২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন দেখানো মানুষ জামান ভাই

আনিসুর রহমান

Published : 16 Apr 2021, 12:07 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


২০০৭-২০০৮ সময়টা ছিল হাল আমলের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ছাকনির কাল। এই সময়ে অনেক রাজনীতিবিদের চেহারা চরিত্র ছাকনির চালুনিতে স্পষ্ট হয়ে গেছে। কেউ কেউ সংস্কারবাদী তকমায় চিহ্নিত হয়েছেন, ঝরে পড়েছেন, বিরাগভাজন হয়েছেন। এই বিষয়টা আমাদের অনেকের কাছে স্পষ্ট হলেও বুদ্ধিবৃত্তিক জগতও যে এই ছাকনির বাইরে ছিল না, তা ততটা স্পষ্ট নয়। যদিও আমরা দেখেছি সুশীলবাদী দোকানদাররা নিরপেক্ষতার নানা ধান্দায় বিস্তর সুবিধা ভাগিয়ে নিয়েছেন।
শামসুজ্জামান খান ব্যতিক্রম একজন বুদ্ধিজীবী যিনি ২০০৭-২০০৮ সময়ে অনন্য এক ভূমিকা রাখেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমানু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই কঠিন সময়ে ওয়াজেদ মিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। ঝুঁকিপূর্ণ সময়ে নানা গুরুত্বপূর্ণ খবর বিশ্বস্ততার সঙ্গে আদান প্রদান করেছেন। ঐ কঠিন সময়ে শেখ হাসিনাকে যখন রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে, তার দলের নেতাকর্মীদের সুধাসদনে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না, তখন জামান ভাই যোগাযোগ করতেন বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার সঙ্গে। এভাবে তিনি বিপদের সময়ে শেখ হাসিনার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অই একই সময়ে বাংলাদেশের প্রত্নসম্পদ ফরাসি দেশে প্রদর্শনীর নামে পাচারের উদ্যোগ নেয়া হয়েছিল। এই উদ্যোগের সঙ্গে দেশের এবং বিদেশের কিছু মাফিয়ার সরাসরি এবং পরোক্ষ সংশ্লিষ্টতা ছিল। এদেশীয় কিছু বুদ্ধিজীবীও এই পাচারের পক্ষে ছিলেন। সংস্কৃতি অঙ্গনের মোড়লদের অনেকেই এই পাচারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। জাতীয় পর্যায়ে সংস্কৃতি সংগঠনগুলোও নীরব ছিল। হাতে গোনা কয়েকজন বুদ্ধিজীবী আর অল্প বয়সী কয়েকজন সাংবাদিক এই পাচার ঠেকাতে জোরালো ভূমিকা পালন করে। তার মধ্যে শামসুজ্জামান খান ছিলেন অন্যতম। তিনি পাচারের বিরুদ্ধে অই সময় পত্রপত্রিকায় বিশ্লেষণধর্মী তথ্যবহুল লেখা লেখেন, দূরদর্শনে সংলাপে অংশ নিয়ে যুক্তিতর্ক দিয়ে প্রত্নসম্পদ পাচার ঠেকানোর গুরুত্বটা বোঝাতে সক্ষম হন। এই ঘটনার পর শামসুজ্জামান খানের কথা ও কাজের প্রতি আমার আগ্রহ তৈরি হয়।

এর মধ্যে ২০০৭-২০০৮ ফখরুদ্দিন-মঈনউদ্দিন জামানার অবসান হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনা দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী হন। শামসুজ্জামান খানকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেন। এই নিয়োগটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। যার স্বাক্ষর তিনি রেখেছেন নানা উদ্যোগের মাধ্যমে। ততদিনেও তার সঙ্গে আমার সরাসরি কোন যোগাযোগ তৈরি হয়নি।

