তৃতীয় বিশ্বের ম্যাজিক: বিন্দুতে সিন্ধু দর্শনের প্রয়াস
ময়লার ডিপোর চূড়োয় প্লাস্টিকের নল নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যঙ্গের হাসি হাসতে হাসতে আলি এক পর্যায়ে অব্যক্ত বেদনার ভারে কান্নায় ভেঙে পড়ে। নলের ওপর ভর করে হাঁটু ভেঙে বসে পড়ে। কান্নারত আলির কাছ থেকে আমাদের দৃষ্টি ক্যামেরার সঙ্গে একটু দুলে ধীরে ধীরে যখন পাহাড়সমান বর্জ্যের গা বেয়ে মৃদু করুণ সুরের সঙ্গে নিচে নেমে আসছে তখন সে ধীরে ধীরে বিলীন (ফেডআউট) হয়ে যায়। কালো পর্দায় ফুটে ওঠে "শেষ হয়েও হইলো না শেষ"। আনোয়ার হোসেন পিন্টুর সাকুল্যে বিশ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'তৃতীয় বিশ্বের ম্যাজিক'-এর শেষ দৃশ্য এটি।
আলো ফোটার আগে কুকুরের ঘেউ ঘেউ, আজান, সোচ্চার কাক আর পাখির কিচিরমিচির ছাপিয়ে অ্যাম্বুলেন্সের শব্দসংকেত দিয়ে যে ছবির শুরু তার সূচনাদৃশ্যে যেমন পর্দাজুড়ে নিকষ কালো চিরে রেস্তোরাঁবয়ের আওয়াজ শুনি "আগে সাইশ্শ বিশ, ফিছে সত্তোর" (আগে ৪২০, পিছে ৭০) তেমনি শেষ দৃশ্যের সমাপনে নিকষ কালো পর্দাজুড়ে উৎকীর্ণ হতে দেখি রবীন্দ্ররচনার একটি বাক্য "শেষ হয়েও হইলো না শেষ।" তথাকথিত তৃতীয়বিশ্বের ভাগ্যহীন মানুষের কপালে যে ঘোর অমানিশা আর অন্তহীন বেদনার পুনরাবৃত্তি চলছে তারই শাণিত প্রকাশের জন্য পরিচালকের এই রবীন্দ্রোক্তি।
যে রাজনীতি ভাগ্যহীন, নিপীড়িত, বঞ্চিত মানুষের আকাঙ্ক্ষাকে বার বার দলিত করে তাকে পরিচালক পিন্টু চাটগেঁয়ে আঞ্চলিক ভাষার শ্লেষবয়ানে 'ম্যাজিক' বলতেই পারেন। যে ব্যক্তি ন্যায়নিষ্ঠ এবং সঠিক পথে না এগিয়ে এক ধরনের কারসাজির চেষ্টা করে তাকে কোনো ভুক্তভোগী 'তুই আঁরে ম্যাজিক দেখঅদ্দে না' (তুই কি আমাকে ম্যাজিক দেখাচ্ছিস) বাক্যবাণ ছুড়ে যে তিরস্কার করে পিন্টু সেটা ভোলেননি।
আলির কান্না কি রোহিঙ্গাদের দুরবস্থার জন্যে মায়ানমারের ঘরোয়া এবং বৈশ্বিক ভূ-রাজনীতির ম্যাজিককেই তিরস্কার করতে নয়? দর্শক হিসেবে এরকম পাঠই তো আমার কাছে ধরা পড়ে। কারণ, কালো পর্দার ঐ যবনিকা নেমে আসার আগে প্লাস্টিকের নল দিয়ে আলির আণুবীক্ষণিক মনশ্চক্ষু যে ঘটনাগুলোর ওপর আলো ফেলে তাতে রয়েছে ধারাবহিকতা। দর্শকের দৃষ্টি ক্যামেরার সঙ্গী হয়ে ১৯৭১-এ বাংলাদেশে পাকসেনাদের হত্যাযজ্ঞে নিহত হতভাগ্য উনমানুষের লাশ ছুঁয়ে ২০১৭-তে এসে স্থিত হয় মায়ানমার সেনাদের হামলার শিকার রোহিঙ্গাদের ওপর। সংবাদমাধ্যমে প্রকাশিত এই অত্যাচার নিপীড়নের কাহিনির ওপর নেত্রোন্মীলক দৃশ্যধারণের (iris shot) বৃত্তাকার দৃষ্টি শেষপর্যায়ে দর্শকের সামনে হাজির করে হাসিমুখে করমর্দনরত মায়ানমারের সেনাধিপতি আর বেসামরিক নেত্রী অং সান সুচিকে।
