শিশির ভট্টাচার্যের ‘উচিৎ শিক্ষা’
আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বেহুদা ডিগ্রি-লোলুপতা বিরাজ করছে, তিনি এর বিলুপ্তি কামনা করেছেন।
কিছু দিন আগে শিক্ষা-বিষয়ক একটি প্রবন্ধ লেখার প্রয়োজনে রেফারেন্স বইয়ের খোঁজে ঢাকার ‘বাতিঘর’ তোলপাড় করে পেলাম গোটা পাঁচেক বই। যে ধরনের বই খুঁজছিলাম, বইগুলো অবশ্য তেমন নয়। একটা বই কিছুটা আলাদা মনে হলো। বইয়ের নাম পড়েই মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠবে, সন্দেহ নেই। গুরুগম্ভীর বিষয় মজার ভঙ্গিতে কতটা কার্যকরভাবে বলা যায়, এ বই তার সুন্দর উদাহরণ। বইটা নিলাম শুধু নামের ব্যঞ্জনায় প্রলুব্ধ হয়ে।
বইয়ের নাম : ‘উচিৎ’ শিক্ষা। লেখক : শিশির ভট্টাচার্য্য। প্রকাশক : আদর্শ। মূল্য : ৩০০ টাকা। লেখককে ব্যক্তিগতভাবে চিনি না। তবে বিশ্বসাহিত্য কেন্দ্রে একদিন ‘বিশ্ববিদ্যালয়’ বিষয়ে তাঁর আলোচনা শোনার সুযোগ হয়েছিল। বক্তব্যে তাঁর প্রতিটা বাক্য শানিত, সুচিন্তিত, তথ্যনির্ভর মনে হয়েছিল। বাচনভঙ্গি কিছুটা শ্লেষাত্মক। পরে জেনেছি, শিশির ভট্টাচার্য্য ভাষাবিজ্ঞানী। ভাষাবিজ্ঞানে তিনি পি.এইচ.ডি. (২০০৭) করেছেন কানাডার মন্ট্রিয়েল বিশ্ববিদ্যালয়ে। প্যারিসের সর্বোন বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে এম.ফিল. (১৯৯৫), এম.এ. (১৯৯৪) এবং এম.এ. (১৯৮৮) করেছেন। তাঁর অধিকাংশ কাজ ভাষা নিয়েই।
একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে বইটি লেখা। তথ্য ভারাক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। বাঁচিয়ে দিয়েছে লেখকের সরস আন্তরিক ভাষাভঙ্গি। সিরিয়াস বিষয় নিয়ে বলতে গিয়েও স্বভাবসুলভ পান (Pun) ও রসিকতা করতে ছাড়েননি। ভাগ্যিস ছাড়েননি। নয়তো পাঠক হিসেবে হয়তো আমাকেই হাল ছাড়তে হতো। পড়তে পড়তে মনে হচ্ছিল আমি যেন লেখকের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি! অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বই ছাড়া আমার এমন অনুভূতি আর কারো ক্ষেত্রে হয়েছে কি না, মনে পড়ছে না। চিন্তার কিছু নতুন সূত্র পাওয়া গেল। বইটা শেষ করে মনে হলো, এ নিয়ে কিছু লেখা দরকার। হতে পারে, আমার মতো আরও অনেকেরই দৃষ্টির আড়ালে থেকে গেছে গুরুত্বপূর্ণ এই বইটি।
