বিদ্রোহী প্রেমিক নজরুল ইসলাম: অসাম্প্রদায়িক চেতনাপ্রবাহের বীজপুরুষ
"পাখি উড়ে যায় যেন কোন মেঘ-লোক হ'তে
সন্ধ্যা-দীপ-জ্বালা গৃহ-পানে ঘর-ডাকা পথে।"
[বেলাশেষে]
এ-এক আশ্চর্যের বিষয়ও বটে, এত দ্রোহ-বিদ্রোহ যে মানুষের মগজে-হৃদয়ে, সেই মানুষই আবার ছিলেন মোমের মত আশ্চর্যরকম নরম, কোমল হৃদয়ানুভূতির। অধীত জ্ঞান আর অসীম আবেগের এমন এক ব্যঞ্জনা তিনি তৈরি করেছিলেন, যে ব্যঞ্জনা পরাধীনতা আর অসাম্যের বিরুদ্ধে তাঁর পবিত্র ক্রোধকে যুক্ত করেছে কবিতার স্বতঃস্ফূর্ত আবেগে। শুধু ক্রোধই নয় প্রেম, সাম্য, মানবিকতা, অসাম্প্রদায়িকতা কবিতার ছত্রেছত্রে এমনভাবে থরেবিথরে হৃদয়ের শুদ্ধ এবং পবিত্র বেগাবেগ দিয়ে তিনি প্রকাশমান করে রেখেছেন, যা ধীমান পাঠককে মগজচোখে ধরে ফেলে তাঁর কবিতা-সাগরে ভাসমান থাকার নিমিত্তে ক্রোধে ফুঁসে উঠতে, প্রেমে নিলীয়মান হতে, সাম্য, মানবিকতা, অসাম্প্রদায়িকতায় মানুষের জয়গানে আহবান করে।
বাংলা ভাষাভাষী পাঠকমাত্রই জ্ঞাত: করাচীর সৈনিক জীবনই ছিল মূলত নজরুল ইসলামের প্রতিভা বিকাশের প্রথম সাজঘর। ১৯২০ সালে ৪৯ নম্বর বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়েছিল, কিন্তু, তারপরও, নজরুলের মধ্যে সৈনিক জীবনের রেশ বহুদিন পর্যন্ত বিরাজমান ছিলো। করাচীতে, সৈনিকের চাকুরিকালেই, ১৯১৯ সালে, নজরুল ইসলামের প্রথম গল্প 'বাউন্ডেলের আত্মকাহিনী' প্রকাশিত হয়। এরপর, কলকাতায় ফিরে এসে তিনি হয়ে উঠেন আপাদমস্তক কবিতার বিপ্লব-পুরুষ, শিল্প-সাহিত্যের একনিষ্ঠ সাধক। বঙ্গীয় মুসলিম সাহিত্যপত্রিকায় প্রকাশও হয় তাঁর প্রথম কবিতা 'মুক্তি'।
নজরুল ইসলামের কবিতার বোধ, শব্দের সুমহান ঝংকার, নিত্যনতুন শব্দের সাথে পরিচয় ঘটানো অনুধাবন করে শুধু তাজ্জব বনে যেতে পারলে ভালো হতো। কিন্তু, ব্যাপারটি, শুধু তাজ্জব বনে যাওয়ার মধ্য দিয়ে যবনিকাপাত ঘটানো সম্ভবপর নয়; যেহেতু, তাজ্জব বনে গিয়েও না-যাওয়ার পিছনে আরও একটি বড় কারণ নিহিত। কারণটি নজরুল ইসলামের ১২২-তম জন্মবার্ষিকীতে জোরেশোরে উচ্চারণ করতে হচ্ছে। কেননা, ওয়াকিবহাল থাকলেও অদ্যাবধি খুব কম সাহিত্য-চিন্তক বা প্রাবন্ধিকের ভাবনায় গভীরভাবে ব্যাপারটি করাঘাত করে বা করেছে বলে প্রতীয়মান হয়ে থাকে। এমনকি, নজরুল ইসলামকে নিয়ে আলোচনার কালেও ব্যাপারটি অনুল্লেখ থেকে যায়, যে, ব্রিটিশদের অত্যাচারে জর্জরিত, নিষ্পেষিত ভারতীয় উপমহাদেশের কবিতা-শিল্প-সাহিত্যের সাধকগণ যখন মৌনমিছিল এবং মিনমিনে প্রতিবাদ করছিলেন, তখন, মাত্র ২১/২২ বছরের নজরুল ইসলাম দেশমাতৃকার প্রতি গভীর অনুরাগ, ভক্তি, প্রেম থেকে, মানুষের মনে লুটেরা ইংরেজদের অন্যায়-অবিচার-জুলুম এবং