স্থানিক কোনো কাহিনিকে বৈশ্বিকতার দ্যেতনায় ধরতে পারাটাই যেকোনো শিল্পীর আরাধ্য হওয়া উচিত। পিন্টুরও চেষ্টা সেই অভিমুখে। তাঁর স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র তৃতীয় বিশ্বের নাম নিলেও এর চিত্রভাষ চট্টগ্রামের আস্তাকুঁড়জীবী আলি নামের এক ব্রাত্যজনের আধবেলাকার অভিজ্ঞতাকে ঘিরে। কী সেই অভিজ্ঞতা যার দ্যোতনা রাজনীতির বৈশ্বিকতা ছাড়াও পিন্টুর কাছে হয়ে ওঠে চলচ্চিত্রের শিল্পসুষমার পরম্পরাগত কিছু নির্যাসকে ছুঁয়ে যাওয়ার উপলক্ষ্য? কিছু কিছু আলোচক যাঁরা ইতোমধ্যে এই চলচ্চিত্রের শিল্পমান সম্পর্কে আভাস দিয়েছেন সেটি আরও বিস্তৃতভাবে ব্যাখ্যার অবকাশ রাখে। সেই সঙ্গে উচ্চগ্রামে রাজনৈতিক বক্তব্য না রেখেও কীভাবে চলচ্চিত্রটি সমসাময়িকতার মাত্রা ছাড়িয়ে চিরায়ত কিছু প্রশ্নকে তুলে ধরার চেষ্টা করে সেটাও বিবেচ্য।
বাংলাদেশের চলচ্চিত্রেতিহাসে খুব কম নজিরই আছে ছবির সমুদয় সংলাপ কেবল একটি এলাকার আঞ্চলিক উপভাষানির্ভর। পিন্টুর এই প্রয়াস সেদিক থেকে ব্যতিক্রমই বলতে হয়। শুধু আলিরই নয় হাতে গোণা যে কটা চরিত্র এই ছবিতে রয়েছে তার মধ্যে এক মহিলা পথচারীর তিনটি বাক্য ছাড়া সবারই সংলাপ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। চলচ্চিত্রের রসাস্বাদনে দৃশ্যের ভূমিকা সর্বপ্রধান হলেও শব্দ, সংগীত, আবহ এবং সংলাপের গুরত্বও কম নয়। ভাষার দেওয়াল বিশেষ করে সাবটাইটেলের সাহায্য নিয়েও অনেক সময় চলচ্চিত্রের সবটুকু নির্যাস দর্শকের নাগালে আসে না। এক্ষেত্রে এখানে অত্যন্ত প্রাসঙ্গিক বলে জঁ লুক গদারের অতি সাম্প্রতিক চলচ্চিত্র ল্যো লিবহ্র দি'মাজ (ইংরেজিতে দ্য ইমেজ বুক)-এর কথা বলতে হয়। কোনো কাহিনি কিংবা চরিত্র ছাড়াই পুরোনো চলচ্চিত্রের দৃশ্যসম্ভার আর সংগীতের কোলাজে নির্মিত চলচ্চিত্রটির মর্মার্থ বুঝতে হলে ফরাসি ভাষায় গদারের বিরামহীন মন্তব্যের অনুধাবন গুরুত্বপূর্ণ। কিন্তু গদার চলচ্চিত্রটির ইংরেজি সাবটাইটেলে তাঁর মন্তব্যধারার বেশ কিছু অংশ বাদ দিয়েছেন ফলে ফরাসি না-জানা দর্শকদের কাছে তার অনেকটাই অধরা থেকে যায়। সে কারণে এই চলচ্চিত্রটি নিয়ে ইংরেজি ভাষার সমালোচকদের আলোচনায় গদারের মন্তব্যগুলোর পরিপ্রেক্ষিত ও বিশ্লেষণের চেয়ে বেশি করে স্থান পেয়েছে এর নান্দনিক ও নির্মাণগত অভিনব কৌশলের ব্যাপারটি। পিন্টুর 'তৃতীয় বিশ্বের