মোট আঠারোটি প্রবন্ধ। বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু প্রবন্ধের শিরোনাম : ‘মূর্খদের কেন ডিগ্রি দেওয়া হচ্ছে’, ‘কেমন শিক্ষক চাই’, ‘হাসি হাসি প্রশ্ন ফাঁসই, দেখছে বঙ্গবাসী’, ‘লেখাপড়া করে যে’, ‘সিলেবাসে কী থাকা উচিৎ’, ‘বইপড়ানি মাসি-পিসি মোদের বাড়ি এসো’, ‘বাজার অর্থনীতি ও শিক্ষা’, ‘শিক্ষাঙ্গনে রাজনীতি’, ‘বিশ্ববিদ্যালয় কীভাবে শুরু হলো’, ‘পণ্ডিত মশায়ের বেতন সায়েবের কুকুরের কয়টি ঠেঙের সমান’।
এ বইয়ে মৌলিক কিছু প্রশ্নের অবতারণা করা হয়েছে। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার নজির টেনে লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আমাদের পশ্চাদ্পদতা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফরাসি দার্শনিক মোঁতেঈন (১৫৩৩-১৫৯২) উদ্ধৃত হয়েছেন বার বার। ড. শিশির সতর্ক করেছেন, নিছক ডিগ্রি দেখিয়ে আশানুরূপ কাজ পাওয়ার সম্ভাবনা দিন দিন কমে আসছে, বিশেষ করে উত্তর আমেরিকায়। একজন কলেজ বা স্কুলপাস শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়পাস শিক্ষার্থীর তুলনায় বেশি বেতনের চাকরি পাচ্ছে। কারণ ছাত্রজীবনে সে লেখাপড়া ছাড়াও সংগীত করেছে, নাটক করেছে বা বিপন্নের সেবায় এগিয়ে এসেছে। নিছক ডিগ্রিধারী নয়, একজন জ্ঞানবান এবং সম্পন্ন মানুষকেই উচ্চতর বেতনে নিয়োগ দেওয়ার ঘটনা ঘটছে।
শিক্ষকনিয়োগের বিষয়টি ড. শিশির অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর মতে, ‘শিক্ষকতা একটি কলা এবং যেকোনো কলাই একটি বিরল জন্মগত প্রতিভা। মনে রাখার মতো শিক্ষক হাতেগোনা। এর একটি প্রমাণ, ১১০০ থেকে ১৫০০-- মধ্যযুগের এই পাঁচশ বছরের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পাঁচজনের বেশি বিখ্যাত শিক্ষকের কথা জানা যায় না, যদিও একই সময়ে বহু জ্ঞানী ব্যক্তির কথা জানা যায়। শিক্ষক হিসেবে তিনি খুঁজতে পরামর্শ দিয়েছেন এমন ব্যক্তিকে যার ভেতরে শিক্ষক হওয়ার সহজাত প্রেরণা রয়েছে। প্রশ্ন রেখেছেন, শিক্ষক হওয়ার কোনো প্রকার প্রেরণা বা আগ্রহ যার নেই, তাকে হাজার প্রশিক্ষণ দিয়েও কি কোনো লাভ হয়? ইস্পাত দিয়ে ভালো ছুরি তৈরি হয়; কাঁচা লোহাকে পেটানো পণ্ডশ্রম। অভিজ্ঞতা দিয়েও প্রেরণা বা প্রতিভার ঘাটতি মেটানো যায় না, অন্ততপক্ষে শিক্ষকতার ক্ষেত্রে। (পড়তে পড়তে মনে হলো, বছরের পর বছর কাঁচা লোহাকে পেটানোর পণ্ডশ্রমটা কী নিষ্ঠার সঙ্গেই না আমরা করে চলেছি!)
আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বেহুদা ডিগ্রি-লোলুপতা বিরাজ করছে, তিনি এর বিলুপ্তি কামনা করেছেন। প্রশ্ন তুলেছেন, কৃষিতে যার আদৌ আগ্রহ নেই, তাকে কেন কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিতে হবে? কৃষিবিজ্ঞানে যার স্নাতক ডিগ্রি আছে, তাকেই-বা কেন ব্যাংকে চাকরি করতে হবে? এগুলো নেহাতই ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের সময়, সামর্থ্য ও অর্থের অপচয়। ব্যাংক বা আমলাতন্ত্র সামাল দেওয়ার জন্য মাধ্যমিকের পর চার বছরের সাধারণ কলেজ-ডিগ্রিই কি যথেষ্ট হওয়া উচিত নয়? কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের আগ্রহ যাদের নেই, তারা সেই কলেজ-ডিগ্রি নিয়ে কর্মজীবনে ঢুকে যাবে। সেই সাধারণ কলেজ-ডিগ্রির সিলেবাসে সাহিত্য, দর্শন, বিজ্ঞান, গণিত, ভূগোল, ইতিহাস, আইন ইত্যাদিসহ এমন অনেক বিষয়ই থাকবে, যেগুলো একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তিনি প্রাথমিক শিক্ষার উপর। তিনি স্মরণ করেছেন রবীন্দ্রনাথকে বহু আগে যিনি বলেছিলেন : ‘ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না।’ পর্যবেক্ষণে ড. শিশির দেখেছেন, কানাডার কুইবেকে বিভিন্ন বিষয়ে লিখতে শেখানো প্রাথমিক বিদ্যালয়গুলোতে। দেখা গেছে, ছাত্রেরা ফরাসি বা ইংরেজি ব্যাকরণে দুর্বল থাকলেও ফরাসি বা ইংরেজি কমবেশি শুদ্ধভাবে লিখতে পারে। বাংলাদেশে পঞ্চম থেকে দ্বাদশ--প্রতিটি ক্লাসে বাংলা ব্যাকরণের মোড়কে সংস্কৃত ব্যাকরণের পুনরাবৃত্তি করাতে গিয়ে যে সময় অযথা নষ্ট হয়, সেটা লিখতে শেখানোর কাজে ব্যবহার করা যেত। ছাত্ররা লিখতে জানে না, কারণ আমরা তাদের লিখতে শেখাই না। শুধু লিখতে কেন, শিক্ষার্থীদের যুক্তিসম্মতভাবে গুছিয়ে কথা বলতেও শেখানো হয় না বাংলাদেশে।
আইনস্টাইনের মজার একটি সংলাপ উল্লেখ করেছেন লেখক। একবার আইনস্টাইনকে এক মা জিগ্যেস করেছিল: ‘আমার ছেলেকে বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে চাই। কী করতে হবে?’ আইনস্টাইন উত্তর দিয়েছিলেন: ‘ওকে রূপকথা পড়ে শোনান। আর যদি আমার চেয়েও বড় বিজ্ঞানী যদি বানাতে চান, তবে তাকে আরও বেশি করে রূপকথা শোনান!’
বাংলাদেশে বাংলা ও ইংরেজি রচনা মুখস্থ করার প্রচুর বই থাকলেও মনের ভাব প্রকাশ করে লিখতে শেখানোর কোনো বই নেই কেন? এ বিষয়টি লেখককে চিন্তিত করেছে। এর মানে কি এই যে, নীতিনির্ধারকেরা চান, শিক্ষার্থীরা রচনা মুখস্থ করুক! মুখস্থ করার কিছু ইতিবাচক দিকও রয়েছে। আগে কবিতা বা ছড়া মুখস্থ করার একটা প্রথা ছিল। গত কয়েক দশকে সে প্রথা বাতিল হয়েছে, সম্ভবত কোনো একদল অদূরদর্শী শিক্ষাবিদের পরামর্শে: ‘মুখস্থ করা চলবে না, সবাইকে সৃজনশীল হতে হবে!’ নিঃসন্দেহে ভুল চিন্তা।
