নিহনজিন ১৭ – সততা, আনুগত্য, দায়িত্ববোধ ও নিয়মের প্রতি শ্রদ্ধা
কিন্তু তিনি কিছুতেই আমার কাছ থেকে বাড়তি টাকা নিলেন না। বললেন, কাজে তাঁর ব্যক্তিগত অবহেলার ফলেই আমার ভোগান্তি হচ্ছে। বাড়তি টাকাটি নিজ পকেট থেকে দিয়ে তিনি এর প্রায়শ্চিত্ত করবেন।
আমি পাকিস্তানে জন্মগ্রহণ করে এবং শারীরিক-মানসিক গঠনপ্রক্রিয়া শুরু করে বাংলাদেশে তা প্রায় শেষ করেছিলাম। খাল-খন্দক ও আবর্জনায় ভরা রাস্তাঘাট, পারস্পরিক অবিশ্বাস, সত্য না বলা, মিথ্যা বলা, চুরি-ডাকাতি করা, কর্কশ ও অভদ্র আচরণ করা, সাহায্য করার বদলে মানুষ, বৃক্ষ ও পশুকে অহেতুক কষ্ট দেয়া বা কষ্ট সৃষ্টি করা, ইত্যাদি ছিল আমার মজ্জাগত অভিজ্ঞতা। তেমনি অভিজ্ঞতাসম্পন্ন এক আমি যখন জাপানে প্রথম পা দিলাম, দেশটিকে আমার বইয়ে পড়া ও মৌলভিদের মুখে শোনা বেহেশত মনে হয়েছিল, আর মানুষগুলোর প্রত্যেককে একেকটি ফেরেশতা মনে হয়েছিল। তেমনি কয়েকটি অভিজ্ঞতা নিয়ে এই পর্বটি।
ঢাকা থেকে রওনা হবার পর কেটে গেছে সম্পূর্ণ দুটি দিন। আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগের যে সময়ের কথা আমি লিখছি, তখন ইন্টারনেট-সেলফোন তো নয়ই, জাপানে সাধারণ ল্যান্ড-ফোনও সবার বাড়িতে থাকতো না। জাপানের ইউনেস্কো কোর্সে অংশগ্রণকারী আমরা সবাই স্বজনদের কাছে চিঠি লিখে নিজ নিজ দেশে পাঠাতে প্রস্তুত। সেক্রেটারি মিসেস সোয়াজুমি আমাদের নিয়ে গেলেন পোস্ট-অপিসে। অপিসের কেরানী ঠিকানা দেখে দেখে আমাদের কাছ থেকে টিকেটের প্রয়োজনীয় পরিমাণ ইয়েন (জাপানি মুদ্রা) রেখে আমাদের বিদায় করে দিচ্ছিলেন। এনভেলাপের ওপর টিকেট সাঁটা হচ্ছিল না দেখে আমার ভয় হলো কেরানী ইয়েনগুলো নিশ্চয়ই মেরে দেবে! বাংলাদেশ হলে বলতাম আমার সামনেই টিকেট লাগিয়ে সিল মেরে দিন। কিন্তু ভদ্রতার খাতিরে ও ভয়ে এখানে কিছু বলতে পারছিলাম না। ব্যাপারটি হজম করতে না পেরে পোস্ট অপিস থেকে বেরিয়ে ভারতের সুরেশ ঘাই আমার মনের কথাটিই বলেই ফেললো: আচ্ছা, লোকটি যদি টিকেট না লাগিয়ে ইয়েনগুলো সব নিজ পকেটে পুরে নেয়? ভারতের সামাজিক-সাংস্কৃতিক চরিত্র যে বাংলাদেশ থেকে ভিন্ন নয়, হাতেনাতে তার প্রমাণ পেয়েছিলাম। বলা বাহুল্য, আমাদের সবার চিঠিই সময়মতো প্রাপকের কাছে পৌঁছেছিল! জাপানি সততার এটিই ছিল আমাদের প্রথম অভিজ্ঞতা।
