প্রকাশ বিশ্বাসের দুটি অণুগল্প
মানুষের জীবন আসলে এইরকমই, এক হাতে আলো, এক হাতে খালুই, বুকের ভিতর একটু ভয়, একটু লোভ, একটু আনন্দ, আর সেই গভীর বিশ্বাস—অন্ধকার যত ঘন আর বড়ই হোক, কেউ না কেউ, কোথাও না কোথাও, হয়তো এখনো আগলাইয়া রাখে।
নিস্কান্দা
চৈত্র শেষের একটা বিকাল। ইছামতী নদীর তল পাওয়া জল তখন কেমন যেন শান্ত। বাতাসে বিন্নাঝোপ আর খ্যাসারি কলাই ক্ষেত পোড়ানোর গন্ধ, সইরষা তো বেশ কয়েকদিন আগেই উইঠা গেছে। শিমুল গাছের শেষ তুলার গুটিফল থিকা শিমুল তুলা উইড়া যাইতেছে দক্ষিণা বাতাসে। মাঝিপাড়ার বুড়া জেলেরা আজ অকারণেই তাড়াতাড়ি নৌকা টাইনা তুলছে।
জাইলা বালক নিতাই অবাক হইয়া জিজ্ঞাসা করল, "কাকা, আইজ মাছ ধরতে যাইবা না?"
বুইড়া হরেকৃষ্ণ রাজবংশী মৃদু হাইসা কইল, "সব রাইতের নদী একরকম না রে। কিছু রাইত নদীর, কিছু রাইত নদীরও পরের।"
এর বেশি কিছু সে বলল না।
রাতে নিতাই একাই নৌকা নামাইল। আকাশে চাঁদ ছিল না, কিন্তু তারার আলোয় নদীর বুকটা অদ্ভুত ফ্যাকাসে দেখাইতেছিল। দূরে কোথাও ডাহুক ডাইকা উঠল টুব টুব কইরা। তারপর চারদিক এমন নিশ্চুপ হইয়া গেল, যেন পৃথিবীর সমস্ত শব্দ কেউ খালুই আর দড়ি বান্ধা ভাসন্ত ডেকচিতে তুইলা নিছে।
জাল ফেলতেই সে অনুভব করল, জলের নিচে যেন ধীর, ভারী কোনো স্রোত বইয়া যাইতেছে। অথচ নদীতে হেদিন কোনো স্রোত থাকার কতা না। নিতাইর বুকের ভিতর অজানা এক শিরশিরানি নামল। হঠাৎ নিতাইর মনে অইল, খালের জল জানি একবার নিশ্বাস লইল। ঢেউ নাই, তয় জলের বুক দিয়া গোল গোল কাইপা উঠল। ঠিক মাঝখানডায় একডা মিটমিটা আলো জ্বইলা উঠল। হারিকেনের আলো না, কুপির আলোও না। জানি শুকতারার একফালি আগুন আইসা পানির উপরে বইস্যা আছে।
নিতাই চোখ কচলাইয়া আবার চাইলো। আলোডা অহনও আছে। কিন্তু নাও নাই, মানুষ নাই। খালি আলোডা আস্তে আস্তে ভাসে।
এইবার বুকের ভিতরডা ধুপধুপ কইরা উঠল। মনে পড়ল ঠাকুমার কতা।
"চইত্তর সংক্রান্তির রাইতে নিস্কান্দা পানি মাপতে বাইর অয়। হেই রাইতে জাল ফালাইস না।"
ঠাকুমার ওই কতা শুনা লইয়া ছোটবেলায় কত হাসছে! অহন আর হাসি আইতেছে না।
ঠিক তহন জালডা এমন টান খাইল, যেন খালের তল থিকা কেডা দুই হাতে ধইরা রাখছে। নিতাই টান দেয়, জাল একচুলও নড়ে না। আবার ঢিলা কইরা দিতেই জাল নিজের থেইকাই কাইপা উঠল।
দক্ষিণা বাতাসটা কেরা যেন হঠাৎ বন্ধ কইরা দিল। বিন্নাঝোপের পাতাডাও আর নড়ে না। চারপাশে এমন নিস্তব্ধ, নিজের বুকের ধুকপুকানিও স্পষ্ট শোনা যায়।
তারপর.