এর মধ্যে বিতর্কিত হে উৎসবের সঙ্গে বাংলা একাডেমির সংশ্লিষ্টতার সূত্রে বিতর্কের জন্ম নেয়। অনেকে তাঁর প্রতি বিরাগ হন। এই বিরাগভাজনের দলে আমিও ছিলাম। এমন কি একটি লেখায় বলেছিলাম, বাংলা একাডেমির ভাবমূর্তি রক্ষা করতে না পারলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। এই ইঙ্গিতকে তিনি ব্যক্তিগতভাবে নেননি, আমার প্রতি বিরাগ হননি। পরে তার সংশ্পর্শে এসে এমনটা টের পেয়েছি।
এর পরে একবার একটি বইকে কেন্দ্র করে একজন প্রকাশককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় দেশে বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বাংলা একাডেমিও বইটি বইমেলায় নিষিদ্ধ ঘোষণা করে। অনেকের মত আমিও বিষয়টা মনে মনে মেনে নিতে পরিনি। আমি এই পরিরস্থিতিতে একদিন মহাপরিচালক শামসুজ্জামান খানকে ফোন করি। উনি ফোনটি প্রথমবার ধরতে পারেননি। সম্ভবত উনি ফিরতি ফোন করেছিলেন অথবা আমিই দ্বিতীয়বার ফোন করি। আমার স্পষ্ট মনে নাই। আমি সালাম দিয়ে, জামান ভাই সম্বোধন করে, কথা শুরু করলাম। উনি বোধ হয় আমার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতেন। তা প্রথম আলাপে অনুভব করেছিলাম। আমার পরিচয় দিলাম, তারপর নিষিদ্ধ বইটা সম্পর্কে জানতে চাইলাম। উনি এভাবে কথা বললেন, শুনো আনিস, তুমি তো লেখালেখি করো, ব্যাপারটা তুমি বুঝবে। যে বইটা নিষিদ্ধ করা হয়েছে তা নিতান্তই অপাঠ্য, কুৎসিৎ আর আজগুবি মিথ্যাচারে ভরা। এসব করে কেউ কেউ বিদেশে যাবার ছুতা খোঁজে। বলো, লেখালেখির মানে কি এরকম হওয়া উচিত? তুমি এখানে এসো তোমাকে বইটা পড়তে দিব, তখন তুমিই বলো সিদ্ধান্তটা ঠিক না ভুল হয়েছে।" এই প্রসঙ্গ ছাড়াও তিনি আমার লেখালেখিসহ অন্যান্য খবরাখবর জানতে চাইলেন।

এই ছিল জামান ভাইয়ের সঙ্গে আমার প্রথম আলাপ। এরপরও নানা সময়ে প্রসঙ্গক্রমে বাংলা একাডেমির কিছু বিষয়ে আমার কিছু লেখায় অনেক সময় কড়া সমালোচনামূলক পর্যবেক্ষণ প্রকাশ পেয়েছে। মনে মনে আশঙ্কা করেছি জামান ভাই যদি এসব নিয়ে নাখোশ হন তাহলে তো তাঁর সামনে পড়া যাবে না।
ঘটনাক্রমে একদিন বাংলা একাডেমিতে গিয়েছি। আমার বয়োকনিষ্ঠ বন্ধু বাংলা একাডেমির কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলল, জামান স্যারের সঙ্গে দেখা করে যান। উনি খুশি হবেন, মনিরের সঙ্গেই গেলাম উনার সঙ্গে দেখা করতে। মনির খবর পাঠালো। সঙ্গে সঙ্গে উনি আমাদের ডাকলেন। প্রথম দেখায় মনে হলো, না জানি কত কালের জানাশোনা আমাদের সঙ্গে। আস্তে আস্তে জামান ভাইয়ের কক্ষ ভরে গেলো তার বয়োকনিষ্ঠ তরুণ সহকর্মীদের ভিড়ে। এক পর্যায়ে জামান ভাই বললেন, চলো সবাই মিলে একটা ছবি উঠাই। আনিসের সঙ্গে আবার কবে দেখা হয়, কে জানে।