বাংলাদেশে ছবিওয়ালা জাপানি ক্যালেন্ডারের খুব কদর ছিল! এক বন্ধুর অনুরোধ রাখতে আমি ছবিসহ ৬/৭টি ক্যালেন্ডার নিয়ে পোস্ট অপিসে গেলাম। কেরানী সাহেব হিসাব করে বেশ বড় অংকের ইয়েন রেখে একটি রশিদ দিয়ে আমাকে বিদায় করলেন। দুদিন পর যথেষ্ট মূল্যের টিকেট লাগানো হয়নি বলে ক্যালেন্ডারগুলো আমার কাছে ফেরত আসলো। আমি তা আবার নিয়ে গেলে কেরানী সাহেব খুব বিস্মিত হলেন। টিকেটের মূল্য ঠিকই আছে কিন্তু কোথাও ভুল হয়ে গেছে বলে তিনি ক্ষমা চেয়ে প্যাকেটটি রেখে দিলেন। দুদিন পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কেরানী বুঝতে পারলেন বড় কোনো জিনিস পাঠানোর নিয়মে সাম্প্রতিক কোনো পরিবর্তনের কথাটি তাঁর জানা ছিল না। আরো বেশ কিছু ইয়েনের টিকেট লাগাতে হবে। কিন্তু তিনি কিছুতেই আমার কাছ থেকে বাড়তি টাকা নিলেন না। বললেন, কাজে তাঁর ব্যক্তিগত অবহেলার ফলেই আমার ভোগান্তি হচ্ছে। বাড়তি টাকাটি নিজ পকেট থেকে দিয়ে তিনি এর প্রায়শ্চিত্ত করবেন। এরপর ক্যালেন্ডারগুলো সময়মতো ঢাকায় পৌঁছেছিল।
কিয়োতোর যে আন্তর্জাতিক ছাত্রাবাসে আমি বাস করেছিলাম, সেখানকার এক বিদেশি ছাত্র অন্য এক জাপানি সততার কাহিনী শুনিয়েছিল! ব্যাংকে সে কিছু ইয়েন জমা দিয়ে এসেছে। পরদিন সকালে ব্যাংকেরই যে কেরানীর হাতে সে টাকাটি তুলে দিয়েছিল, সে ছাত্রাবাসে এসে হাজির। মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কোমর থেকে পুরো দেহটি বারবার মাটির সমান্তরালে এনে ক্ষমা চাইতে চাইতে বললো, গতকাল একটি মারাত্মক অপরাধ হয়ে গেছে। কাগজে কলমে ছাত্রটি ৮০ হাজার ইয়েন জমা দিলেও কেরানীর কাছে আসলে সে ৯০ হাজার ইয়েন তুলে দিয়েছিল। ছাত্রটি বললো, না আমি তো ৮০ হাজার ইয়েনই আপনার হাতে দিয়েছিলাম। মেয়েটি বিনয়ের সাথে জানালো, দিনশেষে হিসাব করতে গিয়ে ধরা পড়লো গতকাল ব্যাংকে হিসাবের বাইরে ১০ হাজার ইয়েন জমা হয়েছিল। কাজেই অনেক রাত অব্দি ব্যাংকের সব কর্মচারী নূতন করে নিজ নিজ হিসাব মেলাতে লেগে গেল। বিভিন্ন গবেষণার পর বেরিয়ে এলো যে এই ছাত্রটি থেকেই বাড়তি ১০ হাজার ইয়েন নেয়া হয়েছিল। টাকা গোণার ব্যাপারে মেয়েটির ব্যক্তিগত গাফিলতির ফলেই এমনটি হয়েছে। কিন্তু অপরাধটি ব্যাংক নিজ কাঁধে তুলে নিয়েছে। ব্যাংকের নির্দেশেই কাজে যাবার পূর্বে বিভিন্ন উপঢৌকন সহ সেই দশ হাজার ইয়েন ফেরত দিতে এসেছে।
