আম্পারো ভ্রমণ
চিত্রকর্ম:ইভস তাঙ্গির চিত্রকর্ম ঝড়
কিরে এত ভোরেই বেরুতে হবে? আরেকটু ঘুমিয়ে নিলে হয় না?—কম্বল থেকে মাথা বের করতে করতে রাকীব বলে। আমি ওর গা থেকে একটানে সব তুলে নিলেও ভ্রূণের মতো ওর দিগম্বর দেহ নাড়ায় না।
শালা ওঠ, দেরি করে বেরুলে পৌঁছতে পৌঁছতে সূর্য মাথায় উঠলে পাহাড়ের উপরেই পড়ে থাকতে হবে। শকুন ছাড়া আর কিছু যখন আমাদের পাবে তখন অনেক দেরি হয়ে গেছে—বলি।
গন্তব্য—আম্পারো, এক খনিপল্লি, যেখানে আদ্যিকাল থেকে শনিবারের হাটে বিক্রি হত সোনা, রূপা। ওখানে এখনও দুটো খনি জীবন্ত আছে। একটি সোনার; গনগনে আগুন জ্বলে অতল গহ্বরের স্বর্ণ। অপরটি রূপার; শান্ত স্নিগ্ধ হুরপরী দিয়ে ঘেরা খনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৫০ মিটার উচ্চতায় অবস্থান। বছরের অধিকাংশ সময়েই মেঘের আড়ালে থাকে। আম্পারোর যাবার মাঝপথে পরে ক্রুস দে কেছাদা। বাড়ির আঙিনায় বসে পরিষ্কার দিনে খালি চোখে ক্রসটিকে দেখতে কোনো অসুবিধে হয় না। হুয়ান মিনেরোর অতৃপ্ত আত্মাকে শান্ত করতে ক্রসটিকে স্থাপন করেছিলেন এক পাদ্রি। হুয়ানের ধর্ম সম্বন্ধে নিশ্চিত কোন ধারণা না থাকায় চার ধর্মের উপাসনালয় একত্রিত করে তার ছাদের উপর বসানো এই ক্রস।
পরিকল্পনা—হাফপ্যান্ট, স্যান্ডো গেঞ্জি ও পায়ে কেটস পরে ক্যান্টিনে নাস্তা ও পানীয় নিয়ে ক্রুস দে কেছাদায় গিয়ে নাস্তা করা, ভরদুপুরে আম্পারো পৌঁছে খেয়েদেয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে দিন শেষে খনিতে ঢোকা। কোনটিতে কে ঢুকবে তা ঠিক করে নেব পথে যেতে যেতে।
বিছানা থেকে জোর করে নামিয়ে রাকীবকে কাপড় পরতে বাধ্য করে রাস্তায় নামি।
বুয়েনস দিয়াস—দরজা থেকে বেরুতেই অনিন্দ্যসুন্দরী স্বল্পবসনা দুই যুবতী বলে ওঠে। রাত্রির শিফট শেষ করে বাড়ি ফিরছে চোখে দুই জনমের ঘুম নিয়ে।
দোস্ত, সত্যি আজ আমার ঘুম ঠিকমত হয়নি। ওদের সাথে আরেকটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না।–বলে রাকীব।
চল শালা, তাড়া দিই আমি।
একটু হাঁটতেই পথ ঢুকে পড়ে বনের মধ্যে, উঠে যাচ্ছে এঁকেবেঁকে আকাশের দিকে।
কোন খনি কার হবে তা ঠিক করব কিভাবে ভেবেছিস কিছু? ও প্রশ্ন করে। ভ্রমণকে আরো উপভোগ্য করার জন্য প্রায়ই আমরা এ ধরনের খেলা খেলি।
চল, হিসেব নিকেশ হবে নাস্তার পর, উপাসনালয়ে বসে। তার আগে চার ধর্মের ভিত্তিগুলো প্রতিটি গাছে লিখব আর রাস্তাটা উপভোগ করব।
সব কিছুর উর্ধ্বে সৃষ্টিকর্তাকে ভালবাসা—লেখে রাকীব গাঁড় লাল রঙের মোটা অক্ষরে, প্রথম গাছটিতে। অন্য ধর্মে এ নিয়ে কি লিখা আছে তা লিখবি তুই। পরের তিনটি গাছে একই শ্লোক লিখতে হয় আমাকে।
অর্থহীন শুধু শুধু সৃষ্টিকর্তার নাম নেয়া উচিত নয়—লিখে ও পরের গাছটাতে। আবারও ৬, ৭, ও ৮ নম্বর গাছগুলিতে আমার একই কাজ করতে হয়।
শুধুমাত্র পবিত্র উৎসবগুলোই অনুমোদিত—লেখে রাকীব।
আমি— Ditto, Ditto, Ditto.
পিতা-মাতাকে সম্মানিত করবে—রাকীব
আমি—Ditto, Ditto, Ditto.