‘তোতাকাহিনী’র প্রত্যাবর্তন চান না লেখক। চান শিক্ষার্থীরা নানা বিষয়ে কৌতূহলী হয়ে উঠুক। চান শিক্ষকগণ তাদেরকে প্রশ্ন করতে শেখাবেন সক্রেটিসের মতো করে। কারণ একটি উপযুক্ত প্রশ্ন হাজারো অনুপযুক্ত উত্তরের চেয়ে উত্তম। রাজেন্দ্র সিংহ (লেখকের শিক্ষক) তাঁর সুহৃদ নোয়াম চমস্কি সম্পর্কে বলেছিলেন: ‘অন্য বুদ্ধিজীবীদের সঙ্গে চমস্কির তফাত হচ্ছে এই যে, তিনি সঠিক প্রশ্ন করেছেন, কিন্তু সঠিক উত্তর হয়তো খুঁজে পাননি। অন্যেরা প্রশ্নই ভুল করেছেন, সুতরাং উত্তর সঠিক হওয়ার প্রশ্নই আসে না।’
শিক্ষককে প্রশ্ন করাটা এক সময় ‘বেয়াদবি’ মনে করা হতো। এ প্রসঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদ লিখেছেন : ‘আমাদের স্যারেরা নিজেরা চিন্তা করেন না বলে চিন্তার রাজ্যে ছাত্রকে ডাক দিতে পারেন না, প্রশ্ন করলে উল্টো চটে যান। অথচ একটা ভালো শিক্ষাব্যবস্থায় শিক্ষক তাঁর চিন্তা আর কল্পনার আনন্দজগতে ছাত্রকে সঙ্গী করে নেবেন, এটাই তো কাম্য। শিক্ষা সেখানে হবে অংশগ্রহণমূলক, ছাত্র আর শিক্ষকের যুগলবন্দীতে প্রাণবন্ত। শিক্ষক সেখানে কথা বলবেন কম, ছাত্রকে চিন্তা করতে, কথা বলতে অনুপ্রাণিত করবেন।’ [প্রাণ থেকে প্রাণে, প্রথম খণ্ড, ‘যুগান্তরের প্রতীক্ষায়’]
শিক্ষার্থী ও শিক্ষকদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, এ প্রসঙ্গ আবদুল্লাহ আবু সায়ীদ লিখেছেন: ‘শিক্ষক-ছাত্রের সম্পর্ককে আমি ওপর-নিচের সম্পর্ক মনে করিনি, অর্থাৎ ভাবিনি শিক্ষক ওপরে, ছাত্র নিচে। ছাত্রদের আমি সমপর্যায়ের সমমেধার সমবয়সের মানুষ হিসেবে দেখেছি। ভেবেছি, আমি তাদের বন্ধু। তাই ছাত্র-সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি কোনোদিন বাণী দিইনি। সংলাপ ছিল আমার শিক্ষকতার ভিত্তি। শিক্ষকতা বলতে আমি একটিমাত্র জিনিসকে বুঝেছি: জীবনের বিকাশ। শিক্ষক হিসেবে আমি সবসময় ভেবেছি, ছাত্রদের ভেতর আমি স্বপ্নের আগুন জ্বালাতে পারলাম কিনা। ঐ আলোয় তাদের চিত্ত জ্বলল কিনা?’ [অন্তরঙ্গ আলাপ]
পাঠদানের ধরণ ও ছাত্রশিক্ষক সম্পর্কের প্রশ্নে শিশির ভট্টাচার্য্য ও আবদুল্লাহ আবু সায়ীদের বক্তব্য অভিন্ন। এ বইয়ে শিশির ভট্টাচার্য্য বিশেষভাবে যে কাজটা করেছেন, তাহলো উন্নত বিশ্বের প্রাসঙ্গিক উদাহরণ ও পরিসংখ্যান উপস্থাপন।
