লোকায়ত কবি বিজয় সরকার
বিজয় সরকার কি কবি না কবিয়াল না গায়ক এই নিয়ে নানা জনের নানা মত। বিষ্ণুপুর বাঁকুড়ার শিল্পী চন্দন রায় বলেন বিজয় সরকার ভক্তির কবি, নেত্রকোনার জা্লাল গানের গায়ক সুনীল বলেন বিজয় সরকার 'বিচ্ছেদী গাতক'! তাহলে উকিল মুন্সী কি? 'তিনিও গাতক কিন্তু বিরহী! 'বিচ্ছেদ আর বিরহী এক না বাই', সুনীলের সাথে কথোপকথনে আমাকে শিখতে হলো শিল্পী ও শিল্পের সংজ্ঞা। গ্রাম বাংলার এই চিরায়ত গানের সৌরভ কতোটা বিস্তৃত তা এই রচনায় উল্লেখ করে শেষ করা যাবে না। সামান্য কিছু আলোকপাত করছি শুধুমাত্র বিজয় সরকারকে বুঝতে। গাঙ্গেয় বাংলার এই কবিয়াল শিল্পী-কে আমরা কিন্তু এখনও ভালো করে চিনে নিতে পারিনি।
বিজয় সরকার নড়াইলের মানুষ। দীর্ঘদিন খুলনা বেতারের সাথে যুক্ত ছিলেন ও এই প্রান্তরের জনপদে গান করে বেড়াতেন। তাঁর নিজের দল ছিল যা গড়েছিলেন 'ধুয়ো' গানের আদলে কিন্তু গাইতেন ভাটিয়ালী সুরে প্রলম্বিত কথনে, ফলে খ্যাতি পান কবিয়াল হিসেবেই। ২০১৩ সালে যখন তাঁকে 'একুশে পদক' দেয়া হয় তখনও তাঁর পরিচয় 'কবিয়াল' হিসেবেই। আমি যখন সুনীলের কাছে জানতে চাই, 'ভাটিয়ালের শিল্পী আপনি, ওইদিকের শিল্পী বিজয় সরকার, আপনি কেমন করে মুল্যায়ন করেন? সুনীলের বিনয়ী জবাব-'বিজয় সরকারের মুল্যায়নের বুদ্ধি আমার নাই, কিন্তু আমি জানি তাইনে কত বড়ো গাতক! তবে এইটা ঠিক, তিনি ভাটির সুর নিয়াই কিন্তু বিচ্ছেদী হইলেন!' নড়াইলের গোবড়া গ্রামের প্রভাত বালা, যিনি বিজয় সরকারের শিষ্যা, গান করেন। তাঁর মতে, 'মানুষের ভেতরে আরেকটি সত্ত্বার বাস আছে। সেই সত্ত্বাকে শান্তি দিতেই আমার গান করা। বিজয় সরকারের গান করলেই কেবল আমি এবং আমার ভেতরের আমিতে শান্তি মেলে'।
তাহলে কি বিজয় সরকার অধ্যাত্ম চেতনাকেও প্রবাহিত করেছেন তাঁর সুর আর লয়ে? প্রভাত বালা এক সাক্ষাতকারে কী বলছেন দেখুন- "বিজয় সরকারের বাণীর মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই। পাগল বিজয়ের গান বুঝতে হলে সাধক হতে হয়। আমি তো সাধু নই। বিজয় সরকার গান লিখেছেন, মন আর শরীরকে জাগ্রত করতে। এমন ভাববাদী গান ধরায় আর কোনো গীতিকার লিখেছেন বা সুর দিতে পেরেছেন বলে আমার জানা নেই। তিনি একেবারেই মাটির মানুষের জন্য গান রচনা করে গেছেন। তার প্রাণবন্ত গানের সঙ্গে অন্য কারও তুলনা হয় না"।
এখানে আর একটা পরিচয় এসে গেল, সাধনার বিষয়। পশ্চিম বঙ্গের গ্রামাঞ্চলে বিজয় সরকারকে 'সাধু' হিসেবে সম্মানের আসনে বসিয়ে তাঁর সঙ্গীতের সাথে 'সঙ্গ' হয়। সেখানে বিজয়ের কথন-সুরে ভক্তিবাদ। অতি উচ্চাসনে রেখে বিজয় সরকারকে মাটির শিল্পী হিসেবে মানিয়ে নেয়া হয়েছে ফলে বাকুড়া থেকে এইদিকে আসানসোল, ওইদিকে চাকদহ থেকে কোলকাতার বীরভূমের কেন্দুলী সর্বত্র বিজয় সরকারের গানে ভক্তি প্রকাশের নতুন মাত্রা গত কয়েক দশকেই তৈরি হয়ে গেছে। এমন কি পশ্চিম বঙ্গের অনেক গ্রামে তাঁর ও তাঁর শিষ্য অনাদী জ্ঞান সরকারের গান ছাড়া এখন কীর্তন বা নামযজ্ঞের অনুষ্ঠান-ই শুরু হয় না (অনাদী সরকার ফরিদপুরের নগরকান্দার মানুষ, যার বিখ্যাত গান- "দিন গেল গেল দিনের বেলা, কাল গেল গেল কালের ভেলা, আমি কার নৌকায় উঠিবরে ভাবি নাই")।
