ভরদুপুরে কালো মেঘে
পারমিতা রায় হলো রাবেয়া সুলতানা। দক্ষিণা গ্রামের মৃণাল রায় আর সুন্দরী রায়, কন্যার এই স্খলনে, সীমানা পেরিয়ে বনগাঁ'য় দুই রাত থেকে, কোন্ দিকে যে হারালো, কেউ জানে না। সেই সব দিন রাবুর মনে গড়াচ্ছিলো বায়োস্কোপের মতো।
ভরদুপুরে কালো মেঘ নেমে এল। আকাশের গায়ে যেন জলরঙে আঁকা ছাইয়া মেঘ, হাড়িয়া মেঘ, কালিয়া মেঘ। বৃষ্টি দৌড়ে আসছে... ক্ষণেকের মধ্যে পৌঁছবে এই চিলেকোঠার বারান্দায়.... ছাদে ... বেলফুল হাই ইশকুলের গাছের মাথায় কুচি কাচ হয়ে ঝরছে বৃষ্টি। গ্রামের নাম বেলফুল। বেলফুল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মাধ্যমিক বিদ্যাপীঠ। ধর্মের নামে নাম-বদলানো বেল্লিক হার্মাদগুলোর কবল থেকে এই হাই স্কুলটা অক্ষত বেঁচে আছে এখনো। সুন্দরবনের মানুষের সাহস আর একতাকে সমঝায়। এতদিন দক্ষিণ বাংলার, খুলনা বিশ্ববিদ্যালয় ছিলো যেন বাংলাদেশের এক সংক্ষিপ্ত সংস্করণ। বাংলার মাটি, পানি, বাতাসে পুষ্ট হওয়া সূর্য সন্তানরা, স্মৃতি তর্পণে মিশে ছিলো এ বিশ্ববিদ্যালয়ের সবখানে। ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবন, আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের নাম বদলে এক দুই তিন চার সংখ্যায় এখন তাদের নতুন পরিচয়। শহীদ তাজউদ্দীন প্রশাসনিক ভবন হয়েছে শুধুই 'প্রশাসনিক ভবন'। শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, শহীদ বুদ্ধিজীবী ড. জোতির্ময় গুহ ঠাকুরতা , শহীদ বুদ্ধিজীবী ড. সুখরঞ্জন সমাদ্দার, শহীদ বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব, শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশিদুল হাসান--সকলি অচেনা হলেন যেন দুইহাজার পঁচিশের ফেব্রুয়ারিতে। লালন সাঁই'য়ের পাট চুকলো এখানে নামে। তাতে কি লালনের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায় এই অন্তঃসারশূণ্য সভ্যদের কলমের খোঁচায়? লালন গেয়েছেন-
" মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর তৈরি কাঁচা বাঁশে
কোনদিন খাঁচা পড়বে খসে
লালন কয় খাঁচা খুলে সে পাখি কোনখানে পালায় "
পুজো এলে রাবু খালা বুকে, আনন্দ বান্ধে। সেই কিশোরকালের রক্তবান যেন ছোটে শিরায় শিরায়। বছরের বাকিদিন যে পরম্পরা, রাবুর স্নায়ুতে সুপ্ত থাকে---শরৎ এলেই তা পাপড়ি মেলে একে একে। দিনমান তারা-ঝরা ফুলের হাসি চোখে মেখে নারকেল ভাঙে, গুড়ের ঠিলার মুখ খোলে। কারখানা-মিলে চাল ভেঙে গুড়ো করা যায় তবুও, ঢেঁকিঘরে লেপনের পোছ দেয় দু'পরত। পরদিন চাল ভিজায়। কালিজিরা চালের সুগন্ধ, ঢেঁকির পাড় দেয়া শব্দ মিশে কীসের যে এক অনুরণন....সে শুধু এক রাবু জানে। আর জানে যারা তারে ভালোবাসে। শিশু গনেশ ঠাকুরের মতো, গ্যাদা-হাতি রাবুর খুব পছন্দ। কুমোর বাড়ি গেলে মাটির তাল ছেনে রাবুখালা নিজেই ডোকরা হাতি বানায়। আমাদের ছাদে শুকোতে দেয়। এবার দুর্গা এলো স্বর্গ থেকে, হাতির পিঠে। স্বর্গ নামতো এখানেও...... যদি, পারমিতা রায় ওরফে রাবু, বর ও ছেলেমেয়েদের নিয়ে তার বাবা মায়ের সাথে আজ অষ্টমীতে মন্ডপে যেতে পারতো। সামনে বসে পাত পেতে পিঁয়াজ রসুন ছাড়া রান্না, নানান পদের পছন্দের খাবারগুলো খাওয়াতে পারতো বাবাকে। বাবা যদি জানতো কালোজিরে হিং ফোড়নের 'আলুর দম', পারমিতা এমন সুস্বাদ রাঁধে এখন ! যারা খায় চেটেপুটে থালাখান পরিষ্কার করে ফেলে। সুন্দরবনের দক্ষিণা গ্রামের পারমিতা রায়, আলিমুর হোসেনের হাত ধরেছিলো। সেই ঘটনার জেরে পারো আজ রাবু। আলিমুরের মুসলমান স্ত্রী। যে সনাতনীরে পেতে আলিম জীবন দিতেও মরিয়া, সেই তারেই বৌ করতে ধর্ম-বদল অবধারিত হয়েছিলো। কাফেরের সাথে প্রেম হতে পারে, প্রণয়াকাঙ্ক্ষায় মরিয়া হতে পারে কেউ, কিন্তু বিয়ের কবুল বলতে সমধর্মী - হতেই হয়। এই নাকি বিধান। বিয়েতে পিতামাতার সন্তুষ্টি লাগে। ধর্মের নিয়ম লাগে। সমাজের বিধানও নাকি জরুরি। পারমিতা রায় হলো রাবেয়া সুলতানা। দক্ষিণা গ্রামের মৃণাল রায় আর সুন্দরী রায়, কন্যার এই স্খলনে, সীমানা পেরিয়ে বনগাঁ'য় দুই রাত থেকে, কোন্ দিকে যে হারালো, কেউ জানে না। সেই সব দিন রাবুর মনে গড়াচ্ছিলো বায়োস্কোপের মতো। রাবু খালা ছাদের রেলিঙ ছুঁয়ে, নৈর্ঋত কোনে দাঁড়ানো। দুচোখের অশ্রু, গলা পেরিয়ে পেলব মধ্যরেখা বরাবর, গড়াচ্ছে। পারমিতার সজল চোখ যেন দুহাতের চেষ্টায় মুছতে না হয়। বৃষ্টিতে মিশে এক হয়ে ভেসে যায় যেন, সব লোনা ক্লেদ। প্রতি পুজোয় আনন্দে পুড়ে, রাবু খালা সব আয়োজন করে নীরবে। শীতল আকাঙ্ক্ষার পরশ মাখবে বলে বৃষ্টির অপেক্ষা করে। ভিজা আর হয় না।