এরকম উচ্ছল আর উদ্বেল ছিলেন তার কথা ও ব্যবহারে। তিনি কথা বলতেন আস্তে আস্তে। তবে প্রতিটি কথার কার্যকরণ সূত্র ছিল। পরে জেনেছি তার দাদারা দুই ভাই ব্রিটিশ আমলে নামকরা বুদ্ধিজীবী ছিলেন। সেই ঐত্যিহ্যের একটা রুচিগত বহিঃপ্রকাশ তার মধ্যে ছিল।
পরে আরো একবার তার অফিসে দীর্ঘক্ষণ কথা বলার সুযোগ হয়েছিল। অইদিন সম্ভবত কবি তারিক সুজাত, কবি মোবারক হোসেন ওরফে সাজ্জাদ আরেফিন এবং গবেষক শাহিদা খাতুনও ছিলেন। এখানে বলে নিতে চাই এর মধ্যে বেশ কয়েকটি লেখায় প্রসঙ্গক্রমে বাংলা একাডেমির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছি। এসব নিয়ে একদিন তারিক ভাইকে বললাম, জামান ভাই আবার না বিরাগভাজন হয়ে থাকেন। তারিক ভাই বললেন, উনি অনেক উদার সহিষ্ণু মানুষ। উনি এসব মনে রাখেন না। এর প্রমাণ আমি অনেকবার পেয়েছি।
উনার সঙ্গে দীর্ঘ এবং ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ হয়েছিল ২০১৭ সালে গোথেনবার্গ গ্রন্থমেলায় এবং সুইডেনের লেখক সংঘে, ভিকস একাডেমিতে, উপসালা সাহিত্যকেন্দ্রে এবং উপসালা ইংলিশ বুকশপের অনুষ্ঠানমালায়। প্রায় সপ্তাহকালীন সময়ে ঠাসা অনুষ্ঠানসূচিতে সেমিনার আলোচনা পর্বে অনেক সময় মতামত প্রদানে এবং যুক্তিতর্কে জামান ভাই এবং আমার অবস্থান বিপরীতমুখী হয়ে যেত। মনে মনে আমি শঙ্কায় থাকতাম উনি না আবার ভুল বোঝেন। কিন্তু সবকিছু অবাক করে দিয়ে প্রতিটি অনুষ্ঠান শেষে উনি আমাকে পিঠে হাত বুলিয়ে বলতেন, "উদ্যমটা ধরে রেখো। আমাদের দেশের জন্যে অনেক কাজ বাকি।" এখানে উল্লেখ করতে চাই গোথেনবার্গ বইমেলায় জামান ভাইয়ের অংশগ্রহণের ব্যাপারে আমার অনুরোধে তার সঙ্গে প্রাথমিক যোগাযোগটা রক্ষা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপউপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

এরপরে জামান ভাই অনেক উচ্ছাসের সঙ্গে নানা জায়গায় বলেছেন, তাঁর জীবনের সেরা বিদেশে কোন কর্মসূচিতে ছিল গোথেনবার্গ বইমেলায় অংশগ্রহণ। এরপরে তিনি একটা লক্ষ্য নিয়ে এগুচ্ছিলেন। তিনি চাইছিলেন গোথেনবার্গ বইমেলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে অথবা মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে মূল উপজীব্য করা হোক। এই বিষয়ে তিনি মেলা কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক বৈঠকও করেছিলেন। এরপর জামান ভাইয়ের মহাপরিচালকের মেয়াদ শেষ হয়ে এলো। পরের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এর ধারাবাহিকতা রক্ষা করেননি।
বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইংরেজির কাঠপণ্ডিতদের একচেটিয়া খবরদারি অনুবাদ সাহিত্যের বিকাশে কার্যকর কোন ভূমিকা রাখছে না। এটা উপলব্ধি করে জামান ভাই বাংলা একাডেমির অনুবাদ বিভাগকে একটা আন্তর্জাতিক অনুবাদ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করতে চাইছিলেন। তাঁর সেই স্বপ্নটাও এগুলো না।
