২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এদুয়ার্দো গালেয়ানোর দর্পণ: স্পেনে মুসলিম ঐতিহ্যের বিস্তার

আসাদ মিরণ আসাদ মিরণ

Published : 11 Jul 2021, 02:41 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM

উত্তরাধিকার থেকে বঞ্চিত

মাদ্রিদে এক রাতে আমি এক ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম:
"মুররা স্পেনে কী নিয়ে এসেছিল?"
কোন প্রকার দ্বিধা অথবা দ্বন্দ্ব ছাড়াই উত্তরে তিনি বললেন, "ঝামেলা।"
মুররা ছিল মুসলিম স্পেনিয়ার্ড, যারা আটশো বছর যাবৎ, বত্রিশ প্রজন্ম ধরে স্পেনকে নিজের ঘর বলে মনে করেছে আর যাদের সংস্কৃতি সেখানের কোথাও না কোথাও ঔজ্বল্য ছড়াচ্ছে।
অনেক স্পেনিয়ার্ডই জানে না ল্যাম্পগুলো থেকে যে আলো এখনো বিকরণ করছে, তার উৎস কোথায়। মুসলিম উত্তরাধিকারের অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে ছিল:
ধর্মীয় সহনশীলতা, পরে যা ক্যাথলিক শাসকদের দ্বারা চূর্ণবিচূর্ণ হয়েছিল।
তাদের গড়া বায়ুচালিত কল বা উইন্ডমিল, পার্ক এবং জল-প্রণালী, যা এখনও বেশ কিছু শহর এবং তার আশেপাশের ক্ষেতের তৃষ্ণা নিবারণ করে।
এরপর আছে ডাক পরিষেবা, ভিনেগার, সরিষা, জাফরান, দারুচিনি, জিরা, চিনি, মিষ্টি স্নাকস, মিটবল, ড্রাই ফ্রুটস, চিজ।
শূন্য এবং অন্যান্য যে সকল সংখ্যা আমরা ব্যবহার করি, তা-ও তাদের কাছে থেকে পাওয়া।
আরও আছে বীজগণিত এবং ত্রিকোণমিতি।
এনাক্সাগোরাস, টলেমি, প্লুটো, এরিস্টটল, ইউক্লিড, আর্কেমিডিস, হিপোক্রেটিস, গ্যালেন ও অন্যান্যদের বিখ্যাত কাজগুলি স্পেন ও ইউরোপে আরবী অনুবাদের মাধ্যমে প্রসার পায়।
তাছাড়া, স্প্যানিশ ভাষায় প্রায় চার হাজার আরবী শব্দ জায়গা করে নিয়েছে।
আর গ্রানাডার মতো সেখানে বেশ কয়েকটি অবিশ্বাস্য সৌন্দর্যের শহর রয়েছে। সেগুলিতে প্রায়ই একটি বেনামী চরণ শুনতে পাওয়া যায়:
দয়া করে লোকটিকে একটি পয়সা দিন,
হে ভদ্রমহিলা, আপনি নিশ্চয়ই দয়াবান,
তাঁর মতো দুঃখা আর কারও নাই,
গ্রানাডায় থাকতে হলে অন্ধ হতে হবে।


