রায়ই বুঝে কলিজাটা সরায়ে রেখেছে কোথাও। যেন কলিজায়-প্রাণে-বুকে-মনে টান না পড়ে। কষ্ট না পায়। এটা সবাই পারে না। অফ অন সুইচ সবার বুকের মাঝে থাকে না। তার আছে তাই বাচোয়া।
বুকের মাঝে এখন কফ। খস খসাচ্ছে। কফিটা ভাল। ভাল লাগছে গলায় পরাতে। আবার মনে হলো শুধু গরম পানি গিলতেও এখন খুব ভাল লাগতো।
সক্রেটিস চলে গিয়ে আবার ফিরে আসলো। হাতে একগুচ্ছ টিসু। বলল, তোমার টিসু বক্স তো শূন্য দেখছি। রাখ, লাগবে।
আসলেই তাই, যা বলেছে তাই, সে বলতে না বলতেই নিহার তা ব্যবহার শুরু করতে হলো।
এই লোক দাঁড়িয়ে আছে। কি বিরক্তিকর। গেলেই বাচে। তার সামনেই সে নিজে সমানে কাশছে। অস্বস্থিকর। লোকটা এবার দাত কেলিয়ে হাসছে। বলল, একটা গল্প আছে ঐ অরিজিনাল সক্রেটিসকে নিয়ে, বলবো! শুনবে?
পাগল মনে হয় এই লোক, সে কেশে বাচে না আর ঐ লোক এসেছে কাহিনী শোনাতে। নিহা সাথে সাথে দ্রুত দু'দিকে মাথা দুলিয়ে বলল, নো নো, নট নাউ। পরে কখনোও।
সক্রেটিস এবার একটু হেসে টেক কেয়ার বলে চলে গেল।
এখন আর ফিরে না আসলেই সে বাঁচে।
নিহা কিউব ছেড়ে উঠে পড়লো। অফিসের ক্যাফেতে গিয়ে বসলো। কিন্তু পরক্ষণেই খেয়াল হলো এদিক ওদিক অনেকে খাচ্ছে, খাবার গরম করছে, এখানে বসে বসে কাশি দেওয়া খুবই অনুচিত হবে। বের হয়ে গিয়ে লম্বা লবিতে দাঁড়ালো। হ্যাঁ এটাই ভাল। এখান থেকে ডাক্তারকে ফোন দিল। আজ কোনভাবেই ডাক্তারের ওখানে জায়গা হবে না তার। সব বুকড, ভরা। পরের দিন পাওয়া গেল। আজ যদি তার অবস্থা আরো খারাপ হয় তবে এমার্জেন্সিতে চলে যেতে হবে বলে জানালো। বাংলাদেশের এদিক ওদিক কত ডাক্তার। আর এখন চেনেই না ওই ডাক্তার ছাড়া অন্য কোন ডাক্তারকে। অন্য কোন ডাক্তারকে খুজতে হলে দেখতে হবে তার হেলথ ইনসুরেন্স এর সাথে নতুন ঐ ডাক্তার সম্পৃক্ত কিনা। মরতে বসলে ৯১১ নম্বরে ফোন করতে হবে। ওরা এসে তুলে নিয়ে যাবে। সামনের এ্যাপাটমেন্ট থেকে টগর হয়তো ছুটে বের হয়ে আসবে। সেই হয়তো নন্দিনীকে খবর দেবে। তারপর ওর জন্য খাবার-দাবার কত কি নিয়ে নন্দিনীও হাজির হবে। তার আর তো কেও নেই। ঐ এক বাল্য বান্ধবী নন্দিনীই শুধু আছে। ঐ পড়শী টগরও আছে। কত ছোট তার নিজের জগতটা। এদের বাহিরে দুই একজন মানুষজন আছে। মশী ভাই আছেন। পরোপকারী। তবে ইললিগাল। প্রায় নিজেই বলেন, আমার উপকারটাও নেবেন না, এটাও লিগাল হবে না। তবে যার যখন দরকার পরে ওনাকে ভাল মতন ব্যবহার করে নেয়। ওনার বৌ তো এই নিয়ে সদা সর্বদাই সবার দিকে মারমুখো। তার বর বোকা হতে পারেন তাই বলে তিনি তো নন, তিনি নিজেই তা বলেন। নিত্য দিনের এই একই কিচির মিচির ওনার, যেদিন থাকবে না আর মশী ভাই সেদিন বুঝবে এই ডালাসের বাঙালীরা কি ছিল আর কি গেল।
নন্দিনী অবশ্য বেশ গম্ভীর হয়ে জানতে চেয়েছে, কবে বুঝবে ডালাসবাসী তা, সহসাই কি?