ভাষার সমস্যার জন্য প্রথমদিকে কিয়োতোয় আমার কোনো বন্ধু ছিল না। জাপানি ভাষার তখনও কিছু জানি না ও বুঝতে পারি না। ল্যাবে শনিবার কাজশেষে ওসাকা চলে যেতাম বাঙালি বন্ধুদের কাছে। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাস ধরে শিজো-কাওরামাচি স্টেশনে যাওয়া যায়, সেখান থেকে ট্রেনে করে ওসাকা। একের পর এক বাস যাচ্ছে। আকার ইঙ্গিতে পাশে দাঁড়ানো অপরিচিত এক ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম আসছে বাসটি শিজো-কাওরামাচি যাবে কিনা। সে হ্যাঁ বললে ধন্যবাদ জানিয়ে আমি বাসটিতে উঠে পড়েছিলাম। পরপর দুই বা তিনটি স্থানে থামার পর পরবর্তী স্টেশনে বাসের ভিড় ঠেলে ঠেলে সেই ছেলেটি আমাকে খুঁজে বের করলো। ড্রাইভারকে অনুরোধ করে বাসটিকে থামিয়ে রেখে হাঁপাতে হাঁপাতে আমার কাছে ক্ষমা চেয়ে টেনে আমাকে বাস থেকে নামালো। অসংখ্যবার ক্ষমা চাইতে চাইতে বললো সে ভুল বলেছিল, এই বাসটি আমার গন্তব্যে যাবে না। আগের মতোই হাঁপাতে হাঁপাতে সে অপেক্ষা করে রইলো পরবর্তী সঠিক বাসটিতে আমার ওঠা পর্যন্ত। জিজ্ঞেস করে জেনেছিলাম ওর গন্তব্য আমার উলটো, পেছনদিকে! ছেলেটির এই দায়িত্বজ্ঞানবোধ আমার চোখে পানি এনে দিয়েছিল।
মধ্য জাপানের নাগানো পাহাড়ে স্কি-র ছুটি কাটানো পর ফেরার পথে নাগোয়া শহরে নেমে পড়েছিলাম। সেখানে ঢাকা থেকে সম্প্রতি আসা আমার বন্ধু-দম্পতি মোসাদ্দেক-ইফফাতের সাথে কয়েকদিন কাটাবো। নাগোয়া শহরে নেমে খেয়াল হলো ভুলে আমার কাপড়ের ব্যাগটি বাসে ফেলে এসেছি। বাসটি ততোক্ষণে চলে গেছে। বাস স্টেশনে আমার ভুলের কথা বলার সাথে সাথে ফোনে ওরা পরবর্তী স্টেশনে জানিয়ে দিলো। কিছুক্ষণ পর একই দিকে গমনকারী একটি বাসে আমাকে তুলে দিয়ে ড্রাইভারকে প্রয়োজনীয় নির্দেশ দিলো। আমার ব্যাগটি কয়েকটি পরের স্টেশনে অপেক্ষা করছিল দেখতে পেলাম। ঘটনাটি এখানেই শেষ নয়। তাদেরই আয়োজনে উল্টোদিকের অন্য আরেকটি বাসে ব্যাগসহ আমাকে তুলে নাগোয়ার পূর্বোক্ত স্টেশনে নামিয়ে দিল। শেষের দুই এই বাসযাত্রার জন্য কর্তৃপক্ষ আমার কাছ থেকে কোনোই বাড়তি পয়সা নেয়নি। অথচ পুরো দোষটি ছিল আমার! তেমন একটি ঘটনা আমার এক ট্রেন যাত্রার সময়ও ঘটেছিল।
