পথের কবি জ্যাক হার্শম্যানের প্রয়াণ
বিট প্রজন্মের অন্যতম প্রধান কণ্ঠস্বর, মার্ক্সবাদী মার্কিন কবি জ্যাক হার্শম্যানের মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান হয়ে গেল। এ উপলক্ষে নিবন্ধটি তৈরি করা হয়েছে broke-ass stuart পত্রিকার ২১ আগস্ট, ২০২১ সংখ্যার সংশ্লিষ্ট সংবাদ এবং Los Angeles Times-এর ১৬ জুন, ২০১৬ সংখ্যায় প্রকাশিত Justin M. Norton- এর নিবন্ধ অবলম্বনে।
৮৭ বছর বয়সে চিরবিদায় নিলেন প্রবাদপ্রতিম কবি এবং কবিতা আন্দোলনের প্রবাদপুরুষ জ্যাক হার্শম্যান। বিশেষ করে সান ফ্রান্সিস্কোর কবি-শিল্পী সম্প্রদায়ের জন্যে এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, কারণ চলতি ২০২১-এ এ নিয়ে সান ফ্রান্সিস্কোর তিনজন পোয়েট লরিয়েটের মৃত্যু হল। হার্শম্যানের আগে গত ফেব্রুয়ারি ও এপ্রিলে মারা গেছেন আরো দুজন পোয়েট লরিয়েট যথাক্রমে কবি লরেন্স ফের্লিংগেট্টি এবং জানিস মিরিকিতানি।
হার্শম্যানের মৃত্যুসংবাদ রোববার সকালে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এদিন বিকেলে কবির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তাঁর বন্ধু কবি ও চিত্রশিল্পী ফ্রান্সিস্কো ওর্রেগো। জানা গেছে, হার্শম্যান ঘুমন্ত অবস্থায় শান্তিতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তাঁর স্ত্রী, কবি ও শিল্পী আগ্নিয়েটা ফাল্ক্-কে।
নিজের জীবনকালে বহু সিদ্ধি অর্জন করেছেন কবি জ্যাক হার্শম্যান। একসময় তিনি সান ফ্রান্সিস্কোর পোয়েট লরিয়েট ছিলেন, যে-কথা আগেই জানিয়েছি। কবিতা ও প্রবন্ধ মিলে তাঁর গ্রন্থসংখ্যা পঞ্চাশটিরও বেশি।
সান ফ্রান্সিস্কোর কবি, অনুবাদক এবং সম্পাদক জ্যাক হার্শম্যানের তুখোড় বাগ্মিতাপূর্ণ কণ্ঠস্বর যুক্তরাষ্ট্রে বহুবছর আগে বিশেষত বাম ধারার রাজনৈতিক কবিতার মেজাজ নির্ধারণ করে দেয়। ১৯৬০-এর দশকে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে সান ফ্রান্সিস্কোর রাস্তায় রাস্তায় কবিতা ও রাজনীতির মুক্ত বিনিময়ে নিযুক্ত হন, যেখানে তিনি ছিলেন, কবি রবার্ট ব্রেইটের ভাষায়, 'আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবিত কবি'। অসংখ্য কবিতার বই ছাড়াও প্রায় আধডজন ভাষা থেকে করা অনুবাদের ৪৫টা বই রয়েছে তাঁর। অনেক কবিতা সঙ্কলন এবং সাময়িকী সম্পাদনাও করেছেন তিনি। তাঁর কাব্যগ্রন্থগুলোর মধ্যে 'এন্ডলেস থ্রেসহোল্ড' (Endless Threshold), 'দা সিবালবা আরকেইন' (The Xibalba Arcane), 'লিরিপল' (Lyripol) এবং ফ্রন্ট লাইনস ( Front Lines) সর্বাধিক উল্লেখযোগ্য।
প্রায় ৬৫ বছর আগে তখনকার তরুণ কবি জ্যাক হার্শম্যান পরামর্শ চেয়ে একটা চিঠি লিখেছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়েকে, উত্তর পাবেন এমন আশা প্রায় না করেই। কিন্তু বাস্তবে এই বরেণ্য কথাশিল্পীর জবাব পেয়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন।
হেমিংওয়ে তাঁকে লিখেছিলেন, "আমি তোমাকে সাহায্য করতে পারব না, ছেলে। ১৯ বছর বয়সে আমি যেমনটা লিখতাম, একই বয়সে তুমি তার চেয়ে ভালো লেখ। কিন্তু কী আর বলব, তুমি লেখ একদম আমার মতোই। কিন্তু এ নিয়ে তো তুমি কোথাও পৌঁছাতে পারবে না।"
