২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: যত সব শয়তানেরা

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 24 Jul 2021, 11:43 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


শয়তান গরীব
আজকের পৃথিবীর শহরগুলি ভয়ার্ত বন্দীদের ধারন করা প্রকাণ্ড এক জেলখানা। এখানে দুর্গগুলিকে ছদ্মবেশী বাড়ি আর বর্মগুলি পোশাকের মতো মনে হয়।
এ এক অবরুদ্ধ রাষ্ট্র। বিশ্বের অধিপতিরা, মুক্তির মনিবরা যারা প্রকৃতির ধর্ষণকারী, দেশ অপহরণকারী, মজুরি রপ্তানীকারক এবং জনগণের খুনি- তাঁরা বলেন, তাকে বিক্ষুব্ধ হতে দেবেন না, আপনার প্রহরীকে হতাশ করবেন না, তাদেরকে কখনও বিশ্বাস করবেন না। প্রস্তুত থাকুন, তাঁরা সতর্ক করে দিয়েছে, খারাপ লোকেরা ঠিক সেখানে আছে, দুর্বিসহ বস্তিতে তাঁরা ঠাসাঠাসি করে আছে, তাঁরা ঈর্ষার জাবর কাটছে, পরাজয়ের ক্ষত চাটছে।
গরীব: সকল দাসত্বের ইতর জন, সকল যুদ্ধে মৃত, সকল কারাগারের মাংস, সকল কাজে সুলভ মূল্যে বিক্রিত হাত।
ক্ষুধা, যে নীরবে হত্যা করে, নিঃশব্দকে হত্যা করে। বিশেষজ্ঞরা গরীবের পক্ষে কথা বলেন। দরিদ্রবিদরা আমাদের বলেন- গরীবরা কী কাজ করে না, তাঁরা কী খায় না, কী পরিমাপ করেনা, কোন উচ্চতায় তাঁরা পৌঁছায় না, তাদের কী নেই, তাঁরা কী ভাবেনা, কোন দলকে তাঁরা ভোট দেয় না, তাঁরা কী বিশ্বাস করে না।
শুধুমাত্র একটি প্রশ্নই উত্তরহীন থাকে, তা হলো গরীব লোকেরা কেন গরীব। এটি কি এমন হতে পারে, আমরা তাদের ক্ষুধা দ্বারা প্রতিপালিত এবং তাদের নগ্নতার দ্বারা আচ্ছাদিত?

শয়তান বিদেশী
দোষ-পরিমাপক-যন্ত্রটি ইঙ্গিত দেয় যে, অভিবাসীরা আমাদের কাজ চুরি করতে এসেছে, আর বিপদ-পরিমাপক-যন্ত্রটির লাল বাতি তখন ঝলকানি দিয়ে ওঠে।
যদি সে গরীব, যুবক আর অ-শ্বেতাঙ্গ হয়, তাহলে সেই অনুপ্রবেশকারীকে প্রথম দর্শনেই দোষী বলে গণ্য করা হয়। সে তাঁর দৈন্য, বিশৃঙ্খলা সৃষ্টি আর ত্বকের অনাবৃত অস্ত্র বহন করার দোষে দোষী। কিন্তু যদি সে গরীব না হয়, অথবা যুবক বা কালো না হয়, তাহলে যে-কোন ক্ষেত্রেই হোক, একটি বাজে অভ্যর্থনা তার ন্যয়সঙ্গত প্রাপ্য, যেহেতু সেই পুরুষ বা নারীটি অর্ধেক বেতনে দ্বিগুণ পরিশ্রম করার প্রস্তুতি নিয়ে এসেছে।
ভয়ের এই সময়ে যে সমস্ত ভয় আমাদের পরিচালনা করে, সেগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভয় হলো কারও চাকুরি হারানোর উদ্বেগ। আর অভিবাসীরা সব সময়ের জন্যই বেকারত্ব, সঙ্কুচিত মজুরি, অপরাধ ও অন্যান্য দুর্যোগের দায় নেবার জন্য হাতের কাছেই মজুদ থাকে।
অতীতে, ইউরোপ সৈনিক, কারাবন্দি ও ভুখা কৃষকদের পৃথিবীর দক্ষিণে পাঠিয়ে দিত। ইতিহাসের বইতে ঔপনিবেশিক অভিযাত্রার এই সব নায়করা বর্বরদের দেশ রক্ষার জন্য ঈশ্বরের ও সভ্যতার দূত হিসেবে আবির্ভূত হয়েছে।
এখন ফিরতি সমুদ্রযাত্রার পালা আসে। যারা দক্ষিণ থেকে উত্তরে যায় অথবা যাবার চেষ্টা করে প্রাণ হারায়, তাঁরা ঔপনিবেশিক দুর্ভাগ্যের নায়ক হয়ে যায়। আর ইতিহাসের পাতায় তাঁরা সভ্যভূমি ধ্বংস করার জন্য প্রেরিত শয়তান ও বর্বরতার দূত হিসেবে আবির্ভূত হয়।