বন্দীদশার বিরুদ্ধে জেল-জুলুমের ভয়কে পরোয়া না-করে, ভীষণরকম ক্ষুব্ধ হয়ে, আক্রোশে ফেটে অগ্নিস্ফুলিঙ্গের হলকা উদগীরণ করে দেশমাতৃকার স্বাধীনতার প্রতি তুমুল মনোযোগ দিয়েছিলেন। আর এক্ষেত্রে তাঁকে ক্ষেপণাস্ত্র হিসেবে হাতে তুলে নিতে হয়েছিল কলম, এবং কলমকে ক্ষেপণাস্ত্র বানিয়ে লুটেরা ব্রিটিশদেরকে কবিতায় কবিতায় তিনি বারবার অস্ত্রাঘাত করেছিলেন।
শ্রীবারীন্দ্রকুমার ঘোষকে উতসর্গ করেছিলেন অগ্নি-বীণা কবিতার বইটি। একজন কবির মগজে শব্দ-বারুদ কতটা ভর্তি থাকলে পরে, আপনা হতেই, শতবছর পরেও, হৃদয়ে-মগজে আগুনের হলকা ছোটে, প্রলয়োল্লাস, বিদ্রোহী, আগমনী, খেয়া পারের তরণী প্রভৃতি কবিতা তার প্রকৃষ্ট উদাহরণ! এছাড়া, কামাল পাশা, আনোয়ার, শাত-ইল-আরব প্রভৃতি কবিতা নিয়ে তাঁর প্রথম কবিতার বইটিই যেন এক অন্যরকম আবহ তৈরি করেছিলো বাঙালি পাঠকের মনে। মাত্র ২১/২২ বছরের একজন কবির কবিতার বোধ কতটা সুমহান ছিলো, সেটা অনুধাবনও করা যায় 'আনোয়ার' কবিতাটি পাঠ করার কালে। যেমন মারাত্মকভাবে মনে দাগ কাটে বার্টল্ট ব্রেছটের 'অজেয়লিপি', নজরুল ইসলামের 'আনোয়ার' কবিতাটি পাঠ করার কালেও ঠিক তেমনই দাগ কেটে যায়। গ্রন্থটি যে শব্দ-বারুদে ঠাসা ছিল তার প্রমাণ মেলে 'রক্তাম্বরধারিণী মা' কবিতাটির জন্য লুটেরা ব্রিটিশদের কবিতার বইটিই বাজেয়াপ্ত করা থেকে। 'রক্তাম্বরধারিণী মা' কবিতাটির কয়েক ছত্র পাঠ করলে শোষকদের অগ্নি-বীণার প্রতি রক্তচক্ষুর কারণটিও কিছুটা টের পাওয়া যাবে:
"মেখলা ছিঁড়িয়া চাবুক কর মা,
সে চাবুক কর নভ-তড়িৎ
জালিমের বুক বেয়ে খুন ঝ'রে
লালে লাল হোক শ্বেত হরিৎ।
নিদ্রিত শিবে লাথি মার আজ,
ভাঙো মা ভোলার ভাঙ-নেশা,
পিয়াও এবার অ-শিব গরল
নীলের সঙ্গে লাল মেশা।"
[রক্তাম্বরধারিণী মা]
নজরুল ইসলাম নিজেকে শুধু বাংলার বা ভারতবর্ষের কবি তথা মানুষ ভাবতে নারাজ ছিলেন। সেটা জানা যায় ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর যেদিন সমগ্র বাঙালির পক্ষে অ্যালবার্ট হলে বাংলার বিশিষ্ট নাগরিকেরা নজরুল ইসলামকে একটি সংবর্ধনা দিয়েছিলেন। যেখানে উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বসু, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, এস ওয়াজেদ আলী, অপূর্বকুমার চন্দ,শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, জলধর সেন প্রমুখ। সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সভাপতির ভাষণে তিনি বলেছিলেন, "নজরুল কবি, প্রতিভাবান মৌলিক কবি।… আজ এই ভেবে বিপুল আনন্দ অনুভব করছি যে, নজরুল ইসলাম শুধু মুসলমানের কবি নন, তিনি বাংলার কবি, বাঙালির কবি।" এর প্রত্যুত্তরে নজরুল বলেছিলেন, "আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই। আমি সকল দেশের সকল মানুষের। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার উপাসনা, আমার ধর্ম। যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই আমি জন্মগ্রহণ করি, সে আমার দৈব। আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই আমি কবি।"
নজরুল ইসলামকে নিয়ে বাঙালির নানারকম প্রশ্ন থাকাটা অস্বাভাবিক নয়; যেহেতু, সেই প্রশ্নচিহ্নগুলি স্বয়ং নজরুল ইসলামই রেখে গেছেন। তাঁর জীবন নিয়ে, উত্থান ও প্রতিষ্ঠা নিয়ে, আত্মপরিচয় নিয়ে, সৃষ্টি-অভিমুখে তাঁর বিবর্তন ও তাঁর সৃষ্টি-উৎস হঠাৎ রুদ্ধ হওয়া নিয়ে। এত প্রশ্ন থাকার একটিই কারণ সেটা মূলত নজরুল ইসলামের মানবতাবাদ। নজরুল ইসলামের একটি বড় অবদান যা তাকে অন্যান্য কবিসাহিত্যিকদের থেকে আলাদা করে অনন্য একটি স্থানে আসীন করে রেখেছে সেটা হলো, হিন্দু-মুসলিম দুই সংস্কৃতিকে একাত্ম করার তাঁর জীবন-সমান প্রচেষ্টা। হিন্দু-মুসলমান দ্বন্দ্ব, দ্বিধাবিভক্ত জাত দুটিকে একাত্ম করার ব্যাপারে তিনিই ছিলেন মূলত সরব। যার কারণে কবিকে জীবদ্দশায় কেউ কেউ 'কাফের কাজী' বলতেও ছাড়ে নি। বাঙালি হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ যেমন রবীন্দ্রনাথের মত মহীরূহ'র অতলতলে অবগাহন না-করে নিজেদের গোত্রভুক্ত জ্ঞান করে পূজা করে; তেমনি অধিকাংশ বাঙালি মুসলমানও নজরুল ইসলামকে না-জেনে, না-পড়ে, না-অনুধাবন করে, নজরুলের অসাম্প্রদায়িক মানবতাবাদের অতলতলে সিঞ্চন না-করে শুধু মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে নিজেদের মত করে আপনার জ্ঞান করে। অথচ, নজরুলের পাঠকমাত্রই জ্ঞাত, যে নজরুলের মত এমন উদারচিন্তার মানুষ, মানুষের জন্য কল্যাণকামী মানুষ, মানবতাবাদের তরে নিবেদিত জীবন, এই উপমহাদেশে তথা পৃথিবীতেই খুব কমই জন্মলাভ করেছেন। আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী মানুষ, যিনি তাঁর সমস্ত জীবন মানবতার জয়গান গেয়েছেন; যিনি বলতেন, সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার উপাসনা, আমার ধর্ম। যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই আমি জন্মগ্রহণ করি, সে আমার দৈব। আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই আমি কবি; কিভাবে তিনি ধর্মীয় সম্প্রদায়গত কারণে একটি গোষ্ঠীর নিগড়ে পড়ে গেলেন, এটা একটা ভাবনার বিষয় বটে। যদিও আঁচ করা যায়, ব্যাপারটা যে হিন্দু-মুসলিম দুটি ধর্মীয় সম্প্রদায়গত গোষ্ঠীর একে-অন্যের বিদ্বেষমূলক অমানবিক মনোভাব এবং শ্রেষ্ঠত্বের অহমিকাপ্রসূত। কিছু উদ্ধৃতি সহযোগে নজরুল ইসলামের হৃদয় নিঃসৃত কিছু মানবতাবাদী বাণী নিচে তুলে ধরা আবশ্যক জ্ঞান করাটা অসমীচীন হবে না:
"মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।"
"পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কী, যদি আমাদের গৌরব করার মতো কিছু না-ই থাকে।"
"শোন মর্ত্যের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব।"
"ও কারা কোরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি
ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভন্ডের দল! – মুর্খরা সব শোন
মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনও।"
"গাহি সাম্যের গান–
মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে মহীয়ান।"
"অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে; সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম।"
" হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা'র।"
নজরুল ইসলামের কবিতার উপর আলোচনায় জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসুসহ আরও নানান নাম চলে আসে। নজরুল ইসলামের কবিতার ব্যাপারে তৎকালীন সময়ে অনেকেই নানান ধরনের মন্তব্য করেছিলেন। বুদ্ধদেব বসু নজরুল ইসলামের কবিতা সমন্ধে নানাভাবে আলোচনা করেছেন। কখনো ভূয়সী প্রশংসা করে বলেছেন, "রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি।" কখনো আবার "অসূয়াপ্রবণতা" থেকে লিখেছেন: "যে লেখা বেরোবার সঙ্গে সঙ্গেই লোকপ্রিয় হয়, তাকে আমরা ঈষৎ সন্দেহের চোখে দেখি। কারণ ইতিহাসে দেখা যায়, সেসব লেখা প্রায়শই টেকসই হয় না।" বসু আরও বলেছিলেন, "জীবন-দর্শনের গভীরতা খুঁজে না পেয়ে অতঃপর 'অসংযত, অসংবৃত, প্রগলভ'। নজরুলের কবিতা কতটা 'কবিতা' তা নিয়ে তর্ক চলতে থাকবেই।" নজরুল ইসলাম বাকরুদ্ধ হয়ে যাওয়ার পর জীবনানন্দ দাশ তাঁর 'নজরুলের কবিতা' প্রবন্ধটিতে বলেছেন, "… নজরুলের অনেক কবিতাই সেইসময় লেখা হয়। মনের উৎসাহে তিনি লিখতে প্রলুব্ধও হয়েছিলেন: নিভে যাবার আগে বাংলার সময়পর্যায় তখন বিশেষভাবে আলোড়িত হয়ে উঠেছিল বলে। এরকম পরিবেশে হয়ত শ্রেষ্ঠ কবিতা জন্মায় না, কিংবা এতেই জন্মায়, কিন্তু মননপ্রতিভা ও অনুশীলিত সুস্থিরতার প্রয়োজন। নজরুলের তা ছিল না। তাই তাঁর কবিতা চমৎকার কিন্তু মানোত্তীর্ণ নয়।"