খদ্দের বা কাস্টমারকে সেবা দেয়ার এই যে উদাহরণগুলো দিলাম, বাংলাদেশের কেউ কখনও কি তা করেছে? সেখানে বরং প্রতিটি ক্ষেত্রে খদ্দেরকে কীভাবে বিপদে ফেলবে অথবা খদ্দের থেকে দুপয়সা হাতিয়ে নেবে সেই চিন্তায়ই আমরা মগ্ন থাকি। আমি নিশ্চিত যে জাপানি সততার অসংখ্য অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে সেখানে বসবাস করলে শীঘ্রই আমিও মানুষের দুর্গতি বাড়ানোর স্থানীয় সংস্কৃতিটি রপ্ত করে ফেলতাম। আপনি বা আমি যত শিক্ষিত বা যত ধার্মিক বা যতো নীতিবানই হোন না কেন, তা ঘটতোই! একটি উদাহরণ দিলে আপনিও আমার সাথে দ্বিমত পোষণ করবেন না।
২০২৭ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মহা সম্মেলনী অনুষ্ঠিত হবে। উদ্যোক্তা ও দায়িত্বপ্রাপ্তদের সবাই ছিলেন পূর্ণ অধ্যাপক এবং জাপান অথবা ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত। এছাড়াও এঁদের অনেকেই এক বা একাধিকবার কয়েক বছরের জন্য বিদেশে কাটিয়ে গেছেন। যুক্তরাষ্ট্র থেকে একদিন আগে ঢাকায় পৌঁছে সেই সম্মেলনীতে অংশগ্রহণ করেছিলাম। পরদিন এক বিজ্ঞান-গবেষণা সেমিনারে আমার বক্তৃতা দেয়ার কথা। এক সহপাঠী ও অধ্যাপক বন্ধুর কাছে অনুষ্ঠানসূচী জানতে চাইলে কালক্ষেপন না করে উত্তর দিয়েছিল, সেমিনারের দায়িত্বে আছে অধ্যাপক অমুক। সেমিনারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপককে সেদিনের দুপুরের খাওয়ার ব্যাপারে প্রশ্ন করে একই চৌকসভাবে উত্তর দিয়েছিল ফুড কমিটির দায়িত্বে আছে অমুক অধ্যাপক। সাধারণ রেজিস্ট্রেশন ফি যেখানে রাখা হয়েছিল এক বা দুই হাজার টাকা, বিদেশে বসবাসকারীদের ক্ষেত্রে তা ছিল ১০০ ডলার বা প্রায় ৯০০০ টাকা। অথচ এতো বেশি টাকা আদায় করলেও বিদেশ থেকে আগতদের জন্য বিশেষ সেবামূলক কোনো ব্যবস্থাই রাখা হয়নি। শুধু তাই নয়, যে দুটো উদাহরণ দিলাম, আমার অতি পরিচিত ও প্রিয় সেই দুজন কোনো কষ্ট না করেই আমাকে যে সাহায্য করতে পারতেন, তা অন্যের কাঁধে চাপিয়ে ব্যস্ততার ভান করে অন্যদিকে চলে গিয়েছিলেন। বহুদিন পর দেখা হওয়া কারো প্রতি সামান্য সৌজন্যবোধটিও তাঁদের লোপ পেয়েছিল। অথচ তাঁরা বহু বছর বিদেশের উন্নত পরিবেশে কাটিয়েছেন। বিদেশের সেবামূলক মনোভাব আমার মতো তাঁরা নিশ্চয়ই প্রত্যক্ষ ও শিক্ষালাভ করে থাকলেও বাংলাদেশের পরিবেশে তা নিশ্চয়ই হারিয়ে ফেলেছিলেন।