ম্যাজিক'-এর ক্ষেত্রেও এ-রকম ঘটা অসম্ভব নয়। চলচ্চিত্র নির্মাণের অভিযাত্রায় নেমে শুরুতেই নিজের চেনাশোনা চৌহদ্দি থেকে তুলে আনা চরিত্রগুলোর সংলাপে স্থানীয় আঞ্চলিক ভাষার ব্যবহার করে তিনি আদায় করে নিয়েছেন বাস্তবানুগ অভিনয়। দীর্ঘ কয়েক দশকের সত্যজিৎচর্চায় ব্যাপৃত পিন্টু এই শিক্ষাটা সম্ভবত তাঁর শিল্পগুরুর কাছ থেকেই পেয়েছেন। চরিত্রগুলোর পোশাক পরিচ্ছদ পরিকল্পনায়ও সেই সচেতনতার ছাপ। কিন্তু এই আপাত বাস্তবতার আবরণ ভেদ করেও দর্শকের কাছে ধরা দেয় চলচ্চিত্রকরের অব্যক্ত বার্তার প্রতীকী প্রকাশ এবং শিল্পাভিজ্ঞান। আধবেলাকার কাহিনিটার ছায়া আমার জানতে পারি স্বপ্নময় চক্রবর্তীর একটি অণুগল্প অবলম্বনে। কোনো সাহিত্যকর্মের ওপর ভিত্তি করে হলেও চলচ্চিত্র শেষ পর্যন্ত চলচ্চিত্রকরের স্বতন্ত্র এক সৃষ্টি এবং দর্শকের বিবেচ্য চলচ্চিত্র হিসেবে কী সেই শিল্প এবং কী তার রস তারই আস্বাদন। আধবেলাকার ঘটনাক্রম স্বল্পদৈর্ঘ্যরে এই চলচ্চিত্রে কীভাবে উপস্থাপিত হয়েছে তা দেখে নিতে তিনটি ছোটো দৃশ্যপরম্পরায় বিষয়টি ভাগ করে নিচ্ছি।
পরিচায়কদৃশ্যের (title screen)শুরুতে দর্শক আলির অস্তিত্ব টের পাচ্ছে আলো-আঁধারির অস্পষ্ট আলোয়। কোনো ঘরে নয় বরং খোলা আকাশের নিচে রাস্তার বেওয়ারিশ কুকুরদের সঙ্গে তার নিশিযাপনের বাস্তবতা। সকালে ঘুম ভাঙার পর আলি শহরের কোনো একটি আপাত অভিজাত রেস্তোরাঁয় নাশতা করতে গিয়ে তাড়া খেয়ে বেরিয়ে আসে। সস্তা দোকানে চা-রুটি খেয়ে সড়কের বর্জ্যাধার ঘাঁটার কাজে বেরিয়ে পরতে দেখি আলিকে। আলির কাজ বর্জ্য ঘেঁটে যদি কিছু পাওয়া যায় তা দিয়ে দিন গুজরান করা। সমসামায়িকতার অর্থাৎ যে সময়টাকে পরিচালক পরে তাঁর এই স্বল্পদৈর্ঘ্যে প্রাসঙ্গিক করে তুলবেন তার সূত্রপাতও করছেন এ সময়ে। ওপর থেকে ধারণকৃত দৃশ্যে আমরা দেখি শহরের জনবহুল এলাকায় দ্বিমুখী সড়কের রিকশা-টেক্সি ও পথচারীদের ভিড়ের মাঝখানে পথ কেটে চলা আলিকে। এমন মুহূর্তে দর্শকের কানে আসে দূর থেকে ভেসে আসা কোনো একটি ঘোষণা। পর্দার বাঁ পাশ থেকে প্রবেশ করা বেবিট্রেক্সির ছাদের ওপর লাগানো মাইকের ঘোষণা স্পষ্ট হলে দর্শক জানতে পারে কী কারণে এই সমাবেশ। মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের একটি মানবাধিকার সংস্থা স্থানীয় লালদীঘি ময়দানে আয়োজন করেছে প্রতিবাদ সমাবেশের। এই ঘোষণা কেবল দুবার শোনা যায় দুটি পৃথক দৃশ্যে। প্রথমবারের কথা আগেই বলেছি। দ্বিতীয়বার যখন শোনা যায় তার আগে কিন্তু আরও কিছু ঘটনা ও দৃশ্য রয়েছে যার