জন্মগত প্রতিভা দিয়ে নানান কিছু সাধন করা গেলেও সাহিত্য-সাধনা যে সম্ভব নয়, সাহিত্যের পাঠকমাত্র সে-ব্যাপারে জ্ঞাত। জন্মগতভাবে বিপুল প্রতিভাবান নজরুল ইসলামকে ফলে অসম্ভব-সাধন করা পরিশ্রম করতে হয়েছে, তাঁর প্রথম কবিতাগ্রন্থ অগ্নি-বীণার কবিতাগুলো পাঠ করে এটা নির্দ্বিধায় বলাও যায়। অগ্নি-বীণার কিছু কবিতায় খুঁজে পাওয়া যায় ইসলাম-হিন্দু-গ্রিকসহ নানা পুরাণের আখ্যান। এই সকল পুরাণের আখ্যান যে শুধু তাঁকে জানতে হয়েছে তাই নয়, রূপকের সার্থক ব্যবহারের জন্য তাঁকে নিখুঁতভাবে আয়ত্ত করতে হয়েছিল মাত্রাবৃত্ত বা সরল কলামাত্রিকের নানা চাল। যদিও তিনি মিশ্রবৃত্তে কম লিখেছেন, তাঁর হাতে মিশ্রবৃত্তের রূপ এতটুকু টাল খায়নি। সংস্কৃত, আরবি-ফারসি আর বাংলা শব্দকেও সেই ছন্দে শুধু নিখুঁত নয়, ছত্রদেহে আর ছত্রান্ত মিলে চমকপ্রদভাবে আধারিত করেছেন। আরবি মোতাকারিব ছন্দটিও বাংলা সাহিত্যে প্রথম প্রয়োগ করেছিলেন নজরুল ইসলাম তাঁর 'দোদুল দুল' কবিতাটিতে। এদিকে, গানেও ছিল তাঁর অন্তহীন রাগরাগিণীর দীক্ষা; যা তাঁকে ১৮টি নতুন রাগ সৃষ্টির স্রস্টা করেছে।
'বিদ্রোহী'-র নজরুলের কবিতায় উচ্ছ্বসিত আবেগ ও প্রাণময়তায় কবিতায় নতুন জীবনের পরাঙ্মুখ রূপরসগন্ধদশার জীবনযাত্রা খোঁজ পাওয়া যায়। তবে, এই সবই নোবেল লরিয়েট রবীন্দ্রনাথের জাল ভেঙে। রবীন্দ্রনাথের কুহক থেকে বেরিয়ে এসে বাংলা কবিতাকে অন্যমাত্রায় স্থান দিয়েছেন নজরুল ইসলাম। শব্দসূত্রে মুসলিম সংস্কৃতির মনন-চিন্তনের দিকেই শুধু নয়, হিন্দু সংস্কৃতির গভীর, দ্যোতনার দিকে বাঙালীকে উন্মুুখ করে তুলতে পেরেছিলেন নজরুল ইসলাম। শব্দের বাহারে কিংবা যুৎসই শব্দাঞ্জলি দিয়ে পাঠকের 'দিল ওহি মেরা ফাঁস গেয়ি' করেছেন। আবার আরবী-ফার্সী শব্দের পাশাপাশি উর্দু-হিন্দী-ইংরেজী এবং সংস্কৃত শব্দেরও ব্যবহার করেছেন। মূলত যখন যেখানে যা পেয়েছেন তা আত্মস্থ করে নতুন উদ্ভাসনে বাংলা গদ্যে-পদ্যে সংযোজন করে শব্দের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। শব্দ নিয়ে খেলেছেন ছন্দ-তাল-লয়-তানে। প্রাচ্য থেকে যেসব শব্দ তার সৃষ্টিশীলতার মধ্য দিয়ে অনুরণিত করেছেন, তাতে প্রাণের স্পর্শ প্রবাহিত করতে সব সময় সচেষ্ট ছিলেন। ফলে, বুদ্ধদেব বসুর বলা কথা প্রথমেই ধোপে টেকে না। এদিকে, জীবনানন্দ দাশ তাঁর কবিতায় জীবনযাত্রার শুরুর দিকে নজরুল দ্বারা ভীষণরকম প্রভাবিত হয়েছিলেন।
জীবনানন্দের সাথে আংশিক সহমত হওয়া গেলেও পরক্ষণেই জীবনানন্দের কথাও ধোপে টেকে না। এই কারণে: যেহেতু দাশ ব্যোদেলেয়ার, র্যাঁবো, এডগার অ্যালান পো, শেলী, কীটস, ইয়েটস প্রমুখদের আত্মস্থ এবং আত্মসাৎ করেছিলেন। যারা মোটামুটি কেউই অনুশীলিত সুস্থিরতার সৌভাগ্য নিয়ে মর্ত্যলোকে হাজির ছিলেন না। অনুশীলিত সুস্থিরতা কবিতার জন্য জরুরি এমনকিছু বিষয় যে নয়, সেটা হয়তো দাশ স্মরণে আনতে পারেন নি। নজরুল ইসলাম কবিতার অন্তর্নিহিত অর্থ বলতে জড়ভরতের গান ফাঁদাকে জ্ঞান করেন নি। ফলে কবিতা-শিল্প এবং শিল্পী বিষয়ে নজরুলের মতামতটি ভীষণ গুরুত্বপূর্ণ জ্ঞান করতে হয়, "তিনিই আর্টিস্ট, যিনি আর্ট ফুটাইয়া তুলিতে পারেন। আর্টের অর্থ সত্য প্রকাশ এবং সত্য মানেই সুন্দর; সত্য চিরমঙ্গলময়।"