আবার জাপানে ফিরে যাই। আজ হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কিন্তু আমার জাপান বাসের সময়ে সেদেশের কর্মক্ষম অধিকাংশ পুরুষই ছিল খাইসা-ইন, অর্থাৎ কোম্পানির চাকুরে। যে যে কোম্পানিতেই চাকুরি করুক, সেই কোম্পানীর কাছে সে তাঁর দেহ-মন ও ভবিষ্যৎ ন্যাস্ত করে দিতো। একইভাবে ছাত্ররা যে শিক্ষকের কাছেই নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে থাকে তা পূর্বে উল্লেখ করেছি। কোম্পানিই ওর মা-বাপ, কোম্পানি নির্দেশ দিলে সে আগুনেও ঝাঁপ দেবে বিনা প্রশ্নে। চাকুরের উর্ধতন বস বা নিম্নতম কর্মচারী সামনে বা কাছাকাছি থাকুক বা না থাকুক, নিজ নিজ কোম্পানির প্রতি আনুগত্য যে কী প্রগাঢ়, তা দেখে বিস্মিত হয়েছি। নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোম্পানি তাঁদের গবেষকদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠাতো। ফুকুই- ও সোদা-ল্যাবে তেমন অনেকের সাথে আমার ভালো বন্ধুত্বও হয়েছিল। ওরা কোনো নূতন জিনিস প্রস্তুত বা আবিষ্কার করার সাথে সাথে মেধাস্বত্ব স্বীকৃতির জন্য সরকারের কাছে দরখাস্ত করে দিতো। কিন্তু তা করা হতো আমার আবিস্কারক বন্ধুর নামে নয়, হতো সে যেই কোম্পানির চাকুরে সেই কোম্পানির নামে! আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতাম কিন্তু এই আবিষ্কার বা সৃষ্টির ধারণা থেকে শুরু করে কার্যে রূপদান, এর সবই তো তুমিই করলে। তুমি নিজে কেন এর স্বত্ব দাবি করছো না? কোম্পানির হাতে তুলে দিলে তোমার কী লাভ? আমার এই প্রশ্নের মর্মার্থ বুঝতে না পেরে ওরা হা করে তাকিয়ে থাকতো। কারণ নিজের কাজ কোম্পানির হাতে তুলে দেয়াই হচ্ছে জাপানের নিয়ম। সে ঠিক এই নিয়মটিই মেনে চলেছে। আমার প্রশ্নের পীড়াপীড়িতে ওদের উত্তর হতো, কোম্পানির লাভ হলেই সবার লাভ, তখন আমারও লাভ।
আমেরিকায় আসার পর জাপানিদের নিজ কোম্পানির প্রতি এই আনুগত্য নিয়ে এক সাময়িকীতে একটি কৌতুক পড়েছিলাম। সেটি ছিল এরকম: রোমান্টিক কিন্তু জনবিহীন এক দ্বীপে দুই যুবক আটকা পড়েছিল। সেখানে ওরা বিকিনি পরা এক পরমা সুন্দরীর সাক্ষাৎ পেলো। প্রশ্ন হলো, দুই যুবকের মাঝে কে এই সুন্দরীর সাহচর্য্য উপভোগ করবে। উত্তরটি ছিল, তা নির্ভর করবে যুবকদ্বয় কোন দেশের নাগরিক তার ওপর। ওরা যদি ইটালিয়ান হয় তবে পরস্পরের সাথে মারামারি করে একজন আরেকজনকে পরাস্ত করে সুন্দরীকে জয় করে নেবে। ওরা যদি ফরাসি হয়, তবে লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু যুবকদ্বয় যদি জাপানি হয় তবে উভয়েই বলবে, চল কোম্পানির কাছে ফ্যাক্স পাঠিয়ে সিদ্ধান্তটি ওদের হাতেই ছেড়ে দেই!