শয়তান সমকামী
রেনেসাঁর সময় ইউরোপে, আগুন ছিল নরকের সন্তানদের নিয়তি। যেহেতু তারা আগুন থেকে আবির্ভূত হয়েছিল। ইংল্যান্ড "পশু, ইহুদি অথবা সমলিঙ্গের ব্যক্তিদের সাথে যাদের যৌন সম্পর্ক ছিল, তাদের ভয়ঙ্কর মৃত্যুদন্ড" দিত।
স্পেনের বিজয়ের আগে, আমেরিকায় সমকামীরা স্বাধীন ছিল। শুধুমাত্র অ্যাজটেক ও ইনকা রাজ্য এর ব্যতিক্রম ছিল। অভিযানকারী ভাস্কো নুনয়েজ ডি বালবোয়া একেবারেই স্বাভাবিকত্বের সাথে অস্বাভাবিকতা চর্চাকারী ইন্ডিয়ানদের ধরে নিয়ে ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দিতেন। তাঁর বিশ্বাস ছিল, সমকামিতা সংক্রামক ব্যাধি। পাঁচশো বছর পরে, আমি (এদুয়ার্দো গালেয়ানো) মন্টেভিডিওর আর্চবিশপের কাছেও একই কথা বলতে শুনেছি।
ইতিহাসবিদ রিচার্ড নিক্সন জানতেন, কলঙ্কটি সভ্যতার জন্য মারাত্মক হতে পারে:
"আপনি জানেন গ্রীকদের সাথে কি হয়েছিল? সমকামিতা তাদের ধ্বংস করেছে। নিঃসন্দেহে, অ্যারিস্টটল ছিলেন সমকামী। আমরা সকলেই জানি, সক্রেটিসও তাই ছিলেন। রোমানদের সাথে কি হয়েছে জানেন? তার শেষ ছয়জন সম্রাট এই কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল।"
সুসভ্যকারী অ্যাডলফ হিটলার জার্মানীকে অনিষ্টের হাত থেকে রক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। "প্রকৃতির বিরুদ্ধে বিচ্যুতির অপরাধে দোষী সাব্যস্তদের" গোলাপী ত্রিভূজ পরতে বাধ্য করা হয়েছিল। তাদের মধ্যে কতজন কনসেনট্রেশন ক্যাম্পে মারা গেল? কেউ তা জানে না।
২০০১ সালে, জার্মান সরকার সিদ্ধান্ত নিল, "সমকামীদের হলোকাস্টের ক্ষতিগ্রস্থদের মধ্যে গণ্য করা থেকে বাদ দেবার বিষয়টি সংশোধন করা হবে।" এই ভুল সংশোধন করতে তাদের অর্ধ শতাব্দিরও বেশী সময় লেগেছিল।

শয়তান জিপসি
হিটলার বিশ্বাস করতেন যে, "জিপসি প্লেগ" ছিল হুমকিস্বরূপ আর এই বিশ্বাস কেবল তাঁর একারই ছিল না।
কয়েক-শো বছর আগেই বহু মানুষ নিশ্চিত হয়ে গিয়েছিল যে, এই কালো রঙের জাতিটি তার শিরায় শিরায় অপরাধ বহন করছে। আজও তাঁরা সেটাই বিশ্বাস করে, তাই সব সময় কালোরা অবাঞ্ছিত, রাস্তা ছাড়া তাদের আর কোন বাড়ি-ঘর নেই, তাঁরা যুবতী ও আইনের অপবিত্রতাকারী, তাস ও ছুরির জন্য মোহনীয় আঙুলের অধিকারী।
১৯৪৪ সালের আগস্টের এক রাতেই ২৮৯৭ জন জিপসি, নারী, শিশু ও পুরুষদের আউশউইৎজের* গ্যাস চেম্বারে মারা হয়।
সমগ্র ইউরোপের জিপসিদের প্রতি চারজনের একজন দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিলুপ্ত হয়ে যায়।
তাদের সম্পর্কে, কে-ই-বা প্রশ্ন করে?
টীকাঃ
[*দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের সময় দখল করা পোল্যান্ডে নাজি জার্মানদের পরিচালিত একটি কনসেন্ট্রেশন ক্যাম্প।]