মাধ্যমে আলির ব্রাত্যাবস্থা ও বঞ্চনার ব্যাপারটি পিন্টু পরিমিতির সঙ্গে তুলে ধরতে চেয়েছেন। একদিকে রয়েছে দোকানের সামনে রাখা নানারঙের শাড়ি পরিহিতা নারীমূর্তির (ম্যানিকিন) দিকে তাকিয়ে থাকতে গিয়ে দোকান কর্মচারীর তাড়া খাওয়ার দৃশ্য। অন্যদিকে রয়েছে বর্জ্যাধার ঘেঁটে সোনারঙের বালা পাওয়ার দৃশ্য। আলি বালাটি নিয়ে তার শতছিন্ন ময়লা আধহাতা গেঞ্জির ওপর ছাপানো চার্লি চ্যাপলিনের প্রতিকৃতির ওপর ভালোমতো ঘষে নিয়ে ঔজ্জ্বলতা পরখ করে নেয়। জিনিশটা খাঁটি কি না নিশ্চিত হওয়ার জন্য পথচারী নারীকে দেখিয়ে আলি যখন জানতে পারে যে ওটি নকল সোনার তখন তার গুপ্তধন আবিষ্কারের আনন্দও মাটি হয়ে যায়। আলির বঞ্চিত হওয়ার মাত্রাটা আরও তীব্র করে তুলতে পরিচালক আশ্রয় নেন অতি ক্ষণস্থায়ী একটি দৃশ্যের। শাড়ির দোকান থেকে বর্জ্যঘাঁটার দৃশ্যে যাওয়ার আগে ক্যামেরা আলতো করে ছুঁয়ে যায় গাছের গায়ে সাঁটা একাধিক সাইনবোর্ডের মধ্যে উল্টো করে ঝোলানো কাজী অফিসের একটি সাইনবোর্ড। আলির জীবনে নারীসঙ্গও অলভ্য। সেই অপূরণীয়তা বোঝানোর জন্য এই দৃশ্যটি যথেষ্ট বাক্সময়।
দ্বিতীয় দৃশ্যপরম্পরার শুরু রেলওয়ে জাদুঘরের পাশ দিয়ে আলির সড়ক পার হওয়ার দৃশ্য দিয়ে। এসময়ে দর্শক দ্বিতীয়বারের মতো মাইকে প্রতিবাদ সমাবেশের প্রচারণাাট শুনতে পায়। গাছপালাঘেরা সরু হাঁটাপথ ধরে চলা আলির মধ্যে ভাবান্তর লক্ষণীয় হলেও নিশিপোকার গুঞ্জনের আবহ কোন অনুষঙ্গে ব্যবহৃত হলো তা কিন্তু স্পষ্ট নয়। তবে পথপাশের আবর্জনা থেকে কুড়িয়ে পাওয়া খেলনা পিস্তলে ফুঁ দিয়ে আলি যখন ট্রিগার টেপে তখন গুলির আওয়াজ দেওয়ার মধ্য দিয়ে পরিচালক চরিত্রের মানসিক অবস্থার যুতসই বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছেন বলে অত্যুক্তি হবে না। আলির ব্রাত্য হওয়ার আরও একটি পর্ব আমার দেখতে পাই পরের দৃশ্যমালায়। সিঁড়িভেঙে পাহাড়ের ওপরে উঠে আলি ছেলেদের ক্রিকেট খেলতে দেখে চোখেমুখে আনন্দ নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে এগোতে গিয়ে শোনে 'আউট'। ক্রিকেট খেলায় ব্যাটিং দলের কাউকে আউট করতে পারায় শিশুদের সেই সোল্লাস যখন আলির কানে আসে ঘটনার বাস্তবতাকে ছাপিয়ে সেই ধ্বনি তখন অন্য মাত্রা যুক্ত করে। আলি তাহলে এই আনন্দযজ্ঞেও ব্রাত্য! অতঃপর আলিকে দেখা যায় কারুর ফেলে দেওয়া ছেঁড়া একপাটি জুতো কুড়িয়ে নিয়ে কাঁধের ঝোলায় ভরতে।
