২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির দস্যু ও রুক্ষ মরুর বিষাক্ত টারানটুলা

মোস্তফা সারওয়ার

Published : 23 Oct 2021, 09:55 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


শরতের শুভ্র মেঘে ঢাকা ছিল
আপাততঃ বিমুগ্ধ আকাশ
সেদিন প্রভাতে।
দিগন্ত হতে দিগন্তে –
আহা! ছড়ানো বিছানো ছিল যেন রাশি রাশি

শিমুল ফুলের চিত্রকল্প;

কাশ ফুল সমারোহে
রক্ত জবার সাথে জড়াজড়ি
করেছিল শিউলি টগর

বিজয়ার আনন্দে আসবে
এক কোটি মানুষের খুশির প্লাবন
পঁচাত্তর বছরের
বিধ্বস্ত আঙ্গিনায়

হঠাৎ রুক্ষ মরু থেকে
উঠে এলো এক দঙ্গল ভয়ংকর
বিষাক্ত টারানটুলা
মিউটেশনের অদ্ভুত ধর্ম-যন্ত্রে
রূপান্তরিত বিদঘুটে অসুর

পাহারাদারের সামনে চল্‌লো
হত্যা, অগ্নি সংযোগ,
ধর্ষণ, লুটপাটের কার্নিভাল

রক্তে রাঙ্গা বিধ্বস্ত মন্দির
নীরব সাক্ষী রইলো –
পীরগঞ্জ, হাজীগঞ্জ
আর অন্য সব জনপদে

উল্লসিত হলো সব বর্ণ ও রঙের
রাজনৈতিক দস্যুরা
এমন কি গঙ্গার চরাঞ্চলে
লাল সবুজের আলখাল্লা পরিহিত
ছদ্মবেশী রাজনীতি তস্কর
দিয়েছিল হারে রে রে ডাক
শুনেছি: তার অট্টহাস্যে
আড়িয়াল খাঁ নদীর জলে উঠেছিল
ভয়ার্ত উচ্ছ্বাস

শুনেছি ধর্ষিত মানবতার
পরিত্যক্ত জমিগুলো
লুটে নেয়া যাবে – এই ভেবে
জৌলুশের রুচিহীন প্রাসাদে প্রাসাদে
সেদিন বয়েছিলো
সরাবের উন্মত্ত ঝরনা