 
শয়তান ইন্ডিয়ান
বিজয়ীরা নিশ্চিত করেছেন যে শয়তান, ইউরোপ থেকে বহিস্কৃত হয়ে আমেরিকা দ্বীপপুঞ্জ ও ক্যারিবিয়ান উপকূলভাগে আশ্রয় পেয়েছিল, তার জ্বলন্ত মুখের চুম্বন এঁকে দিয়েছিল।
সেখানে পশুবৎ প্রাণীরা বাস করতো যারা শারিরীক পাপকে 'খেলা' নামে অভিহিত করতো; আর তারা চব্বিশ ঘন্টাই সেটির চর্চা করতো এবং সকল আগন্তুকদের সাথেও একই কাজ করতো। তারা দশ আদেশ* অথবা সাতটি ত্যাগ* বা সাতটি মারাত্মক পাপকে অগ্রাহ্য করেছিল। তারা নগ্ন হয়ে ঘুরে বেড়াতো এবং তাদের একে অপরকে খেয়ে ফেলার অভ্যাসও ছিল।

আমেরিকা বিজয় ছিল একটি দীর্ঘ এবং কন্টকপূর্ণ ভুত তাড়ানো কাজের মতো। মন্দ জিনিসটি এই দেশে এতটা গভীরে প্রোথিত ছিল যে, ইন্ডিয়ানরা যখন ভার্জিন (মেরী) সামনে হাঁটু গেড়ে ভক্তিসহকারে মাথা নত করতো, তখন মনে হতো তারা যেন কুমারীকে নয় বরং তাঁর পায়ের নীচে পিষ্ট সাপটির কাছে প্রার্থনা করছে। আর যখন তারা ক্রুশকে চুমু দিতো, মনে হতো তারা যেন পৃথিবীর মধ্যে হঠাৎ দেখা পাওয়া বৃষ্টির আনন্দ উদযাপন করছে।
বিজয়ীরা শয়তানের করায়াত্ত থাকা স্বর্ণ, রৌপ্য আরও অনেক মূল্যবান সম্পদ ঈশ্বরের কাছে ফিরিয়ে দিয়ে দায়িত্ব পূর্ণ করেছিল। লুঠের মাল উদ্ধার করা সহজ ছিলনা। এখন এবং বার-বার, বিজয়ী-দখলবাজরা উপর (ঈশ্বরের) থেকে কিছুটা সহায়তার পেয়েছিল। বিশেষ করে যখন সান লুইস পোতোসির রূপার পর্বতে স্পেনীয়দের পৌঁছাতে বাধা দেবার জন্য জাহান্নামের মালিক সংকীর্ণ উপত্যকায় একটি ফাঁদ পেতেছিলো, তখন একজন ফেরেশতা (উচ্চপদস্থ দেবদূত) আকাশ থেকে নেমে এসে তাকে প্রচন্ড এক আঘাত করেছিলেন।
টীকাঃ
[*মুসার প্রতি ঈশ্বরের দশটি আদেশ।
* ক্যাথলিক চার্চ এবং অর্থোডক্স চার্চের ক্ষেত্রে মোট সাতটি ধর্মাবলম্বি ধারণা করা হয়।]

 
আমেরিকার উৎপত্তি
ক্রিস্টোফার কলম্বাসের মতে, কিউবাতে পুরুষের মুখ আর মোরগের পাখাবিশিষ্ট মৎস্য-কন্যা ছিল।
স্যার ওয়াল্টার রেলিহের মতে, গায়ানাতে কাঁধে চোখ ও বুকে মুখবিশিষ্ট মানুষ ছিল।
ফাদার পেড্রো সিমনের মতে, ভেনিজুয়েলায় ইন্ডিয়ানদের কান এতো বড় ছিল যে তাদেরকে সেগুলি মাটির সাথে টেনে নিয়ে যেতে হত।
ক্রিস্টোবাল ডি একুনার মতে, অ্যামাজনের স্থানীয় অধিবাসীদের পা উল্টো দিকে, গোড়ালি সামনের দিকে আর আঙুলগুলি পশ্চাৎভাগে ছিল।
পেড্রো মার্টিন ডি অ্যাঙ্গেলারিয়া, যিনি সর্বপ্রথম আমেরিকার ইতিহাস লিখেছিলেন কিন্তু একবারও সেই দেশে যাননি, তাঁর মতেঃ সেই নুতন পৃথিবীতে মানব-মানবীর লেজ এতো লম্বা ছিল যে, তারা কেবলমাত্র সেই সকল আসনেই বসতে পারত, যেগুলি ছিদ্রযুক্ত থাকত।