কেডা যেন খুব আস্তে কইল—
"ওই মাছডা কার?"
নিতাই চারিদিক চাইলো। মানুষ কই? খালি পানি আর আন্ধার।
আবার সেই গলা।
"যার পানি, মাছও হ্যার।"
গলাডা রাগের না, ভয় দেখানোরও না। যেন বহুত পুরান মাটির পাত্রের মধ্য থিকা কেউ কথা কইতাছে। যে মানুষ না, আবার পুরোপুরি অপদেবতাও না।
নিতাইর হাত থিকা বৈঠাডা খসে পানিত পইড়া গেল। ছপাৎ শব্দডা আন্ধারের মইধ্যে কেমন জানি হইয়া গেল। আর ঠিক তহন আলোডার নিচে জলের গা ফুইটা একটুখানি কালচে ছায়া ভাইসা উঠল। মাথা বোঝা যায় না, কাঁধ বোঝা যায় না। খালি বুকের মতন একডা আবছা অবয়ব, আর তাতে দুইডা ভারী চোখ, দুইডা লম্বা হাত জলের গা ছুইয়া আছে।
নিতাই আর তাকাইতে পারল না। দুই চোখ বন্ধ কইরা ঠাকুমার শেখানো মন্ত্রডা বিড়বিড় কইরা পড়তে লাগল—
"নদীর দান নদীর, মানুষর দান মানুষর। আমার লোভ মাফ কইরো।"
তারপর জাল থিকা প্রথম ধরা ট্যাংরা মাছডা খুইলা আস্তে কইরা পানিত ছাইড়া দিল।
মাছডা জলে পড়ার লগেই খালের বুক দিয়া একচিলতা বাতাস বইয়া গেল। বিন্নাঝোপ সরসর কইরা উঠল। দূরে ডাহুক আবার ডাইক্যা উঠল—টুব... টুব...
যেন কিছুই অয় নাই।
কিন্তু নিতাই জানল, সব আগের মতন আর নাই। ওই রাইতের পর থেইকা সে যখনই চইত্তরের শেষ বিকালে ইছামতীর ঘাটে দাঁড়াইত, অকারণেই বুকের ভিতরডা কেমন জানি কাইপা উঠত। আর বুড়া হরেকৃষ্ণ রাজবংশী, ছিলিমে একটান দিয়া, খালি এইডাই কইত—
"নদীরও স্মৃতি আছে রে নিতাই। মানুষ ভুইলা যায়, জল ভোলে না। নিস্কান্দা হেই স্মৃতিরই পাহারাদার।
ভালোরে কেউ আগলাইয়া রাখে
ঘুটঘুটে অমাবস্যা, এমন আবলুস অন্ধকার যেন কার্বন কালি দিয়া কেউ আকাশ, মাটি, গাছপালা, ক্ষ্যাতের আল, পুকুরের পাড়—সব মুইছা দিছে; জ্যৈষ্ঠ মাসের শেষ, পুরান জলের মৃত্যু আর নতুন জলের জন্মের মাঝখানের সময়, ক্ষ্যাতের মাঠে একটু একটু কইরা জল উইঠা আসতেছে, ক্ষ্যাত থিকা পুকুরে জল আসার নালাগুলা কোদাল, নিড়ানি আর কাচি দিয়া জঙ্গল সাফ কইরা রাখা হইছে, কারণ নতুন জলের সঙ্গে শুধু জলই আসে না—আসে পুঁটি, চেলা, ট্যাংরা, খলিশা, আরো কত মাছ; সেই আশাতেই সুবোধের হাতে হ্যারিকেন, তরফদার বাড়ির সুধীর খালুই নিয়া দাঁড়াইছে, খালুইটা এখন খালি, কিন্তু রাত শেষ হইতে হইতে তাতে মাছের লাফালাফি অইব—এই বিশ্বাসেই দুই বালকের বুকের ভিতর আনন্দের ছোট ছোট ঢেউ; তয় আনন্দের পাশেই ভয় থাকে, যেমন জলের পাশে কাদা, আলোর পাশে ছায়া, জীবনের পাশে মৃত্যু, তাই লুঙ্গির কোচড়ে গ্যাস লাইটার, হ্যারিকেনটা যদি ধপ কইরা নিভা যায়, এই অমাবস্যার বুকের ভিতর আগুনের একফোঁটা আলো অন্তত থাকব।