নিয়মানুবর্তিতা সহ জীবনের এরকম অসংখ্য, প্রতিটি ক্ষেত্রেই রাষ্ট্রীয় বা সামাজিক প্রতিটি নিয়ম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল জাতি পৃথিবীতে আর ছিল বা আছে কিনা আমার তা জানা নেই। এ ব্যাপারে শতাধিক বছর পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের পর্যবেক্ষণ আমার অভিজ্ঞতা থেকে বিন্দুমাত্র ব্যাতিক্রম নয়। তিনি ১৯১৭ সালে তাঁর জাপান ভ্রমণ সম্পর্কিত ‘জাপান যাত্রী’ লেখায় এক জাহাজের জাপানি ক্যাপ্টেন সম্পর্কে লিখেছেন, ‘এঁকে অনুরোধ করে যা-খুশি তাই করা যেতে পারে; কিন্তু কাজের বেলায় দেখা যায় নিয়মের লেশমাত্র নড়চড় হবার জো নেই’। শতাধিক বছর পূর্বের তাঁর এই পর্যবেক্ষণ আমার দীর্ঘ সাড়ে চার বৎসর বাসকালে একবারের জন্যও ভিন্ন দেখিনি।
নিয়ম ও রীতির প্রতি জাপানিদের আনুগত্য নিয়ে আমার পর্যবেক্ষণের সাথে পাশ্চাত্যের কোনো কোনো বন্ধু আমার সাথে দ্বিমত পোষণ করেছে। উদাহরণ স্বরূপ ট্রেন, বাস, বা বিমানে আরোহণের সময় ওরা জাপানিদের সর্বদা লাইন মেনে না চলার কথা উল্লেখ করেছে। এই অভিযোগটি আমার কাছে সত্যি মনে হয়নি। পাকিস্তান-বাংলাদেশে শৃংখলা মেনে না চলার যে সংস্কৃতি থেকে আমি এসেছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে জাপানিদের কদাচিৎ লাইন ভেঙে এগিয়ে যাবার নজির আমার চোখে কখনোই ধরা দেয়নি। তাছাড়া লাইন ছেড়ে বাস বা বিমানে আরোহণের ব্যাপারটি লক্ষ করেছি গ্রামীণ ও বয়ষ্ক জাপানীদের দলবেঁধে কোথাও ভ্রমণে যাবার ক্ষেত্রে, প্রত্যেকে যারা অপরের সাথে পরিচিত। এঁদের নিষ্কলুষ এই আচরণ আমি দেখেছি গভীর মমতাভরে। জাপানিরা নিঃসন্দেহে একটি সুশৃংখল জাতি।
খাকারি বা কেরানী
আমাদের ল্যাবে কোনো বিশেষ একটি কাজে দায়িত্বপ্রাপ্ত ছাত্রটিকে খাকারি বলা হতো। খাকারি’র সমার্থক বাংলা শব্দ সম্ভবত: কেরানী। কিন্তু বাংলাদেশে কাজ নয়, ব্যক্তিটির গুরুত্ব বাড়াতে পদটিকে হয়তো বলা হবে মেম্বার, সেক্রেটারি অথবা রিপ্রেসেন্টেটিভ, কেরানী কখনো নয়! জাপানে কাজটিকেই বড় করে দেখা হয়, ব্যক্তিকে নয়। বাংলাদেশে ব্যক্তি বড়, কাজটি নয়!
সোদা-ল্যাবের কফি ক্লাব পরিচালনার দায়িত্বপ্রাপ্তকে বলা হতো কোহি-খাকারি। কফিকে জাপানিরা কোহি বলে। সেই কেরানি কফি পানকারী সভ্যদের কাছ থেকে ঘুরে ঘুরে চাঁদা আদায় করতো, বাজার থেকে কফি, চিনি ও ক্রিমার কিনে আনতো। সকালে সবার জন্য কফি বানানো ও দিনশেষে কফির সরঞ্জাম ও টেবিলটি পরিষ্কার করে রাখার দায়িত্বও ছিল তারই। কফির দাম এতো বেশি কেন হলো বা স্বাদটি খারাপ কেন হলো তা নিয়ে কেউ ওকে প্রশ্ন করতো না। একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। সে তার সাধ্যমতো ভালো কাজ করবে। কাজেই তাকে তার মতো কাজ করতে দাও, এই হচ্ছে সবার অভিমত।