খুন করা নিষিদ্ধ—রাকীব
আমি—Ditto, Ditto, Ditto.
খারাপ কাজ করবে না—রাকীব
আমি—Ditto, Ditto, Ditto.
ধুস শালা, সব অর্থহীন, প্রত্যেকটি শ্লোকই রিপিট করতে হবে। তার থেকে লিখি চল— "অন্যের ক্ষতি করবে না"। বলি আমি।
ও রাজি হয়।
দুজনেই পরবর্তী আটশ' তিহাত্তুর দশমিক তিনটি গাছে অন্যের ক্ষতি করবে না লিখে লিখে ক্লান্ত হয়ে এ খেলা বাদ বলি। আরে আরে, কাঠবিড়ালি না?
হ্যাঁ, তাই তো, কিন্তু এটাতো আমাদের দেশি ভাই! লেজ আর আকার দেখলেই বোঝা যায়। কেউ বুঝি পোষার জন্য এনেছিল আর কোনভাবে বের হয়ে গেছে!
হ্যাঁ, তাই হবে। তবে এখানে ম্যাপল আসে কিভাবে? আশ্চর্য! দেখ, পৃথিবীর সব ধরনের গাছই কিন্তু আশেপাশে পাবি।
তাই তো। কিন্তু কেন—প্রতিধ্বনি তোলে রাকীব।
পথ হঠাৎ করে এক ধাপে উঁচু হয়ে গেছে। উচ্চতায় ১৩ ইঞ্চি। আমি বাম পা প্রথমে তুলে ডান পা পরে তুলে দিই। আমার হাঁটুতে চাপ পড়ায় উঠতে কিছুটা কষ্ট হয়। ও ডান পা আগে তুলে বাম পা পরে তোলার সময় এক খেক শেয়াল খ্যাঁকখ্যাঁক করতে করতে দৌড়ে পালায় সামনে দিয়ে। পথটি এখন খুব সরু; ধীরে ধীরে উঁচু হয়ে গেছে বলে হাঁটতে তেমন কোন কষ্ট হচ্ছে না। এক পাশে কলা-বন, অন্যপাশে স্প্রুস আর ফারের সাড়ি।
দুজনে হেঁড়ে গলায় গান ধরে এগিয়ে যাই: 'আমার ঘরখানায় কে বিরাজ করে, আমি জনম ভরে একদিনও তারে দেখলাম না রে…।' গাছগুলো আমাদের সাথে দোহার ধরলেও একঝাঁক টিয়া ক্যা ক্যা করতে করতে ডানা ঝাঁপটায়।
আবার আরেক ধাপ ২৭ ইঞ্চি। আমি বাম পা, হাঁটুর উপর বামহাতের ভর, ওর বাড়িয়ে দেয়া হাত অগ্রাহ্য করে দেহটা কষ্টেসৃষ্টে উপরে ধাক্কা দিয়ে ডান পা উপরে তুলে ওর দিকে তাকাই। ও ডান পা আগে পরে বাম পা, যেন কোন ব্যাপারই না। আবার সেই খ্যাঁক শেয়াল, দৌড়ে যাচ্ছে।
পথটা সরু হতে হতে যেখানে ঠেকেছে সেখানে আর এক ধাপ উঁচু। এখান থেকে আন্দাজ করতে পারছি চার ফুটের কম হবে না। আমার গলা শুকিয়ে গেছে ওখানে পৌঁছার আগেই। ও গুন গুন করে ভাজছে 'আপন ঘরের খবর নে না…
এসে গেছি ধাপটায়। আশেপাশে সিঁড়ির মত কিছু নেই যে বেয়ে উঠব। ডানে তাকাতেই খ্যাঁকশেয়াল আর রাকীব সার্কাসের দরাবাজদের মত হাতদুটো ধাপের উপর রেখে ডিগবাজি দিয়ে উপরে উঠে ডান হাত বাড়িয়ে দেয় আমার দিকে। এবার আর না ধরে পারি না।
হাঁটছি দুজনে খুব কষ্ট করে। দুপাশ থেকে বেতের আকশি এসে জড়িয়ে ধরছে। কোনরকমে ছুটিয়ে এগুচ্ছি। আরে এ কিসের শব্দ? করাত দিয়ে কাঠ কাটছে না? শব্দ লক্ষ করে এগুতে থাকি। রাস্তার পাশেই লম্বা এক গুদামঘরের মত জায়গা। ভেতরে উঁকি দিই। লম্বা হাঁটু পর্যন্ত ধবধবে সাদা শ্মশ্রু বিশিষ্ট এক যুবক আপন মনে তক্তা কাটছে। এক পাশে এক বেল না খোলা থান। পাশে সাড়িসাড়ি বাক্স। কোথাও সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্ট পেয়েছে।
প্রত্যেকটি বাক্সই লম্বায় আমার সমান।