“এই পুকুরেরই চারপাশে—মটমটি, কাকটুটি আর বেতঝোপের অন্ধকারে—রাতে জোনাকির ক্ষীণ বাতির পাশে সাদা কাপড় পরা ছায়ামূর্তি দেখতে পাইছিল কত মানুষ। কেউ বলত সে অপূর্ণ বাসনার আত্মা, কেউ বলত পুকুরে ডুবে-মরা কোনো অচেনা বধূর নিশীথ-ফেরা। কিন্তু যারা তাকে দেখছিল, তারা সবাই জানত—সব ভূতই ভয় দেখাতে আসে না; কিছু ছায়া মানুষের স্মৃতি হইয়া থাকে। রাত যত গভীর হইতো, জোনাকির আলো তত জ্বলত, আর সেই পুকুরের কালো জলে মনে হতো—মৃত্যু বুঝি শেষ নয়, মানুষের রেখে যাওয়া ভালোবাসা, বেদনা আর অপূর্ণতারও এক অদৃশ্য শরীর আছে।”
আর এইসব বালকরা ছোটকাল থিকা আরেকটা গল্পও শুনত—সব ভূত খারাপ না, মানুষের মতোই ভূতেদেরও নাকি ভালো-মন্দ আছে; একশ্রেণির ভূত আছে, যারা বালকদের জন্য মায়া রাখে, বাৎসল্য রাখে, খারাপ আর শক্তিশালী ভূতগুলার সঙ্গে পেরে না উঠলে তারা গাছের আড়ালে, বাঁশঝাড়ে, পুকুরের ভাঙা ঘাটে লুকাইয়া থাকে, কিন্তু সুযোগ পাইলে এইসব সভ্য, সরল, মাছ ধরতে আসা বালকদের আগলাইয়া রাখে; এই কথাটা শুনলে সুধীরের ভালো লাগত, কারণ পৃথিবীতে বাবা-মা ছাড়া আর কেউ যদি না-ও থাকে, অন্ধকারে অন্তত কোনো অদৃশ্য সত্তা হয়তো পাহারা দেয়—এই বিশ্বাসের ভিতর আনন্দও ছিল, আবার অদ্ভুত এক বেদনাও, কারণ বালকরা তখনও জানত না, মানুষ বড় হইলে সে নিজেই নিজের পাহারাদার খুঁজতে খুঁজতে একদিন ক্লান্ত হইয়া যায়; তবু সেই রাতে তারা জানত না বড় হওয়ার এই দুঃখ, জানত শুধু পুকুরে মাছ আছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আছে, ভিজা মাটি আর জঙলা গাছের গন্ধ আছে, ভূতের ভয় আছে, আর অন্ধকারের মধ্যে কোথাও হয়তো ভালো কোনো ভূত দাঁড়াইয়া আছে, খারাপ কিছুর হাত থিকা তাদের বাঁচাইবার জন্য; তাই সুবোধ হ্যারিকেন উঁচু কইরা ধরল, সুধীর খালুইটা কাঁধে তুলল, দুইজন জলের দিকে নামল, আর অমাবস্যার সেই গভীর অন্ধকারে মনে হইল—মানুষের জীবন আসলে এইরকমই, এক হাতে আলো, এক হাতে খালুই, বুকের ভিতর একটু ভয়, একটু লোভ, একটু আনন্দ, আর সেই গভীর বিশ্বাস—অন্ধকার যত ঘন আর বড়ই হোক, কেউ না কেউ, কোথাও না কোথাও, হয়তো এখনো আগলাইয়া রাখে।