পরিচালক পিন্টু তাঁর স্বল্পদৈর্ঘ্যরে এই চলচ্চিত্রে যা বলতে চাইছেন তা মূর্ত হয়েছে তৃতীয় বা শেষ দৃশ্যপরম্পরায়। নির্মাণ কুশলতার নানাদিক যেমন দৃশ্যকল্প, শব্দযোজনা, আবহ এবং সর্বোপরি সম্পাদনা মিলিয়ে চলচ্চৈত্রিক নান্দনিকতা অর্জনের ক্ষেত্রে পিন্টুর সক্ষমতা এ পর্বে স্পষ্ট হয়ে ওঠে। আগের দুই দৃশ্যপরম্পরায় চরিত্র বা ঘটনাবলির ওপর ক্যামেরা স্থানু হয়ে দর্শককে অভিনিবেশ সহকারে দেখার ফুরসত দিতে যেন অনভ্যস্ত। সেই দুর্বলতা বহুলাংশে কাটিয়ে ওঠার লক্ষণ এই পর্বে। লং শটে বর্জ্যস্তূপের বিশালতায় নল হাতে দণ্ডায়মাণ আলি, ফ্রেমের একপাশ থেকে আরেকপাশে প্যানিংয়ের মাধ্যমে বর্জ্য উল্টেপাল্টে দেওয়ার এক্সকেভেটর, ভোঁ আওয়াজের শব্দসংকেতের পরপর ময়লার ডিপোর অদূরে নদীর মোহনায় নোঙার করা জাহাজ, মেঘশূন্য নীলাকাশে গাঙচিলের ওড়াউড়ির সুষমাময় দৃশ্যধারণের পাশাপাশি এখানে যুক্ত হয়েছে মাছির ভনভন আর এক্সকেভেটরের একঘেয়ে যান্ত্রিক গোঙানির মতো পরিবেশোপযোগী শব্দ। কাহিনির মূল সূত্রও এখানে। ময়লার ডিপোতে আলি কুড়িয়ে পায় প্লাস্টিকের খেলনা পুতুল, পরচুলা এবং সবশেষে একটি প্লাস্টিকের নল। এই নলটি হয়ে ওঠে প্রতীকী অণুবীক্ষণ। সাধারণ খালি চোখে যা দেখে মানুষ তা যাপিত জীবনের ক্লেশ ও যাতনার নেপথ্যের কারণ অনুধাবনে যথেষ্ট নয়। দরকার হয় মনশ্চক্ষুর। আলির দেখা যে অন্য সবার চাইতে আলাদা তা বোঝা যায় যখন বর্জ্যঘাঁটার সতীর্থকে সে বলে :
সা(sa), (সা উচ্চারণটি sa এর মতো) বালা গরি সা – খেয়াল গরি সা
(দ্যাখ, ভালো করে দ্যাখ – মনোযোগ দিয়ে দ্যাখ)
সাইতে অইলি দিল লাগে, বেয়্যাক কিছু কি অই সো(so)খ দি সঅন ফরে না ? দিল দিয়েরও সঅন ফরে।
(দেখতে হলে দিল (অন্তঃকরণ) লাগে। সবকিছু কি খালি চোখে দেখার দরকার হয়? অন্তঃকরণেও দেখা প্রয়োজন।)
মনশ্চক্ষু দিয়ে দেখে বলে আলির অণুবীক্ষণে ধরা পড়ে সামরিক বাহিনীর হেলিকপ্টার আর বিরাজমান শিশুশিক্ষার অসংগতি নিয়ে ব্যঙ্গচিত্র যা বর্জ্যঘাঁটার সতীর্থের চোখে পড়ার কথা নয়। তৃতীয় এই দৃশ্যপরম্পরায় পিন্টু সরল বাস্তবতার আঙ্গিক ছেড়ে রূপকের আশ্রয় নিতে সচেষ্ট। তাঁর দীর্ঘলালিত শিল্পাভিজ্ঞানের স্ফুরণও ঘটে এখানে। পর্বতসম ময়লারস্তূপে বসে আলি যখন নলের একপ্রান্ত দিয়ে একটি একটি করে তুচ্ছ জিনিস ঢোকায় নলের অন্যপ্রান্ত দিয়ে তখন বেরিয়ে আসতে থাকে চমকপ্রদ জিনিস। বাস্তবতার সঙ্গে আপাত সম্পর্কহীন এসব জিনিসের মধ্য দিয়ে একটি যোগসূত্র আমরা খুঁজে দেখতে পারি। খেয়াল করা দরকার প্রতিবেশের বাস্তবানুগ শব্দযোজনার পরিবর্তে এখানে ভেসে আসছে মৃদু সংগীতের আবহ যার মধ্যে প্রাপ্তির পুলকাভাস। আলি নলের