এই মাত্রাযোগ বিজয়ের আর এক রূপ। তবে বিজয়ের ভক্তি চেতনা মর্ত্যলোকের আর তা এই বাংলারই। উল্টো সৃষ্টিকর্তাকেই প্রশ্ন করেছেন, 'জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা বহু নামে ধরাধামে কত নামে ডাকি'- এটা আক্ষেপ কিন্তু জালালুদ্দিন খাঁ এক ক্ষেপ এগিয়ে মানুষের কাছেই প্রশ্ন করলেন, 'মানুষ থুইয়া খোদা ভজ, এ মন্ত্রনা কে দিয়াছে'? ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে ঈশ্বর যখন প্রশ্নবিদ্ধ তখন এই পূর্ব বাংলায় সম্প্রীতির অনুপম সৃষ্টি বাংলাদেশের লোকগানে, আর তা হলো মানব বন্দনা। মানুষের মনের কষ্ট, আক্ষেপ আর বিচ্ছেদের যাতনা এসে ভর করে নিলো গানে যার শৈল্পিক ও আধুনিক রুপ দিয়েছেন বিজয় সরকার। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালী বা গম্ভীরা, বাউল, মারফতি বা অষ্টক, একই তারে নিজেকে বেঁধে না রেখে যা করলেন তাতে বাংলাদেশের লোক গানের রীতি নতুন মাত্রায় আর সব আঞ্চলিক রীতিকে এক সাথে গেঁথে নিলো। ফলে আমরা দেখতে পাই বিজয় সরকারের গানে, সুরে ও তালে পুরো বাংলাদেশের লোক গানের সকল রীতিই উপস্থাপিত।
কেউ কেউ বিজয় সরকারের বিচ্ছেদ লয়-এর সাথে নদীয়ার বিচ্ছেদের মিল খুঁজে পান, এটা আমার মতে ঠিক নয়। কারন বিজয় সরকার আগাগোড়া পূর্ব বাংলার জন-মানুষকেই নির্ভর করে তাঁর কাব্য পিপাসা মিটিয়েছেন। সরল ও প্রাঞ্জল শব্দ রীতি তাঁর অনুপম সৃষ্টি-বৈচিত্র্য। যদিও অনেক গানে তিনি তৎসম শব্দ ব্যাবহার করেছেন যা আমাদের লোকায়ত গানে বিরল। কিন্তু সুনিপুনভাবে এরকম শব্দ ব্যাবহার করে মূলত বিজয় সরকার লোক সঙ্গীতের রীতিতে বহু-মাত্রিক আবগের সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। প্রভাত বালা বলছেন, "অন্য লেখকদের পদের যে ছন্দ এর সঙ্গে বিজয় সরকারের পদের ছন্দে ঢেড় তফাৎ"।
যদি আমরা এই ভাবলোক, ভক্তি চেতনা, উপাসনা ও বিচ্ছেদী আবেগের বাইরে এসেও বিবেচনা করি তাহলেও দেখবো বিজয় সরকারের অনবদ্য সৃষ্টি তাঁর সুরের সাথে যন্ত্রানুসঙ্গ। কেউ ভাবতে পারেন কোমলগান্ধারে গায়কী দোতারা বা বাঁশী থেকে মুহুর্তে ঢোলে শিফট করতে পারবে? তা-ও দ্রুতলয়ে? বিজয় সরকারের গান শুনলে যে কেউ এর প্রমান পাবেন কী সুনিপুন এই যন্ত্রের ব্যাবহার! আরও আছে তাঁর গানের সাথে যেসব যন্ত্র ব্যাবহার করা হয়, যেমন ঢোল, ঢোলক, মন্দিরা, খোল, তবলা, হারমোনিয়াম ও বেহালা-র সমন্বয়। সাতক্ষীরার তালায় দেখেছিলাম বিজয় সরকারের গানের সাথে ট্রাম্পেট পর্যন্ত চলে! এই এক অদ্ভুত পরিবেশ যেখানে বিচ্ছেদী গানে আমরা একমুখী, সরল ও বাঁশী পর্যন্ত থেকেছি, পালা গানে এসে বেহালা, কিন্তু তাই বলে ঢোল? তা-ও উচ্চলয়ে?
এই নিয়ে সুনীলের ব্যাখ্যা আমি মনে করি বিজয় সরকারের গান বুঝতে সর্বোচ্চ অধিকার দেয়, 'এইটা অইলো হাহাকার, এই যে ঢোলের বারি, দাদা, এইটা আসে বুকের পিঞ্জরা থাইকা, এইটা বিজয় বাবু বুঝাইতে পারছেন, আমাদের ধরাইয়া দিয়া গেছেন, এই কারনেই তিনি গুরু'!
বিজয় সরকার-ই গুরু। তাঁকে ভালো করে চিনতে হবে আমাদের।
