২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদ মান্নান-এর অধিগ্রহণ

আসাদ মান্নান

Published : 13 Mar 2019, 03:11 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


জুয়েলের এই কবিতাটিও আমি হুকুমদখল করবো।
কাগজ কইরে!
কলমটা কোথায় রাখলাম
কার কাছে?
ধ্যুর ছাই
সেদিন আমার স্মৃতিগুলো ডীপ ফ্রিজে চলে গেছে
যেদিন প্রথম তুমি
অন্তরঙ্গ চুম্বনের রশি দিয়ে আমাকে রক্তনালীতে
ফাঁস পরালে
শিরায় শিরায়
গিট বেঁধে দিলে;
কলমটা কই
কার কাছে থাকে
কাগজ কি এখন চলে না ?
কেউ কি আর হাতে লিখে !
না
আমিও না।

সার্ভেয়ার ডাকবো!
সে কোথায়
ব্যাটা গেল কই
কানুনগো মশায় পলাতক–
কমিশনার স্যারের ভয়ে
বাড়ি ছাড়া বহুদিন ধরে
চেইন ফেলো
গজ ফুট পরে দেখবো
চেইন টানো
সামনে হাঁটো
এই কবিতাটি আমি
আজই এক্ষুনি অধিগ্রহণের মতো
সুন্দরের স্বার্থে
বিনা পয়সায়
শুধ্ ভালোবাসা দিয়ে
হুকুমদখল করবো,
হুকুম দখল করলাম
কিন্তু এত বিশাল
একটা সুন্দর কবিতা
আমি হুকুম দখল করে
রাখবো কোথায়
কার কাছে জমা রাখবো?
না, কোথাও নয়
বুকেপাতা ডীপ ফ্রিজে তুলে রাখলাম
সামনের গরমের দিনে
কবিতার খরার মৌসুমে
এই কবিতা ছাড়বো বাজারে।