একপ্রান্তে প্রথমে ঢোকায় সাদা কাগজের টুকরো যা লাল গোলাপ হয়ে বেরোয় অপরপ্রান্তে। দ্বিতীয়বার ভাঙা কাচের টুকরো থেকে পায় পানীয়র গ্লাস। তৃতীয়বার সুতলি রূপ নেয় টাইয়ের। চতুর্থ দফায় আবার সাদা কাগজ থেকে বেরিয়ে আসে জগদ্বিখ্যাত 'মোনালিসা'র অনুকৃতি। আলির স্বগতোক্তি এখানে: 'ইবে কঅন, ন ছিনিলাম' (এটা কে? চিনলাম না তো!)। শেষ দফায় আবার সাদা কাগজ ঢোকালে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসে চার্লি চ্যাপলিনের দ্য কিড চলচ্চিত্রের একটি পোস্টার। একটি ঘরের বন্ধ দরোজার সামনে বসে থাকা চার্লি আর পাশঘেঁষে আস্তাকুঁড় থেকে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত শিশুটির এই দৃশ্য ধ্রুপদি চলচ্চিত্রেতিহাসের এক অমূল্য সম্পদ। সমাজে ব্রাত্য হয়ে পড়ার অব্যক্ত এই বেদনার অভিব্যক্তি কালোত্তীর্ণ এক শিল্পকর্ম। তাই পিন্টু কৌশলে এই মর্মভেদী এই দৃশ্যের সঙ্গে জুড়ে দিতে চান আলিকে।
স্বপ্নময় চক্রবর্তীর অণুগল্পের চরিত্র নল দিয়ে খুঁজছিল তার প্রয়োজনের পরিধেয়। পিন্টু গল্পটির কাঠামোকে নিয়ে তৈরি করলেন তাঁর শিল্পভাবনার ভিন্নতর এক ফসল। সৃজনশীল যেকোনো চলচ্চিত্রকরের জন্য এমনটি হওয়াই বাঞ্ছনীয়। এখানে লক্ষণীয়, যেসব জিনিস নলের অপর প্রান্ত দিয়ে বেরোয় তারসঙ্গে পাশ্চাত্য সংস্কৃতির একটি নৈকট্য রয়েছে। স্থানিককে বৈশ্বিকতার দ্যোতনায় ধরার এটিও এক রকমের চেষ্টা। ভালোবাসা বা প্রেম ব্যক্ত করায় লাল গোলাপের বাহন হওয়া, আনন্দ-ফুর্তি-বিনোদনের সঙ্গে পানীয়র সংযোগ, বেশভুষায় কেতাদুরস্ত হতে গেলে টাইয়ের অপরিহার্যতা আর শিল্পরসের ভোক্তা হতে হলে দ্য ভিঞ্চির 'মোনালিসা' সম্পর্কে অবহিত থাকার যৌক্তিকতা। এগুলোর সঙ্গে আলির পরিচয় থাকার কথা নয়। কিন্তু পরিচালকের কৌশলটি এখানে কেন যথাযথ সেটা ব্যাখ্যার অবকাশ রাখে। যখন দ্য কিড পোস্টারটি নল থেকে বেরোয় সেটি গোটানো অবস্থা থেকে খুলে আলি প্রথমে ক্যামেরা অর্থাৎ দর্শকদের দিকে ধরে। তার পরে সেটিকে সে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আগের চার বারে যে প্রক্রিয়া চলছিল শেষ বারে এসে কেন এই ব্যতিক্রম? আলির হাতের নিছক একটা সামান্য ভুল ধরে না নিয়ে এটিকে পরিচালকের সচেতন চলচ্চৈত্রিক কৌশল হিসেবে দেখা উচিত। অন্তত আমার কাছে তা মনে হয়েছে। এই প্রথম আলি ঠাহর করে নিজের গায়ে চাপানো গেঞ্জির ছবিটির সঙ্গে পোস্টারের চার্লির সাজুয্য। এই সাজুয্য আবিষ্কারের আনন্দে মুখের ওপর চেপে ধরে সে হাসতে হাসতে চিত হয়ে ময়লার স্তূপে হেলে