ভদ্র মহিলা এরপরে খুবই বিরক্ত হয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে থাকেন, অবশ্য এটাই স্বাভাবিক। উনি বলেছেন, বলেছেন, কিন্তু উনি বলেছেন তাই বলে নন্দিনীও বলবে! এতটা মানা সম্ভব নয় ওনার পক্ষে,কারো পক্ষেই। নিহাও হাসি লুকিয়েই মেনে নেয়, কারও পক্ষেই সম্ভব নয়, নন্দিনীর দিকে চোখ বড় করে তাকায়। নন্দিনীও আবার একটু বেশি বেশি করে। আছে কোন দরকার! মানুষকে অযথাই খুচানো। কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার দরকার নেই। তারপরও দেবে। আছে তো সুখে, বর আর ঐ এক ফোটা মেয়ে রানীকে নিয়ে, জামাইয়ের টাকা পয়সা সব আছে। চাকুরি আছে। আর কি চিন্তা। জীবন ষোল কলায় পূর্ণ। থাকে বাসায়, কোন কাজ করে না, তবে রাজ্যের সকল ঝামেলায় জড়ায় কিংবা দৌড়ে গিয়ে সব কিছুতে ঝাঁপিয়ে পড়ে। কারও যদি আজ অসুখ হয় ঐ নন্দিনীই হাউমাউ করে কাদতে কাদতে ছুটে আসবে সবার আগে।
বান্ধবীর কথা মনে করতে করতেই নিজের কিউবে এসে ঢুকলো। এসে দেখে তার বস দাঁড়িয়ে আছে তার কিউবে। শারলেট ,হলুদ শার্ট পরে এসেছে আজ। ৪০ বছর বয়স হবে বা ৪৫। কিন্তু ভাব করে ৩০। খুব চটপটে। প্রায়ই বলে সে 'ফর এভার থারটি'র বাসিন্ধা। কেও ধাক্কা দিয়েও তাকে এর থেকে বের করতে পারবে না। তবে সহসাই সে একজন জাদরেল জীবন সাথী খুজে নেবে যে তাকে এত বেশি প্রশয় আর ভালবাসা দেবে যে সে অনন্ত যৌবনের অধিকারী হয়ে যাবে। কিভাবে কি যে হবে সে সবের ডিটেলস এ নিহা কখনোই যায় না। তবে বুঝে শারলেট এ নিয়ে তার সাথে গল্প করতে চায়। এদের অনেককেই তার অদ্ভুত মনে হয়। সংস্কৃতির বিভেদটা খুবই প্রকটভাবে সে দেখতে পায় একটু মিশতে গেলেই। ভাবনা গুলোই যেন ভিন্ন। বিভিন্ন জন বিভিন্ন রকম।
বলল, শুনলাম তুমি অসুস্থ।
নিহা কিছু বলার আগেই আবার বলল, হ্যাঁ সক্রেটিস বলেছে, তোমাকে দেখেও মনে হচ্ছে। নিহা একটা কিছু বলতে গিয়ে দেখলো গলাটা তার ফাটা বাশের মতন ঘো ঘো করে উঠছে।
শারলট বলল, তুমি বাসায় চলে যাও। বিশ্রাম নাও। কোন সাহায্য লাগলে জানিয়ো। তুমি তো একা থাক, ফোন করতে সংকোচ করো না। করোনা না হলেই ভালো।