জীবন্মৃত হয়ে ৭৭ বছর বয়সে মৃত্যুর পূর্বপর্যন্ত পড়ে থাকা মানবতার দূত, প্রেমের কবি, দ্রোহের কবি, সাম্যের কবি নজরুল ইসলাম বেঁচেছিলেন মূলত ৪৩ বছর। অসুস্থ কবিকে ঢাকায় নিয়ে আসার পূর্ব পর্যন্ত জীবনের শেষ ২৮ বছর কবিকে স্বাধীন ভারতভূমিতে জীবন পার করতে হয়েছিল চরম দুর্দশায়। সেই ভারতভূমিতে যে ভারতভূমির স্বাধীনতার জন্য তিনি তাঁর একটা জীবন ব্যয় করেছিলেন। স্বাধীন ভারতভূমিতে কবিকে বেঁচে থাকতে হয়েছিল অসহায়, অন্যনির্ভর, অস্তিত্বহীনভাবে। অন্যদিকে, সাহিত্য-জীবন ছিল মাত্র ২২/২৩ বছরের। সে-জীবনও আবার নানান ঘটন-অঘটনের সাক্ষী। বৈচিত্র্যময় যে জীবনে লেটোর দলে গান করা, ত্রিশালে চলে আসা, সৈনিক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়া, কুমিল্লায় বিয়ের আসর থেকে পালিয়ে আসা, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মোতাহের হোসেনকে চিঠি লেখা, কলকাতার রাস্তায় গাড়ি হাকানো, অসুস্থ স্ত্রীর জন্য ঔষধ আনতে গিয়ে সেকথা ভুলে বিকেল গড়িয়ে সন্ধ্যায় মনে হলে পাগলপ্রায় অবস্থায় ছুটে চলে আসা, বুলবুলের জন্য পিতৃহৃদয়ে তাঁর বেদনার ফল্গুধারা বওয়া— কি করেননি তিনি একজীবনে! তারপরও, এই স্বল্পপ্রজ সাহিত্য-জীবনে, মোটাদাগে বলা যায়– কি কবিতা-গল্প-উপন্যাস-নাটক-সঙ্গীত-চলচ্চিত্র– শিল্পসাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি অবদান রাখেন নি।
পবিত্র গঙ্গোপাধ্যায়ের নজরুল ইসলামকে নিয়ে বলা কথাগুলোই জনান্তিকে যথার্থ হবে। পবিত্র গঙ্গোপাধ্যায় বলেছিলেন, "সে আজ বন্দী। রাজার দেওয়া লৌহ-নিগড়ে তার অন্তরের বিদ্রোহী-বীর কোন দেবতার আশীষ নির্মাল্য দেখতে পেল, তাই সাদরে বরণ করে নিল তাকে আপনার বলে। তারপর একদিন যখন বাংলার যুবক আবার জলদমন্দ্রে বাধা-বন্ধনহারা হয়ে স্বাধীনচিত্ত ভরে বাংলার চিরশ্যামল চিরঅমলিন মাতৃমূর্তি উন্মাদ আনন্দে বক্ষে টেনে নেবে, সেই শুভ আরতিলগ্নে ইমনকল্যাণ সুরে যে নহবতের রাগিনী বেজে উঠবে, তাতে হে কবি, তোমার প্রেম-বৈভব-গাথা– তোমার অন্তর-বহ্নি-ব্যথা সন্ধ্যা-রাগ রক্তে আপনি বেজে উঠবে; জননীর শ্যামবক্ষে তোমার স্মৃতি ব্যথা-ভারাতুর হয়ে সকল পূজার মাঝে বারেবারে তোমাকেই স্মরণ করিয়ে দেবে,– হে কবি, সে আজ নয়।"
বাংলা সাহিত্যের ভাণ্ডার যা দিয়ে নজরুল ইসলাম সমৃদ্ধ করেছেন, সেই অমূল্য দানের জন্য নজরুল ইসলাম চিরকাল বাংলার অসাম্প্রদায়িক চেতনাপ্রবাহের বীজপুরুষ হয়ে থাকবেন।