পড়ে। আরেকটু পরেই তার আনন্দের এই রেশ হঠাৎ কর্ণবিদারী গুলির আওয়াজে খানখান হয়ে যায়। নল নিয়ে আলি ময়লার ডিপোর চূড়োয় ওঠার পথে প্রথমে তার আণুবীক্ষণিক দৃষ্টি রাখে ১৯৭১ সালের গণহত্যার ওপর তারপর ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার ওপর। আলির আধবেলাকার ঘটনাক্রমের শেষ এখানে হলেও চলচ্চিত্রকরের অল্পকথা ব্যাপ্ত হয়ে পড়তে চায় ব্যাপক পরিসরে।
সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রকর চার্লি চ্যাপলিনের মুখাবয়ব সম্বলিত আধহাতা গেঞ্জি আলিকে পরানোর মধ্য দিয়েই কেবল পিন্টু তাঁর শিল্পাভিজ্ঞান বা শিল্পৈতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সীমাবদ্ধ রাখেননি। সচেতন শিল্পমননের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন আরও নানা উপায়ে। এসবের ছাপ যেমন ব্রাত্যজনের অপরিবর্তনীয় চালচিত্রকে তুলে ধরতে চ্যাপলিনের দ্য কিড চলচ্চিত্রের পোস্টারটির সুনির্দিষ্ট নির্বাচনে তেমনি নির্বাকযুগে ব্যবহৃত নেত্রোন্মীলক দৃশ্যধারণের (iris shot) কৌশলকে সম্পাদনার কাজে লাগানোতেও। শেষ দৃশ্যপরম্পরায় আমরা দেখতে পাই মনোযোগ আকর্ষণের জন্যে সংবাদমাধ্যমে প্রকাশিত গণহত্যার খবরকে সরাসরি তুলে ধরার বদলে পিন্টু দর্শককে বৃত্তাকার আণুবীক্ষণিক দৃষ্টিতে টেনে নেন। ভোক্তার কাছে যেকোনো শিল্প এমনতরো দ্যোতনা বা ব্যঞ্জনা নিয়ে আসে যা হয়তো সেই শিল্পস্রষ্টার অভিপ্রায় বা কল্পনাতে অনুপস্থিত থাকে। 'তৃতীয় বিশ্বের ম্যাজিক'-এর ক্ষেত্রে কি এমনটি ভাবা অসংগত হবে? ১৯৭১ এর বাংলাদেশ আর ২০১৭-র মিয়ানমারের গণহত্যার মধ্যে কার্যকারণের হেরফের সত্ত্বেও সমাজের ভাগ্যহতদের পরিণতির ক্ষেত্রে সামান্য উনিশ-বিশ পার্থক্যকে কি আমরা ৭১-কে উল্টোদিকে পড়ে ১৭ ভাবতে পারি? একইভাবে এই চলচ্চিত্রের অবয়ব এবং প্রেরণামূলে যে পরিমাণে চ্যাপলিন জুড়ে রয়েছেন তার সূত্র ধরে কি আমাদের মনে পড়ে না স্বৈরাচার হিটলারকে ব্যঙ্গ করে তাঁর অমর সৃষ্টি দ্য গ্রেট ডিক্টেটর এর কথা? শিল্পীর সংবেদন সময়ের সংকটকে এড়িয়ে যেতে পারে না। কিন্তু তাই বলে সমসাময়িকতার রাজনীতিকে উচ্চগ্রামে পরিবেশন করতে গেলে শিল্প খণ্ডিত সময়ের স্লোগানে পর্যবসিত হতে পারে। তা এড়ানোই সচেতন শিল্পীর কাজ। রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেকার চলমান সংকট এবং ভূ-রাজনীতির জটিল হিসেব-নিকেশে পিন্টুর এই স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র দর্শকের কাছে কোন দ্যোতনায় ধরা দেবে সেটাই প্রশ্ন।