মাইমোনাইডস এবং ইবনে রুশদ
স্পেনে খলিফাদের অধীনে ইহুদি আর মুসলিম সংস্কৃতি পাশাপাশি বিকশিত হয়েছিল।
দ্বাদশ শতাব্দিতে কর্ডোবায় প্রায় একই সময়ে দু'জন জ্ঞানী লোক জন্মগ্রহণ করেন। তাদের একজন হলেন মাইমনাইডস আরেক জন হলেন ইবনে রুশদ। প্রথম জন ছিলেন ইহুদি আর দ্বিতীয় জন ছিলেন মুসলিম। তাঁরা দু'জনে একই পথে যাত্রা করেছিলেন।
তাঁরা দু'জনেই চিকিৎসক ছিলেন।
মিশরের সুলতান মাইমনাইডসের একজন রোগী ছিলেন আর ইবনে রুশদ কর্ডোভার খলিফার দেখভাল করতেন, "বেশীরভাগ মৃত্যু ওষুধের কারণে ঘটে" তাঁর লেখা এই কথাটি তিনি কখনও ভুলে যাননি।
তাঁরা দু'জন কিন্তু আইনজ্ঞও ছিলেন।
মাইমনাইডস হিব্রু আইন একীভূত করেছিলেন। তিনি বিভিন্ন বইয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইনগুলি একত্রিত করে এ বিষয়ে অগণিত ইহুদি আইনের ধারা-উপধারাগুলির মধ্যে সমন্বয় সাধন করেছিলেন। অন্যদিকে, ইবনে রুশদ ছিলেন সমগ্র মুসলিম আন্দালুসিয়ার সর্ব্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ আর তাঁর সিদ্ধান্ত বহু শতাব্দি ধরে ইসলামী আইনের অধীনে দৃষ্টান্ত হয়েছিল।
আর তাঁরা দু'জনেই ছিলেন দার্শনিক।
মাইমনাইডস ইহুদিদের সাহায্য করার জন্য গাইড ফর দ্য পারপ্লেক্সড লিখেছিলেন। তিনি আরবী সংস্করণের উপর ভিত্তি করে গ্রীক দর্শন আবিস্কার করেছিলেন। ফলে, তিনি কার্যকারণ ও বিশ্বাসের মধ্যকার বিভক্তি দূর করতে পেরেছিলেন।
ঐ বিভক্তিই কিন্তু ইবনে রুশদকে দোষী সাব্যস্ত করেছিল। মৌলবাদিরা স্বর্গীয় আপ্তবাক্যের আগে মানবিক প্রয়োজনকে গুরুত্ব দেবার জন্য তাকে অভিযুক্ত করে। ব্যাপারটি আরো বেশী খারাপের দিকে গড়ায়, যখন তিনি মানবতাকে অর্ধেক পুরুষ জাতির মধ্যে সীমাবদ্ধ রাখতে অস্বীকার করে বলেছিলেন, কতিপয় ইসলামিক রাষ্ট্র নারীকে সব্জির মতো দেখে। তাঁকে নির্বাসন দেওয়া হয়েছিল।
এই দু'জনের কেউই তাঁদের জন্মভূমিতে মৃত্যুবরণ করতে পারেননি। মাইমনাইডস কায়রোতে মারা যান আর ইবনে রুশদ মরোক্কোতে। কিন্তু এক খচ্চর ইবনে রুশদকে পুনরায় কর্ডোবায় ফিরিয়ে নিয়ে এল। খচ্চর তাঁর মৃতদেহের সাথে নিষিদ্ধ হওয়া বইগুলিও বহন করে নিয়ে এসেছিল।


পাথর
বিজয়ী ক্যাথলিকরা যখন কর্ডোবা মসজিদে আক্রমন চালিয়েছিল, তখন তাঁরা মসজিদটির প্রায় অর্ধ সহস্র স্তম্ভ গুড়িয়ে ফেলেছিল। এরপর প্রাসাদটি ভুক্তভোগী সন্তদের দিয়ে ভরে ফেলা হয়েছিল।
বর্তমানে প্রাসাদটির দাপ্তরিক নাম কর্ডোবা ক্যাথেড্রাল, কিন্তু সেই নামে কেউ এটিকে ডাকেনা। এটি এখনো মসজিদই রয়ে গেছে। টিকে থাকা পাথরের স্তম্ভের এই বনানী, এখনও একটি মুসলিম উপাসনালয়। যদিও সেখানে আল্লাহর নিকট প্রার্থনা করা নিষিদ্ধ।
পবিত্র মেহরাবের সেই স্থানটিতে এখনো পাথরের এক চাঁই পড়ে আছে, আকারে সেটি বৃহৎ ও নিরাভরণ।
পাদ্রীরা পাথরটিকে সেখানে থাকার অনুমতি দিয়েছিলেন।
তাঁদের বিশ্বাস ছিল এটি বোবা।

জল এবং আলো
১৬০০ সালের কিছু আগে, ভাস্কর লুইস দে লা পেইনঞা আলোর ভাস্কর্য গড়তে চেয়েছিলেন। গ্রানাডার সরু একটি গলিতে নিজের ওয়ার্কশপে, তিনি সারা জীবন চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।
তাঁর পক্ষে কখনো আর সেটা দেখা সম্ভব হয়নি। রক্তিম ধরিত্রীর এক পাহাড়ের চূড়ায়, ততদিনে অন্যান্য শিল্পীরা আলো আর জলও সৃষ্টি করে ফেললেন।
মুসলিম রাজ্যের সম্মান- আলহাম্ব্রার চূড়া (লাল কেল্লা) আর সেখানের উদ্যানগুলিতে ঐ সকল শিল্পীরা অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন।
আলহাম্ব্রা কোন স্থির ভাস্কর্য নয়। তার নিঃশ্বাসে জল আর আলো ঝরে। এটা তাদের সাথে খেলা করে, তরল আলো আর চকচকে জল একে অপরের সাথে তিড়িং তিড়িং করে নাচে ।

