মোস্তফা সারওয়ার: প্রবাল প্রাচীর
চিত্রকর্ম: মনিরুল ইসলাম
তোমাকে মনে হতো প্রবাল প্রাচীর নও বহু দূর
মানুষের সমুদ্রে ডুবে থাকা এক পাহাড়ের চূড়
আমরা পথ ক্লান্ত জলজ প্রাণী চারদিকে শূন্য ডাঙ্গা
অথচ প্রাণ আমাদের যেন বিচিত্র বর্ণালী রঙধনু রাঙ্গা
শ্রেণী কক্ষ সেমিনার গ্রন্থাগার
জ্ঞান পরীদের দিন ভর বসতি থাকার
ঘরে ফিরি শ্রান্ত ক্লান্ত
তুমি নিরাপদ শান্ত
প্রবাল প্রাচীর ঝালর ধন্য
খুটে খেতাম ক্ষুধার অন্ন
করিডোর দাঁড়িয়েছে ভালবাসা পেতে চায়
অভিমানী কোয়াড শুয়ে তাতে কি আসে যায়
মৃদু কোলাহল পত্রিকা হলঘর
রাজনীতি বিস্ময় কম্পিত বাতিঘর
দূরদর্শন স্বপ্নের বিনোদিনী
ঝরে শুধু ফোটনের রিনিঝিনি
মাঝে মাঝে ক্রুদ্ধ হাঙ্গরের হানা
প্রবাল প্রাচীর ছেড়ে পাখি হয়ে মেলতাম ডানা
জন অরণ্যে জুটে যেত দয়ার্দ্র সরাইখানা
পরাধীন বাংলায় উন্মত্ত ভুজঙ্গের থাবা
বিষাক্ত ছোবল এ মোনেমের মারহাবা
মৃতের মিছিল আইয়ুবের কাহারাবা
তবুও তুমি ছিলে নিরাপদ প্রবাল প্রাচীর
তোমার স্নেহময় ভালবাসা স্বপ্নের আবীর
