২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়োর্দো গালেয়ানোর দর্পণ: অশুভ ড্রাগন ও অন্যান্য

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 01 Aug 2021, 04:30 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

অশুভ ড্রাগন
আমেরিকাতে, ইউরোপ গোসাপের* মুখোমুখি হয়েছিল।
শয়তানসুলভ এই জানোয়ারটিকে আগে থেকেই ড্রাগনের চিত্রায়ণে দেখা গিয়েছিল। এই গোসাপের ড্রাগনের মতো মাথা, লম্বা নাক, ঝুঁটি, বর্ম, নখর ও লেজ আছে।
কিন্তু ড্রাগন যদি গোসাপের মতো হয়, তবে তো সেন্ট জর্জের বর্শার চিহ্নটিই হাতছাড়া হয়ে যায়।
এই প্রাণিটি যখন প্রেমে পড়ে তখন অদ্ভুত কাজ করে। এই সময় সে রং ও মেজাজ পরিবর্তন করে, নার্ভাস হয়ে যায়। তার ক্ষুধা ও উপায় হারিয়ে যায়। তার মধ্যে কিছুটা অস্থিরভাব দেখা যায়। আবার যখন সে প্রেম দ্বারা তাড়িত হয় না, তখন গোসাপ কিন্তু সবার সাথে বন্ধুত্ব তৈরী করে, সুস্বাদু পাতার সন্ধানে গাছে ওঠে, আনন্দ করার জন্য নদীতে স্নান করে আর সমতল পাথরের উপর রোদে তন্দ্রা যায়। অন্য গোসাপদের জড়িয়ে ধরে। এটি কাউকে হুমকি দেয় না, কীভাবে আত্মরক্ষা করতে হয় তা-ও জানেনা। এমন-কি যারা এই গোসাপ খায় তাদের পেটে ব্যাথা দিতেও সে সক্ষম নয়।
টীকা:
(*আমেরিকার খুব বড় আকারের গেছো গিরগিটি।)

আমেরিকান
সরকারী ইতিহাসে দেখা যায়, ভাস্কো নুয়েজ দে বালবোয়া হলেন প্রথম ব্যক্তি যিনি পানামায় এক মিলনবিন্দু থেকে একই সাথে দু'টি মহাসাগর দেখতে পেয়েছিলেন। যারা সেখানে বসবাস করত, তারা কি তখন অন্ধ ছিল?
কে প্রথম ভুট্টা, আলু, টমেটো, চকোলেট ও আমেরিকার পর্বত ও নদীগুলির নাম দিয়েছিল? হার্নান কোর্তেস? ফ্রান্সিসকো পিজারো? যারা সেখানে থাকত, তাঁরা কি তাহলে বোবা ছিল?
মে ফ্লাওয়ারে* থাকা পিলগ্রিমরা* ঈশ্বরের কথা শুনতে পেয়েছিল: তিনি বলেছিলেন, আমেরিকা তাদের জন্য প্রতিশ্রুত ভূমি। স্থানীয়রা তখন কি বধির ছিল?
পরবর্তীতে, পিলগ্রিমদের নাতি-নাতনিরা নাম এবং সমস্ত কিছু গ্রাস করে। তারা এখন আমেরিকান। আর আমরা যারা অন্য আমেরিকাতে বাস করি, আমরা তাহলে কারা?
টীকা:
(*পিউরিটানদের জাহাজের নাম।
*যে সকল পিউরিটান ১৬২০ খ্রিঃ ইংল্যান্ড থেকে আমেরিকার প্লিমুথে গিয়ে উপনিবেশ স্থাপন করেছিল তাদেরকে পিলগ্রিম বা পরিব্রাজক নামে অবহিত করা হয়।)

মুখ ও মুখোশ
প্রতিটি গ্রামে হামলার প্রাক্কালে, আনুগত্যের আবশ্যকতা (Requerimiento) ইন্ডিয়ানদের কাছে ব্যাখ্যা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে, ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন এবং সেন্ট পিটারকে তাঁর স্থানে রেখে গেছেন; আর সেন্ট পিটার তাঁর উত্তরসূরী হিসেবে পোপের নাম বলে গেছেন এবং পোপ এখানকার সমস্ত জমি কাস্টিলের রাণির কাছে অর্পন করেছেন। সেই কারণে তাদেরকে অবশ্যই জমি ছেড়ে দিতে হবে অথবা সোনা দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে হবে। আর কোন প্রকার অস্বীকার ও দেরি করলে, তাদেরকে আক্রমণ করা হবে। তাদের নারী ও শিশুদের ক্রীতদাস করা হবে।
মধ্য রাতে, দোভাষী ছাড়াই কাস্টিলের ভাষায় এই আবশ্যকতা পাঠ করা হয়েছিল। সে সময় কোনও নোটারি (লেখ্যপ্রমাণিক), এমন-কি কোন একজন ইন্ডিয়ানও উপস্থিতিত ছিল না।
টীকা:
(* Requerimiento হলো, ১৫১৩ সালে স্প্যানিশ আবশ্যকীয়তা সম্পর্কে স্পেনীয় রাজতন্ত্রের একটি ঘোষণাপত্র, যা কাস্টিলের আইনজীবি জুয়ান লোপেজ দে প্যালাসিয়াস রুবিওস কর্তৃক লিখিত ছিল।)