নিহার ভালই লাগতে লাগলো সবার মমতা। যেতে যেতে বস আরো বলে গেল, তার একা লাগলে অফিসের কাউন্সিলিং নম্বারে যেন ফোন করে। ওকে কাঊন্সিলিং করে ম্যানটাল সাপোর্ট দেওয়া হবে তখন।
নিহার হাসি পেয়ে গেলেও মাথা দুলালো। দরকার পরলে করবে জানালো। বাঙালিরা যে এসব লাইনে কখনোই ফোন দেয় না সেটা এই বিদেশীনিকে কে বোঝাবে। বালিশ জড়িয়ে ধরে মন ভরে কেদে নেবে কিন্তু অচেনা কাওকে ফোন করে দুঃখ ঊগলে দেবে না। কিভাবে আসলে এর প্রকাশ করতে হয় তাই বোধ হয় বাঙালির জানা নেই। বরঞ্চ টগর বা নন্দিনী অনেক কাঙ্ক্ষিত, অনেক আপন জন কথা বলবার জন্য। ওরা তার সাথে বসে তার কথায় তার থেকেও হয়তো বেশী কাদবে ফুপিয়ে ফুপিয়ে, যা দেখলে যে কোন কাঊন্সিলর মাথায় হাত দিয়ে বসে পড়বেন , তারপরেও ওরা কাছের জন, ওরাই তাকে গল্প কথায় ভুলাবে এক সময়। চেয়ে দেখলো, অফিস চ্যাটে মেলোডী, ক্যালী, আরো অনেকে "গেট ওয়েল সুন' লিখে পাঠাচ্ছে। ইমোও দিচ্ছে সুস্থতার।
নিহার তা দেখতে ভাল লাগচ্ছে। ভালই, অফিসের ব্যবস্থাপনা সিসটেমটাই এমনভাবে যান্ত্রিক কারুকাজের ভেতরই মমতাটা স্থাপন করেছে ।
হঠাৎ দেখলো, সাইদ ম্যাসেজ পাঠাচ্ছে। এস এম এস। নেমে আসো, আমি নিচে।
এ আবার কোত্থেকে। জানালা দিয়ে চাইলো। সে তাকাতেই সাইদ তার কালো গাড়ি থেকে হাত নাড়ালো।
আবার ম্যাসেজ দিল,
তোমার ড্রাইভার এসে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাব,নেমে আস পটপট।
আচ্ছা এও জেনে গেছে। নন্দিনীর কারুকাজ করা কারসাজী নিশ্চয়ই! তাই হবে। বাঙালি কমিউনিটিতে আর কে বাকি কে জানে। সবাই না এবার মিছিল করে অফিসে সামনে এসে দাঁড়িয়ে থাকে।
মেসেজ পাঠালো, পটপট না ঝটপট। জানো না বাংলা ঠিক মতন অথচ বাংলার মেয়ের পিছনে ঘুরে বেড়াও।
যে আমাকে রাখেনি ধরে বেধে বুকে, এটি তার জন্য পানিসমেন্ট, দেখলে কত দূরে বসে আমি শোধ তুলতে পারি বাংলা মায়ের উপর বেঠিক বাংলা বলে। রান, রান, নামো ছুটে, না হলে পানি ঢালা পানিসমেন্ট আসিতেছে তোমার জন্য।
পানি ঢালা পানিসমেন্ট কি?
তোমার সকল আয়োজনে পানি ঢেলে দেব। এটাই পানি ঢালা পানিসমেন্ট।
নিহা হেসে ফেলে। বললোও মুখে,পাগল একটা মানুষ।
ফোনের ওপাশ থেকে জবাব আসে, আমি পাগল তোমার জন্য।
(চলবে)