অগ্রজ সাহিত্যিকের এ উপদেশ মেনে নিয়ে হার্শম্যান নিজের কবিতাকে এমন শৈলীতে গড়ে তোলেন যা শ্রমিক শ্রেণির প্রতি সহানুভূতিশীল, যা তাঁকে বিট প্রজন্মের এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর করে তোলে, যদিও তাঁর পরিচিতির ব্যাপ্তি সে-তুলনায় খানিকটা কমই ছিল।
সান ফ্রান্সিস্কোর এই প্রাক্তন পোয়েট লরিয়েট সম্ভবত ছিলেন মার্কিন ভূখণ্ডে সেই সাহিত্যিক সংস্কৃতির মূল্যবোধ ও স্বপ্নের শেষ জীবিত প্রতিভূ, যা বর্তমানে ক্রমশ সীমাবদ্ধ হয়ে পড়ছে পাঠ্যবইয়ের পাতায়।
সদ্যপ্রয়াত কবি জ্যাক হার্শম্যানের অবিনশ্বর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাঁর বিখ্যাত দীর্ঘ কবিতা 'দা ফের্লিংগেট্টি আর্কেইন' (The Ferlinghetti Arcane) বা 'ফের্লিংগেট্টি গূঢ়কথা' কবিতাটির প্রথম দিকের কিছু অংশ নিচে অনুবাদ করে দেয়া হল, যার মধ্যে দিয়ে কবিতা ভুবনে তাঁর এবং তাঁর সঙ্গী সতীর্থ কবিদের উত্থান ও সংগ্রামের বিবরণ পাওয়া যায়।
নিগূঢ় ফের্লিংগেট্টি
প্রিয় কমরেড,
চলো, দেখা যাক
ভিত্তিকে ছোঁয়ার পর
কেটে গেল কতগুলো বছর?
আটান্ন বছর, আমার মনে হয় (যদি-না আল
ঝেইমার ইতোমধ্যেই আমার সঙ্গে
চালাকি করা শুরু না করে):
সকাল সকাল তোমরা আসতে পুবদিকে
'৬১-তে, বিট তরঙ্গশীর্ষে চড়ে জ্যাক
আর অ্যালেন ওখানে ঢাক পেটাতো
নতুন আমেরিকান কবিতার,
কিন্তু ততদিনে তুমি
আন্তর্জাতিকায়িত হয়ে গেছ
আটলান্টিক আর প্রশান্ত উভয়
মহাসাগরীয় অঞ্চলের মঞ্চগুলোতেই,
বিশ্বযুদ্ধে সাবমেরিনগুলোকে
তাড়া করে, আর জিআই বিলে
নর্থ ক্যারোলিনা ইউ'র পর,
প্যারিসে তোমাদের পিএইচডি
করা, সরবন থেকে।
ওটা ছিল আমাদের মধ্যে
সবসময় অনুরণিত
সমৈকতানগুলোর একটি:
তুমি পরিপূর্ণ উচ্চারিত স্বরবর্ণ
আর ব্যঞ্জনবর্ণ, এবং আমিও
একই স্বরবর্ণ পরবর্তী
প্রস্বরের অন্তে কিন্তু
শুধুমাত্র এক অ-ধ্বনিত
প্রতিধ্বনি শোনা যায় কি যায় না,
যখনও আমরা বিশ্ববিদ্যালয়ে।
তুমি তোমার ডিগ্রি নিয়েছ এবং ওখান থেকে বেরিয়ে গেছ আগেভাগে, আর আমাকে এটা তুলে দিতে হয়েছে তোমার হাতে, তুমি আর কখনও বুজিভিলে ফিরে যাওনি বরং যতটা পার স্বাধীন রয়ে গেছ, সৃষ্টি করেছ এদেশে প্রথম পেপারব্যাক বইয়ের দোকান, খুলে দিয়েছ অনেকগুলো দরজা যাতে মানুষের বিশ্ব বুঝতে পারে সান ফ্রান্সিস্কো এ গ্রহের সবচেয়ে অমূল্য শহরগুলোর একটি,তখনও ছোট্ট শহর মহানগরী কোথাও স্বপ্নে দেখা জানালার পাশে বসে থাকা শিশুর মতো, কখন কোন্ সে অতীতে।
এবং অবশ্যই ঝামেলায় পড়েছ গিন্সবার্গের 'হাউল' প্রকাশিত হওয়ার পর, হয়ে উঠেছ ভাষার প্রতিরক্ষায় সক্রিয় রাজনৈতিক কর্মী কবি-প্রকাশক, অলস মন্থর ছন্দোময় গোঙানোতে ভরা তোমার নিজস্ব কাব্যিক কণ্ঠস্বর তার নিজের মতো করেই বিশিষ্ট, আর তাই অনুকরণীয়।
তার বন্ধু ও সহযাত্রী লরেন্সকে নিয়ে এই শেষ বাক্যের দ্বিতীয় অংশে যা বললেন, এসব সদ্যপ্রয়াত জ্যাকের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কমরেড ও কবি, আপনার প্রয়াণে শোক ও শ্রদ্ধা জানাই।
বিদেশি পত্রিকার নিবন্ধ অবলম্বনে