প্রথম জলযুদ্ধ
গুরুত্বপূর্ণ তেনোচিটলিন শহরটির* জন্ম জলে আর এটি ছিল জল দিয়ে নির্মিত।
পরিখা, ব্রিজ, নর্দমা, খাল: জলের রাস্তায় দুই লক্ষ ডোঙ্গা নৌকা- ঘর-বাড়ি, স্কয়ার, মন্দির, প্রাসাদ, বাজার, ভাসমান উদ্যান, শস্যক্ষেত্রের মাঝে এদিক-ওদিক ঘুরে বেড়াত।
মেক্সিকো বিজয় একটি জলযুদ্ধ হিসেবে শুরু হয় আর জলের পরাজয় অন্য সব কিছুর পরাজয়ের সূচনা করে।
১৫২১ সালে, হার্নান কোর্তেস তেনোচিটলান শহর অবরোধ করেন এবং প্রথমে তিনি যে কাজটি করলেন, তা হলো- কুঠার দিয়ে কাষ্ঠনির্মিত কৃত্রিম জল-প্রণালীটি ধ্বংস করলেন, যেটি চ্যাপুল্টেপেকের জঙ্গল থেকে পানীয় জল নিয়ে আসতো। এরপর বহু সংহারের পর, শহরটির যখন পতন হলো, কোর্তেস তখন মন্দির ও প্রাসাদগুলি ভেঙে ফেলে সেগুলির ধ্বংস-স্তুপ তরল রাস্তায় নিক্ষেপ করার নির্দেশ দিলেন।
স্পেন জল পছন্দ করতো না। সেটা ছিল শয়তানের খেলনা আর মুসলিম বৈধর্ম্য।
পরাজিত জল মেক্সিকো শহর জন্ম দিল, তেনোচিটলিনের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে সেটা উত্থিত হলো। যোদ্ধারা যেখানে ছেড়ে গিয়েছিল, প্রকৌশলীরা সেখান থেকে তুলে আনলো আর বহু বছর ধরে তাঁরা এই অঞ্চলের হ্রদ ও নদীর পুরো সংবহন ব্যবস্থা পাথর ও মাটি দিয়ে অবরুদ্ধ করে ফেলল।
তারপর জল প্রতিশোধ নিল। ঔপনিবেশিক শহরটিকে বার বার প্লাবিত করলো, যার মাধ্যমে এটি প্রতিপন্ন করল যে, সে কেবলমাত্র পৌত্তলিক ইন্ডিয়ানদের মিত্র আর সকল ভালো খ্রিস্টানদের শত্রু ছিল।
শতাব্দির পর শতাব্দি ধরে, শুস্ক পৃথিবী ভেজা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে। এখন মেক্সিকো শহর তৃষ্ণায় মরে যায়। জলের খোঁজে, সে খনন করে। যত গভীরে খনন করে, ততই ডুবে যায়। যেখানে একসময় বাতাস ছিল, সেখানে এখন ধূলিকণা ভেসে বেড়ায়। যেখানে একসময় নদী ছিল, সেখানে এখন প্রশস্ত রাজপথ। যেখানে একসময় জল প্রবাহিত হতো, সেখানে এখন যানবাহন প্রবাহিত হয়।
টীকা:
(*তেনোচিটলান মেক্সিকোর রাজধানী শহর । যা এখন মেক্সিকো সিটি নামে পরিচিত।)

মিত্র
হার্নান কোর্তেস ছয় শতাধিক স্পেনীয় এবং ট্যালাক্সকালা, চালকো, মিক্সকুইক, চিমলুহাকান, আমেকামেকা, টালমানালকো থেকে অসংখ্য ইন্ডিয়ানদের সাথে নিয়ে তেনোচিটলান দখল করেন। তাছাড়া অ্যাজটেক সাম্রাজ্যের নিগৃহীত জনগণ আর টেম্পলো মেয়রের*পদক্ষেপের কারণে রক্তস্নাত-ক্লান্ত স্থানীয়রাও তেনোচিটলান দখলে কোর্তেসকে সহায়তা করেছিল।
তাঁরা ভেবেছিল দাঁড়িওয়ালা যোদ্ধারা তাদের মুক্ত করতে এসেছে।
টীকা:
(*টেম্পলো মেয়র ছিল মেক্সিকানদের প্রধান মন্দির। এটি রাজধানী শহর তেনোচিটলানে অবস্থিত ছিল।)