 হওয়া বারণ
রাণী ইসাবেলার মহান নাতি সম্রাট দ্বিতীয় ফিলিপ, জল ও আলোর শত্রুর নামে শপথ নিয়ে মুরদের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা পুনরায় জারি করেন। এবং ১৫৬৭ সালের শুরুতে, তিনি সেই সকল নিষেধাজ্ঞা কঠোর হস্তে বাস্তবায়নের সিদ্ধান্ত নিলেন।
নিষিদ্ধ তালিকায় ছিল:
আরবীতে কথা বলা, পড়া ও লেখা যাবেনা,
ঐতিহ্যবাহী পোশাক পরা যাবেনা,
মুরদের বাদ্যযন্ত্র অথবা গানের মাধ্যমে ছুটি উদযাপন করা যাবেনা,
মুরদের নাম বা ডাক নাম ব্যবহার করা যাবেনা,
গন-স্নানাগারে স্নান করা যাবেনা।
নিষেধাজ্ঞার শেষ এই বিধানটির অস্তিত্ব বেশী কাল স্থায়ী হয় নি।
এক শতাব্দি পূর্বে, কেবলমাত্র কর্ডোবা শহরে ছয় শতাধিক গন-স্নানাগার ছিল।

এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটি অন্যত্র বাস করতেন
সম্রাট চিন ছিলেন চিনের প্রতিষ্ঠাতা। তাঁর নাম অনুসারেই চিনের নামকরণ হয়। সম্রাট দ্বিতীয় ফিলিপ ছিলেন প্রভূ আর অর্ধেক পৃথিবীর মনিব, আমেরিকা থেকে ফিলিপাইনস পর্যন্ত তাঁর অধীনে ছিল। ফিলিপের নামানুসারে ফিলিপাইনের নামকরণ হয়। তাঁরা উভয়েই মৃত্যুর জন্য বেঁচে ছিলেন।
স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ তাঁর সপ্তাহান্তিক অবকাশ এল এসকোরিয়াল সমাধি মন্দিরে কাটাতেন। এটা তৈরী করা হয়েছিল তাঁর শাশ্বত বিশ্রামের উদ্দেশ্যে। প্রতি সপ্তাহে এখানে এসে তিনি তাঁর কফিনের মধ্যে উত্তম এক মধ্যাহ্নকালীন নিদ্রা সম্পন্ন করতেন: এটা ছিল এক ধরণের মহড়া।
কম হলেও অন্য সবকিছুরই কিন্তু গুরুত্ব আছে। তাঁর অজেয় নৌবহরকে কিমা বানানো হয়েছিল, আর রাজকীয় কোষাগারের অর্থ-ভান্ডার সুক্ষ্ণ ফাঁদে আটকে পড়েছিল। কিন্তু তাঁর বিহারস্থান সমাধি মন্দির তাঁকে জগৎ সংসারের অকৃতজ্ঞতা থেকে আশ্রয় দিয়েছিল।
সিংহাসন থেকে সমাধিস্থল পর্যন্ত শেষ যাত্রায়, সম্রাট ফিলিপ – তাঁর গৌরবের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ষাট হাজার জন মানুষ পেয়েছিলেন।

উষ্ণীবের শেষ ঝলক
মুরদের ক্ষোভ বিস্ফোরিত হল। নিষেধের বিরুদ্ধে, আন্দালুশিয়ার ভূমিতে মুহাম্মদের অবশিষ্ট সন্তানেরা জেগে উঠল।
খ্রিস্টের সৈন্যরা এক বছরের বেশী ধরে তাঁদের মশালের আগুন নেভাতে পারল না। তারপরে, ঠিক যেমনটি ক্রুসেডের সময় হয়েছিল, তেমনি একটি নিষ্পত্তিমূলক প্রশ্রয় তাঁরা পেয়েছিল: সর্বক্ষেত্রে তাঁদেরকে একচেটিয়া লুটের অধিকার দেওয়া হয়েছিল, করমুক্ত, পাশাপাশি সমস্ত বন্দিদের ক্রীতদাস করার অধিকারও দেয়া হয়েছিল।

এরপর আদেশে সৈন্যবাহিনী গম এবং ভুট্টা, বাদামের ক্ষেত, গরু, ভেড়া, রেশম, সোনা, কাপড়, নেকলেস, মেয়েমানুষ আর নারীদের দখল করে। আর যে পুরুষদের তাঁরা শিকার করেছিল, তাঁদেরকে নিলামে বিক্রি করে দেয়।