পৃথিবী দ্রুত এগুচ্ছে। পরিবর্তিত হচ্ছে শিক্ষাপদ্ধতি। কেমন হতে পারে আগামীর শিক্ষা? একটা রূপরেখা এঁকেছেন লেখক। তিনি মনে করছেন, ভবিষ্যতে পুরো শ্রেণিকক্ষই ভার্চুয়াল হয়ে যেতে পারে। সেখানে আধুনিক ভিডিও গেমের মতো এক একজন ভার্চুয়াল শিক্ষার্থী বা শিক্ষার্থীর হলোগ্রাম একটি বিষয়ে যত রকম প্রশ্ন করা সম্ভব, একে একে করতে থাকবে। শিক্ষার্থী প্রশ্নোত্তর শুনবে, এমনকি আলোচনায়ও অংশ নিতে পারবে। কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে ভার্চুয়াল শিক্ষাপ্রোগ্রাম চালু করার সঙ্গে সঙ্গে প্রোগ্রামের দৃষ্টিকোণ থেকে আমাদের শিক্ষার্থীও হয়ে যাবে একজন ভার্চুয়াল শিক্ষার্থী। শিক্ষাদান, শিক্ষার্থীর অগ্রগতি নির্ধারণ, বিশেষ শিক্ষার্থীর বিশেষ সমস্যা খুঁজে বের করা ইত্যাদি সবকিছুর দায়িত্ব নেবে সেই ভিডিও-শিক্ষা প্রোগ্রাম।
চিত্রটা আশা-জাগানিয়া, না আতঙ্কের? ভাচুর্য়াল শিক্ষাপদ্ধতিতে আগামীতে পেশা হিসেবে শিক্ষকতা কি ঝুঁকির মুখে পড়বে তাহলে? সেটা সময়ই বলবে। তবে লেখক মনে করছেন, ভার্চুয়াল শিক্ষা চালু হলে উচ্চশিক্ষার্থে বিদেশ-গমনের প্রয়োজন হবে না, ফলে উন্নয়নশীল রাষ্ট্রের শিক্ষার্থী-অভিভাবকদের কষ্টার্জিত অর্থ উন্নত দেশের কোষাগারে পাচার হবে না। লিভারপুলের শিক্ষার্থী যা শিখবে, হাতিরপুলের শিক্ষার্থীও অনেকটা তা-ই শিখবে। সিঙ্গাপুরের মিউজিয়ামে গিয়ে যা দেখা যাবে, ঠিক তা-ই দেখা যাবে মিরপুরে, নিজের ট্যাবলেটের ত্রিমাত্রিক জাদুঘরে।
‘গণশিক্ষার আরশি নগর’ প্রবন্ধের শুরুর দিকে লেখক জানাচ্ছেন, ‘১৯৬৮ সালে আমি যখন প্রথম শ্রেণির ছাত্র ছিলাম, তখন আমাদের ক্লাসে ছাত্রসংখ্যা ছিল ৮০ জন।’ আমাদের সংশয় জাগে, ১৯৬৮ সালে বাংলাদেশের কোনো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রসংখ্যা ৮০ জন? সংখ্যাটা কি বিশ্বাসযোগ্য? প্রশ্ন থেকে গেল। বইয়ের নামকরণ কৌতূহলোদ্দীপক। উচিৎ শিক্ষা! লেখকের Pun-প্রীতির নমুনা বইয়ের শিরোনামেই। বাংলা বানান-বিভ্রান্তিতে আচ্ছন্ন আমাদের মনে প্রশ্ন না-জেগে পারে না: শব্দটা ‘উচিত’, নাকি ‘উচিৎ’ হওয়া বাঞ্ছনীয়?
লেখকের সব বক্তব্যের সঙ্গে একমত হতে হবে, এমন কোনো কথা নেই। তবে ভিন্নমত দিতে হলে সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট দখল ও অধিকার থাকা চাই। সঙ্গত কারণে সে চেষ্টা থেকে বিরত থেকেছি। আমার এই লেখা মূলত শিক্ষা বিষয়ে আগ্রহী একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে। পুরো বই জুড়ে শিক্ষার তিন অংশীদার: শিক্ষার্থী, অভিভাবক এবং সরকারকে সচেতন করার জন্য শিশির ভট্টাচার্য্য যে পরামর্শগুলো দিয়েছেন, সেগুলো কাজে লাগানো গেলে লাভবান হবে সবাই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