তিনি লেখকদের জন্যে বাংলা একাডেমিতে একটা লেখক ক্লাব প্রতিষ্ঠা করেছেন, সেটা এখনো চালু করা হলো না।
১৯৭৪ সালে বাংলা একাডেমি প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করে। যার সচিবিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রাহাত খান এবং জামান ভাই। সেটার বিলম্বিত ধারাবাহিকতা রক্ষায় জামান ভাই বাংলা একাডেমিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আয়োজন পুণরায় শুরু করেছিলেন। জামান ভাই'র মেয়াদের পর এই সম্মেলনটিও আর আয়োজন করা হচ্ছে না।
জামান ভাইকে কাছে থেকে দেখেছি, তিনি নতুন বিষয় নতুন ধারণাকে আগ্রহের সঙ্গে গ্রহণ করতেন। তা কিভাবে আমাদের দেশেও চালু করা যায় সেটা নিয়ে ভাবতেন। তাঁর আমলে বাংলা একাডেমির অবকাঠামোর আমূল উন্নয়ন ঘটে; একাডেমির কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধা নিয়ে তিনি ভাবতেন। তাদের আবাসন সমস্যার সমাধানে সরকারের উপর মহলে তার ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে তা সমাধান করেন।
একাডেমির ভেতরে তিনি লেখকদের জন্যে একটা অতিথিশালা স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। সেটিও বুঝি থমকে আছে। তাছাড়া, নানা দেশের সঙ্গে আন্তর্জাতিক সাহিত্য বিনিময় নিয়ে তিনি উচ্চাভিলাষী স্বপ্ন লালন করতেন, স্বপ্ন দেখাতেন অন্যদেরও। তিনি বাংলা একাডেমিকে জাতির মননের প্রতীক তা যে কথার কথা নয় তা উপলব্ধি করতেন। এই একাডেমিকে তিনি বিশ্বের অন্যান্য একাডেমির কাতারে ও মর্যাদায় দেখতে চাইতেন। সেই লক্ষ্যে তিনি কাজও করতেন। তার বয়োকনিষ্ঠদের অনুপ্রাণিত করতেন।
তিনি ছিলেন তরুণ ও প্রবীণদের যোগসূত্র স্থাপনকারী এক আজীবন তারুণ্য। তিনি যোগ্য তরুণের তালাশ সবসময় করেছেন। হামীম কামরুল হকের মত এই প্রজন্মের প্রচ্ছন্ন এক তরুণ পণ্ডিতকে একাডেমিতে ডেকে এনে চাকরি দিয়েছেন এরকম উদাহরণ জাতীয় জাদুঘর এবং শিল্পকলা একাডেমিতে উনি মহাপরিচালক থাকাকালে স্থাপন করেছেন।
তিনি ছিলেন আধুনিক রুচিসম্পন্ন অগ্রসর চিন্তার একজন মানুষ। বেশি উদাহরণ দিতে হবে না। বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের বেলায় আমরা কি দেখি? বরিশালের কোন মাস্টার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন দায়িত্ব পেলে বরিশালের পাল্লা ভারী করা শুরু করে। নোয়াখালীর মাস্টারও তাই, অন্য এলাকার মাস্টার হলেও তাই। কিন্তু জামান ভাই তিনটি জাতীয় একাডেমিতে শীর্ষব্যক্তি হয়েও আত্মীয়তা বা এলাকার নিরিখে কাউকে নিয়োগ দেননি। তার তরুণদের ব্যাপারে একটা পক্ষপাত আমি উপলব্ধি করেছি। একবার তিনি আক্ষেপ করে বললেন, তরুণ এক ব্যারিস্টারকে দায়িত্ব দিয়েছিলাম একাডেমির আইনগত বিষয়াদি দেখভাল করার। কিন্তু তরুণ সেই নারী ব্যারিস্টার দায়িত্বটা ঠিকমত পালন করেননি। জামান ভাই দুঃখ করে বলেছিলেন, তরুণদের যদি না দাঁড় করানো যায় তাহলে চলবে কেমনে?