বার্ষিক পিকনিকে যাওয়া হবে, ল্যাবের জোসু (লেকচারারের সমকক্ষ) এর জন্যও একজনকে খাকারি নিয়োগ দেবেন। সেই খাকারি ভাই ল্যাবের সবার নামসহ একটি কাগজের ছক বানিয়ে পিকনিকের দিন, স্থান ও খাবারের মেনু, ও জনপ্রতি খরচ কতো হওয়া উচিৎ,তা জানতে চেয়ে সবার মতামত নেবে। সবার মত যে একই হবে না তা বলাই বাহুল্য। কিন্তু সবকিছু বিবেচনা করে খাকারি যে সিদ্ধান্ত নেবে, জোসু ও অধ্যাপকসহ ল্যাবের সবাই বিনা বাক্যে তা মেনে নেবে। এতে ব্যক্তিগতভাবে কারো অসুবিধা হলেও বা অসন্তুষ্ট হলেও কেউ প্রতিবাদ বা অভিযোগ করবে না। কাজটিকে সফল করতে খাকারি ল্যাবের অন্য যাকে যে দায়িত্ব দেবে, সবাই তা অতি নিষ্ঠার সাথে পালনও করবে। ঠিক এমনটিই লক্ষ করেছি শীত বা গ্রীষ্মের প্রমোদ-ভ্রমণে যাবার বেলায়। সবকিছু বিনা বাক্যে কিন্তু সুষ্ঠু, সুন্দর ও আনন্দের সাথে সমাধা হয়ে যেতো।
সাথে সাথে আমার মনে পড়ে যেতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পিকনিক বা বার্ষিক কোনো অনুষ্ঠান আয়োজনের সময় পারস্পরিক মন কষাকষি ও বিশৃঙ্খলার কথা। বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত নিতে সব ছাত্রদের উপস্থিতিতে আমাকে সভা আহ্বান করতে হয়েছিল। খাবারের মেনুতে জনপ্রতি সিকিভাগ রোস্ট বরাদ্দে বড় মুরগী কেনা হবে না মাঝারি মুরগী কেনা হবে সে নিয়ে কোনো মতেই সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিলো না। বাস ও স্থানের ভাড়া দেবার পর বড় মুরগী কিনলে জনপ্রতি খরচ বেশি পড়ে যাবে যা অধিকাংশ ছাত্রই দিতে রাজী না। সিদ্ধান্ত একটি নেয়া হয়েছিল ঠিকই কিন্তু অনেক বাকবিতণ্ডা ও সময় অপচয়ের পর।
আরো মনে পড়ে বিভাগীয় কোনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলাম আমি। মনে পড়ে প্রস্তুতিপর্বে নৃত্যশিল্পীর অনুরোধে হলটিকে খালি করে দিতে বলায় উৎসুক দর্শনার্থীদের কারো কারো মারমুখী আচরণের কথা। শুধু তাই নয়, অনুষ্ঠানের রাতে এই নৃত্যশিল্পীকে অপহরণ করা হবে বলে একজন তো আমাকে শাসিয়েই গেল। টিএসসিতে অনুষ্ঠান শেষে সেই শিল্পীর নিরাপদে বাড়ি পৌঁছানোর বাবস্থা করার আগ পর্যন্ত আমার মানসিক অবস্থার কথা ভেবে আজও শিহরিত হই।
বাংলাদেশে আমাদের অবস্থান যতো ছোটই হোক না কেন, নিজেকে আমরা একেকজন সম্রাট ভাবি। আমার ইচ্ছাটাই সবার থেকে বড় মনে করি। নিজের যে দায়িত্ব, তা পালন করি না। কিন্তু সবকিছুতেই অহেতুক নাক গলাই। ফলে একদিনের কাজ শেষ হয় দশদিনে, অনেক ত্রুটিসহ! এর বিপরীতে জাপানিরা নিজেকে কখনোই বড় মনে করে না, দায়িত্ব যতো ছোটোই হোক, তা পালন করে বিনা বাধায় ও অত্যন্ত নিষ্ঠার সাথে। ফলে তা সম্পন্ন হয় সময়মতো ও শুষ্ঠভাবে।