বল খেলা

হার্নান কোর্তেস বলটি মাটিতে নিক্ষেপ করলেন। এবং সম্রাট চার্লস আর তাঁর অসংখ্য রাজসভাসদরা অভূতপূর্ব এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলেন: বলটি লাফিয়ে উঠে আকাশের দিকে উড়ে গেল।
ইউরোপ এই যাদুর বল সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু মেক্সিকো ও মধ্য আমেরিকায় বহু কাল আগে থেকেই রাবারের প্রচলন ছিল এবং বলের খেলাটি সেখানে প্রায় তিন হাজার বছর ধরে চলে আসছিল।
একটি পবিত্র অনুষ্ঠানে, খেলাটিতে উপরের ত্রিশটি স্বর্গ নীচের নয়টি পাতালের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল, আর লাফানো বলটি অন্ধকার ও আলোর সামনে-পিছনে উড়ে বেড়াচ্ছিল।
মৃত্যু ছিল পুরস্কার। যিনি বিজয়ী হবেন তিনি নিজেকে দেবতাদের কাছে উৎসর্গ করবেন, যেন আকাশের সূর্য নিভে যেতে না পারে আর বৃষ্টি পৃথিবীর বুকে জল বর্ষণ করতে পারে।
টীকা:
(* মায়ান সভ্যতা যখন যাজকদের কব্জায় চলে যায়, তখন 'বল খেলা' জীবন-মৃত্যুর লড়াইয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। এই খেলায় কোর্টের প্রাঙ্গন জগতের মঞ্চ হিসেবে বিবেচিত হত, যা মানব বিশ্বকে পাতাল থেকে পৃথক করে। যুদ্ধে কে বিজয়ী হবে সেটা যেমন দেবতারা ঠিক করে দিত, তেমনি বল খেলায় কে জয়ী হবে, সেটাও নির্ধারিত করে দিত ঐ দেবতারা।)


অন্যান্য অস্ত্র
কীভাবে ফ্রান্সিসকো পিজারো কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই মাত্র আটষট্টি জন সৈন্য নিয়ে পেরুর আটাহুয়াল্পার আশি হাজার সৈন্যকে পরাজিত করেছিলেন?
হানাদার কোর্তেস ও পিজারো জানতেন, কীভাবে আক্রান্তদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে চরম শোষণের গোড়া পত্তন করা যায়। পারস্পারিক ঘৃণা আর যুদ্ধ ছড়িয়ে দিয়ে তাদেরকে ছিন্ন-ভিন্ন করা হয়েছিল। স্থানীয় সৈন্যবাহিনীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজটেক ও ইনকার কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে কোর্তেস ও পিজারো নিজেদের শক্তি বহুগুণে বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন।
তাছাড়া বিজয়ীরা আমেরিকাতে এমন অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল যা স্থানীয়দের জানা ছিল না।
বারুদ, ইস্পাত আর ঘোড়া আদিবাসীদের কাছে অজ্ঞেয় ছিল। কামান, বন্দুক, বর্শা আর তরোয়ালের বিরুদ্ধে মুগুর বা গদা ছিল অকার্যকর, যেমনটি ইস্পাতের বর্মের বিরুদ্ধে কাপড়েরবর্ম অথবা ঐ সমস্ত ঘোড়া ও তাদের পিঠে আসীন, মোট ছয় পায়ের যোদ্ধাদের তুলনায় দু'পায়ের ছুটে চলা ইন্ডিয়ান যোদ্ধারা ছিল অকার্যকর। তাছাড়া, বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, প্লেগ আর হানাদার বাহিনীর অন্যান্য অজ্ঞাত মিত্র সম্পর্কেও স্থানীয় মানুষদের কিছুই জানা ছিল না।
এবং এ সবও যেন যথেষ্ট ছিল না, ইন্ডিয়ানরা সভ্য জীবনের রীতিনীতি সম্পর্কেও কিছুই জানত না।
ইনকাদের রাজা আতাহুয়ালপা যখন তাঁর অদ্ভুত দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য কাছে গেলেন, পিজারো তখন তাঁকে বন্দি করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে, বৃহৎ কোন মুক্তিপণের বিনিময়ে রাজাকে মুক্ত করে দেবেন। পিজারো তাঁর মুক্তিপণ পেলেন এবং জিম্মির মাথা কেটে ফেললেন।