আরেকবার তিনি দিলখোলা মেজাজে বললেন, সামগ্রিক কার্যক্রম বা ভালোর জন্যে তেমন কেউ কোন প্রস্তাব বা কথা নিয়ে এগিয়ে আসে না। বেশির ভাগ আসে নিজের স্বার্থ নিয়ে, তাহলে কাকে নিয়ে কাজ করব? তার মধ্যে একটা দৃঢ়তা বা সাহস নিয়ে চলার একাগ্রতা ছিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে নীতিতে অগ্রসর হবার হিম্মত তার ছিল। সেই যোগাযোগও উপর মহলে ছিল। একই একাগ্রতা ছিল তার লেখালেখি এবং গবেষণায়ও। বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহসালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহসালা সম্পাদনা চাট্টিখানি কথা না। তাঁর লেখালেখির পরিধি রম্যরচনা থেকে শুরু করে ভ্রমণকাহিনী, রম্য জীবনী, দিনলিপি, ক্রীড়াবিষয়ক লেখালেখি এবং শিশুসাহিত্য অন্যতম।
অন্য অনেক বিষয় ও দায়িত্বের পাশাপাশি তিনি গভীর মনোনিবেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। তার প্রতিফলন তিনি দেখিয়েছেন বঙ্গবন্ধুর লেখাজোকা প্রকাশ ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্ট থেকে।
তিনি বাংলা একাডেমির মহাপরিচালক থাকার সময় আমি যতবার ঢাকায় অবস্থান করেছি তিনি তার একাডেমির কর্মকর্তা আমার বয়োকনিষ্ঠ বন্ধু শাহ মনিরুজ্জামানকে বলে দিতেন, "আনিস যে কয়দিন ঢাকায় থাকবে, তুমি ওর সুবিধা, অসুবিধা এবং প্রজেয়াজনীয় বিষয়গুলো দেখভাল করবে"। আমি মনিরকে অনেক সময় বলতাম, তুমি তোমার অফিসের কাজের কোন ক্ষতি করে আমার কোন উপকার করো না। মনির বলতো, এটা জামান স্যারের নির্দেশ, আপনার বিষয়াদি আমি যেন দেখভাল করি।
এই ঘটনার বেশ আগে। জামান ভাইয়ের অফিসে বসা আমরা কয়েকজন। জামান ভাই বললেন, "আনিস, তুমি কি একাডেমির সদস্য"? না, জামান ভাই। তিনি সঙ্গে সঙ্গে একটা সদস্য ফরম আনালেন। বললেন, তুমি যাবার আগে এটা পূরণ করে দিয়ে যাবে। তাঁর আগ্রহ আর উদ্যোগে আমার বাংলা একাডেমির সদস্য হবার সৌভাগ্য হয়েছিল।
এর পরে একবার আমি ঢাকায়, জামান ভাই বিদেশে। তারিক ভাইয়ের কাছ থেকে খবর পেয়েছেন আমি ঢাকায়। তারিক ভাই জানালেন, "আনিস, জামান চাচার সঙ্গে আমার আলাপ হয়েছে, উনি সহসাই ফিরতেছেন। উনি আপনাকে দেখা করতে বলেছেন। এরপরে তারিক ভাইই একদিন জামান ভাইয়ের অফিসে আমাকে নিয়ে গেলেন। জামান ভাই বললেন, আনিস, তুমি আর কয়দিন আছো?
তিন দিন।
অসুবিধা নাই। তুমি যাবার আগে একাডেমিতে একটা সেমিনারের আয়োজন করতেছি। তুমি ওখানে, 'সাহিত্যের আন্তর্জাতিকীকরণ' বিষয়ে বক্তৃতা করবে। সেমিনার আয়োজনের দিনটি ছিল সরকারি ছুটির দিন। আবহাওয়া ছিল গোলযোগপূর্ণ। সেই গোলযোগ উপেক্ষা করে তিনি একাডেমিতে এসেছিলেন, আর অফিস আদেশ দিয়ে একাডেমির কর্মকর্তাদের উপস্থিত করেছিলেন। আমি সেদিন দেখেছি, জামান ভাই'র কি উচ্ছাস। এরকম মানুষ আর কে তরুণদের উপর ছায়া দেবার, সামনে আলো ফেরি করার, স্বপ্ন দেখাবার?
সর্বানাশা করোনার কারণে শেষের দিকে তার সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগটা আর হলো না। তবে ফোনে দুই একবার আলাপ হয়েছিল। তার সঙ্গে আমার শেষ আলাপটা ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। দেশ স্বাধীন হাবার পর বঙ্গবন্ধু লেখক ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। এই বিষয়ে একটি লেখার তথ্য যাচাইয়ের প্রয়োজনে জামান ভাইকে ফোন করেছিলাম। উনি বললেন, বিষয়টার বিস্তারিত তথ্য আমার কাছেও নাই।
বঙ্গবন্ধু লেখক ট্রাস্টের তথ্য তুমি কোথায় পেলে?
আমি বললাম, কবি জসীম উদদীনের একটি লেখায়।
তুমি কি লেখাটা আমাকে পাঠাতে পারবে?
অবশ্যই পারব। আমি এখনই স্ক্যান করে মেইল করে দিচ্ছি।
আচ্ছা। আমি এটা দেখব, কি করা যায়। এটা তো একটা দারুণ ব্যাপার। বিষয়টা নিয়ে আমি উপযুক্ত জায়গার কথা বলব।
এরকম উদ্যমী উচ্ছল স্বপ্নদেখার স্বপ্নদেখানোর মানুষটিই জামান ভাই।