২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার স্বামী, আমার লেখককে যেমন দেখেছি

শাড়ির দোকানে ঢুকলো, দুইটা তিনটে শাড়ি কিনলো। আমি জিজ্ঞেস করলাম কার জন্য? তখন হাসতে হাসতে বলল, আমার কি আরেকটা বউ আছে?

আমার স্বামী, আমার লেখককে যেমন দেখেছি

আলোকচিত্র:

সায়রা সৈয়দ রানু সায়রা সৈয়দ রানু

Published : 03 Aug 2023, 02:28 PM

Updated : 03 Aug 2023, 02:39 PM

রাজু আলাউদ্দিন ভাই, আমি তো সাহিত্য বিষয়ে তেমন কিছুই জানি না, আমি একজন পাঠক মাত্র। যদিও বাংলাভাষার এক প্রধান লেখকের সাথে আমার ত্রিশ বছর বিবাহিত জীবন। আপনার মান্নান ভাই বলতেন, সাহিত্য একটা বিরাট ও বিস্তৃত বিষয়, তুমি ওসব বুঝবে না। আমার একটাই কাজ ছিল: আলমারি থেকে বই বের করে দেওয়া। বইগুলো ভাগ ভাগ করা ছিল-- কোনটাতে কবিতা আবার কোনটাতে গল্প, উপন্যাস, প্রবন্ধ নানা বিষয় নিয়ে তো কাজ করতেন তিনি। তবে ওনার বন্ধুমহলের অনেকেই ছিলেন যাদের কথা তিনি প্রায়ই বলতেন। তার মধ্যে আপনি, আবদুল্লাহ্ আবু সায়ীদ, আবিদ আজাদ, আলমগীর রহমান, ফরিদ ভাই, অন্যনার প্রকাশক মুনীর সাহেব, বাংলা একাডেমির মোবারক, আখতারুজ্জামান ইলিয়াস, আমিনুল ইসলাম বেদু, পিয়াস মজিদ, আরও অনেকেই ছিলেন যাদের সবার নাম আমার এখন মনে আসছে না। বন্ধুরা যখন বাসায় আসতো তখন উনি খুব খুশী হতেন, আমার সময়টা ভালই কাটতো। সেদিন বই ঘাটতে গিয়ে দেখি ইলিয়াস ভাইয়ের স্মৃতি নিয়ে কিছু লেখা, তাতে জানলাম পাঁচ বন্ধু মিলে একটা বিশেষ ক্লাশ করতো। স্পেশাল বেঙ্গলি, সেখান থেকে সর্বপ্রথম সাহিত্যের প্রাগসর আস্বাদ পান তিনি।

Image

আলোকচিত্র:

যেসব বই জীবনে কেউ উল্টেও দ্যাখেনি বোধ হয়, সে সব গ্রন্থ মান্নান ভাই আবিস্কার করেন। তখন উনি ইউনিভার্সিটিতে। ‘পরিচয়’ নামে একটি সাহিত্য পত্রিকায় বেরোয় মান্নান সৈয়দের গল্প ‘মাতৃহননের নান্দীপাঠ’। পরে সেটি আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত ‘সাম্প্রতিক ধারার গল্প’ সংগ্রহে প্রকাশিত হয়। ‘মাতৃহননের নান্দীপাঠ’ গল্পটি নাকি একদিন মান্নান সৈয়দ ইউনিভার্সিটির এক ফাঁকা ক্লাসরুমে পড়ে শুনিয়েছিলেন বন্ধুদের অনুরোধে। উনি গল্প করতেন, আড্ডা দিয়ে বেড়াতেন সারা কলেজ জীবন, কলেজ জীবনের চেয়ে ইউনিভার্সিটি জীবনেই বেশি। বন্ধুদের নিয়ে দিবারাত্রি কেটেছে মধুর ক্যান্টিনে, শরীফ মিঞার দোকানে, নিউমার্কেটের রেস্তরাঁগুলোতে, পাবলিক লাইব্রেরীতে, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরীতে, ইলিয়াসের হলে, আমাদের গ্রীণরোডের বাড়িতে। আরও কোথায় কোথায় সারাদিন ঘুরে বেড়াতেন তারা। বিষয় ছিলো একটিই নতুন গল্প কীভাবে লেখা যায়।

Image

আলোকচিত্র:

আর এই নিয়ে সারাক্ষণ হাসিঠাট্টায় মেতে থাকতেন তারা। আরো অনেক গল্প উনি মাঝে মাঝে করতেন। একবার আমরা ২ জন কলকাতায় গিয়ে  অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। সেখানেও বেড়ানোর নাম করে নিয়ে গেলেন ন্যাশনাল লাইব্রেরীতে, সেখানে কত ধরনের পুরানো আমলের পত্রিকা, বই, জার্নাল ঘেটে বেশ গুরুত্বপূর্ণ লেখা টুকে নিয়ে এসেছিলাম। লাইব্রেরীর অনতি দূরে বিরাট বাগান। সিঁড়িগুলো পার হয়ে খেতে গেলাম। খাবার যেন মনে হলো অমৃত। লাইব্রেরীর ভিতরটা এত সুন্দর যে ওখান থেকে আসতে ইচ্ছে করে না। তার পর একদিন কলেজ স্ট্রিটের পথে রওনা হলাম,সেটা হচ্ছে বইয়ের পাড়া। কিছুক্ষণ বই দেখে কেনার পর একটা পানের দোকানে ঢুকলাম। এত ধরণের মজার মশলা দিয়ে তৈরি যা কিনা এখনও আমার স্বাদটা জিভে লেগে আছে। মাত্র ১০ টাকা দাম। তার পর ফিরে আসবো, ঠিক সেই সময় আমাদের একমাত্র সন্তানের জন্য জামা ও খেলনা কিনে, বাসার সবার জন্য টুকিটাকি কিনে নিয়ে হোটেলের পথে রওনা দিলাম। আর একদিন হোটেল থেকে বেরিয়ে গড়িয়াহাট বলে একটা জায়গায় গিয়ে ভারি সুন্দর সুভেনির কিনলেন। আপনার মান্নান ভাই বললেন আমাকে, তোমাকে যে বেড়াতে কোলকাতায় নিয়ে গেছি তার দৃষ্টান্ত হিসেবে ওটা দেখলেই মনে পড়বে।

Image

আলোকচিত্র:

সকালে উঠে প্রায়ই হাটতে যেতাম, ধানমন্ডি লেকে বসে ফুসকা, চটপটি, চা খেতে খেতে গল্প করতাম। নিউ মার্কেটে বইয়ের দোকানে গিয়ে বই পত্রিকা আরও টুকিটাকি কিনে খান মজলিস ভাইয়ের দোকানে গেলেই উনি বলতেন ভাবী এসেছে চা আনাই। বিস্কুট সঙ্গে থাকতো। খালি মুখে আসতেই দেবেন না। আবার কোনদিন হয়তো বলল, চল, বেইলি রোডে যাই। শাড়ির দোকানে ঢুকলো, দুইটা তিনটে শাড়ি কিনলো। আমি জিজ্ঞেস করলাম কার জন্য? তখন হাসতে হাসতে বলল, আমার কি আরেকটা বউ আছে? কন্যাসহ আমাদের তিনজনের নিজস্ব একটা আনন্দময় জগৎ ছিলো।

 আমি তো আপনার মান্নান ভাইয়ের মতো বড় সাহিত্যিক নই, বড় জোর একজন পাঠক। আমার এলোমেলো কথা গুছিয়ে লিখতে পারিনি। আপনি লিখতে বলেছেন তাই আপনার কথা ফেলতে পারলাম না।